আরও এক ডজন দলের সঙ্গে বৈঠকে ইউনূস
আগের দিন বিএনপি, জামায়াতে ইসলামীসহ চার দলের সঙ্গে বৈঠক করে ঐক্য ও সমর্থন চান প্রধান উপদেষ্টা।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে চার দলের সঙ্গে বৈঠকের পরদিন আরো ১২টি রাজনৈতিক দল এবং একটি জোটের নেতাদের সঙ্গে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বুধবার বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মন্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের এ বৈঠকে অংশ নিচ্ছেন।
সিপিবির রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ ফিরোজ, গণফোরামের ডা: মিজানুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব এবং ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম বৈঠকে যোগ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠক শেষে ব্রিফিংয়ে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা চারটি রাজনৈতিক দলকে ডেকেছিলেন।
“আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল বলেছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভিন্নতা নেই।”
আসিফ নজরুল বলেন, “বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। গঠনমূলক কোনো কর্মসূচি দিয়ে হোক, অথবা যেকোনো ভাবে হোক, আপনার যদি একসাথে থাকেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে।
“ঐক্যের প্রমাণ হিসেবে রাজনৈতিক দলগুলো উপস্থাপন করে যে, মাঠে উনারা নিজেদের মধ্যে যাই বলুন না কেন, প্রধান উপদেষ্টা ডাকলে সবাই একসাথে হাজির হন। ঐক্য থাকার আরেকটা প্রমাণ হচ্ছে যে দলগুলো জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে নিয়মিত যাচ্ছে।”
