২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপক্ষীয় বিষয় নিয়ে জামায়াত আমির ও কোরিয়া রাষ্ট্রদূতের আলোচনা

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, পোশাক শিল্প, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে।

দ্বিপক্ষীয় বিষয় নিয়ে জামায়াত আমির ও কোরিয়া রাষ্ট্রদূতের আলোচনা
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 07:20 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

মঙ্গলবার সকালে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। 

সকাল সাড়ে ১০টায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ওই কার্যালয়ে পৌঁছান। 

ঘণ্টাখানেকের বৈঠকে জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, নায়েবে আমির আব্দুস সবুর ফকির, উত্তরের আমির মো. সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ মিশন মিস ঝিনহি ব্যাক।

বৈঠক শেষে জামায়াত আমির শফিকুর রহমান ব্রিফিঙে বলেন, “সাড়ে ১৫ বছর ধরে জামায়াতে ইসলামীর উপর তাণ্ডব চলেছে। আমরা অফিস খুলেছি মাত্র দুই মাস হলো। বিদেশি মেহমান তারা (দক্ষিণ কোরিয়া) আমাদেরকে দেখতে এসে আমাদেরকে সম্মানিত করেছেন।

“আমরা আশা করি, দুই দেশ আগামীতে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতার ভিত্তিতে সম্পর্ককে আরো সামনে এগিয়ে যাবে। দুই দেশের সম্পর্ক উন্নয়ন একটা চূড়ার দিকে এগোবে।”

বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলেন, “দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আগামীতে দুই দেশের সম্পর্ক আরো কীভাবে একটা চৎমকার পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আমরা আমাদের অভিব্যক্তি ব্যক্ত করেছি।

“বাংলাদেশ কীভাবে সামনে দেশের জনগণের উন্নতি, নিরাপত্তা, অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে পারে, বিশেষ করে বাংলাদেশ ও কোরিয়া এক্ষেত্রে তাদের পার্টনারশিপ আরো কিভাবে উন্নত করতে পারে, তা নিয়ে আলোচনা করেছি।”

জুলাই-আগস্টে ছাত্রজনতার বিপ্লবে আহতের উন্নত চিকিৎসায় কোরিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান জামায়াতের আমির।

এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, “দুই দেশের সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি কীভাবে করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের গার্মেন্টস শিল্প, ইলেক্ট্রনিক্স, ইনফাস্ট্রাকাচার, পিপিপিতে কোরিয়া কীভাবে সহযোহিতা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে কাঠামোগত উন্নয়ন ও শ্রমিক নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে।”