২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের পথে যেন কাঁটা না বিছাই: সালাহ উদ্দিন

“এর মধ্যে কোনো সন্দেহ, দোদুল্যমানতা দেখানো ঠিক হবে না।”

ভোটের পথে যেন কাঁটা না বিছাই: সালাহ উদ্দিন
সালাহউদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 08:03 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ‘ফ্যাসিবাদবিরোধী’ আন্দোলনে ভূমিকা রেখেছে, তাদেরই কেউ কেউ এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ-আলোচনা করছি, কিন্তু নির্বাচন নিয়ে যেন দুই-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সালাহউদ্দিন বলেন, “আমি আহ্বান জানাব, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা।

“সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, তখন এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই, এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে আমি রাখছি।”

জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন ঘোষিত ‘রোডম্যাপ’ নিয়ে যে প্রশ্ন তুলছে, তারও সমালোচনা করেন বিএনপি নেতা সালাহউদ্দিন।

তিনি বলেন, “আজকে কোথাও কোথাও কথা বলতে শুনলাম, কোনো কোনো রাজনৈতিক দল, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, তার মধ্য দিয়ে নাকি একটু সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পাঁয়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? 

“এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্যই তো বিগত এক বছর আমরা অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ, দোদুল্যমানতা দেখানো ঠিক হবে না।”

সালাহউদ্দিন বলেন, “আসুন যদি কোনো রকমের কোন বিষয়ে কোনো সংশয় থাকে, আমরা আলাপ আলোচনা করি, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি এবং এ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা নির্মাণ করি।”

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বাংলা একাডেমিতে ‘মায়ের ডাক’এর উদ্যোগে এই আলোচনা সভা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে এই কথা বলতে পারি, যদি জনগণ আমাদেরকে (বিএনপি) ম্যান্ডেট দেয়, ইনশাল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়নসহ, সবকিছু করা হবে।

“আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি, যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না।”

‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সঞ্চালনায় এ আলোচনা সভায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন, জাতিসংঘের আবাসিক অফিসের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, এবি পার্টির নাসরিন সুলতানা মিলি, বিএনপির মাহাদী আমিন, গুম বিষয়ক গবেষক মাহমুদ রাকিব, গুম হওয়া সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান তালুকদার খোকন, মাইকেল চাকমাসহ গুম হওয়া পরিবারের সদস্যরা বক্তব্য দেন।