ক্ষমতায় গেলে ১৮০ দিনের অর্থনৈতিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি
বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি চালু করতে চায় বিএনপি, বলেন আমীর খসরু।
আগামীতে ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের অর্থনৈতিক কর্মপরিকল্পনা কী হবে তা ঘোষণা করেছে বিএনপি।
বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের এই কর্মপরিকল্পনার সারসংক্ষেপ উপস্থাপন করেন।
তিনি বলেন, অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম ১০০ দিনে কী কী কাজ করবে সেটির পরিকল্পনা প্রকাশ করে। বিএনপিও বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি চালু করতে চায়।
অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মানুষের আস্থা অর্জন এবং ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি গড়তেই স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও উদ্ভাবনী এ অর্থনৈতিক পরিকল্পনা দেওয়ার কথা বলেন আমীর খসরু।
বিভিন্ন খাতে দলটি কী কী পদক্ষেপ গ্রহণ করবে সেগুলো স্পষ্টভাবে তুলে ধরা হবে এতে, যোগ করেন তিনি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রস্তাবিত ২০২৫-২৬ সালের বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। তবে অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়া ছিল সীমিত। সেটি ছাপিয়ে কর্মপরিকল্পনার কথাই বেশি উঠে আসে সংবাদ সম্মেলনে।
দলের ১৮০ দিনের কর্মপরিকল্পনার ভেতরে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থসেবা, নারীর ক্ষমতায়, শহীদদের স্বীকৃতি, কৃষিখাত ও গ্রামীণ উন্নয়ন, শিল্পখাত, তথ্য প্রযুক্তিখাত, প্রবাসী কল্যাণ, নগর ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলাকে বিএনপি অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে বলে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
‘এক কোটি মানুষের কর্মসংস্থান’
আমীর খসরু বলেন, ‘‘সরকার গঠন করলে বিএনপি এক কোটি মানুষের জন্য নতুন কর্মের সংস্থান করবে। অতীতেও বিএনপির এই সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছে।”
সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ শতাংশ নির্ধারণের কথা তুলে ধরে তিনি বলেন, মূলত ১০টি খাতকে সার্বিক উন্নয়ন তথা কর্মসংস্থানের জন্য বিএনপি পরিকল্পনা তৈরি করেছে। এগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, শিল্প উৎপাদন, কৃষি, বিদেশে শ্রম রপ্তানি, আইসিটি ও ফ্রিল্যান্সিং, সেবা খাত, সবুজ জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প।
শিক্ষা ও স্বাস্থ্যে অগ্রাধিকার
স্থায়ী কমিটির সদস্য খসরু বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকদের আর্থিক সুবিধা ও সামাজিক মর্যাদা বাড়ানো এবং তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। দেশের ও প্রবাসী শিক্ষাবিদ, পেশাজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে।
সরকারি ব্যবস্থাপনায় কর্মমুখী শিক্ষায় জোর দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করা হবে। একই সঙ্গে স্বল্পমেয়াদি ‘ট্রেড কোর্স’ চালু করা হবে।
তিনি বলেন, রোগ প্রতিরোধকে প্রাধান্য দিয়ে টিকাদান, স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা তৈরির একাধিক কর্মসূচি বাস্তবায়ক করা হবে। স্বাস্থ্যকর জীবনযাপন, স্যানিটেশন এবং পুষ্টির উপর জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বেশেষায়িতি প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে।
‘৪ কোটি পরিবারের ফ্যামিলি কার্ড’
সংবাদ সম্মেলনে প্রায় প্রান্তিক চার কোটি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন আমীর খসরু। বলেন, এসব কার্ড মূলত পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হবে। তাদের প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা
অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে।
‘শহীদদের স্বীকৃতি’
আমির খসরু বলেন, ‘‘জুলাই গঅভ্যুত্থানে এবং ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ-নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলোগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। গণঅভ্যুত্থানে ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব গণতন্ত্রকামী ব্যক্তি পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন তাদেরকেও স্বীকৃতি ও চাকরির সহায়তা প্রদান করা হবে।”
সংবাদ সম্মেলনে প্রান্তিক কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং ফেইসবুক, গুগল, ইউটিউবের অফিস ঢাকায় খোলার উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে দরা হয়।
দেশের জিডিপির লক্ষ্যমাত্রা ২০৩৪ সালে এক ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া, জনগণের ওপর করের বোঝা কমানো, শিল্প খাতের বিকাশে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নগরীতে ট্রাফিক সংকেতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের পাশাপাশি পরিবেশ ব্যবস্থাপনায় জোর দেওয়ার বিষয়গুলো পরিকল্পনায় তুলে ধরা হয়েছে বলে তুলে ধরেন আমীর খসরু।
ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, চুরিসহ সন্ত্রাস ও নৈরাজ্যে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ, মাঠপর্যায়ে পুলিশের মনোবল বাড়াতে প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
বেসরকারি খাতে প্রবৃদ্ধি বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং স্টার্টআপগুলোর জন্য অর্থায়নের সুযোগ বাড়ানোসহ বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা ১৮০ দিনের কর্মপরিকল্পনায় স্থান পেয়েছে বলে তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে বাজেট প্রক্রিয়ার সংস্কারের ওপর গুরুত্ব দেন আমীর খসরু। বলেন, ‘‘বাজেট অনুমোদনের জন্য প্রচলিত সাংবিধানিক পদ্ধতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জবাবদিহিতা এবং বাংলাদেশে সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক ও পদ্ধতিগত সংস্কারও করা হবে। সংসদীয় কমিটিকে শক্তিশালী করা, স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ, নির্বাচনপূর্ব কেয়ারটেকার সরকারের জন্য পরিষ্কার নির্দেশিকাসহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ জোসেন মাহবুব শ্যামল উপস্থিত ছিলেন।
