২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলের কী হবে?

অজয় দাশগুপ্ত অজয় দাশগুপ্ত

Published : 21 Apr 2022, 06:08 PM

Updated : 22 Jul 2022, 03:48 AM

মঙ্গলবার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। সপ্তাহের এই দিনটির নাম কি আদৌ টিকবে? আর টিকলেই বা কয় বছর? বেচারা 'মঙ্গল' শব্দটি ঘোর বিপদে পড়েছে আমাদের দেশে। আর এ বিপদ টেনে এনেছে নববর্ষের শোভাযাত্রা। এ পদযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা হবার পর ও এর দোষগুণ বুঝে উঠতে সময় লেগেছে পুণ্যবান নামে পরিচিতদের। গোড়ায় তাদের আপত্তি ছিল শোভাযাত্রায় ব্যবহৃত মুখোশ ও প্রাণির প্রতীকে। বিশেষত প্যাঁচা প্রতীকে ঘোর আপত্তি তাদের। কারণ এটা হিন্দু দেবীর বাহন। যে দেবীর বাহন তার পরিচয়- ধন-সম্পদের দেবী। শৈশবে-কৈশোরে, এমনকি এখনো আমাদের মুসলিম অভিভাবকদের অনেকেই ভালো গুণবতী মেয়েদের 'লক্ষ্মী' বলে ডাকতেন। বাংলা শব্দ অথবা তৎসম বা অর্ধ তৎসম নামে পরিচিত সংস্কৃত থেকে আগত শব্দগুলো এড়িয়ে চলার সুযোগ আছে? না, এসব নিরীহ শব্দের সাথে ধর্ম বা বিশ্বাসের কোন সম্পর্ক আছে?
যারা এসব বলেন- তারা কথা শোনার মানুষ না। ইংরেজিতে 'প্রিঅকুপাইড' বলে একটা শব্দ আছে। মগজ বা মস্তিস্কের ধারণ শক্তি যাই হোক, বারবার কোনও কথা শুনলে বা আওড়ালে বা ঘুরতে থাকলে তা গেঁথে যায় অজান্তেই। এদের তাই হয়েছে। এরা ভুলে যায়, সৌরজগতে মহাবিশ্বে মঙ্গল নামে একটা গ্রহ আছে। মঙ্গলের অস্তিত্ব প্রমাণিত। এই যে বাংলা বারের নামগুলো সব নামের সাথেই প্রায় মানুষের রাশিচক্রের যোগাযোগ আছে। সৌর জগতের ওপর নির্ভর করে অনুমান ও ইতিহাস তৈরি করেছে এসব। এখন হঠাৎ করে মঙ্গল শব্দটি এমন অপয়া বা বর্জনীয় মনে হবার কারণ?
সহজেই অনুমান করা যায় কোন তলানিতে আছে আমাদের সমাজ। সম্প্রতি কয়েকটা ঘটনায় যারা খুব অবাক বা বিস্মিত হয়েছেন আমি তাদের দলে না। সবাই জানেন আবার বোঝেনও। শুধু শুধু অবাক হবার ভান করেন। আগেও বলেছি, পাকিস্তান আমল দেখা মানুষ আমি। পূর্ব পাকিস্তানে আমাদের রাষ্ট্র ও সরকার ছিল সাম্প্রদায়িক। সরকার চাপাতে চাইতো ধর্মীয় বিদ্বেষ। কিন্তু বাঙালি চাইতো উল্টো। যে কারণে আমরা বাঙালি হবার সংগ্রাম আর বাঙালি হবার সাধনায় নিমজ্জিত ছিলাম। সে আমল শেষে মুক্তিযুদ্ধে অর্জিত দেশটির মানুষ কিন্তু এক বছরের মাথায় উল্টোদিকে হাঁটতে শুরু করে দিয়েছিল। যে কারণে বঙ্গবন্ধু সরকারের আমলেই সাম্প্রদায়িক হামলায় ভূপাতিত দেব-দেবীর মূর্তি ভাঙ্গার উল্লাস দেখেছিলাম আমরা । এরপর ইতিহাসই ঘুরতে থাকে বিপরীত দিকে। দেশ ও সমাজের ওপর নেমে আসে নব্য-পাকিধারা। সে ধারার বিরুদ্ধে তখন রাজপথে ছিল রাজনৈতিক দল, ছিল সাংস্কৃতিক সংগঠন। আওয়ামী লীগ সরকারে আসার পর বিশেষ করে একচ্ছত্র দেশশাসনে থাকার পর থেকে সে পথে আর পা বাড়ায়নি তারা। ক্রমাগত আপস আর প্রতিরোধহীনতায় সংস্কৃতি যেমন নির্জীব তেমনি নতুন নতুন আপদ এসে ভিড় করেছে ।
কী, কেন, কিভাবে- এ আলোচনা হয়েছে, হবে- চলবেও। কিন্তু ইদানিং জান নিয়ে টানাটানি। ভদ্রমহিলা টিপ পরলে দোষ। ভদ্রলোক বিজ্ঞানের টিচার। তাহলে কী শেখাবেন তিনি? ধর্ম না অন্য কিছু? বিজ্ঞান শেখাতে গিয়ে তাঁকে জেল খাটতে হলো। এ ঘটনাকে আপনি স্বাভাবিক মনে করলে আপনিও একজন উম্মাদ। আপাতত তাকে মুক্ত দেখে আমরা খুশি বটে কিন্তু কী হবে তার ভবিষ্যত? তিনি কি আসলেই পারবেন আগের মতো সাবলীল হতে? সেটা কি আর কখনো সম্ভব হবে? আপনি হলে পারতেন? এবং যেটা বোঝার বিষয় এতোকিছুর পরও যারা যা বলার তাই বলছে। হৃদয় বাবুকে আপাতত ছাড় দেওয়া হলেও তারা তাদের যুক্তি-অযুক্তি থেকে এক পাও নড়েনি। যে কারণে এখন ডারউইনও পড়েছেন বিপদে। আপনি টিভি বা সামাজিক মিডিয়া দেখলেই বুঝবেন কী বলতে চাইছেন তারা। কী তাদের মনোভাব!
সরকার কি এসব জানে না? বোঝে না? না যারা দেশ চালায় যারা রাজনীতি করে তারা কি এসব বিষয়ে ভাবে না ? ভাবে, নিশ্চয়ই জানে এবং বোঝেও। কিন্তু তারা এখন আর এগুলোকে তোয়াক্কা করে না। কারণ এটাই এখন নিয়ম। আর পপুলার মতবাদকে তোয়াজ করতে গিয়ে ভারত-পাকিস্তানের মতো আমাদের দেশে ও একদিন তারাই রাজত্ব করবে যারা এগুলোর গুদামঘর ।
এখন প্রশ্ন হচ্ছে মঙ্গলের কী হবে? দেশের মতো বিদেশের বাঙালি ঘরে ঘরেও নাকি এখন আলাপের বিষয় এটি। আর সংখ্যাগুরু মত হলো মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা জরুরি। ধরুন, আপাতত তা করা হলো না। এবছরের মতো যতো মানুষ, তারচেয়ে বেশি পুলিশ বা নিরাপত্তা বাহিনী নিয়ে শোভাযাত্রা করতে করতে সবাই ক্লান্ত হয়ে পড়বে একসময়। প্রতিবছর কি এভাবে পাহারা দিয়ে এমন শোভাযাত্রা করানো সম্ভব? আর তখনই দেখবেন 'চাচা আপন জান বাঁচা'-র সাথে সংস্কৃতি নামের মৃতপ্রায় জিনিসটি বাঁচাতে এর নাম পরিবর্তন করা হবে। আর নয়তো 'ক্লিশে' বা একঘেঁয়ে হতে হতে এটি হারিয়ে যাবে কালের গর্ভে। সেটা যে হতে যাচ্ছে তার প্রমাণ এখনকার উপস্থিতিতেই টের পাওয়া যায়।
ভাবছেন, পবিত্র রোজার মাস বলে এমনটি হয়েছে? জ্বী না। এই হ্রাস বা কমতে থাকা মানুষের সংখ্যাই ভেতরে ভেতরে বাড়ছে । আর এটাই জনমত ।
মুশকিলটা মঙ্গল নিয়ে বেশি। বাঙালি কতো কাজে যে এই শব্দের ব্যবহার করে। কতোভাবে তার দরকার পড়ে। এখন শোভাযাত্রা থেকে বাদ পড়লে ভবিষ্যতে নিশ্চয়ই সপ্তাহের বারের নামও একসময় বাদ দিতে হবে। কেন জানি আমাদের বিশ্বাস আর আস্থার জায়গাটুকু বারবার নড়বড়ে হয়ে উঠছে। সাধারণ মানুষকে যারা বিভ্রান্ত করে বা করতে পারে, তারাই হয়ে উঠছে নিয়ন্ত্রক। এভাবে 'মঙ্গল' বাদ গেলে জাতির ভাগ্যে মঙ্গল থাকবে না অমঙ্গল সেই বিচারের ভার আমাদের হাতেই থাকলো।
তবে এসব হামলা-মামলা বা আঘাতের চাইতে মঙ্গল তুলে নেওয়া এবং বিজ্ঞান জাতীয় বিষয় বাতিল করাই হবে কাজের কাজ। এর ফলে খুব বেশি লোকসান কিছু হবে না । আফগানিস্তানের মানুষও বেঁচে আছেন। দিন কাটাচ্ছেন। বাঙালিরও না হয় কাটবে মঙ্গলহীন জীবন। বেশি মঙ্গল, মঙ্গল করে কী লাভ? আগে মানতাম 'খোদা যা করেন মঙ্গলের জন্য করেন'। এখনও মানি। হয়তো 'মঙ্গল' না থাকলেই, মঙ্গল হবে জাতির। তাই না?