ঢাকা-১৩: স্বামীর ভোটের প্রচারে রুশনা ইমাম
“আমরা যদি নির্বাচিত হই, তাহলে প্রতিমাসে একটা টাউন হল মিটিং করব,” বলেন তিনি।
স্বামীর জন্য ভোট চাইতে নেমেছেন ববি হাজ্জাজের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী রুশনা ইমাম।
ববি হাজ্জাজ তার ফেইসবুকে স্ত্রীর নির্বাচনি প্রচারাভিযানে নামার একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, রুশনা ইমাম মোহাম্মদপুর বাজারে একজন নারী পিঠা বিক্রেতার কাছে স্বামীর জন্য ভোট চাইছেন।
সেখানে তাকে বলতে শোনা যায়, “আসসালামু আলাইকুম। কেমন আছেন বোন? কী পিঠা বেঁচছেন; আমার তো পিঠা খুবই পছন্দের। আপনার থেকে একবার পিঠা খাব।
ওই নারীকে প্রচারপত্রের ছবি দেখিয়ে তিনি বলেন, “উনার স্ত্রী আমি। ববি হাজ্জাজ ধানের শীষের প্রার্থী। আপনারা কিন্তু আসবেন, আমাদের সঙ্গে থাকবেন ১২ তারিখে। নিয়ে আসবেন আরও মা-বোনদের।”
নিজের পেশাগত পরিচয় তুলে ধরে রুশনা বলেন, “আমি নিজে একজন আইনজীবী। আমি চাই, ঢাকা-১৩ আসনে নারীদের যে সমস্যাগুলো আছে, সেটা নিয়ে কাজ করতে। এই সুযোগ করে দিয়েন কিন্তু।
‘আর পিঠা খাওয়াবেন কিন্তু। আমি পিঠা পছন্দ করি।”
ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ, যিনি এনডিএমের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
স্বামীর নির্বাচনী এলাকায় নারীদের সমস্যা তুলে ধরে রুশনা বলেন, “নারীদের তো অনেক ধরনের সমস্যা। নারীদের সমস্যা কিন্তু আসন ভিত্তিকও না; সব জায়গায় আছে।
“এখানে বিশেষ করে বিদ্যুৎ-গ্যাস-পানি, বিশেষ করে গ্যাসের সমস্যা। যারা গৃহবধু ঘরে কাজ করেন, রান্না-বান্না করেন, যখন গ্যাস থাকে না, সেই বাসার অবস্থা কী হয় আপনারা বুঝে নিতে পারেন। সুতরাং আমরা গ্যাসের সমস্যা নিয়ে ইতোমধ্যে তিতাসের সঙ্গে বসেছি এবং আগামীতেও বসব। আমরা ইংরেজিতে যেটা বলি, একটা টাউন হল মিটিং।
“আমরা যদি নির্বাচিত হই তাহলে প্রতিমাসে একটা টাউন হল মিটিং করব, যেখানে ঢাকা-১৩ আসনের সব বাসিন্দা থাকবেন, তাদের সমস্যা নিয়ে কথা বলবেন। তিতাস, ওয়াসা, ডেসকো জনপ্রতিনিধিরা যারা সেবা দেয়ার কথা আপনাদের তারাও থাকবেন।”
