ব্যর্থতার অভিযোগে বিতর্কিতদের সরিয়ে দিলে কি সরকারের লাভ?
যুক্তরাজ্যের পার্লামেন্টিরিয়ান লর্ড বেটস একটি অধিবেশনে দেরিতে পৌঁছানোর 'অসভ্যতা'র কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে হাউস অব লর্ডসে সহকর্মীদের হতবাক করেছিলেন। তিনি বলেছিলেন, "আমি আমার জায়গায় যথাসময়ে উপস্থিত না থাকার জন্য পুরোপুরি লজ্জিত এবং তাই আমি অবিলম্বে প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগের প্রস্তাব দেব।"
লর্ড আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ও সাবেক কনজারভেটিভ এমপি। তখনকার প্রধানমন্ত্রী অবশ্য গুরুতর কারণ না হওয়ায় তার সেই পদত্যাগপত্র গ্রহণ করেননি। এটি ২০১৮ সালের একটি ঘটনা।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা-র (ইউএনসি) ভাইস চ্যান্সেলর টেরি ম্যাগনাসান জেনেটিক্সের একজন বিখ্যাত অধ্যাপক এবং গবেষক, যিনি ২০১৬ সাল থেকে এ বিশ্ববিদ্যালয়ের প্রায় এক বিলিয়ন ডলারের গবেষণা উদ্যোগের নেতৃত্ব দিয়ে চলেছেন। তিনি পদত্যাগ করেছিলেন তার বিরুদ্ধে 'কুম্ভীলকবৃত্তি বা প্লেজারিজম' এর অভিযোগ ওঠার পরই। অভিযোগ উঠেছিল, টেরি একটি প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে গিয়ে অনলাইন উৎস হতে দুইটি ছোট তথ্য তার নিবন্ধে যোগ করেছিলেন। কিন্তু, ওই উৎসগুলো যথানিয়মে উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন। এ নিয়ে আলোচনা শুরু হওয়ার পরপরই প্রফেসর ম্যাগনাসান জরুরি সভা ডেকে তার এ অনিচ্ছাকৃত ভুলের দায় নিয়ে গবেষণা দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব থেকে সরে দাঁড়ান। বলার অপেক্ষা রাখে না, তার নেতৃত্বে রিসার্চ কর্মকাণ্ড চলমান থাকলে তা নিয়ে সাধারণের সন্দেহ জন্মাতে পারে বলেই তিনি বিলিয়ন ডলার প্রজেক্টের দায়িত্ব ছেড়ে দেওয়া যৌক্তিক মনে করেন।
তৃতীয় এবং শেষ ঘটনাটি কানাডার অ্যাডমন্টন শহরে বসবাসরত আমাদের প্রতিবেশী এবং এ এলাকার এমএলএ ড্যাং সাহেবের। কিছুদিন আগে তার বাড়িতে আরসিএমপি (কানাডার পুলিশ) তল্লাশি চালানোর পর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ককাস ত্যাগ করতে বাধ্য হয়েছেন এই এমএলএ। 'আলবার্টা প্রদেশের কোভিড ভ্যাক্সিনেশন রেকর্ড সিস্টেম কতটা নিরাপদ'- সেটি নিজের বাসায় বসে গোপনে পরীক্ষা করেছিলেন তিনি। কিছু ত্রুটি পেয়ে অবিলম্বে তা যথাযথ কর্তৃপক্ষের নজরেও আনেন। কর্তৃপক্ষ ইতিমধ্যে তা সংশোধনও করে নেয়। আপাতদৃষ্টিতে তিনি নিজ উদ্যোগে একটি জনল্যাণমূলক কাজ করলেও যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে নিজ বাসায় গোপনে এ ধরনের কর্মকাণ্ড চালানো 'অনুচিত' হয়েছে বলে বিভিন্ন মহল হতে অভিযোগ ওঠে। তারা বলেছেন, ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের পরীক্ষানিরীক্ষা তিনি চালাতে পারেন না। এ নিয়ে তদন্ত কার্যক্রমও চলমান। এভাবে ব্যক্তিগত আচরণে তিনি বিতর্কিত হয়েছেন দেখে তার দল এনডিপি তাকে ছেড়ে দেওয়া সমীচীন মনে করেছে।
পৃথিবীর উন্নতদেশগুলোতে জনগুরুত্বপূর্ণ পদে দায়িত্বরতদের কর্মকাণ্ডের স্বচ্ছতা কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় তার কিছু নমুনা পাওয়া যায় উপরের তিনটি ঘটনায়। গুগলে সার্চ দিলে এমন আরও অসংখ্য ঘটনা দেখতে পাওয়া যায়, যেসবে আমাদের দৃষ্টিভঙ্গিতে 'যেখানে পান হতে চুন খসার মতো আপাত তুচ্ছ ঘটনায়ও' অনেক রথী-মহারথীকে পদ ছেড়ে দিতে হয়েছে।
এবার চলুন আমাদের নিজের দেশ, বাংলাদেশের দিকে নজর দেই। রেলমন্ত্রীর স্ত্রীর কাণ্ডের কথা ইতিমধ্যে সবাই জানেন। সাময়িক বরখাস্তকৃত সেই টিটিই-কে পুনরায় নিয়োগ দেওয়ার কথাও পুরনো হয়ে গেছে। এ ঘটনার ধারাবাহিকতায় রেলমন্ত্রী শুরুতেই তার 'আত্মীয়'দের চেনেন না বা 'টিটিই-কে বরখাস্তের কথা জানতেন না' বলে নানাভাবে দায় এড়ানোর চেষ্টা করেন। অন্যদেশের যে তিনটি ঘটনা উল্লেখ করলাম, সেগুলোর সঙ্গে তুলনা করলে রেলমন্ত্রীর কী করা উচিত- সেটা বরং না বলি।
তবে রেলমন্ত্রীর যা করা উচিত ছিল, সেটি যদি তিনি করতেন- তাতে ভবিষ্যতে অন্য কোন মন্ত্রী-আমলার স্ত্রী বা পরিবারের লোকজন আড়ালে থেকে মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করতে দ্বিতীয়বার চিন্তা করতেন।
বর্তমানে আলোচনায় আছে এমন আরেকটি ঘটনা হলো ক্ষমতাসীন দলের এক সাজাপ্রাপ্ত সংসদ সদস্যের চিকিৎসার্থে দেশত্যাগ। দুর্নীতির দায়ে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত ওই সংসদ সদস্য কয়েকদিন আগে স্বাস্থ্য পরীক্ষার নামে বিদেশে গিয়ে হৈ চৈ ফেলে দেন সারাদেশে। অথচ, একই সময়ে অন্য একাধিক সাজাপ্রাপ্ত ব্যক্তিরা মেডিক্যাল বোর্ডের সুপারিশ সত্ত্বেও জরুরি চিকিৎসার প্রয়োজনে- অনেক চেষ্টা তদবির করেও বিদেশ যাওয়ার অনুমতি পাচ্ছেন না। দুইটি বিষয় পাশাপাশি রেখে বিবেচনা করা হলে দণ্ডিত সংসদ সদস্যের দেশত্যাগের বিষয়টি প্রশ্নবিদ্ধই থেকে যায়। এ ঘটনাটির পর একজন সংসদ সদস্যের আসলে বিদেশের উদাহরণ দেওয়া তিনটি ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় কী করা উচিত ছিল?
প্রশ্ন হচ্ছে, দায়িত্ব পালনে ব্যর্থতা বা নিজের অবস্থানের স্বচ্ছতা নিয়ে অভিযোগের কারণে বিতর্কিত হলে- দায় স্বীকার করে সংশ্লিষ্ট মন্ত্রী-আমলা বা সরকারি শীর্ষ কর্মকতারা পদ থেকে অব্যাহতি নিলে বা তাদের অপসারণ করলে সরকারের লাভ হয়, নাকি ক্ষতি?
লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স- এর এক গবেষণায় দেখা গেছে, দায়িত্বপালনে ব্যর্থতার বিষয়টি স্পষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অনতিবিলম্বে সরিয়ে দিলেই বরং সরকারের লাভ।
কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সরকার বা দলের ভাবমূর্তির সাময়িক হানি হলেও যে শীর্ষ নির্বাহী ওই ঘটনায় ব্যর্থতা বা অযোগ্যতার পরিচয় দিয়েছেন, তাৎক্ষণিকভাবে তাকে সরিয়ে দিলে দেশের সাধারণ মানুষ বিষয়টি সরকারের সময়োচিত ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে গণ্য করেন। একইসাথে, দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের আন্তরিকতা আছে বলেই ধরে নেন। এক্ষেত্রে পদচ্যুত ব্যক্তির ভাবমূর্তির সাময়িক ক্ষতি হলেও দিনশেষে সরকার বা দলের লাভ হয় বলেই গবেষণায় নিয়োজিতরা প্রমাণ পেয়েছেন। কেননা, জনরোষের তীর তখন সরকারকে বেশি আহত না করে বরং ব্যক্তিবিশেষের দিকেই ধাবিত হয়।
[রেফারেন্স: The corrective effect of ministerial resignations on government popularity. Torun Dewan et al.]
মোটকথা, কোনও ঘটনায় সরকারি কোনও শীর্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সুস্পষ্ট ব্যর্থতা দৃশ্যমান হলে যুক্তিতর্ক দিয়ে তাকে রক্ষার চেষ্টা না করে, বরং দ্রুত তাকে সরিয়ে দিলে জনগণ ওই ব্যর্থতাকে কিছুটা হালকা করে দেখতে শুরু করে।
বাংলাদেশ যত দ্রুতগতিতে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তত দ্রুত কিন্তু প্রশাসনিক জবাবদিহিতার জায়গা তৈরি করতে পারছে না। এর একটি বড় কারণ হচ্ছে, সুস্পষ্ট ব্যর্থতা প্রমাণ হওয়ার পরও মন্ত্রী-আমলাদের দায় স্বীকার করার সংস্কৃতি নেই। সরকারেরও নেই। ব্যর্থতার দায় স্বীকার করার সংস্কৃতি তৈরি হলেই বাংলাদেশের উন্নয়ন পোক্ত হবে বলে বিশ্বাস।
