জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম ‘নির্বাচিত সংসদ’: সালাহউদ্দিন
“আমরা যেন কোনোভাবেই আইনানুগ প্রক্রিয়ার বাইরে না যাই, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। ”
জুলাই সনদ বাস্তবায়নের জন্য ‘নির্বাচিত জাতীয় সংসদকে’ সুনির্দিষ্ট ফোরাম বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য কথা বলছিলেন।
তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ হচ্ছে, জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐহিতাসিক পূর্ণাঙ্গ দলিল। যা বাস্তবায়নের জন্য আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ। এখানে কোনো দলের সেই বিষয়ে কোন দ্বিমত নেই।”
“সেই জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ যাতে বাধ্য থাকে, আইনি ভিত্তি রচনা করতে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ দেয় সেটার জন্য অপেক্ষা করতে হবে।”
সব রাজনৈতিক দলের উদ্দেশে সালাহউদ্দিন বলেন,“আমরা যেন কোনভাবেই আইনানুগ প্রক্রিয়ার বাইরে না যাই, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠ নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালনা করি।
“কারণ অনেকেই আবেগের বশবর্তী বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের বাস্তবায়নের জন্য কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায়… এই বক্তব্য হচ্ছে আবেগের বক্তব্য। কারণ জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্যেই আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং সাংবিধানিকভাবেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এখনো পর্যন্ত আইনানুগভাবে সাংবিধানিকভাবে আমরা এই রাষ্ট্রটা পরিচালনা করছি।”
রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে ও ফারুক খানের সঞ্চালনায় এই আলোচনা সভায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
‘যা কিছু বৈধ্যতা তা সংসদেই হতে হবে’সালাহউদ্দিন বলেন, “এখানে কিছু কিছু বিষয়ের মধ্যে অনেকে বিতর্ক নিয়ে আসেন যে, প্রকৃত সাংবিধানিকতাকে কী রক্ষা করা গিয়েছে? আমরা সবসময় উত্তর দিয়েছি। যত কিছু আমরা সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মধ্য দিয়ে আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করেছি। তারপরও কিছু কিছু বিষয়ে আমাদের কাছে এমন মনে হয় যে, সংবিধানের কিছু কিছু ধারা বোধহয় এব্রোগেইটেড হয়েছে। কিন্তু সেটার লেজিটিমেসি পরবর্তী পার্লামেন্টে অবশ্যই সরকারের কর্মকাণ্ডকে যখন বৈধতা দেওয়া হবে, তখন সেটার সংবিধানের চতুর্থ তফসিলে ধারণ করে তাকে বৈধতা দেওয়া হবে, রেটিফিকেশন করা হবে, অন্যান্য আইন কানুন যেগুলো পাশ হয়েছে সেগুলো রেটিফিকেশন লাগবে।এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোন ব্যত্যয় হয়ে থাকে সেই ব্যত্যয়গুলোকেও বৈধতা দেওয়া হয়ে থাকে…এটাই নিয়ম এটাই আমাদের ঐতিহ্য এবং সাংবিধানিক ঐতিহ্য।”
“সুতরাং আমরা সেই বিষয় নিয়ে যেন আবার এমন কোন অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠে যে, যার আদেশ জারি করার কথা তিনি করলেন না। যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না, সেই আদেশের ভিত্তি যদি আইনানুগ না হয় তাহলে সেই আদেশের আইন কিভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টে নেবে...এই কথাগুলো যেন আমরা বলি।”
সালাহউদ্দিন বলেন, “জুলাই জাতীয় সনদ যেটা প্রণীত হয়েছে, যেভাবে সবাই স্বাক্ষর করেছেন এবং সেখানে নোট অব ডিসেন্ট সহকারে স্বাক্ষর হয়েছে। হুবহু এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগণের সকল সম্মতির ভিত্তিতে যখন একটা পার্লামেন্টে বাধ্যবাধকতা সৃষ্টি করা হবে তখন সেই জায়গা থেকে কোনো সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সরতে পারবে না এবং সেইটাই হচ্ছে প্রকৃত জনগণের অভিপ্রায় এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার।
“জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না…এটার অপর নামই হচ্ছে এই ‘কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ বা গাথুনিক ক্ষমতা জনগণের সার্বভৌমত্বের অধিকারী হিসেবে আর্টিকেল সেভেন অনুসারে।”
এনসিপি প্রসঙ্গে
সালাহ উদ্দিন আহমদ বলেন, “আমার ভাই যারা নতুন রাজনৈতিক দল করেছেন-এনসিপি…তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি। কিন্তু সেগুলোকে একটা বাস্তব রূপ দিতে হবে, বাস্তবের নিরিখে কথা বলতে পারি, আমরা যেন এমন কোনো প্রস্তাব না দেই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো প্রশ্নবিদ্ধ হয়। কেউ জুডিশিয়ারির কাছে নিয়ে যেতে চায় এবং সেগুলোর মধ্যে দিয়ে যা আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে কেউ একসময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে পারে।
“এগুলো আমি আজকের জন্য বলছি না, আগামী পাঁচ বছরের জন্য বলছি না, আগামী ১০ বছর পরে বা ১৫ বছরে পরে এই প্রশ্নটা নিয়ে কেউ আদালত না যেতে পারে সেরকম একটা ভিত্তি আমাদের এখনই রচনা করতে হবে। আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।”
ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখতে হবে
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই, আমরা সবাই যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, যে কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেইরকম ঐক্য যেন আমরা বজায় রাখি।”
তার কথায় ‘এই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই হবে সামনে এগিয়ে চলার একমাত্র শক্তি’।
“আর যদি সেই ঐক্য কোন কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফ্যাসিবাদকে ভিন্নভাবে টেনে নিয়ে আসবে। আমি আহ্বান জানাব, আমরা যেন সেদিকে না যাই, আমরা সবাই জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো একটি প্রশ্নে তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এর প্রশ্নে আমরা এক থাকব। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফ্যাসিবাদকে যেন আমরা কোনভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেব না…সেই জায়গায় যেন আমরা এক থাকি।”
