সুন্দর স্নেহময়ী মেয়েটির সঙ্গে মরেছে আমাদের হৃদয়
'এই পৃথিবীর 'পরে/ কত ফুল ফোটে আর ঝরে/ সে কথা কি কোনোদিন/ কখনো কারো মনে পড়ে!'
'আলোর মিছিল' চলচ্চিত্রের গান এটি। লাকিংমে চাকমার অকাল মৃত্যু, যা হত্যাও হতে পারে, আমাকে এই গানটা মনে করিয়ে দিচ্ছে। একটা ছোট্ট মেয়ে লাকিংমে। কত সরল তার মুখখানি। ওর ছবিটার দিকে তাকানো যায় না। তাকাতে পারছি না আমি। আমাদের অপরাধী করে দিয়ে সে চলে গেছে জীবনের ওপারে। লাকিংমের স্বামী দাবিদার আতাউল্লাহ ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী, লাকিংমে আত্মহত্যা করেছে, যদি সে এমনটাই করে থাকে, তবু এই ঘটনাটিকে আমি হত্যার নামান্তর বলব। আইনের দিক থেকে দেখলেও এটা অবশ্যই আত্মহত্যার প্ররোচনা। লাকিংমের বাবা লালা অং চাকমা স্পষ্টতই হত্যার অভিযোগ এনেছেন। তবে তিনি এই নিয়ে কোনো মামলা করেননি। এখন শুধু মেয়ের লাশটি পেতে চান এবং সৎকার করতে চান নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী। হত্যা কিংবা আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে কোনো মামলা করবেন বলে মনে হয় না। মেয়ে অপহৃত হওয়ার পর মামলা করেছিলেন লালা অং। মামলা করার তিক্ত অভিজ্ঞতা তো তার আছে।
সপ্তম শ্রেণি পড়ূয়া লাকিংমে মা-বাবার সঙ্গে থাকত কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী চাকমাপাড়ায়। স্থানীয় শামলাপুর উচ্চ বিদ্যালয়ে পড়ত সে। কী মিষ্টি তার নাম! খুব ইচ্ছে হলো মিষ্টি এই লাকিংমে শব্দের বাংলা অর্থটা জানবার। লাকিংমে একজন চাকমা। তাই আমি নামের অর্থটা জানার জন্য দীপায়ন খীসার শরণাপন্ন হলাম। দীপায়ন দা' অর্থটা বলতে পারলেন না, তবে লাকিংমে শব্দটা রাখাইন ভাষার হবে বলে জানালেন। আমারও কৌতূহল বাড়ল। কক্সবাজার অঞ্চলে মূলত রাখাইনদেরই বসতি রয়েছে। তাই চাকমা মেয়ের নাম রাখাইন ভাষায় রাখা হতেই পারে। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু মেইনথিন প্রমীলার কাছে লাকিংমে শব্দের অর্থ জানতে চাই। প্রমীলা জানাল, রাখাইন ভাষার 'হ্লা খারে মে' বাঙালিদের কাছে 'লাকিংমে' হয়ে গেছে হয়তো। হ্লা খারে মে শব্দগুলোর বাংলা হতে পারে 'সুন্দর স্নেহময়ী মেয়ে'। পটুয়াখালীর মেয়ে প্রমীলার শ্বশুরবাড়ি কক্সবাজার এলাকায়, যেখান থেকে লাকিংমের গ্রামটা খুব দূরের নয়। লাকিংমেরা চাকমা নাকি তঞ্চঙ্গ্যা এ নিয়েও সংশয় জানাল প্রমীলা। লাকিংমের বাবার করা মামলা এবং লাকিংমের জন্মনিবন্ধন সনদে অবশ্য চাকমা লেখা রয়েছে বলে দেখতে পাচ্ছি।
সুন্দর স্নেহময়ী মেয়ে লাকিংমে যেদিন অপহৃত হয়, সেদিন ওর বাবা লালাঅং ছিলেন সাগরে। গিয়েছিলেন মাছ ধরতে। টেকনাফের বাহারছড়া মাথাভাঙ্গা এলাকার আতাউল্লাহ, ইয়াসিন, ইসা, আবুইয়াসহ আরও চার-পাঁচজন চলতি বছরের ৫ জানুয়ারি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। জন্মসনদ অনুযায়ী, অপহৃত হওয়ার দিনটিতে ওর বয়স ছিল ১৪ বছর ১০ মাস। ওই দিনই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হাফেজকে জানানো হয় অপহরণের বিষয়টি। কিন্তু ইউপি সদস্য কোনো ব্যবস্থা নেননি।
লালাঅং তার মেয়ে অপহরণের খবর পেয়েছিলেন মুঠোফোনে। গভীর সমুদ্রে পৌঁছে গেলে হয়তো খবর পেতেও অনেক দেরি হয়ে যেত। আদরের মেয়েটি অপহৃত হয়েছে জেনে ছুটে আসেন তিনি। মামলা করতে যান টেকনাফ থানায়। পুলিশ মামলা নিতে রাজি হয়নি। তখন কক্সবাজারের টেকনাফ থানাটিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত এবং বর্তমানে জেলবন্দি প্রদীপ কুমার দাশ। থানায় মামলা করতে না পেরে ২৭ জানুয়ারি লালা অং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। তারপর কেটে যায় ১১ মাস। এ সময় মেয়েকে হন্যে হয়ে খুঁজেছেন বাবা। অবশেষে গত ৯ ডিসেম্বর লালাঅং তার মেয়ে লাকিংমের খোঁজ পান। তবে জীবিত নয়, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পড়ে আছে তার প্রিয় কন্যার মরদেহ। কিন্তু সৎকারের জন্য মেয়ের লাশ নিতে গিয়ে বিপত্তিতে পড়লেন লালাঅং।
অপহরণ, নাবালিকা বিয়ে এবং জোরপূর্বক ধর্মান্তরে বাধ্য করার অভিযোগে অভিযুক্ত যে, যার এখন জেলে থাকার কথা, সেই আতাউল্লাহ বাদ সাধলেন লাকিংমের বাবার ইচ্ছায়। নিজেকে লাকিংমে চাকমার স্বামী দাবি করে লাশ নেওয়ার আবেদন করেন আতাউল্লাহ। ফলে লাকিংমের বাবা এবং স্বামী দাবিদারের আবেদন গড়িয়েছে আদালতে এবং গত দুই সপ্তাহ ধরে লাকিংমের লাশ পড়ে আছে মর্গে। সেই পটভূমিতে তদন্ত সাপেক্ষে মৃতের 'ধর্মীয় পরিচয় সম্পর্কে নিশ্চিত' হয়ে র্যাবকে মরদেহ সৎকার করার নির্দেশ দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।
সংবাদপত্রের খবর অনুযায়ী, এর আগে লাকিংমেকে না পেয়ে ওর বাবার করা মামলা তদন্তে অদ্ভুত গাফিলতি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। গত ৯ অগাস্ট কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতিবেদন দিয়ে পিবিআই জানায়, লাকিংমে চাকমাকে অপহরণ করার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বরং অংকাহ্ল্যা চাকমা নামে একজন লাকিংমেকে তার বান্ধবী নাছিমা আক্তার, নাছিমা আক্তারের বন্ধু রিয়াজ উদ্দিন এবং অভিযুক্ত একজন আসামি আব্বুইয়ার সঙ্গে একটি বাগানে দেখে ফেলায় সম্ভাব্য পরিণতির ভয়ে লাকিংমে বাড়ি থেকে অজ্ঞাত জায়গায় চলে যায়। অথচ অন্তত পাঁচজন সাক্ষী জবানবন্দিতে বলেছিলেন, লাকিংমেকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তর্কের খাতিরে যদি পিবিআই থেকে জমা দেওয়া প্রতিবেদনটিকে মেনে নিই আমরা তাহলেও তো বাড়ি থেকে পালিয়ে যাওয়া একটি চতুদর্শী মেয়েকে খুঁজে দেওয়ার দায় ছিল পুলিশের।
লাকিংমে নাকি বাবা-মার কাছে বকা খাওয়ার ভয়ে বাড়ি থেকে পালিয়েছিল। বাবা-মা বকতে পারেন, সবসময় তো বাচ্চা বুঝিয়ে বলা যায়ও না। তাছাড়া মানুষের কত কথা থাকে, নদী, পাহাড়, ঝরনার সঙ্গে তো কথা হয়। চৌদ্দ বছরের লাকিংমেকে যদি একটা বাছুর হাম্বা স্বরে ডাকত, তবুও তো সে দাঁড়াতো। সে তো জানে না, তার জন্য ওঁত পেতে আছে বিপদ! লাকিংমে ভয়ে বাড়ি থেকে পালিয়ে হয়তো বাড়িরই পেছনে জড়াজড়ি করে থাকা কতগুলো লতার পেছনে বসে ছিল। কিন্তু বাবা-মা আর লাকিংমেকে খুঁজে পেলেন না। সেখান থেকেই হয়তো আতাউল্লাহর দল ওকে তুলে নিয়ে যায়। প্রতিবেশীরা পুলিশকে সেই কথা জানিয়েছিল। পুলিশ ওরা লাকিংমের আত্মীয় এই অজুহাতে অপহরণের কথা কানে নিল না। বলে দিল ও নিজেই পালিয়েছে। তারা বাড়ি থেকে পালানো মেয়েটিকে খোঁজার দায় নিল না। অবশেষে একদিন মেয়েটিকে পাওয়া গেল মর্গে।
কৈশোরে নাকি সন্তানরা অবুঝ অভিমানে ভোগে। মা-বাবাকে বিশেষভাবে মনোযোগ দিতে বলা হয় তাদের মনে। লাকিংমের বাবা-মায়ের সঙ্গে তার কেমন কথাবার্তা হতো জানি না। কিন্তু চৌদ্দ বছর বয়সী প্রত্যন্ত এলাকার এক পাহাড়ি কিশোরী কী জানত এই পৃথিবীর সংকট! জগতের পথ কত শ্বাপদসংকুল যখন জানল হয়তো তখনই জগৎ থেকে পালাতে হলো তাকে। এখন তার মরদেহের সৎকার করার জন্য বাবাকে ধরনা দিতে হচ্ছে।
এর মাঝে ঘটে গেছে অনেককিছু। একজন আতাউল্লাহ চাকমা মেয়ে লাকিংমে-কে নিজের স্ত্রী দাবি করছে। আমার হাত কেঁপে গেল এই কথা লিখতে। কোনো মধ্যবয়সী, লোলুপ মানবদেহধারী লোক যদি ওকে নিয়ে যায়, তার নিজস্ব ঈশ্বরকে মানতে বলে, তার মস্তিস্ক, হৃদয় এবং তার সদ্য বিকশিত নারী অঙ্গে মাসের পর মাস ধরে নিপীড়ন করে—তারপর সে মরে যায়, মরে আমাদের বিবেক। মৃত্যুর আগেই মরেছিল লাকিংমে। প্রতিদিন বহুবার মরে গিয়েছিল সে। যখন তাকে ঝরনার কাছ থেকে কলকব্জার শহরে নেওয়া হলো, তখন সে মরে গেল। যখন তাকে তেলঝোল রাঁধতে এবং খেতে বলা হলো, সে মরে গেল। সে তো এসব খায়নি আগে। যখন লোভ নিয়ে তাকে ছোঁয়া হলো, সে মরে গেল। সে বহুবার মরে গিয়েছিল। সবশেষে তার চারদিনের সন্তানকে রেখে সে সত্যি সত্যি মরে গেল। সুন্দর স্নেহময়ী মেয়েটির সঙ্গে মরে গেছে আমাদের হৃদয়, রাষ্ট্রের বিবেক।
