২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের নৈরাজ্য হরতাল

চরম বৈরী ভাবাপন্ন আওয়ামী লীগ ও বিএনপি যখন একই দিন একই সময়ে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে, তখন উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। শেষ পর্যন্ত সহিংসতার মধ্য দিয়ে আবারও সেই উদ্বেগ সত্যে পরিণত হলো।

ফের নৈরাজ্য হরতাল

ছবি: মাহমুদ জামান অভি

চিররঞ্জন সরকার চিররঞ্জন সরকার

Published : 28 Oct 2023, 08:09 PM

Updated : 28 Oct 2023, 08:12 PM

শেষ পর্যন্ত নৈরাজ্যের ও সহিংসতা, পুলিশের শক্তি প্রয়োগের মধ্যে দিয়ে পণ্ড হয়েছে বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ। এই মহাসমাবেশ পণ্ড হওয়ার পরপরই তারা ২৯ অক্টোবর সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। বহু ব্যবহারে অকার্যকর হয়ে পড়া হরতালকে আবারো ফিরিয়ে আনা হয়েছে। দীর্ঘদিন পর আবার হরতালের মতো অনেক সমালোচিত রাজনৈতিক কর্মসূচি ফিরিয়ে আনায় আগামী দিনে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

২৮ তারিখ দেশের প্রধান বিরোধী দল বিএনপির ‘মহাসমাবেশ’ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘উন্নয়ন ও শান্তি সমাবেশ’কে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। সবার মধ্যেই এক ধরনের উদ্বেগ ও ভয় লক্ষ করা যাচ্ছিল। কেননা আমাদের দেশে বিএনপি-আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি মানেই মারামারি, সন্ত্রাস ও নৈরাজ্য। দল দুটি ফিলিস্তিন ও ইসরায়েলের মতো সব সময়ই মুখোমুখি অবস্থানে থাকে। চরম বৈরী ভাবাপন্ন আওয়ামী লীগ ও বিএনপি যখন একই দিন একই সময়ে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে, তখন উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। শেষ পর্যন্ত সহিংসতার মধ্য দিয়ে আবারও সেই উদ্বেগ সত্যে পরিণত হলো।

বিএনপি সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ আহবান করেছিল রাজধানীর নয়াপল্টনে। পক্ষান্তরে ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকেছিল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে। এই দুইটি স্থানের মধ্যে দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।

২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে উদ্বেগের কারণ ১৭ বছর আগের স্মৃতি। তত্ত্বাবধায়ক সরকার ঘিরে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের সমাবেশ ছিল। একই ধরনের পাল্টাপাল্টি সমাবেশ থেকে সারাদেশে ছড়িয়ে পড়েছিলো ব্যাপক সহিংসতা। জ্বালাও-পোড়াও আর হামলায় প্রাণ দিতে হয়েছে বহু মানুষকে। তারই ধারাবাহিকতায় এক পর্যায়ে জারি হয় জরুরি অবস্থা। সেই একই ইস্যু নিয়ে শনিবার এই তিন দলের সমাবেশে ঘিরে জনমনে তাই আশঙ্কা-উদ্বেগ তৈরি হয়।

Image

২০০৬ সালের ২৮ অক্টোবর একই ধরনের পাল্টাপাল্টি সমাবেশ থেকে সারাদেশে ছড়িয়ে পড়েছিলো ব্যাপক সহিংসতা।

শনিবারের সকাল থেকেই উভয় দলের নেতাকর্মীরা সমাবেশ স্থলের দিকে অগ্রসর হতে থাকে। বিএনপির একটি জমায়েতকে পাশ কাটিয়ে আওয়ামী লীগের একটি যাত্রীবাহী বাস অতিক্রম করার সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে প্রথম সংঘর্ষ বাধে। বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মীদের হামলার জবাবে পাল্টা হামলা চালায়। তারা ওই বাসেও আগুন ধরিয়ে দেয়। এরপর পুলিশ আর আওয়ামী লীগের কর্মীদের তোপের মুখে পড়ে বিএনপির নেতাকর্মীরা। শুরু হয় সংঘর্ষ। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী.র কর্মীরাও পুলিশকে টার্গেট করে আক্রমণ শানাতে থাকে। ফলে পুরো বিজয়নগর, কাকরাইল ও নয়াপল্টন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হয়। বিএনপির কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ আরো বেশি মারমুখি হয়ে ওঠে। তারা ওই এলাকায় একাধিক পুলিশ বক্স এমনকি পুলিশ হাসপাতালে পর্যন্ত আক্রমণ করে এবং আগুন ধরিয়ে দেয়।

Image

মালিবাগ ফ্লাইওভারের উপর বলাকা পরিবহনের এ বাস ভাঙচুরের পর আগুন দেয় দুবৃর্ত্তরা।

আজকের এই মহাসমাবেশকে ঘিরে বিএনপির নৈরাজ্যমুখী হওয়া ও মহাসমাবেশ পণ্ড হওয়ার পেছনে দায়ী কে, তা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলছেন, বিএনপির কর্মীরাই প্রথম আক্রমণাত্মক হয়েছে। আবার কারো মতে, আওয়ামী লীগ তাদের ধাওয়া দিয়ে প্রথম তাতিয়ে দিয়েছে। কেউ কেউ পুলিশের বাড়াবাড়িকেও দায়ী করছেন। তবে আজকের এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট সকল পক্ষেরই ভূমিকা রয়েছে। কেউই দায়িত্বশীল আচরণ করতে পারেনি। এর সঙ্গে যোগ হয়েছিল নানা ধরনের উস্কানি। সামনে থেকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা উস্কানি দিয়েছে। পেছন থেকে জামায়াতে ইসলামীর কর্মীরাও উস্কানি দিয়েছে। কারণ জামায়াতের বিপুল সংখ্য নেতাকর্মী মাঠে থাকলেও তারা সমাবেশের অনুমতি পায়নি। এ অবস্থায় তারা লাগাতার পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ হাসপাতালে আক্রমণ ও অগ্নিসংযোগের ঘটনায়ও তারাই নেতৃত্ব দিয়েছে। তারা চেয়েছে বিএনপি আন্দোলনে যাক। নৈরাজ্যমুখী হোক। প্রয়োজনে লাগাতার জ্বালাও-পোড়াও-অসহযোগ-হরতাল হোক। পরিস্থিতি যত ঘোলাটে হবে, জামায়াতের তত লাভ। কারণ দলটি ঘোলা জলে মাছ শিকারে সব সময়ই ওস্তাদ। 

ওদিকে লাগাতার আক্রমণে পর্যুদুস্ত পুলিশ শেষপর্যন্ত নিজেকে আর খোলসে ঢেকে রাখতে পারেনি। তারাও আক্রমণাত্মক হয়েছে। ওপর মহলের নির্দেশ থাকাও বিচিত্র নয়। বিএনপির উচিত ছিল নেতাকর্মীদের শান্ত রাখা, কোনো ধরনের উস্কানিতে বিভ্রান্ত না হওয়া। কিন্তু তারা তা করেনি। বা পারেনি। তাদের নৈরাজ্যমুখী প্রবণতার জবাবে পুলিশও তাই আরো বেশি আক্রমণাত্মক ভূমিকা পালন করেছে।

Image

ছবি: মাহমুদ জামান অভি

চলমান আন্দোলন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মনোভাব স্পষ্ট নয়। কেউ কেউ মনে করছেন যে, আন্দোলন করে বর্তমান ক্ষমতাসীনদের হঠানোর মতো শক্তি বিএনপির নেই। আওয়ামী লীগ বরং চাইছে, বিএনপি এভাবে একটা করে সমাবেশ-মহাসমাবেশের নামে হুঙ্কার ছাড়ুক। লাগাতার ব্যর্থতায় তাদের আন্দোলন এক সময় নিজেদের কাছেই হাস্যকর পরিগণিত হবে। আর হরতাল-অবরোধ করে, এমনকি পেট্রোল বোমা মেরেও যে ক্ষমতাসীনদের দাবি মানাতে বাধ্য করা যায় না, নির্বাচন আটকানো যায় না, সে ইতিহাস তো আমাদের সামনেই আছে। সেই অভিজ্ঞতার আলোকে সম্ভবত ক্ষমতাসীনরাও চায়, বিএনপি আন্দোলন নিয়ে ব্যস্ত থাকুক। প্রয়োজনে হরতাল দিক। কেননা রাজনৈতিক অস্ত্র হিসেবে হরতাল বর্তমানে একটি অকার্যকর মাধ্যম। হরতাল আহবানকারীরা বরং ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের কাছে ভিলেন হিসেবে খ্যাত হয়। বিএনপি ও তার মিত্ররা যদি রাজপথে আন্দোলন নিয়ে ব্যস্ত থাকে, তাহলে বরং ক্ষমতাসীনরা নিশ্চিন্তে তাদের মিত্রদের নিয়ে অনায়াসে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে।  

Image

ছবি: মাহমুদ জামান অভি

তবে শনিবার রাজধানীর নয়াপল্টনকে ঘিরে যে সহিংস ঘটনা ঘটেছে, এর দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এড়াতে পারে না। বিশেষ করে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপর তাদের আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। বিএনপি-জামায়াতের কর্মীদের ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। একজনের মৃত্যুও হয়েছে। এই মৃত্যুর দায় বিএনপি এড়াবে কীভাবে? শুধু তাই নয়, রাজধানীতে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়েছে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় অন্তত ১০ জন গণমাধ্যমকর্মী আহত হয়েছে। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন। শনিবার বিএনপি-জামায়াতের ডাকা সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ চালাতে গেলে সেই দৃশ্য ধারণ করেন সাংবাদিকরা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি ও জামায়াত কর্মীরা। তারা হামলে পড়েন সাংবাদিকদের ওপর।

গণমাধ্যমকর্মীদের ওপর কেন এই আক্রমণ? বিএনপি-জামায়াত কি তবে ক্ষমতাসীনদের মতো গণমাধ্যমকেও তাদের প্রতিপক্ষ মনে করে? গণমাধ্যমকে প্রতিপক্ষ বা শত্রু মনে করলে কি আন্দোলনে জেতা যায়? না তাতে নিজেদের ভাবমূর্তির কোনো উন্নতি হয়?

বিএনপির নীতিনির্ধারকদের মনে রাখা দরকার যে, পনেরো বছর ধরে টানা ক্ষমতায় থাকা একটা দলকে সহজেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানাতে বাধ্য করা যাবে, এমন ধারণা বাতুলতা মাত্র। আর হ্যাঁ, বিএনপি আগ্রাসী হলে ক্ষমতাসীনরাও ছেড়ে কথা কইবে বলে মনে হয় না। সে ক্ষেত্রে সংঘাত-সংঘর্ষ ছাড়া অন্য কোনো ফল ফলবে বলে মনে হয় না।

আর একথাও ভুলে গেলে চলবে না যে, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু পরিবারের নাম-নিশানা মুছে ফেলার, বাংলাদেশ নামের দেশটির মোড়কে পাকিস্তানকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। শুরুটা অন্যদের হাতে হলেও এই প্রক্রিয়া বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিএনপি। দোসর হিসেবে পেয়েছে জামায়াতসহ স্বাধীনতাবিরোধী সব দল-গোষ্ঠী ও ব্যক্তিকে।

এরপর শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ঘটানো হয়েছে ২১ অগাস্টের গ্রেনেড হামলা। কিন্তু দৈবক্রমে শেখ হাসিনা বেঁচে গেছেন! ব্যর্থ হয়েছে আরেকটি গভীর রাষ্ট্রীয় ষড়যন্ত্র।

কাজেই এই ‘ঘাতক বিএনপি’র সঙ্গে আওয়ামী লীগের সংঘাত মিটবে কীভাবে, কোন শর্তে? বাংলাদেশের রাজনীতি তাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত! হত্যা-ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি-জামায়াত চেয়েছিল ‘নিষ্কণ্টক ক্ষমতা’। আওয়ামী লীগ হত্যা-ষড়যন্ত্র নয়; বরং কৌশলে জামায়াত-বিএনপিকে ফাঁদে ফেলে ভোগ করতে চাইছে ‘নিষ্কণ্টক ক্ষমতা’!

কাজেই সমাবেশ, মহাসমাবেশ করে, হরতাল অবরোধ দিয়ে, পুলিশ কিংবা গণমাধ্যমকর্মীদের উপর হামলা চালিয়ে তেমন কোনো সুফল মিলবে বলে মনে হয় না। বরং একটা আপস-মীমাংসার পথে গিয়ে কীভাবে জনগণের ম্যান্ডেট অর্জন করা যায়, সৃজনশীল কর্মসূচি দিয়ে কীভাবে ক্ষমতাসীনদের ঘায়েল করা যায়, বিএনপি নেতৃত্বকে সেই দিকটি ভালোভাবে ভেবে দেখতে হবে।