২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেগ দিয়ে দেশ চালানো যায় না: জি এম কাদের

“অনির্বাচিত সরকারগুলোই জনগণের মতামতের বেশি গুরুত্ব দেয়। তাই, অনির্বাচিত সরকারকে সংস্কারের জন্য সময় দিতে আমাদের আপত্তি নেই”, বলেন তিনি।

আবেগ দিয়ে দেশ চালানো যায় না: জি এম কাদের
বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 09:11 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

ছাত্ররা জীবন দিয়ে দেশ রক্ষা করতে পারলেও, এককভাবে দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেছেন, “আবেগ ও জীবন দিয়ে দেশ রক্ষা করা গেলেও দেশ চালানো যায় না। দেশ চালাতে দরকার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা।”

সোমবার দুপুরে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময়ে জাতীয় পার্টির নেতা এ কথা বলেন।

‘ছাত্ররা আমাদের চেয়ে বেশি রাজনীতি বোঝে’ মন্তব্য করে জি এম কাদের বলেন, “তাদের প্রধান শক্তি হচ্ছে একতা, দ্বিতীয় শক্তি হচ্ছে জনগণের আস্থা। সেজন্যই ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে এবং ক্ষমতা ও লোভ-লালসার বাইরে থাকতে হবে।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে জি এম কাদের বলেন, “বিএনপি ক্ষমতায় না এসেই তাদের নেতা-কর্মীরা যে অবস্থা সৃষ্টি করেছে তা সাধারণ মানুষ পছন্দ করছে না। 

“রংপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে বিএনপির মুখোমুখি অবস্থা। কেউ দখলবাজি শুরু করলে, ছাত্ররা তার প্রতিবাদ করছে। শেষ পর্যন্ত জনগণ কার পক্ষে থাকবে তা এখনও নিশ্চিত নয়।”

জাতীয় ছাত্র সমাজকে আরও সংগঠিত হতে হবে জানিয়ে তিনি বলেন, “ছাত্র রাজনীতি করতে হবে সুশৃঙ্খলভাবে। বর্তমানে দেশে বিশৃঙ্খলা আছে, এটা চলতেই থাকলে জনগণ এই সরকারের ওপর বিরক্ত হয়ে উঠবে।” 

“ভালো নির্বাচনের পরে ভালো সরকার হয় না”

এখনই নির্বাচন চান না জানিয়ে জি এম কাদের বলেন, “কারণ, ভালো নির্বাচন আমরা অতীতে অনেক দেখেছি। ভালো নির্বাচনের পরে ভালো সরকার হয় না।”

ভালো নির্বাচনের পরে ‘ভালো সরকার’ দেখতে চান জানিয়ে তিনি বলেন, “যাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, যারা ব্যক্তিগত ও দলীয় সম্পদ হিসেবে দেশকে ব্যবহার করবে না। 

“সেই রকম সরকারের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে, সেজন্য বর্তমান সরকারকে আমরা সময় দিতেও রাজি আছি।”

অনির্বাচিত সরকারগুলো দেশে ‘অনেক বেশি গণতন্ত্রমনা’ ছিল দাবি করে তিনি বলেন, “অনির্বাচিত সরকারগুলোই জনগণের মতামতের বেশি গুরুত্ব দেয়। তাই, অনির্বাচিত সরকারকে সংস্কারের জন্য সময় দিতে আমাদের আপত্তি নেই।”

২০০৮ সালের আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্বাচনে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে জয়ী হয়ে আওয়ামী লীগ ‘স্বৈরতন্ত্র’ প্রতিষ্ঠা করেছিল মন্তব্য করে জিএম কাদের বলেন, “দুর্নীতি ও দুঃশাসনে মানুষকে অস্থির করেছিল।”