Published : 17 Jun 2026, 11:12 AM
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজারে যাওয়ার পথে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকাল সাড়ে ৯টার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন সরকারপ্রধান।
সকাল ১০টা ৪০ মিনিটে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছালে সেখানে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জিকে গউস, সিলেট সিটি করপোরেশন প্রশাসক কাইয়ুম চৌধুরী তাকে স্বাগত জানান।
সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবেন প্রধানমন্ত্রী। বেলা ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন সরকারপ্রধান। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
সেখান থেকে বিকালে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে এক সভায় যোগ দেবেন।
সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন প্রধানমন্ত্রী।

দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর গত বছরের ২৫ ডিসেম্ব দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভোটের প্রচারে তিনি মৌলভীবাজারে এসেছিলেন।
সেই নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর এই প্রথম মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।