২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চাশ বছরের প্রাপ্তি ও অপ্রাপ্তি

আশরাফ আহমেদ আশরাফ আহমেদ

Published : 22 Mar 2021, 11:20 PM

Updated : 01 Jul 2022, 05:33 PM

স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে জীবন ও  সম্ভ্রম হারানো অগণিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, এবং ঘাতকদের হাতে প্রাণ হারানো স্বাধীনতার স্থপতি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও পরিবারবর্গ, এবং চার জাতীয় নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।  

পঞ্চাশ বছরের প্রাপ্তি ও অপ্রাপ্তিকে দুই ভাবে আলোচনা করা যায়। একটি সংখ্যাগত বা তথ্যের বিচারে। অর্থাৎ কী চেয়েছিলাম আর কী পেয়েছি। অপরটি আত্মিক বা ভাবাবেগ বা ইমোশন এর বিচারে। অর্থাৎ আগের চেয়ে বেশি সুখে আছি, কম সুখে আছি অথবা দুঃখে আছি। 

আমি আত্মিক বা ভাবাবেগের বিচারেই আলোচনাটি শুরু করবো। স্বাধীনতা-ই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। 

বাংলা নামের ভূ-খণ্ডে মানুষের অস্তিত্ব কয়েক হাজার বছরের পুরনো। কিন্তু পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি স্বাধীন ও সার্বভৌম দেশ ও জাতি হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে আমারই জীবদ্দশায়, আমারই অংশগ্রহণে। এই স্বাধীনতা কৌশলগত কারণে দখলকারীদের উপনিবেশ ছেড়ে যাওয়ার ফলে স্বাধীনতা প্রাপ্তির মতো ছিল না। আমাদের স্বাধীনতা ছিল অজস্র প্রাণের বিনিময়ে সম্মুখ যুদ্ধে শত্রুকে পরাস্ত করে ছিনিয়ে আনার স্বাধীনতা। 

এর আগে মধ্যযুগের সুলতানি আমলে এ ভূখণ্ডে যে কয়েকজন স্বাধীন শাসকের কথা আমরা জানি, জাতিগতভাবে তারা সবাই ছিলেন বহিরাগত। সে স্বাধীনতা ছিল তাদের স্বার্থে। তাদের ও তাদের শাসনের ভাষাও ছিল বিদেশি। তাদের স্বাধীনতা লাভ ও রক্ষা হতো ভাড়াটে সৈন্য দ্বারা।

কিন্তু একাত্তরে আমরা যে স্বাধীনতা লাভ করলাম তা ছিল বাংলায় জন্ম নিয়ে, বাংলায় কথা বলে, বাংলায় আজীবন সংগ্রাম করে বেড়ে ওঠা শেখ মুজিবর রহমান নামে এক অকৃত্রিম ও খাঁটি বাঙালি নেতার আহ্বানে। তাই তাকে আমরা বঙ্গবন্ধু বলে জানি এবং বাঙালি জাতির পিতা বলে মানি। আর সেই স্বাধীনতা সম্পূর্ণভাবে সঙ্গঠিত হলো বাঙালির স্বার্থে এবং বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী দ্বারা। 

কাজেই বাঙালি হিসেবে এই স্বাধীনতার সাথে আমার সম্পর্ক আত্মার। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?

১৯৭৮ সালে যখন প্রথম দেশ থেকে বেরোই তখন আমার বুকে ছিল যুদ্ধে শত্রুকে পরাস্ত করে নতুন স্বাধীনতাপ্রাপ্ত সার্বভৌম দেশের এক নাগরিকের পরিচয়ের অসীম গর্ব। নির্ভিক চিত্তে মাথা উঁচু করে ঘুরে বেড়িয়েছি সর্বত্র। কিন্তু বিদেশি ভাষা যখন কিছুটা বুঝতে শিখেছি দেখলাম বিদেশের সংবাদ মাধ্যমে বাংলাদেশ নামটি উচ্চারণ করা হতো ঘৃণা, তাচ্ছিল্য এবং করুণার সাথে। সে সবে তুলে ধরা হতো ক্রমান্বয়ে নিম্নগতির আর্থ-সামাজিক দৈন্যতা ও অব্যবস্থাপনার করুণ চিত্র। বিদেশিরা ব্যক্তিগত পর্যায়ে প্রথম পরিচয়ে আগ্রহ দেখালেও আমি বাংলাদেশের লোক জানতে পারলে তাদের চেহারা আগুনে পানি ঢালার মতো চুপসে যেতো। সে কারণে পরবর্তী প্রায় পঁচিশটি বছর বিদেশিদের কাছে নিজেকে বাংলাদেশি পরিচয় দিতে কুণ্ঠাবোধ করেছি পদে পদে।  বিদেশে বসবাসকারী অধিকাংশ বাঙালির মতোই হীনমন্যতায় ভুগেছি অবিরত। 

ধীরে ধীরে একসময় লক্ষ করলাম যতোটুকু বলা হয় এবং নিজেরাও যা মনে করি, আমরা হয়তো ততোটা দেউলিয়া নই, নৈরাশ্যের বদলে আলোর আভাস যেন আমাদের হাতছানি দিচ্ছে। এ উপলব্ধি থেকেই বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে 'আমরা কতো গরীব' নামে গবেষণা ধর্মী একটি প্রতিবেদন লিখলাম ২০১২ সালে। ভয় ছিল, অনেক বাস্তবতা অস্বীকারকারী রাজনৈতিক-অর্থনীতিবিদের কাছেই লেখাটি প্রচণ্ড সমালোচনার মুখাপেক্ষী হবে। কিন্তু হাতেগোনা কিছু ব্যতিক্রম ছাড়া প্রকাশিত হবার সাথে সাথে দেশে এবং বিদেশে বসবাসকারী বাংগালি পাঠকদের থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পেলাম। কারণ বাংলাদেশের সাম্প্রতিক ইতিবাচক দিকগুলো নিয়ে নিরপেক্ষ কোনো অভিমত এর আগে এতো স্পষ্টভাবে কেউ উচ্চারণ করেননি। 

সে লেখাটির পর আরো নয়টি বছর পেরিয়ে গেছে। দেশটিও এগিয়ে গেছে অবিশ্বাস্য গতিতে। বিদেশে বাংলাদেশকে কেউ আর তুচ্ছ তাচ্ছিল্য করে না। বরং এককালে কিসিঞ্জারের 'বাস্কেট কেস' বাংলাদেশটি বিভিন্ন ক্ষেত্রে কীভাবে উন্নত বিশ্বের কাতারে উঠে আসছে তার উদাহরণ টানা হয় প্রায় প্রতি মাসে, প্রতি সপ্তাহে। তেতাল্লিশ বছর আগে যুদ্ধজয়ী দেশের নাগরিক হিসেবে বিদেশে যেভাবে বুক উঁচিয়ে চলার মনোভাব ছিল, আজ আমার সেই গৌরব ফিরে এসেছে। কাজেই স্বাধীনতার পরবর্তী এই পঞ্চাশ বছরে আমার প্রাপ্তি অসীম! 

পঞ্চাশ বছর আগে যে স্বাধীনতার সাথে বাঙালির] ছিল অস্ত্বিত্বের সম্পর্ক, আজ তা রূপান্তরিত হয়েছে গর্ব ও গৌরবের সম্পর্কে। একে আপনি ভাবাবেগ তাড়িত বলুন, অথবা মুক্তিযুদ্ধের প্রতি আপসহীন আনুগত্য বলুন, আমি মনে করি গত পঞ্চাশ বছরে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রাপ্তি অনেক।

এবার আসি সংখ্যা ও তথ্যভিত্তিক প্রাপ্তি ও অপ্রাপ্তির আলোচনায়। এই বিচারেও আমাদের স্বাধীনতার অর্জন ও প্রাপ্তির সংখ্যা অসীম। 

'বাংলাদেশ', 'বঙ্গবন্ধু', ও 'স্বাধীনতা' এ তিনটি শব্দের ব্যবহারিক অর্থ অভিন্ন। একাত্তরের আগে ও পরে একটি ছাড়া অপরটির অস্তিত্বও অকল্পনীয় ছিল। আমার আলোচনায় তাই এই তিনটি শব্দ একই অর্থে অনেকবার ব্যবহৃত হয়েছে।     

যুদ্ধশেষে একাত্তরের ষোলই ডিসেম্বরে স্বাধীনতালাভের সময় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে অচল, সরকারের বৈদেশিক মুদ্রার মজুদ ছিল শুন্য, ভারতে আশ্রয় নেওয়া এক কোটি শরণার্থীসহ পুরো দেশটিই ছিল লণ্ডভণ্ড, সরকারি-বেসরকারি অবকাঠামো পর্যুদস্ত, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে শিল্পকারখানাগুলো উৎপাদনহীন, সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ছিল অসংগঠিত। সমস্যা হিসেবে এর সাথে যোগ হয়েছিল লুকিয়ে থাকা অস্ত্রধারী আলবদর-রাজাকার ও স্বাধীনতার শত্রুদের উপস্থিতি, এবং লক্ষাধিক ভারতীয় সহায়ক সৈন্যের উপস্থিতি। পরাজয়ের মুখে চট্টগ্রাম ও চালনা বন্দরের জলসীমায় পাকিস্তানিরা অসংখ্য মাইন পুতে রেখেছিল। ফলে বিদেশ থেকে খাদ্য ও পণ্যসাহায্যবাহী জাহাজ আসতে পারছিল না।  

কিন্তু পাকিস্তানের কারামুক্ত হয়ে বাহাত্তরের ১০ জানুয়ারি দেশে ফিরেই অনেকটা অবিশ্বাস্য রকমের স্বল্পতম সময়ের মাঝে বঙ্গবন্ধু পাহাড়সম এইসব সমস্যার সমাধান করলেন। তার সমস্যা ও সাফল্যের বিস্তারিত বিবরণ দিতে গেলে এই লেখা কোনোদিনই ফুরোবে না। তাই স্বাধীনতার গুটিকয় প্রাপ্তি ও অর্জন মাত্র তুলে ধরছি।      

একাত্তরের যুদ্ধের সময়ে ও পরে দেশি-বিদেশি  সংবাদ মাধ্যমে সন্দেহ প্রকাশ করা হয়েছিল ভারতীয় বাহিনী কখনোই বাংলাদেশ ছেড়ে যাবে না, স্বাধীনতা লাভ করলেও দারিদ্র্যে জর্জরিত দেশটির হবে স্বল্পায়ু, এবং বাংলাদেশ অচিরেই ভারতের একটি করদ রাজ্য হয়ে বেঁচে থাকবে। সেইসব অনুমানকে মিথ্যা প্রমাণ করে বঙ্গবন্ধু বিজয়ের মাত্র তিন মাসের মাথায় লক্ষাধিক ভারতীয় সৈন্যকে শুধু ফেরতই ফেরত পাঠালেন না, দেশটিকে সসম্মানে বেঁচে থাকার ভবিষ্যতও নিশ্চিন্ত করলেন।

পাকিস্তানের প্রথম সংবিধান রচিত ও গৃহীত হয়েছিল স্বাধীনতার নয় বছর পর, যা কখনোই কার্যে রূপান্তরিত হতে পারেনি। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল স্বাধীনতার আড়াই বছর পর। গণচিনেরটি প্রণীত ও গৃহীত  হয়েছিল তিন বছর পর। সেই তুলনায় আইন মান্য করে দেশ শাসন করতে বাংলাদেশের সংবিধান রচিত ও গৃহীত হয়েছিল আমাদের স্বাধীনতার মাত্র এগারো মাস পর। এটি আমাদের অনন্য সাধারণ একটি উদাহরণ ও প্রাপ্তি! সম্ভব হয়েছিল আইনের প্রতি শ্রদ্ধাশীল বঙ্গবন্ধুর একাগ্রতার জন্য।

পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করা অবাঙালিকে ফিরিয়ে নিতে পাকিস্তান অস্বীকার করলো। অপর দিকে স্বাধীনতার মাত্র তিন বছরের মাথায় পাকিস্তানে আটকে পড়া এক লাখ ষাট হাজার (সংখ্যাটি ১ দশমিক ৬ থেকে ৫ লাখ বলে বিভিন্ন সূত্র উল্লেখ করেছে) সামরিক ও বেসামরিক বাঙালি চাকরিজীবী ও পরিবারের সদস্যকে দেশে ফিরিয়ে আনলেন। শুধু তাই নয় যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি কাঁধে নিয়েও তিনি এদের সবাইকে উপযুক্ত চাকুরিতে নিয়োগ-বহাল করলেন।

নিচের উদ্ধৃটি আমি অধ্যাপক এমাজউদ্দিন আহমদের ভূমিকা সহ মো. হাবিবুর রহমান খান রচিত এবং ১৯৯১ সালে প্রকাশিত 'বাংলাদেশের অভ্যুদয় ও শেখ মুজিব' গ্রন্থের ১৭৪ পৃষ্ঠা থেকে নিয়েছি।

১৯৭২-৭৩ সালের তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে ৬৫ লাখ ঘরবাড়ি অল্প সময়েই পুনর্নিমিত হল। মেরামত করা হল ৩০০ ভাঙা ব্রিজ। পরিষ্কার করা হলো বন্দর।  রেল চালু হল। বিমান উড়লো। বাস, ট্রাক, ট্যাকসি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানী শুরু হল। উৎপাদনের স্বার্থে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুব করা হলো। সংগে সংগে পাকিস্তানি আমলের বকেয়া প্রায় ৮০ কোটি টাকা ঋণ মওকুব করা হলো।  গরীব ও ভূমিহীন কৃষকদের মধ্যে ৭২ কোটি ৬৪ লক্ষ টাকা সাহায্য বিতরণ করা হয়। জমির মালিকানা ১০০ বিঘায় নামিয়ে আনা হয়। উদবৃত্ত ও খাস জমি গরীব ও ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হয়। খেতে খামারে উৎপাদনের জন্য প্রায় ৪০ হাজার পাওয়ার পাম্প, ১০ হাজার শ্যালো পাম্প এবং ৩ হাজার গভীর নলকূপ প্রদান করা হয়। কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ গৃহীত হয়। বিনামূল্যে কীটনাশক ঔষধ, স্বল্পমূল্যে সার, বীজ, সেচের যন্ত্রপাতি ইত্যাদি কৃষকদের মাঝে সরবরাহ করা হয়। জলমহল, বনমহল, ও হাট-বাজার ইত্যাদি ক্ষেত্রে শোষনমূলক যে ইজারাদারী প্রথা চালু ছিল তা বিলোপ করা হয়।

বঙ্গবন্ধু স্বাধীনতার পর মাত্র তিন বছর আট মাস বেঁচেছিলেন। দেশে চলছিল যুদ্ধে পরাজিত শত্রু এবং রাতারাতি সমাজতন্ত্র কায়েমে উত্যুৎসাহী যুবকদের সম্মিলিত ধ্বংসাত্মক কাজ। এদের সামাল দিয়ে এই অল্প সময়ের মাঝে যুদ্ধবিধ্বস্ত ও প্রায় নিঃস্ব, পৃথিবীর দরিদ্রতম দেশটির জন্য যে কোনো বিচারে তা ছিল অসামান্য অর্জন।  

***      

আমার বর্তমান বয়স সত্তর বছর, একাত্তরে ছিল কুড়ি। কাজেই পঞ্চাশ বছর আগের বাংলার অবস্থা জানতে বা বলতে আমাকে সবসময় বই পড়তে হয় না।

চার দশকের বেশি সময় ধরে বিদেশে বাস করছি বলে বাংলাদেশের অতীত ও বর্তমানের পার্থক্য আমার চোখে খুব স্পষ্টভাবে ধরা পড়ে। অন্যদিকে যারা ক্রমাগত বাংলাদেশে বাস করে আসছেন, তাদের চোখে সেই পার্থক্যগুলো এভাবে ধরা পড়ার কথা নয়। দুই-তিন বছর পর পর কয়েক সপ্তাহের জন্য যাওয়া হলে দেশটিকে আর আমার ফেলে আসা বাংলাদেশ মনে হয় না। তা বড় বড় শহরের কথাই বলুন, আর অজ পাড়াগাঁয়ের কথাই বলুন। 

খানা-খন্দকে ভরা শহরের নোংরা ও ভাঙা রাস্তা, ঠেলাগাড়ি, উদোম শরীর, এবং মিটমিটে আলো দেখে অভ্যস্ত চোখে যখন শহরের চকচকে রাস্তাঘাট, অসংখ্য যানবাহন, মানুষের পোষাক, সুউচ্চ ভবন এবং আলোর ঝলমলানি দেখি সেই বাংলাদেশকে আমি চিনতে পারি না। কিন্তু মনটি আনন্দে ভরে যায়। আবার ছোটকালে দেখা পরিচিত ও স্মৃতিকাতরতায় ভরা গ্রামের পাটখড়ি ও খড়ের ঘরবাড়ি খুঁজতে গিয়ে তেমন কিছুই চোখে পড়ে না। জরাজীর্ণ সেই বাড়িগুলো এখন রূপান্তরিত হয়েছে সিমেন্টের দালানে অথবা ন্যূনতম টিনের ঘরে। 

কাদায় ভরে থাকা সরু পায়েচলার পথগুলো এখন অনেক প্রশস্ত হয়ে সিমেন্ট-কংক্রিটে ঢাকা পড়েছে।  আগে শুধু একটিমাত্র জাহাজ অথবা রেলে ব্রাহ্মণবাড়িয়া থেকে খুলনার খালিশপুরে পৌঁছাতে আমার দুইদিন লেগেছে। এখন শুনতে পাই একাধিক পথে বাংলাদেশের সবচেয়ে দূরের শহরটিতেও পৌছানো যায় কয়েক ঘণ্টায়। যানজট কমাবার উদ্দেশ্যে পঁয়তাল্লিশ বছর আগে টোকিও, হংকং এবং ব্যাংককে মাথার ওপর দিয়ে চলে যাওয়া সুদৃশ্য উড়াল-সড়ক দেখে 'বাংলাদেশে কি কখনো এসব করা সম্ভব হবে' তেমন অলীক কল্পনা মাথায় আসতো। আজ শুধু ঢাকা শহরে নয়, আমার ছোট্ট ব্রাহ্মণবাড়িয়া শহরের ওপর দিয়েও তেমন সড়ক উড়ে যাচ্ছে।  একাত্তরে তিতাস নদীর এবরোথেবরো পার ধরে ১৮ মাইল হাঁটতে গিয়ে দুই পা-কে ক্ষতবিক্ষত করেছি। ব্রাহ্মণবাড়িয়ায় এখন সিমেন্ট বাঁধানো তিতাস পারটি সকাল-সন্ধ্যা ভ্রমণের উপযোগী হয়েছে। তেমনি আরো দেখেছি ময়মনসিংহে শীতলক্ষ্ণ্যা নদীর তীরে।

বর্তমানে ঢাকা, নারায়নগঞ্জ, খুলনা ও অন্যান্য শহরে দখল করা নদী ও খালের তীর উদ্ধার, পরিষ্কার, ও সংস্কার করে শহরের সৌন্দর্যবর্ধন ও নাগরিক বিনোদনের কাজ চলছে। দশ বছর আগেও যা অলীক কল্পনা ছিল, শিগগিরই লন্ডন, ওয়াশিংটন, বা টোকিওতে নদীতীরে নির্ভয়ে অবসর সময় কাটানোর মতো ঢাকায় বিনোদনের সময় কাটানোও  উপভোগ্য হবে বলে আশা করা যায়। 

২০০১ সালে যমুনার ওপর বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর শেখ হাসিনা সরকারের সবচেয়ে সাহসিকতাপূর্ণ ও জাতি হিসেবে গর্ব করার মতো একটি কাজ হচ্ছে ২০১৪ সালে পদ্মা সেতুর মতো বৃহৎ সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া। কাজটি শেষ হলে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতির একটি নতুন দুয়ার খুলে যাবে। বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যাংকের অন্যায় অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ শুরু করে আন্তর্জাতিক অঙ্গণে তিনি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশের মাথা শুধু উঁচুই করলেন না। বাঙালিরা নিজেরাই যে বিশাল কিছু করতে পারে সেই মনোবলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। আমার মতে বাঙালি জাতির প্রতি শেখ হাসিনার এটি একটি অনন্য সাধারণ দান বা উপহার। 

১৯৬৬ সালে স্কুলের মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া অন্নদা স্কুলে আমি যাতায়ত করতাম খালি পায়ে। স্কুল-পোশাক বলে আমাদের কিছু ছিল না। অনেকে লুঙ্গি পরেও ক্লাশে আসতো। একাত্তরেও সেই স্কুলের ছাত্রদের পায়ে জুতা বা স্যান্ডেল দেখেছি বলে মনে পড়ে না। ফলে বিভিন্ন জীবাণু-কীটের আক্রমণে আমাদের পায়ের গোড়ালি এবং নিচের দিকটি থাকতো পোকা-খাওয়া বা মৌমাছির চাকের মতো এবড়োথেবড়ো। স্মরণ করিয়ে দিচ্ছি সেই সময়ে আমার স্কুলটি দেশের একটি শ্রেষ্ঠ স্কুল বলে পরিচিত ছিল। আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুলেও একই রং ও নমুনার স্কুল-পোশাক ও জুতা পরা ছাত্রছাত্রীদের কলকাকলী প্রাণে এক আনন্দ-হিল্লোলের সৃষ্টি করে।

পঞ্চাশ বছর আগে বিদেশ থেকে আমদানি করেও বাংলাদেশের সবার পেটে দুই বেলা খাবার জুটতো না। ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে প্রতি বছরের কয়েকটি মাসে খাদ্যাভাব দেখা দিতো। স্থানীয় ভাষায় অবস্থাটিকে বলা হতো 'কাত লাগছে'। এ সময়ে গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষের পেটে এক বেলাও ভালোমতো খাবার জুটতো না। সেই পাকিস্তান আমল থেকেই বঙ্গবন্ধুর অনেক বক্তৃতার মূলকথা ছিল 'আমি চাই আমার দেশবাসী দুইবেলা পেটপুরে খেতে পাক'।

মধ্যপ্রাচ্যে তেল জাতীয়করণে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং আন্তর্জাতিক চক্রান্তের ফলে চুয়াত্তরের দুর্ভিক্ষকে মোকাবেলা করতে বঙ্গবন্ধু কৃষি বিপ্লবের আহ্বান জানিয়ে নির্দেশ দিয়েছিলেন প্রতিটি অনাবাদী জমিতে চাষ করতে।  সুফলটি তিনি দেখে যেতে পারেন নি। সুফল ও প্রশংসাটি কুড়িয়েছিলেন তাকে হত্যা করে বসা পরবর্তী শাসকরা। কিন্তু তার সুযোগ্য কন্যা ১৯৯৬ সালে এবং ২০০৯ সালে ক্ষমতায় এসেই বিশ্বব্যাংক এবং দাতাগোষ্ঠীর পরামর্শকে অগ্রাহ্য করলেন। কৃষিঋণ বাড়ানো এবং কৃষিকাজে ভর্তুকি দিয়ে সারের দাম এক পঞ্চমাংশের নিচে নামিয়ে কৃষি উৎপাদনকে উৎসাহিত করলেন। ফলে বাংলাদেশে আজ কেউ অভুক্ত নেই। ধান চাউল উৎপাদনের পাশাপাশি দুধ, সবজি, মাছ-মাংস, এবং অন্যান্য পুষ্টিসমৃদ্ধ ফলের ফলন বেড়েছে। দুইবেলা আহারের ব্যবস্থা করার বঙ্গবন্ধুর ইচ্ছাটি পূরণ হয়ে মানুষ এখন তিন চার বেলা পেটপুরে খেতে পারছে। একজন দিনমজুরের একদিনের আয়েই তা সম্ভব হচ্ছে। অধিক খাবার ফলে 'মোটা হয়ে যাওয়া' বা ওবেসিটির মত  উন্নত বিশ্বের সমস্যাটি এখন বাংলাদেশে বাসা বানাচ্ছে। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ঢাকার কোনো সিনেমায় নায়ক-নায়িকা ও অভিনেতার চেহারা ও স্বাস্থ্য দেখলে আজ তাদের  পুষ্টিহীন ও অনাহারক্লিষ্ট মনে হয়। 

পঞ্চাশ বছর আগে শিশুশ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত সবাইকে বেতন দিয়ে এবং বই কিনে পড়াশোনা করতে হতো। সমাজের ক্ষুদ্র একটি অংশই শিক্ষার এই ব্যয় বহন করতে পারতো। আর যারা পারতো, সব বই কেনার সামর্থ্য তাদের থাকতো না। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময়ও সব পাঠ্যবই আমার ছিল না, বন্ধুদের থেকে ধার নিয়ে পড়েছি। আজ বাংলাদেশের প্রতিটি শিশুকে সরকারি খরচে স্কুলে যেতে হচ্ছে। এর সাথে যোগ হয়েছে সবচেয়ে আশ্চর্য ও প্রশংসনীয় একটি কাজ। সরকার প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রতিটি পাঠ্যবই বিনা মূল্যে পৌঁছে দিচ্ছে স্কুলগুলোতে শিক্ষা-বছরের প্রথম দিনটিতে। এ বছর সেই বইয়ের সংখ্যা ছিল চৌত্রিশ কোটি! প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এককভাবে এ প্রশংসার দাবিদার। পৃথিবীর আর কয়টি দেশ এই দূরদর্শিতা ও পারদর্শিতা দেখাচ্ছে তা আমার জানা নেই। কিন্তু খোদ আমেরিকার সব স্কুলেই সব বই সময়মতো পৌঁছায় না, তা জানি। ২০১৩ সালে একসাথে ৬ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয় এবং সোয়া লাখ শিক্ষকের চাকরিকে সরকারীকরণ করে শিক্ষাকে আরও সার্বজনীন করা হয়েছে। ১৯৭০ সালে ২৫ শতাংশ, এবং ২০০৭ সালে ৪৭ শতাংশ ছিল শিক্ষিত জনগোষ্ঠী। এর তুলনায় বাংলাদেশের জনগোষ্ঠী আজ ৭৫ শতাংশ শিক্ষিত। আজ শতকরা ৯৮ ভাগ শিশু প্রাথমিক স্কুলের শিক্ষা সমাপ্ত করছে। এর চেয়ে আরো বেশি অর্জন হলো আজ মাধ্যমিক স্কুলে ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেশি! শিক্ষিত এই মেয়েরাই বাংলাদেশের উন্নতির চাবিকাঠি হয়ে উদিত হয়েছে। 

স্বাধীনতার পরপর বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করতো। দারিদ্র্য কমতে কমতে আজ তা ১৭ শতাংশের নিচে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশের আড়াই কোটি লোক, যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ, দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সফলতাকে সামনে এনে প্রেসিডেন্ট বাইডেনের অর্থনৈতিক পরিকল্পনাকে উৎসাহিত করে ২০২১ সালের ১০ মার্চ নিউ ইয়র্ক টাইমস-এ এক প্রতিবেদন লিখেছেন পুলিৎজার পুরস্কার-প্রাপ্ত সাংবাদিক নিকোলাস ক্রিস্টোফ।

আশির দশকে আমার জাপানে অবস্থানের সময় বাংলাদেশে দারিদ্র্যের সাথে জড়িত জন্মাহারের উর্ধ্বগতির সমালোচনা করতে গিয়ে হাস্যোচ্ছ্বলে ব্রাজিলের এক বন্ধু বলেছিল, "তোমাদের দেশ এতো অন্ধকার কেন? রাতে বাতি জ্বালিয়ে রাখতে পার না?" তখন উত্তর কী দিয়েছিলাম মনে নেই, তবে আমার জীবদ্দশায় গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে তেমন কল্পনা করা ছিল নিতান্ত বোকার কাজ।

একাত্তরে তৎকালীন পূর্ব পাকিস্তানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ১ দশমিক ৮ হাজার মেগাওয়াট। স্বাধীনতার পর দুই যুগ ধরে শ্লথ গতিতে বিদ্যুৎ উৎপাদন কিছুটা বেড়ে ১৯৯৫ সাল নাগাদ ২ হাজার মেগাওয়াটের সক্ষমতা হয়েছিল ঠিকই কিন্তু তার ভোক্তা ছিল মোট জনসংখ্যার ৮ শতাংশ মাত্র! আমরা লক্ষ্য করলাম ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেই শেখ হাসিনা সরকার জাপানের সহায়তায় পরবর্তী পঞ্চাশ বছরে বাংলাদেশের বিদ্যুতের চাহিদার পরিমাণ নির্ণয় করে দ্রুততম সময়ে তা সমাধানে নেমে পড়লো। সরকারি প্রণোদনায় এই দ্রুততার উদাহরণ টেনে রয়টারের সংবাদ অনুযায়ী, বাংলাদেশ বিশ্বে 'সূর্যরশ্মি-জাতি' বা 'সোলার ন্যাশন' হয়ে যাওয়ার কথা আজ থেকে ছয় বছর আগেই। এর বাইরে কুইক রেন্টাল' নামে বেশ কয়টি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরু হবার সাথে সাথে বিরোধীদলের 'অর্থের অপচয় হচ্ছে' পিছুটানার অভিযোগকে আমলে না নিয়ে সরকার স্বীয় উদ্দেশ্যে অটল থাকলো। ফলে আজ একুশ হাজার মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা নিয়ে বাংলাদেশ গ্রামে তো বটেই, জনসংখ্যার ৯৯ ভাগকে বিদ্যুৎ শক্তির সুফল পৌঁছে দিচ্ছে। ফলে কৃষি, সেচ, শিল্প-কারখানা ও বাণিজ্যে উৎপাদন বাড়িয়ে শুধু দারিদ্র্য দূরিকরণই হচ্ছে না, অন্ধকারকে বিদায় জানিয়ে, জনসংখ্যাকে নিয়ন্ত্রণে এনে, জাতিকে আলোর পথে পরিচালিত করছে।                  

অনুন্নত দেশের স্বাস্থ্যসেবায় বাংলাদেশের সাফল্য আমেরিকার স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা সংস্থাগুলো উদাহরণ হিসেবে তুলে ধরে। ২০১৪ সালে বিখ্যাত সাইন্টিফিক আমেরিকান ম্যাগাজিনের বিশেষ একটি সংখ্যার পুরো দুইটি নিবন্ধই লেখা হয়েছে বাংলাদেশের প্রশংসা করে। প্রয়োজনীয় ওষুধের ৯৭ ভাগ দেশেই প্রস্তুত ও স্বল্পমূল্যে সরবরাহ করে বলেও তাতে স্বীকার করা হয়। গ্রামে ও ইউনিয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও লোকজন স্বাস্থ্যসেবা পাচ্ছে। ১৯৭১ সালে আমাদের গড় আয়ু ৪৭ বৎসর থেকে বেড়ে এখন ৭২ বছরে দাঁড়িয়েছে, যা যুক্তরাষ্ট্রের কোনো কোনো রাজ্যের গড় আয়ু থেকেও বেশি! তথ্যটি আমার নয়, নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিকতম প্রতিবেদনের। 

ডিজিটাল বাংলাদেশ গড়ার সরকারি প্রকল্পটি কয়েকটি তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী সুফল বয়ে আনছে। দৃশ্যমান সবচেয়ে বড় সুফলটি হচ্ছে প্রতিমাসে কোনো ঘুষ দেওয়া এবং সময় ব্যয় না করেই বৈদ্যুতিক, পানি, টেলিফোন ও গ্যাসের বিল পরিশোধ করতে পারা। দ্বিতীয় সুফলটি হচ্ছে, ছিনতাই হয়ে যাওয়া ঠেকিয়ে প্রতিমাসের একটি নির্দিষ্ট দিনে দেশের সব শিক্ষক ও সরকারী কর্মচারীদের বেতন ঠিক ঠিক ব্যাংক-হিসাবে পৌঁছে যাওয়া। মার্চের ১৬ তারিখ সংবাদে দেখলাম দেশের পোশাক-নির্মাণ শ্রমিকদের বেতনও এভাবে দেওয়ার চিন্তা ভাবনা শুরু হয়েছে।  এভাবে রোধ হয়েছে টেন্ডারবাজির নিয়মিত হত্যাকাণ্ড, বিদেশে চাকরিপ্রার্থীদের ভোগান্তি, এবং ব্যবসা ও ব্যক্তিগত টাকা পয়সা লেনদেনের ঝামেলা। সুদূরপ্রসারী লাভ হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাস করেও আমাদের যুবসমাজ পৃথিবীর যে কোনো দেশে শিক্ষালাভ করতে পারছে, নিত্য নতুন ব্যাবসা খুলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে, এবং প্রতিযোগিতামূলক চাকরিও খুঁজতে পারছে। সবশেষ উদাহরণ হিসেবে ধনী-দরিদ্র ও প্রভাবশালী-নিরীহ বিবেচনায় না নিয়ে যে কোনো সামাজিক অবস্থানের লোকই 'আগে আসিলে আগে পাইবেন' নীতিতে করোনার টিকা নিতে পারছেন। ডিজিটাল প্রযুক্তির আওতাধীন অন্তর্জাল বা ইন্টারনেট প্রযুক্তি আমাদের জীবনকে যে কতো দ্রুতগতিতে বদলে দেবে তা আমাদের অনুমানেরও বাইরে। কাজেই আগেভাগেই দেশের জনগণের মাঝে এই প্রযুক্তিটি সুলভ করে দিয়ে সরকার তার দূরদৃষ্টিরই পরিচয় দিচ্ছে।  

আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পরিচয় আর মেরুদণ্ডহীন বা 'তলাবিহীন ঝুড়ি' নয়। দুই দশক পর্যন্ত জিঁইয়ে রাখা রক্তক্ষয়ী ঘটনার অবসান ঘটাতে ১৯৯৭ সালে অশান্ত আদিবাসীদের সাথে শান্তিচুক্তি করে পর্বত্য চট্টগ্রামে শান্তি আনা হয়েছে। প্রকাশ্য আদালতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে একদিকে দেশটি যেমন গ্লাণিমুক্ত হলো, অন্যদিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে বিদেশের কাছে বাংলাদেশের পরিচিতিকে তুলে ধরা হয়েছে। মিয়ানমার ও প্রভাবশালী প্রতিবেশী ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে দীর্ঘ লড়াইয়ের পর বঙ্গোপসাগরের বিশাল সীমানা আমাদের ভাগে আনতে পেরেছি। ভারত ও চিন বহুযুগ থেকে শত্রু হলেও দুইটি দেশের সাথেই বাংলাদেশ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কারিগরি চুক্তি করে লাভবান হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলোর অন্যায় আবদার ও দাবি অগ্রাহ্য করেই তাদের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে পেরেছে। এসবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক বিচক্ষণতারই পরিচয় বহন করে। বঙ্গবন্ধু উপগ্রহ উপরে পাঠিয়ে মহাকাশে আমাদের উপস্থিতি নিশ্চিত করেছি। বিশ্বব্যাংক আনীত দুর্নীতির অভিযোগের প্রমাণ না পাওয়ায় কানাডার আদালতের সিদ্ধান্ত এবং আমাদের সরকারের কঠোর অবস্থানের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মুখউজ্জ্বল হয়েছে। নিজস্ব অর্থায়নে প্রায় শেষ হতে যাওয়া বিশাল পদ্মাসেতু নির্মানের কাজ হাতে নিয়ে স্বল্পোন্নত দেশের জন্য বাংলাদেশ একটি অনন্য উদাহরণ হয়েছে। মিয়ানমার থেকে আগত ১১ লাখ শরণার্থীকে আশ্রয়, ও খাদ্যের ব্যবস্থা করে বাংলাদেশ বিশ্বে মানবতাবাদী দেশ হিসেবে সুনাম কুড়িয়েছে। সর্বোপরি জাতিসঙ্ঘের বিবেচনায় দেশটি এখন আর হতদরিদ্র বা স্বল্পোন্নত নয়, আমরা এখন উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছি।               

এইরকম আরো অসংখ্য বিবেচনায় দেশটিকে কোনমতেই আর পঞ্চাশ বছর আগেকার আমার দেখা বাংলাদেশের ফ্রেমে বসাতে পারি না। বিগত এক যুগ থেকে যে দূর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, দূরদৃষ্টি, কূটনৈতিক জ্ঞান, সাহস এবং নেতৃত্বকে আরো সুযোগ দেওয়া উচিৎ। 

পঞ্চাশ বছরে আমাদের অপ্রাপ্তির সংখ্যা কম হলেও গুরুত্ব কম নয়। 'রাষ্ট্রভাষা বাংলা চাই' আন্দোলনে ১৯৫২ সালের ফেব্রুয়ারির মর্মান্তিক প্রাণহানীকে সূতিকাগার মেনে নিয়ে ১৯৭১ সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদশের অভ্যুদয়ের পঞ্চাশটি বছর পেরিয়ে গেছে। অথচ আজও রাষ্ট্রীয় পর্যায়ে বাংলা ভাষার প্রচলন হয়নি। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধুর নির্দেশে শিক্ষার মাধ্যম হিসেবে এবং সরকারি অফিস আদালতে বাংলা প্রচলনের কাজ শুরু হয়েছিল। আমাদের সংবিধানটিও প্রণীত হয়েছিল বাংলায়। কিন্তু দেশে আজ বাংলা ভাষার দৈন্যতা দেখলে প্রাণে বড় ব্যথা পাই। 

এখনো ইংরেজি, উর্দু বা হিন্দিতে উদ্ধৃতি ছাড়া শুদ্ধ বাঙলায় আমরা কথা বলতে পারি না বা চাই না! খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়েই শুধু বাংলা ভাষাভাষীদের উপস্থিতির সেমিনার ইংরেজিতে পরিচালিত হয়! এখনো কোর্ট কাছারিতে দাপ্তরিক প্রতিবেদন লেখা হয় ইংরেজিতে! উচ্চশিক্ষায় এখনো বাঙলায় পাঠ্যবই রচনা এবং বাঙলায় শিক্ষাদান চালু করতে পারিনি! 

অনেকের ধারণা আধুনিক বিশ্বে মাথা উঁচু করে চলতে গেলে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া গত্যান্তর নেই। তারা ব্যয়বহুল শিশুশ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইংরেজি মাধ্যমে শিক্ষাদান চালু করেছেন। শুধু তাই নয়, সরকারি আইনেই একই স্কুলে বাঙলার পাশাপাশি পৃথক ও একাধিক ইংরেজি-মাধ্যমে শিক্ষাদান চালু করা হয়েছে আমাদের স্বাধীন দেশে, যা পরাধীন অবস্থায়ও ছিল বলে আমার মনে পড়ে না। ফলে একটি মুষ্টিময় শ্রেণি লাভবান হয়ে হয়ে দেশের মাথাপিছু আয় বাড়ালেও বৃহত্তর জনগোষ্ঠীর সাথে সর্বক্ষেত্রে নিজেদের বৈষম্য বাড়িয়ে চলেছেন। মাতৃভাষা ও স্বাধীনতার জন্য আত্মদানকারী একটি জাতির জন্য তা কখনো কাম্য হওয়া উচিৎ নয়। দেশের সবাইকে আপনি যেমন ইংরেজ বানাতে পারবেন না, মাতৃভাষার বাইরে অন্য কোনো ভাষাতেই তাদের সবকিছু ভালোমতো বোঝাতেও পারবেন না। তেমন চেষ্টার ফলে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষাটি হচ্ছে নিম্নমানের, আংশিক ও ভুল! 

অনেকের যুক্তি, প্রতিবেশি দেশ ভারতে ইংরেজির বহুল প্রচলনের ফলেই সেদেশের অধিবাসীরা পাশ্চাত্যে ভালো চাকরি ও ব্যবসা করে অধিক উপার্জন করতে পারছে। কিছুটা সত্যি হলেও ভেবে দেখুন ইংরেজ থেকে স্বাধীনতা লাভের ৭৩ বছর কেটে গেলেও দেশটি কি আজও চরম দারিদ্র্য ও অশিক্ষা থেকে উঠে আসতে পেরেছে?  বিজাতীয় ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে গ্রহণ করেও সোয়া শ' বছর থেকে স্বাধীনতা ভোগকারী ফিলিপিনস কি আজও উন্নত বিশ্বের তালিকায় স্থান পেয়েছে? 

বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে বিদেশি ভাষা শিখতে হবে তাতে কোনো দ্বিমত নেই, কিন্তু তা হতে হবে নিজের ভাষাতে সবকিছু বলতে ও লিখতে পারার পরই। পৃথিবীর সর্বোন্নত দেশগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন। প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই উন্নত ফ্রান্স, জার্মানি, ইটালি, বা সুইজারল্যান্ডের পথেঘাটে হন্য হয়ে খুজলেও কয়টি ইংরেজি জানা লোককে আপনি দেখতে পান? এশিয়ায় জাপানের কথা বাদ দিলাম, আমাদের চোখের সামনে অত্যন্ত দরিদ্র অবস্থা থেকে মাথা উঁচু করে দাঁড়ানো চীন এবং দক্ষিণ কোরিয়ার কয়টি লোক ইংরেজিতে লিখতে বা বলতে পারে? এই দেশ দুটির আধুনিক যাত্রা মাত্র চল্লিশ-পঞ্চাশ বছর আগে থেকে শুরু। বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি হতে যাওয়া ছাড়াও সর্বস্তরে মাতৃভাষার প্রচলন করে এই দুটি দেশ শিক্ষা, বিজ্ঞান, সঙ্গীত, নৃত্যকলা ও সিনেমায় পৃথিবীতে কোন দিকে পিছিয়ে আছে?  

ইউরোপীয় দেশগুলো এবং চিন, জাপান ও কোরিয়ার মতো আমরা প্রথম থেকেই যদি শিক্ষার মাধ্যম এবং সর্বস্তরে মাতৃভাষার প্রচলন করতে পারতাম, ধারণা করি তাহলে আজ আমরা বিশ্বের একটি উন্নত জাতির কাতারে থাকতাম।  

বিগত পঞ্চাশ বছরে আমাদের আরেকটি অপ্রাপ্তি হচ্ছে সংবিধানে ধর্মনিরপেক্ষতা-র ব্যাপারটি উপেক্ষিত থাকা। দেশটির জন্মই হয়েছিল ধর্মনিরপেক্ষতার স্লোগান মাথায় রেখে। এখন রাষ্ট্রধর্ম ইসলাম করার ফলে আমরা একদিকে যেমন ধর্মান্ধতার দিকে ঝুঁকে পড়ছি, অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ও সম্পূর্ণ নিরাপদ বোধ করে না। হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টানদের সংখ্যা নগণ্য হলেও মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাতের কথাই শোনা যায় বেশি। ফলে সাম্প্রদায়িক অত্যাচারের শিকারও অবধারিতভাবে সংখ্যালঘুরাই হয়ে থাকে। 

পৃথিবীতে পাকিস্তান, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত, মাত্র চারটি দেশের সংবিধান ও শাসনতন্ত্র ইসলাম-ভিত্তিক। এদের বাইরে বাংলাদেশের মতো আরো ১৩টি দেশ একটি বিশেষ ধর্মকে তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম বলে জানান দেয়। পাকিস্তান ছাড়া প্রথমোক্ত তিনটি এবং ইসলাম ধর্মের উৎপত্তিস্থল সৌদি-আরব তেলসমৃদ্ধ হওয়ায় জনগণের ভাগ্যোন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের মতো কঠোর পরিশ্রম করতে হয় না। তদুপরি শতশত বছর থেকে সেই দেশগুলোর জনসংখ্যার প্রায় ৯৯ শতাংশই মুসলমান। 

বাংলাদেশের অবস্থাটি এদের থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রায় এক হাজার বছর ধরে এই ভুখণ্ডে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমরা একই শাসনাধীন পাশাপাশি বসবাস করে আসছিল। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির ফলে একুশ বছরের জন্য এর ছেদ পড়েছিল। দীর্ঘ কুড়ি বছর পাকিস্তানি শাসনে থেকে আমরা বুঝতে পেরেছিলাম ধর্মভিত্তিক রাষ্ট্র বাঙালির কোনো কল্যাণ বয়ে আনেনি, ধর্মের দোহাই দিয়ে বরং আমরা শোষণ ও বঞ্চনারই শিকার হয়েছিলাম। তাই আমাদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়েছিলো। মুক্তিযুদ্ধের সময় বাঙালি মুসলমানের তুলনায় বাঙালি নিরীহ হিন্দুরা বেশি নির্জাতিত ও প্রাণদান সত্ত্যেও অনেক হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার পর দেশ পুনর্গঠনেও অবদান রেখেছে ও রাখছে। বাংলাদেশের বর্তমান জনসংখ্যার প্রায় ১০% অমুসলমান।

আমাদের জাতীয় চারটি মূলমন্ত্রের একটি 'ধর্মনিরপেক্ষতা'র স্থলে রাষ্ট্রধর্ম হিসেবে এখন ইসলামকে স্বীকৃতি দেবার ফলে আমরা শুধু স্বাধীনতাযুদ্ধের সময় আমদের অঙ্গীকারকেই অস্বীকার করলাম না। দেড় থেকে আড়াই কোটি অমুসলমান বাঙালির ধর্মকে খাটো করে দেখছি। তাদের স্বার্থ রক্ষা করতে সরকারি বিভিন্ন পদক্ষেপ থাকলেও দেশটির স্বীকৃত পরিচয় একটি বিশেষ  ধর্ম হওয়াতে স্বাভাবিক ভাবেই সংখ্যাঘুরা নিরাপত্তাহীনতায় ভোগে।  তাতে দেশ গঠনে ও রাষ্ট্রের উন্নতিতে তাঁদের সহযোগিতায়ও ভাটা পড়ার কথা। আর সময়ে সময়ে সংখ্যালঘুদের অত্যাচারের ঘটনা তো ঘটেই চলেছে। ফলে কাঙ্ক্ষিত উন্নয়নও ব্যাহত হচ্ছে। 

তা ছাড়া ইসলামকে রাষ্ট্রধর্ম বানিয়ে আমরা ইসলাম ধর্মের যেমন সেবা করছি না, মুসলিমদেরও সেবা করছি না। রাষ্ট্রেরও কোনো লাভ হচ্ছে না। বরং সেই সুযোগে কিছু সুযোগ করে দিচ্ছি দেশটিকে ধর্মান্ধতার দিকে ঠেলে দিতে, যা ধর্ম ও মানুষ সবার জন্যই ক্ষতিকর।  

অপ্রাপ্তির খাতার অন্যান্য দিকগুলো পরবর্তী অধ্যায়ে আলোচনা করেছি।

অপ্রাপ্তি ও আমার অবস্থান

আগে যেমন বলেছি, একসময় নৈরাশ্যবাদে ভুগলেও এখন আমি আশাবাদী। অর্ধেক খালি গ্লাসটি আমার চোখে পড়ে না, চোখে পড়ে অর্ধেক ভরা গ্লাসটি। অনেকে প্রশ্ন করেন বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের অভাব, উত্তরোত্তর বেড়ে চলা বিদেশে অর্থপাচার, শিশু ও নারী ধর্ষণ, পুলিশ ও র‍্যাবের হেফাজতে থাকা কয়েদীর মৃত্যু, সাংবাদিকের নির্যাতনের সংবাদ দেখেও কি বলবেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে?

আমার উত্তর হচ্ছে- সর্বকালে ও সর্বযুগে একজন সুস্থ চিন্তার মানুষের মতো এর সবগুলোকেই আমি নিন্দা ও ঘৃণা করি। কিন্তু ১৯৭২ থেকে ১৯৭৫ এবং এর পরবর্তী দুইটি যুগের ঘটনাবলীর বিশ্লেষণ করে আমার একটি আত্মোপলব্ধি হয়েছে। কোনো জঘন্যতম অপরাধের প্রতিকার চেয়ে আমার প্রতিবাদ যদি বৃহত্তর কল্যাণে নিয়োজিত রাষ্ট্রকে লক্ষ্যভ্রষ্ট করতে সাহায্য করে, তবে আমাকে বহুবার ভেবে দেখতে হবে। ব্যাপারটি ব্যাখ্যা করে বলছি।

পাকিস্তানি বৈমাত্রেয় শাসন ও শোষণ থেকে মুক্তি পেতে আমরা স্বাধীনতা চেয়েছিলাম একজন ব্যক্তির আহ্বানে ও নেতৃত্বে। ভেবেছিলাম- স্বাধীনতা পেলেই দুধের পেয়ালাটি আপনিতেই আমার মুখে চলে আসবে; সরকারী কর্মকর্তারা পদ-পদবী ভুলে নিজেদের জনসেবায় নিয়োজিত করবে; খাদ্যদ্রব্য এবং জিনিসপত্রের দাম কমে যাবে; চোরেরা চৌর্যবৃত্তি-ডাকাতি ছেড়ে লোকজন সাধু হয়ে যাবে; দেশে বেকারত্ব থাকবে না; ব্যক্তি স্বাধীনতা নিশ্চিন্ত করে যে যা খুশি তাই করতে ও বলতে পারবে; রাজনীতিবিদ, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাধারণ মানুষ সংবাদপত্রে যা খুশি তাই লিখতে পারবে; অর্থাৎ আমরা পরম সুখে দিন কাটাবো। 

আমরা কল্পনাও করতে পারলাম না যে জাতি গঠনের কাজ স্বাধীনতা যুদ্ধের চেয়েও ঢের বেশি কঠিন! চিন্তা করলাম না যে আমাদের আমলাদের একটি স্বাধীন দেশ চালানোর মতো অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতা অর্জন করতে সময়ের প্রয়োজন। আমরা চিন্তা করলাম না যে, দেশের নব্বই ভাগ সেতু ও কালভার্ট যুদ্ধে ধ্বংস হয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে গেছে। অকেজো হয়ে গেছে সবেধন নীলমণি গুটিকয় শিল্প কারখানা। আমরা চিন্তা করলাম না যে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির প্রায় সবকিছু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। অথচ বাংলাদেশ ব্যাংকে একাত্তরের ১৬ই ডিসেম্বরে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল শুন্য। আমরা চিন্তা করলাম না যে মধ্যপ্রাচ্যে তেল সম্পদ জাতীয়করণের ফলে যেখানে খোদ আমেরিকায় গ্যাস-স্টেশনে গাড়ির লাইন মাইলের পর মাইল লম্বা হয়ে গেছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়ে তার প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। আমলে নিলাম না যে এইসব সমস্যার সমাধান রাতারাতি হয় না। চাইলাম, স্বাধীনতার সুফল আমাদের এক্ষণেই চাই। না হলে সরকারের রক্ষা নাই। 

ফলে বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো বাঙালির স্বাধীনতার মতো বিশাল অর্জনকে বিন্দুমাত্র অভিনন্দন না জানিয়ে একাত্তরের ডিসেম্বরেই এনায়েতুল্লাহ খান নামের বুদ্ধিজীবী ইংরেজি সাপ্তাহিক হলিডে পত্রিকায় শুরু করলেন শিশু রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে বিষোদ্গার। বাহাত্তরের ফেব্রুয়ারিতে স্বাধীনতার কিছু শত্রুকে সাথে নিয়ে মওলানা ভাসানী 'হক কথা' পত্রিকার মাধ্যমে সত্যমিথ্যা সংবাদ প্রচার করে সাধারণ মানুষের মাঝে সরকার বিরোধী মনোভাব ছড়িয়ে দিতে তৎপর হলেন। আর 'বৈজ্ঞানিক সমাজতন্ত্র' নামে রাতারাতি এক অলীক সম্ভাবনার দাবি তুলে যুব সমাজকে বিভ্রান্ত করে নবগঠিত জাসদ দেশকে এক চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিতে তৎপর হলো। একুশ বছরের বিরোধী-রাজনীতি দেখে অভ্যস্ত বাংগালি শিক্ষিত ও  বুদ্ধিজীবীদের এক বিরাট অংশ তাতে ইন্ধন জোগালেন। 

বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বঙ্গবন্ধু ও তার সরকার সব দেখতে পেয়েও তাদের বাঁধা দিলেন না। অথচ এতো বৈরিতার মাঝেও ভারত, পাকিস্তান, এবং চীন থেকেও অত্যন্ত দ্রুততায়, স্বাধীনতার মাত্র এগারো মাসের মাথায়, দেশ শাসনের রক্ষাকবজ সংবিধানটি উপহার দিলেন। বাংলার মাটি থেকে এক লাখেরও বেশি ভারতীয় সৈন্যকে তাদের দেশে ফেরত পাঠালেন। পাকিস্তানে আটকে পড়া পাঁচ লাখ বাঙালি সৈন্য ও চাকরিজীবীকে ফিরিয়ে এনে তাদের চাকরির ব্যবস্থা করলেন। ধ্বংসপ্রাপ্ত প্রায় সব সেতু-কালভার্টকে মেরামত করিয়ে যোগাযোগ ব্যবস্থাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে গেলেন। ধনী দরিদ্রের বৈষম্য কমাতে জমির মালিকানা একশ বিঘার মাঝে সীমাবদ্ধ করলেন, এবং তখনকার জনপ্রিয় দাবি অনুযায়ী বড় বড় শিল্প কারখানা রাষ্ট্রায়ত্ত করলেন। বন্যা ও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ফলে সৃষ্ট চুয়াত্তরের দুর্ভিক্ষকে মোকাবেলা করতে কৃষী-বিপ্লবের ডাক ও প্রয়োগের ব্যবস্থা করলেন। 

চোখের সামনে ঘটতে থাকা সেসব বিশাল অর্জনকে আমরা মোটেও গুরুত্ব দিলাম না। গুরুত্ব দিলাম কোন মন্ত্রী কী চটুল কথা বলেছেন, কোথায় কোন ডাকাত বা সর্বহারা পুলিশের সাথে যুদ্ধে মারা গেছে, বাজারে জিনিসপত্র কেন পাওয়া যাচ্ছে না, কোথায় পান থেকে একটু চুন খসে পড়লো, ইত্যাদিকে। স্বাধীন হয়ে গেছি মনোভাব নিয়ে আমরা পুলিশের ফাঁড়ি, সরকারি গুদাম আক্রমণ করলাম, বৈদেশিক মুদ্রা অর্জনকারী একমাত্র সম্পদ পাটের গুদামে গুনে গুনে একের পর এক আগুন লাগিয়ে ধ্বংস করলাম। আর এর সবকিছুর জন্য সরকারকে দায়ী করে ক্ষমতাসীন দলের প্রায় দুই ডজন নির্বাচিত প্রতিনিধিকে হত্যা করে করে শেষ পর্যন্ত জাতির পিতাকে সপরিবারে হত্যা করলাম। 

এরপর  কেটে গেল দীর্ঘ দুই যুগের বেশি সময়। মুক্তিযোদ্ধাদের কখনো পাশ কাটিয়ে কখনো হত্যা করে, স্বাধীনতার শত্রুদের পুনর্বাসিত করে মন্ত্রীর আসনে বসালাম। যে ধর্মনিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে দেশটি স্বাধীন করেছিলাম, সংবিধান থেকে তা বাদ দিয়ে দেশটিকে ধর্মান্ধ ইসলামের দিকে ঠেলে দিলাম। আইন করে আত্মস্বীকৃত রাষ্ট্রীয় খুনীদের সাধু ও নেতা বানালাম। রাষ্ট্রায়ত্ব সম্পদকে কিছু সুবিধাভোগীর হাতে অর্পন করে ধনী দরিদ্রের বৈষম্য বাড়ালাম। এক কথায়, যে বিশ্ব-ধিকৃত পাকিস্তানি শাসন ও সমাজ ব্যবস্থা থেকে মুক্তি পেতে একাত্তরে লক্ষ প্রাণের বিসর্জন দিয়েছিলাম, তাকে অস্বীকার করে আবার সেই পাকিস্তানকেই আমাদের একান্ত দোসর মানলাম। 

হ্যাঁ-না ভোটের এবং দলীয় আনুকুল্যের তথাকথিত সেই 'আদর্শ গণতন্ত্রের' সময়ে বন্ধ ছিল না সুবিধাভোগী গোষ্ঠী সৃষ্টি করা, পুলিশ ও র‍্যাবের অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, আইন-ভাঙা, শ্রমিক-ঠকানো ও নির্যাতন, এবং বিদেশে অর্থ পাচারের উত্তরোত্তর বৃদ্ধি। এই সময়ে রাতের আধারে পাতি নেতা, তস্য নেতা, হজমি বিক্রেতা, তাবিজ বিক্রেতা, ও আত্মস্বীকৃত খুনিদের হাতে টাকা ধরিয়ে দিয়ে নিত্য নতুন রাজনৈতিক দল গঠন করিয়ে, রাষ্ট্র-যন্ত্র কাজে লাগিয়ে প্রয়োজনে তাদের জিতিয়ে 'বহুদলীয় গণতন্ত্র' প্রতিষ্ঠাও বিশ্ব প্রত্যক্ষ করলো।  

দীর্ঘ দুই যুগের সেই সময়কালে শম্বুকের চেয়েও স্লথ গতিতে গুটিকয় লোকের কিছুটা অর্থনৈতিক অগ্রগতি ঘটলেও একটি স্বাধীন দেশের জনসাধারণের ভাগ্যের ক্ষেত্রে যা হওয়া উচিৎ ছিল আমরা তার কিছুই দেখলাম না। এর বিপরীতে বিশ্বের সংবাদমাধ্যমগুলোতে যা দেখলাম তা হচ্ছে 'তলাবিহীন ঝুড়ি', 'বেপরোয়াভাবে দরিদ্র্', 'অসাধু' 'মরণোন্মুখভাবে দরিদ্র', 'দুর্ভাগ্যের বরপুত্র', 'বন্যা- ও দুর্যোগ-নিপীড়িত', বিশেষণে বাংলাদেশের পরিচিতি। জিয়াউর রহমানের শাসনামলে আমেরিকার সহায়তায় বাংলাদেশ জাপানকে হারিয়ে নিরাপত্তা পরিষদে স্থান করে নিলে লেখা হলো 'পিঠে কাপড় এবং পেটে ভাত না থাকলেও দেশটির বিশ্বনেতা হবার সখ হয়েছে' এই ধরনের বিদ্রুপাত্মক কথা। জেনারেল এরশাদ যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান কিছু উন্নতি ঘটালেও তার বিদেশে রক্ষিত টাকা এবং নারীপ্রীতির রসালো কথাও কারো অজানা রইলো না। অজানা রইলো না স্বল্পশিক্ষিত মাতাপুত্রের পরষ্পর-বিরোধী শাসন এবং অবৈধ উপায়ে অর্জিত বৈভবের কথাও। কোথাও মাথা উঁচু করে দাড়াবার স্থান ছিল না।

সেই নৈরাজ্যের অবসান ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী, স্বাধীনতা যুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল, এবং স্বাধীনতায় বিশ্বাসী দলটি বাংলাদেশ শাসনের পুনরায় সুযোগ পেয়েছে।  বিশ্ববাসীর সাথে আমিও অবাক বিষ্ময়ে দারিদ্র্যকে পিছু ফেলে দেশটির স্বাস্থ্য, শিক্ষা, আর্থ-সামাজিক এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া প্রত্যক্ষ করছি। সন্দেহ নেই সর্বকালের ঘৃণ্য অপরাধ নারী, শিশু ও সাংবাদিক নির্যাতন, ছিনতাই-রাহাজানি, গুপ্তহত্যা, 'আদর্শ' গণতন্ত্র চর্চার অভাব, মুদ্রাপাচার, এবং সময় সময় পুলিশের হেফাজতে অত্যাচার ও মৃতুর ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আবার এও ঠিক যে এই ধরণের ত্রুটিগুলো এই সরকারের সৃষ্টও নয়। সুযোগসন্ধানীরা সর্বকালে সর্বদেশেই এই ধরণের নিরাজ্য সৃষ্টি করে থাকে। বরং কার্যকর পদক্ষেপ নেয়ায় অনেক ক্ষেত্রে আগেকার সময়ের চাইতে এখন এইসব অপরাধ অনেকটাই হ্রাস পেয়েছে।   

কাজেই সব চিন্তাশীল মানুষের মতো ঘৃণা করলেও এ ধরনের ঘটনার দায় সরকারের কাঁধে চাপিয়ে প্রতিবাদ করতে গিয়ে বৃহত্তর কল্যাণে নিয়োজিত রাষ্ট্রযন্ত্রকে আমি লক্ষভ্রষ্ট করতে চাই না। পঁচাত্তর পূর্ববর্তী সময়ে তা করে দেশটির উন্নতিকে আমরা পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছিলাম। এর পুণরাবৃত্তি আমি আর দেখতে চাই না। 

আমি জানি এই লেখা পড়ে কেউ কেউ আমাকে 'আওয়ামী লীগা'র বলে ধরে নেবেন। তাদের উদ্দেশ্যে বলছি আমি কখনোই আওয়ামী লীগার ছিলাম না, এখনো নই। কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী এবং স্বাধীনতা যুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল এই দলটির প্রতি আমার দুর্বলতা আছে। দলটির নেতৃত্বে থাকা বঙ্গবন্ধু-কন্যা দূরদৃষ্টিসম্পন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যের প্রতি অবিচল থাকাকেও আমি শ্রদ্ধার চোখে দেখি। তিনি যেভাবে দেশটি চালাচ্ছেন তার সবকিছুই যে আমার ইচ্ছা-অনিচ্ছা মতো চলছে বা চলবে তা আশা করি না। কিন্তু এ পর্যন্ত তার শাসনের যে ফল দেখতে পাচ্ছি, তাতে তাঁকে সমর্থনের কোনো বিকল্পও দেখি না।   

মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র

১৪ মার্চ, ২০২১