২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধন্য মুজিব কন্যা

ধন্য মুজিব কন্যা
ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা করতে পারবেন না বলে জানান। ছবিটি ৪ ডিসেম্বর, ২০২০ সালের।

শামসুদ্দিন চৌধুরী মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক

Published : 08 Dec 2020, 11:49 AM

Updated : 01 Jul 2022, 05:34 PM

"বাপ কা বেটা, সিপাইকা ঘোড়া", এই প্রবাদটি আমাদের উপমহাদেশে বহু শতাব্দি ধরে প্রচলিত। তবে প্রবাদটি যখন শুরু হয়, কোনো এক অজানা সময়ে, তখন জিন এবং ডিএনএ-র বৈজ্ঞানিক তথ্য জানা ছিল না। এসব বৈজ্ঞানিক আবিষ্কার এখন প্রমাণ করছে, প্রবাদটি আসলেই জিন এবং ডিএনএ সমর্থিত।

উপরের কথাগুলো বললাম এ জন্য যে, গত ৩ ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তার মুখের উপর 'পয়েন্ট ব্ল্যাঙ্ক' বলে দিলেন- পাকিস্তান ১৯৭১ সনে বাংলাদেশে যে গণহত্যা, নারী নির্যাতনসহ নৃশংসতা করেছে, তা ভোলার নয়, অমার্জনীয়, বাংলাদেশ তা ক্ষমা করবে না এবং সে ক্ষত চিরদিন থাকবে।

এই অমোঘ সত্য এতো স্পষ্ট করে পাকিস্তানি দূতের মুখের উপর, বিনা সংকোচে বলতে পারা বঙ্গবন্ধুর কন্যার পক্ষেই সম্ভব হয়েছিল, যার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষের প্রশংসার ঢেউ তাকে আরো বেশি মহীয়ান করেছে। এর আগে ১৯৭৪ সনের জুন মাসে যখন পাকিস্তানের সে সময়ের প্রধানমন্ত্রী ভুট্টো বাংলাদেশে এসেছিলেন, তখন বঙ্গভবনে তার সম্মানে দেওয়া নৈশভোজে বঙ্গবন্ধু ঠিক একই ধরনের দ্বিধাহীনভাবে ভুট্টোকে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক' বলেছিলেন- ১৯৭১ এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, যুদ্ধে ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ দিতে হবে এবং পাকিস্তানের কাছে আমাদের পাওনা টাকা শোধ করতে হবে।

জবাবে লজ্জাহীন ভুট্টো বলেছিলেন. তিনি 'ব্ল্যাঙ্ক চেক' নিয়ে আসেননি। পঁচাত্তরের পর দেশ শাসন করেছে পাকিস্তানি অনুগত লোকেরা, যারা দেশকে আবার পাকিস্তানে পরিণত করার চেষ্টায় লিপ্ত ছিল। তাই তাদের সময়ে কেউ পাকিস্তানের কোনো কর্তা ব্যক্তির কাছে একাত্তরে পাকিস্তানি নির্যাতনের কথা বলেনি। এমনকি তারা বাংলাদেশের জনগণকেও ৭১ এ পাকিস্তানকৃত গণহত্যা, গণধর্ষণ এবং ধ্বংসযজ্ঞের কথা জানতে দেয়নি। পাকিস্তান যে ৭১ এ দখলদার ছিল, সে কথাও জিয়াউর রহমান বা তার স্ত্রী খালেদা কখনো উল্লেখ করতেন না। বঙ্গবন্ধুর সেই প্রকাশ্যে দাবির পর ২০১৭ সনে জননেত্রী শেখ হাসিনা ২৫ মার্চ জাতীয় সংসদে তীব্র ভাষায় পাকিস্তানিদের দ্বারা সংঘটিত নৃশংসতার বিস্তারিত বিবরণ দেওয়াসহ নিন্দা ব্যক্ত করেন এবং ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দেন।

শত্রুমুক্ত হওয়ার পর থেকেই পাকিস্তানের কাছে আমাদের যে কয়টি দাবি অগ্রাধিকার পায় তার অন্যতম তিনটি ছিল এই যে- ৭১ এ গণহত্যা, গণধর্ষণ ও অন্যান্য নৃশংসতার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, যেসব পাকিস্তানি সেনা কর্মকর্তা বাংলাদেশে উপরে উল্লেখিত অপরাধগুলো করেছে বা করিয়েছে, হয় তাদের বাংলাদেশে বিচারের জন্য হস্তান্তর করতে হবে নয়তো পাকিস্তানে তাদের বিচার করতে হবে এবং আমাদের পাওনা টাকা শোধ করতে হবে।

কিন্তু অন্য দুটি দাবি তো দূরের কথা পাকিস্তান আজ পর্যন্ত বাংলাদেশের কাছে ক্ষমা পর্যন্ত চায়নি, বরং যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশ কার্যকর করা হলে পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করেছে এবং যুদ্ধাপরাধীদের কার্যকলাপকে বৈধ বলেছে। তাদের দেশপ্রেমী বলে গণহত্যা, গণধর্ষণসহ অন্য নৃশংসতাকে যৌক্তিক বলে দাবি করেছে, যা পাকিস্তান এখনও করে যাচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, দুটি দেশ যখন ভাগ হয়ে যায় তখন একক থাকাকালীন সে দেশের মোট অর্থ অর্ধেক অর্ধেক করে বিভক্ত হয় পরবর্তীতে খন্ডিতে দুদেশের মধ্যে।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর একই নিয়মে অর্থ এবং সম্পদে ভাগাভাগি হয়েছিল ছুটে যাওয়া বিভিন্ন দেশের মধ্যে। ১৯৪৭ সনে ভারত বিভাগের সময়ও একই নিয়মে সম্পদের ভাগাভাগি হয়েছিল। সেই হিসেবে ৭১ সনে আমাদের বিজয়ের সময় পাকিস্তানের কাছে আমাদের প্রচুর অর্থ পাওনা ছিল, যা এখন বহুগুণে বেড়েছে সুদে আসলে এবং মুদ্রাস্ফীতির কারণে। পাকিস্তান সে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথাই বলে না। বিএনপি-জামাত অপশাসনের সময়ের সরকার কখনো সে দাবি উচ্চারণ করেনি।

পাকিস্তান সব সময়ই চেষ্টায় রয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার উৎখাতের এবং পাকিস্তান অনুসারী বিএনপি-জামাতকে ক্ষমতায় বসানোর। ২০০০ সনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই নির্বাচনে খরচ করার জন্য যে বিএনপি-জামাতকে প্রচুর অর্থ প্রদান করেছিল, সে কথা সে সময়ের আইএসআই প্রধান এক পাকিস্তানি জেনারেল পাকিস্তানি আদালতে শুধু প্রকাশ্যে স্বীকারই করেননি, এটাও বলেছিলেন যে পাকিস্তানের স্বার্থেই সে টাকা বিএনপি-জামাতকে দেওয়া হয়েছে।

২০০০ সনে পাকিস্তানি উপ-রাষ্ট্রদূত ইরফান রাজা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করলেও সে বাংলাদেশে থেকে যাওয়ার জন্য তালবাহানা করতে থাকে। তবে অবশেষে তাকে বাধ্য করা হয় বাংলাদেশ ত্যাগ করতে। ২০১৫ ইদ্রিস শেখ নামক জামায়াত মুজাহাদিন দলের এক জঙ্গি আমাদের আদালতে স্বীকার করে যে পাকিস্তান দূতাবাসের ফারিনা আরশাদ নামক এক কূটনীতিক তার সাথে পাকিস্তান দূতাবাসের অভ্যন্তরে বৈঠক করে তাকে অর্থ প্রদান করেছিল জঙ্গি তৎপরতা চালানোর জন্য। জঙ্গি ইদ্রিস শেখ ১ বছরে ৪৮ বার পাকিস্তান সফর করেছিল বলে তার পাসপোর্ট থেকে জানা গেছে।

পরবর্তীতে ২০১৫ সনের ডিসেম্বর মাসে উক্ত ফারিন আরশাদকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। ২০১৬ সনে মাজহার খান নামক আর একজন পাকিস্তানি কূটনীতিক জেএমবিকে পয়সা দেওয়ার রশিদসহ ধরা পড়লে তাকে বনানী থাকায় কয়েক ঘণ্টা আটক রাখা হয়। পরে পাকিস্তান দূতাবাস তার কূটনৈতিক সুবিধা দাবি করে তাকে ছাড়িয়ে নেয়। তবে তাকেও বাংলাদেশ ত্যাগ করতে হয়। বহু পাকিস্তানি কূটনীতিক বহু নকল ভারতীয় মুদ্রাসহ ধরা পড়েছিল। তারা ভারতে নকল মুদ্রা পাঠিয়ে ভারতের অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করছিল। ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের পাশের সড়কটি একজন বীর মুক্তিযুদ্ধার নামে। ২০০৮ সনে পাকিস্তানি রাষ্ট্রদূত ১৯৬৩ সনের ভিয়েনা কনভেনশনের শর্ত ভঙ্গ করে নিজে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দাবি তুলেছিলেন সড়কের নাম পরিবর্তনের জন্য, যা কোনও বিদেশি দূত করতে পারে না। পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেই ধৃষ্টতাপূর্ণ দাবি না মানলেও কয়েকদিন পরে সেই সড়কের নাম ফলকটি আর দেখা গেল না। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সাহেব সেই বীর মুক্তিযোদ্ধার নাম খচিত নামফলক সেই রাস্তায় পুনরায় স্থাপনের আদেশ দেন।

পাকিস্তান এখনো তাদের একাত্তরের পরাজয়ের গ্লানি ভুলতে পারছে না এবং তাদের প্রতিহিংসা আওয়ামী লীগের উপর কেননা এই দলটিই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, তাই তারা এই সরকারের বিরোধিতায় সদা ব্যস্ত। বর্তমানে ধর্ম ব্যবসায়ীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে ধ্বংসাত্মক বক্তব্য শুরু করেছে তার পেছনেও পাকিস্তান দূতাবাস আছে কিনা তাও দেখার বিষয়, কেননা তাদের তো এই ধরনের ষড়যন্ত্রের প্রমাণিত অতীত ইতিহাস রয়েছে, তদুপরি মাস তিনেক আগে তারেক জিয়া আইএসআই কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তারেক জিয়া লন্ডনে বসে আইএসআই কর্মকর্তাদের সাথে এবং দাউদ ইব্রাহিম নামক দুর্ধুর্ষ জঙ্গির সাথে প্রতিনিয়ত বৈঠক করার কথাও জানা গেছে।

পাকিস্তান যে বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল, তার অসংখ্য প্রমাণের মধ্যে দুটি হলো ১৯৭৪ সনের ১৮ এপ্রিল পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে ভুট্টোর সেই বক্তব্য যা দিয়ে তিনি বলেছিলেন- "এই উপমহাদেশে শীঘ্রই কিছু পরিবর্তন ঘটতে যাচ্ছে"; তার দুমাসের পর ভুট্টো বাংলাদেশে এসেছিলেন। তিনি পাকিস্তান ফিরে যাওয়ার পর তার সফর সঙ্গি এক সাংবাদিক লিখেছিলেন "বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের সম্ভাবনা আছে"। ভুট্টোকে সে সময় ১০৭ জন সফরসঙ্গীসহ বাংলাদেশে আসতে দেওয়া যে ভুল ছিল, তা পরবর্তী ঘটনা প্রবাহই বলছে।

২০০৮ সনে মুম্বাই আক্রমণ যে পাকিস্তান গোয়েন্দা বাহিনী আইএসআই এর পরিকল্পনা, নির্দেশনা এবং অর্থায়নে হয়েছিল, সে কথা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যার কারণে জঙ্গি অর্থায়ন নজরদারি করতে সৃষ্ট আন্তর্জাতিক সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছে এবং সংস্থার পরবর্তী সভায় কালো তালিকাভুক্ত করতে পারে। ঢাকার হলি আর্টিসান রেস্তোরাঁয় যে সশস্ত্র আক্রমণ হয়েছিল তার সাথে মুম্বাই আক্রমণের পদ্ধতিগত সাদৃশ্য থাকায় যারা হলি আর্টিসান আক্রমণে পাকিস্তানি গোয়েন্দা বাহিনী আইএসআই এর হাত ছিল বলে মনে করেন, তাদের আন্দাজ অযৌক্তিক বা অন্তসার শূন্য নয়।

২০০৪ সনের ২১ অগাস্ট গ্রেনেড হামলার পর যে গ্রেনেডটি অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল, তার গায়ে পাকিস্তান অর্ডিনেন্স ফ্যাক্টরির ছাপ ছিল, যার অর্থ গ্রেনেডগুলো পাকিস্তান থেকে এসেছে। তদুপরি এসব যুদ্ধে ব্যবহারের গ্রেনেড ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কেউ কাউকে দিতে পারে না বিধায়, এটা নিশ্চিত যে পাকিস্তানি কর্তৃপক্ষই জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য সে সময়ের বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছিল।

২১ অগাস্ট গ্রেনেড হত্যা মামলায় আব্দুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট নামক এক পাকিস্তানির ফাঁসির আদেশ হয়েছে। উক্ত মজিদ ভাট পাকিস্তানের শীর্ষ জঙ্গি মওলানা মাসুদ আজহার, যে জয়েসি মোহাম্মদের প্রধান, তার ক্রীড়ানক। উক্ত মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য নিরাপত্তা পরিষদ প্রস্তাব তোলা হলে চীন ভেটো দিয়ে সে প্রস্তাব নাকচ করে দেয়।

উক্ত মামলায় পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার নেতা আব্দুল মালেকেরও ফাঁসির আদেশ হয়েছে। উল্লেখযোগ্য এই লস্কর-ই-তৈয়বাই মুম্বাই আক্রমণ ঘটিয়েছিল। যার থেকে আঁচ করা যায় মুম্বাই আক্রমণ আর গ্রেনেড আক্রমণে যোগসূত্র রয়েছে। গ্রেনেডে পাকিস্তান অর্ডিনেন্স ফ্যাক্টরির ছাপ, দুইজন পাকিস্তানি নাগরিকের সংশ্লিষ্টতা, বিশেষ করে একজন লস্কর-ই-তৈয়বার সম্পৃক্ততা থেকে সহজেই ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আইএসআই এর ভূমিকা আঁচ করা যায়।

২০১৫ সনে র‌্যাব উত্তরায় অভিযান চালিয়ে যে কয়জন জঙ্গিকে আটক করে তাদের মধ্যে মোস্তফা জামান নামে একজন পাকিস্তানি নাগরিকও ছিল। যে আসলে ছিল আইএসআই কর্মকর্তা, কিন্তু ঢাকায় ছদ্মবেশে পিআই এর অ্যাসিস্টেন্ট ট্রাফিক ইনপেক্টর হিসেবে চাকরি দেখাচ্ছিল। গত ৪ নভেম্বর পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকা যুদ্ধাপরাধীদের "তথা কথিত যুদ্ধাপরাধী" বলে উল্লেখ করেছে। যা প্রমাণ করেছে তারা তাদের নীতি থেকে বিচ্যুত হচ্ছে না।