২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মতো বিদায় সবার কপালে জোটে না: জামায়াত আমির

“মানুষের চোখের পানিতে বিদায় পাওয়াটা বিশাল ব্যাপার," বলেন শফিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 08:55 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মানুষ যে আবেগ ও ভালোবাসার সঙ্গে বিদায় জানিয়েছেন, তা সবার ভাগ্যে জোটে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

খালেদা জিয়াকে অনুসরণ করে অন্য রাজনীতিকদের দেশের জন্য অবদান রাখার কথাও বলেন তিনি। 

খালেদা জিয়ার মৃত্যুতে সহমর্মিতা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে এসব মন্তব্য করেন জামায়াত আমির।

সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

শফিকুর রহমান বলেন, "আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম। বেগম খালেদা জিয়া, তিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি সংগ্রামী আপসহীন জীবন ছিল। 

"তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকিত্বে কেটেছে। এই সময় যারা দেশ শাসন করেছেন, তারা তার সঙ্গে অমানবিক আচরণ করেছেন।"

তিনি বলেন, "তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। সরকার তো আমলে নেইনি, বরং এগুলা নিয়ে বারবার উপহাস করেছে। 

“শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন, বিদেশেও গিয়েছেন, কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গেছে। সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে এলেন। আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মত উপযুক্ত স্বাস্থ্য থাকলো না। স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়লো যে, শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে।"

জামায়াত আমির বলেন, “তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে, তার শেষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল (বুধবার)।  মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে। এইটা তার পাওনা ছিল। 

“উনি জাতির জন্য যে অবদান রেখেছেন, তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। তার এই পাওনা দেখে আমরাও অনুপ্রাণিত হই।"

শফিকুর ররহমান বলেন, "আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি, হয়তো বা এদেশের মানুষ আমাদেরকে এই রকমই একদিন বিদায় দেবে। এটা সবার কপালে জোটে না। এই সম্মান পাওয়া, মানুষের চোখের পানি দিয়ে বিদায় পাওয়া বিশাল ব্যাপার।"

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট নিয়েও কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, "নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক ও গ্রহণযোগ্য হোক, আমরা এটা দোয়া করি। আজকেই এ বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি। আগামীতেও দেশের স্বার্থে ইনশআল্লাহ আমরা একসাথে কাজ করব।"

জামায়েতের আমির বলেন, "তারেক রহমান সাহেবসহ বিএনপির নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন; আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে, পাঁচটা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা, সেটাও আমাদের চিন্তা করা দরকার।

“আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা বসবো, খোলা মনে কথা বলব। জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব।"

সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।