১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসু: জগন্নাথে শিবিরের ভিপি প্রার্থীর ১০ ভোট, জিএসের ৫

এ হলে অন্যান্য ভিপি প্রার্থীর মধ্যে উমামা ফাতেমা ২৭৮, আবিদুল ইসলাম খান ১ হাজার ২৭৬ ও শামীম হোসেন ১৭১ ভোট পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 03:49 AM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অন্যান্য হলে বিপুল ভোটে এগিয়ে থাকলেও জগন্নাথ হলে সুবিধা করতে পারেননি ইসলামী ছাত্রশিবিরের মনোনীত প্রার্থীরা। 

এ হলে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ১০ ভোট। আর ৫ ভোট পেয়েছেন জিএস প্রার্থী এসএম ফরহাদ।

এ হলে অন্যান্য ভিপি প্রার্থীর মধ্যে আব্দুল কাদের  ২১, উমামা ফাতেমা  ২৭৮, বিন ইয়ামিন মোল্লা ৫, আবিদুল ইসলাম খান ১ হাজার ২৭৬, শেখ তাসনিম আফরোজ ইমি ১১ ও শামীম হোসেন  ১৭১ ভোট পেয়েছেন। 

জিএস প্রার্থীদের মধ্যে মেঘ মাল্লার বসু ১১৭০, আবু বাকের মজুমদার ২৭, মাহিন সরকার ১ ও 

শেখ তানভীর হামিম ৩৯৮ ভোট পেয়েছেন। 

মঙ্গলবার রাত সাড়ে ৩টা পর্যন্ত যে কয়টি হলের ছাত্র সংসদ নির্বাচনের ফল আসে, তার প্রায় সবগুলোতেই এগিয়ে ছিলেন ছাত্রশিবিরের প্রার্থীরা। 

ফল ঘোষণা শেষ হওয়ার আগেই ক্যাম্পাসে বিজয় মিছিল করেন শিবিরের নেতাকর্মীরা।

অন্যদিকে ফল ঘোষণা শুরুর পরেই তা প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ফল প্রত্যাখ্যান করেন আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ সময় আচরণ বিধিলঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আসে চারটি প্যানেলের তরফে।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থীর ব্যালটে আগে থেকে টিক দিয়ে রাখার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে টিএসসিতে বিক্ষোভও করেছে ছাত্রদল।

রাতে ভোট গণনা চলাকালে খালি ব্যালটবক্স ভরে ফেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ খবর পাওয়া গেছে।

ভোট গণনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে লোকজনের জমায়েত হওয়ার খবর পাওয়া যায়। 

ব্যক্তিপর্যায়ে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা রাজনৈতিক দলের নেতাকর্মী বলে পাল্টাপাল্টি অভিযোগ করেন ডাকসুর ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, নীলক্ষেত, শাহবাগ, চানখারপুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘সংঘবদ্ধভাবে অবস্থান’ নিয়েছে।

অপরদিকে শিবির প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ অভিযোগ তোলেন, নয়টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন।