১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপির যা অর্জন, তার ‘মূল কারিগর’ খালেদা জিয়া: মির্জা ফখরুল

“তিনি বারবার নেতৃত্ব-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন,” বলেন বিএনপি মহাসচিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 05:09 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

খালেদা জিয়াকে বিএনপির রাজনৈতিক অর্জনের ‘মূল কারিগর’ হিসেবে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার নয়া পল্টনে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ মূল্যায়ন করেন তিনি। 

তিনি বলেন, ‘‘আজ আমাদের জন্যে একটা আনন্দের দিন যে, এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জুড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশে বারবার তার নেতৃত্ব-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। তিনি বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

“আমি শুধু এটুকু বলতে চাই, আজ বিএনপির যা অর্জন, একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল এবং এই  দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”

তিনি বলেন, “দীর্ঘদিন সংগ্রাম-লড়াই, আপস না করা, দলকে ধারণ করা এবং নেতাকর্মীদের স্বীকৃতি দেওয়া এই মহান নেত্রী আমাদের মাঝে  আর নেই। আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে, বিএনপিকে আমরা সত্যিকার অর্থে এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই, যা সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ দোয়া মাহফিলে হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। 

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম ও ‍যুগ্ম মহাসচিব  হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।