Published : 29 Jun 2026, 01:03 AM
একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার মতে, মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা স্বীকার করে নিলে দলটির রাজনীতি করা ‘সহজ’ হতো।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জামায়াতের নানা সমালোচনা করেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, “আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের ইগনোর করার চেষ্টা করছেন; আমাদের বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করছেন।
“আমি মনে করি, এই সময়টা সঠিক নয়। নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার।”
এরপর একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, “একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা চাওয়া উচিত ছিল। এটা করলে আজকে সমস্যাগুলো হয় না। আপনারা সেটা করেননি।”
জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উপরন্তু আপনাদের নেতা গোলাম আযম সাহেব বলেছিলেন, একাত্তরে আমরা ভুল করি নাই।
“এখনও সময় আছে, ভেবে-চিন্তে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করে আমাদেরকে, বাংলাদেশকে জানানো উচিত। আমি এর বেশি যেতে চাই না।”
এ সময় বিরোধী দলের আসন থেকে কিছু বলা হলে ফখরুল বলেন, “আপনারা পরিষ্কার করে বলেন না। আমি আজ পর্যন্ত শুনিনি। কেউ শোনেনি। আপনারা এটা স্বীকার করে নিলে রাজনীতি করা সহজ হয়ে যাবে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরুণ নেতাদের প্রসঙ্গও টানেন ফখরুল।
তিনি বলেন, এনসিপির তরুণ নেতাদের ভবিষ্যৎ আছে এবং তারা ভালো করছে। তবে জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে সমালোচনা করেন তিনি।
“তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে নাই। আমি আশা করব, তারা তাদের রাজনীতিটা আরও পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে।”