০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মেঘ কেটে যায়নি, টের পাচ্ছি: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, এই সময়টা বিভক্তির নয়। এই সময়টা ব্যক্তি স্বার্থ দেখার নয়। এই সময়টা দলীয় স্বার্থও দেখার নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2024, 08:51 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

গণআন্দোলনে আওয়ামী লীগ বিদায় নিলেও ‘জুলুম’ শেষ হয়নি বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।  

তাই এমন সময়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াত আমির বলেন, “আমাদের জাতি বড়ই মজলুম। সাড়ে ১৫ বছরের জুলুমের সবকিছু শেষ হয়ে যায়নি। এখনও তার অনেক রেশ রয়ে গেছে। আবার নতুন-নতুন অনেক সমস্যাও দেখা দিচ্ছে। 

“আমাদের দেশের আকাশে সাড়ে ১৫ বছর কালো মেঘের ছায়া ছিল। মেঘ কেটে যায়নি। আমরা সবাই সচেতন নাগরিক হিসেবে এটা টের পাচ্ছি। এই সময়ে জাতীয় ঐক্যের বড়োই প্রয়োজন। এই সময়টা বিভক্তির নয়। এই সময়টা ব্যক্তি স্বার্থ দেখার নয়। এই সময়টা দলীয় স্বার্থও দেখার নয়। এই কথাটা আমরা যেন বুঝি, আমরা যেন মেনে চলি।”

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমির মো. নূরুল ইসলাম বুলবুলের শপথগ্রহণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঐক্যের প্রসঙ্গে নিজেদের দৃঢ় প্রত্যয়ের ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, “আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি, এই আওয়াজে আমরা সবার আগে দৌড়ে যাব ইনশা আল্লাহ। দুনিয়ার বিভিন্ন জায়গায় জাতিসত্ত্বার অনেক উত্থান-পতন হয়েছে। আমাদের এই জাতি স্বাধীনতার ৫৩ বছরে অনেক উত্থান-পতন দেখেছে।”

‘জুলাই বিপ্লবের’ অর্জন জামায়াতের নয় জানিয়ে তিনি বলেন, “আমরা অকপটে স্বীকার করি, এটি আমাদের অর্জন নয়। আমাদের চেষ্টার ফসল নয়৷ বরং এটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি।”

২০২৫-২৬ সালের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নির্বাচিত হওয়া নুরুল ইসলাম বুলবুলকে শপথ পাঠ করান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।