তৃতীয়বার কোভিডের কবলে তথ্যমন্ত্রী
আগে জ্বর ছিল, এখন কোনো উপসর্গ নেই, আছেন বাসাতেই।
তৃতীয়বারের মত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার সকালে কোভিড পরীক্ষার ফল পজেটিভ আসার কথা জানিয়ে তিনি বলেছেন, “গতকাল জ্বর ছিল, আজকে তেমন কোনো উপসর্গ দেখছি না।"
পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থসহায়তা বিতরণ শেষে রোববার ঢাকায় ফেরেন দলের এই যুগ্ম সম্পাদক। পরদিন মন্ত্রণালয়ে দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন তিনি।
সোমবার বিকালে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা তার শরীরে বেশ জ্বর দেখে কোভিড পরীক্ষার পরামর্শ দেন। তাদের পরামর্শে আইইডিসিআরের মাধ্যমে ওই দিন পরীক্ষা করানো হয় বলে মন্ত্রী হাছান মাহমুদ জানান।
কর্মদিবসগুলোতে ঢাকা ও বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় ও দলীয় দায়িত্ব পালন শেষে প্রায় প্রতি সপ্তাহান্তে চট্টগ্রামে নিজের নির্বাচনী এলাকা সফরকারী হাছান মাহমুদ আগেও দু'বার করোনাভাইরাসে আক্রান্ত হন।
প্রথমবার তাকে বিএসএমএমইউতে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছিল। পরেরবার ছিলেন বাসায়। এবারও ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবনে রয়েছেন মন্ত্রী।
