২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেমন হবে আগামী দিনের কর্মক্ষেত্র?

শাহাদাত হোসেন এবং ইজ্জাত তানজিলা ইভানা

Published : 26 Jun 2020, 12:21 AM

Updated : 01 Jul 2022, 05:35 PM

১৬ মে জার্মানির ডর্টমুন্ড শহরের সিগনাল ইডুনা পার্ক মাঠে অবতারণা হয় এক অভূতপূর্ব দৃশ্যের। দীর্ঘ দুমাস পাঁচ দিন ঘরোয়া ফুটবল বন্ধ থাকার পরে এদিন জার্মান বুন্দেসলীগা আবার শুরু হয়। ম্যাচের ২৯ মিনিটে বরুশিয়ার পক্ষে আরলিং হালান্ড গোল করার পরে অন্যরকম একটি উদযাপন দেখা গেল। মাঠের এক কোনায় গিয়ে ৪-৫ জন খেলোয়াড় যে যার জায়গায় দাঁড়িয়ে উল্লাস করছেন, দূর থেকেই হাই ফাইভ দিচ্ছেন। গোল করার পর সতীর্থের কাঁধে উঠে যাওয়া, খেলোয়াড়দের জড়িয়ে ধরা কিংবা সবাই মিলে একসঙ্গে বুনো উল্লাসে মেতে ওঠা এদিন দেখা গেল না। যেই সিগনাল ইডুনা পার্কে ৮১ হাজার দর্শকের তীব্র চিৎকার পুরো ডর্টমুন্ড শহর কাঁপিয়ে দিত, সেখানে আজ দর্শক বলতে কয়েকজন নিরাপত্তারক্ষী ও মাঠকর্মী। ফুটবল ফ্যানদের জন্য এরকম দৃশ্যও সহ্য করা একটু কঠিনই বটে, তবুও মেনে নিতে হলো। ২ মাস পরে ফুটবল ফিরেছে মাঠে এতেই সবাই খুশি। প্রিয় দলের খেলা সমর্থকরা ঘরে বসেই উপভোগ করেছে। আস্তে আস্তে হয়তো এই দৃশ্যই সকলের কাছে স্বাভাবিক হয়ে যাবে। আমরা অভ্যস্ত হয়ে উঠব 'দ্য নিউ নরমাল ওয়ার্ল্ড'-এ।

বিলিয়ন ডলারের ফুটবল ইন্ডাস্ট্রিকে দুই মাসের বেশি বন্ধ করে রাখা সম্ভব হয়নি। ঠিকই বিকল্প পথ খুঁজে নিয়ে নতুনভাবে ফিরে এসেছে। করোনাভাইরাসের এ সময়ে সবচেয়ে ভয়াবহ আক্রান্ত দেশ ইতালি, স্পেন এবং ইংল্যান্ডেও জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফুটবল লীগ চালু হয়েছে। এমন নয় যে, এই দেশগুলো সম্পূর্ণভাবে করোনাভাইরাসমুক্ত হয়ে গেছে। পুরোপুরি মুক্ত হতে আরও অন্তত দুই-তিন মাস লেগে যাবে। কিন্তু কবে পৃথিবী এ ভাইরাসমুক্ত হবে আর কবে ভ্যাকসিন আবিষ্কার হবে. এই আশায় তো সারাজীবন অপেক্ষা করা সম্ভব নয়। একটা সময়ে এসে সবকিছুই চালু করতেই হবে। 

ঢাকা এবং অন্য জেলার অফিসগুলোতে কাজ করে কয়েক কোটি মানুষ। এই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবর্তন করতে হবে অনেক কিছুই। কিছু পরিবর্তন মেনে নিতে আমাদের হয়তো কষ্ট হবে, কিন্তু বৃহত্তর স্বার্থে তা মানতেই হবে। এর মধ্যে কিছু পরিবর্তন হবে ইতিবাচক, যা পরবর্তীতেও কাজে লাগবে। কর্মক্ষেত্রের নতুন যে রূপ আমাদের জন্য অপেক্ষা করছে তার সম্ভাব্য ৭টি বৈশিষ্ট্য তুলে ধরলাম। 

ওয়ার্ক ফ্রম হোম

বিগত দুই মাস 'ওয়ার্ক ফ্রম হোম' সংস্কৃতির সঙ্গে আমরা অনেকেই অভ্যস্ত হয়ে উঠেছি। আপাতদৃষ্টিতে ওয়ার্ক ফ্রম হোম খুব জটিল মনে হলেও গত কয়েক মাসের অভিজ্ঞতা বলছে, এটা সম্ভব। কোনো সমস্যা নেই। অনেক কাজই ঘরে বসে অল্প সময়ে করা সম্ভব। গত দুই মাসে কর্মীদের কর্মক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যাবে, অনেক ক্ষেত্রেই তা বেড়েছে ।

ওয়ার্কপ্লেস কালচারের 'নেক্সট বিগ থিং' হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। প্রতিদিন ৮ ঘণ্টার বদলে ৬ ঘণ্টা কাজ, ৪ কর্মদিবসের সপ্তাহ, ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার ইত্যাদি নানা বিষয় নিয়ে ইতিমধ্যে উন্নত বিশ্বে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অনেক ক্ষেত্রে সুফলও পাওয়া যাচ্ছে। তবে বর্তমান বাস্তবতায়, সবগুলোর মধ্যে 'ওয়ার্ক ফ্রম হোম'-এর জয় মোটামুটি নিশ্চিত। টুইটার তো ঘোষণাই দিয়েছে, ২০২১ সাল পর্যন্ত কর্মীরা চাইলে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। মাইক্রোসফট, গুগুলসহ অনেক আন্তর্জাতিক কোম্পানিই সে পথেই হাঁটছে।

এক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে সকল কর্মীকে ল্যাপটপ/ট্যাব/স্মার্টফোন/ইন্টারনেট/মোবাইল ডেটাসহ প্রয়োজনীয় সকল টুলস দিন। কারও যদি কোনো ডিভাইস না থেকে থাকে, সেক্ষেত্রে অর্থ সহায়তা বা ডিভাইস দিন। কানাডার কোম্পানি শপিফাই সকল কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম-এর ডিভাইস কেনার জন্য ১০০০ ডলার প্রদান করেছে। এই খরচকে তারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবেই দেখছে।

কর্মীর স্বাধীনতা ও ম্যানেজমেন্টের মনোভাব পরিবর্তন

বর্তমান প্রজন্ম আগের প্রজন্মেও চাইতে অনেকটাই ভিন্ন। এই প্রজন্মকে প্রতিদিন ৯টা-৫টা অফিস শিডিউলে বন্দি করা কঠিন হবে। এই প্রজন্মের জন্যই পশ্চিমের নানা প্রতিষ্ঠানে এসেছে 'ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার'  অর্থাৎ কর্মী তার সুবিধামতো দিনের যেকোনও ৮ ঘণ্টা অফিসে কাজ করবেন অথবা সপ্তাহের ৪০ ঘণ্টা নির্বাচন করবেন। অর্থাৎ সপ্তাহ শেষে কর্মঘণ্টা এবং টার্গেট পূরণ করাটাই মূখ্য। কর্মী কবে কখন আসবে তা বিবেচ্য নয়।

এই প্রজন্মের অনেকেই হয়তো এরই  মধ্যে উপলব্ধি করছে প্রতিদিন এত যানজট পেরিয়ে সকালে বাসের জন্য যুদ্ধ করে অফিসে যাওয়া শরীরের জন্য ধকল। তার সঙ্গে যানজটে নষ্ট হওয়া কয়েক বিলিয়ন কর্মঘণ্টা, পরিবহন খরচ, পরিবেশ দূষণ, মানসিক অবসাদ তো আছেই। রাত জেগে সোশ্যাল মিডিয়া-নেটফ্লিক্স, একটু দেরি করে ঘুম থেকে ওঠা, কিংবা বিকালের পাওয়ার ন্যাপ-এ প্রজন্মের সাধারণ বৈশিষ্ট্য। তাই রাত ৩টায় ঘুমিয়ে সকাল ৭টায় উঠে দেড় ঘণ্টার বাস জার্নি করিয়ে সারাদিন এক জায়গায় বসিয়ে এ প্রজন্মকে বছরের পর বছর কাজ করানো ভবিষ্যতে একটু কঠিনই হবে বৈকি। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো বর্তমান প্রজন্ম ব্যক্তি স্বাধীনতা ও কাজের স্বাধীনতায় বিশ্বাসী। ওয়ার্ক ফ্রম হোম-এর ক্ষেত্রে তাদেরকে সেই স্বাধীনতা দিতে হবে। কেউবা সকালে কাজ করে অভ্যস্ত, কেউ আবার গভীর রাতেই তার সর্বোচ্চ মনোযোগটুকু দিতে পারে। কেউ ৮ টায় ঘুম থেকে উঠে ডেস্কে বসল কিনা, কাজের ফাঁকে ১০ মিনিট গান শুনল কিনা বা অন্য কিছু করে সময় নষ্ট করছে কিনা-এ নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না। এক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে মনোভাব বদলাতেই হবে। আপাতদৃষ্টিতে কিছুটা অবাস্তব মনে হলেও এরকমই হতে যাচ্ছে ভবিষ্যতের বাস্তবতা। ওয়ার্ক ফ্রম হোম-এর দর্শনটা হলো কর্মীকে টার্গেট ও টাইমলাইন সেট করে দিন, সঙ্গে দিন স্বাধীনতা। সকালে দেরি করে উঠলেও, প্রয়োজনে রাত ১টায় হলেও সেই কাজ সে ঠিকই যে করে ফেলবে এই বিশ্বাস রাখুন। কর্মীকে তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী নিজের সময়ে কাজ করতে দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করাটাই মূল বিবেচ্য।

অপরিহার্য কর্মী ও বিভাগ নির্বাচন

ভবিষ্যতের কথা যদি আপাতত বাদও দিই, অন্তত করোনাকালের জন্য 'ওয়ার্ক ফ্রম হোম' চালু রাখা জরুরি। আস্তে আস্তে সকল প্রতিষ্ঠানই খুলে দিতে হবে। কিন্তু একই দিনে যদি সকল প্রতিষ্ঠানখুলে দেওয়া হয়, সেটা রাস্তাঘাট, যানবাহনসহ সব জায়গাতে আগের অবস্থাই ফিরিয়ে আনবে। সেজন্য বিকল্প নিয়ে ভাবতে হবে।

কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ওয়ার্ক ফ্রম হোম-এর কোনো সুযোগ নেই। যেমন: পুলিশ, র‌্যাব, ডাক্তার, নার্স, ব্যাংকার, গার্মেন্টসকর্মী কিংবা ফ্যাক্টরির শ্রমিক। কিন্তু যে ক্ষেত্রে ঘরে বসে কাজ করার সুযোগ, সেখানে প্রতিষ্ঠানের উদ্যোগেই সুযোগ দিতে হবে। যেমন : বিজ্ঞাপনী সংস্থা, ওয়েব ডিজাইন কোম্পানি, সফটওয়্যার ফার্ম, ই-কমার্স প্রতিষ্ঠান, এনজিও বা ব্যাংকের প্রধান কার্যালয়। এসকল প্রতিষ্ঠান চাইলে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতির মাধ্যমে অফিস চালাতে পারে। এতে করে কাজও চলল, আবার নিশ্চিত হলো কর্মী সুরক্ষা।

ধরা যাক, একটি কোম্পানির পক্ষে যদি সম্পূর্ণভাবে ওয়ার্ক ফ্রম হোম চালু করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তাদের অপরিহার্য কর্মী নির্বাচন করতে হবে। আগে দেখতে হবে সব বিভাগের কর্মীকে আদৌ অফিসে আনার প্রয়োজন আছে কিনা। সিকিউরিটিউ গার্ড, ক্লিনার, ক্যাশ সার্ভিস অফিসার, আইটি অপারেটরকে হয়তো আসতেই হবে।  কিন্তু অ্যাকাউন্টস, কাস্টমার সার্ভিস, কমিউনিকেশন্স, পাবলিক রিলেশন, ফাইন্যান্স, রিস্ক ম্যানেজমেন্ট প্রভৃতি বিভাগের কর্মীদের যদি এ মুহূর্তে না আনলেও  চলে, তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরকে ঘরে বসে কাজ করার সুযোগ দিলে ক্ষতি কী?

ব্যাংকের ক্যাশ সার্ভিসের কর্মী হয়তো আসবে, কিন্তু ব্যাংকের ডেটা অ্যানালিসিস বা লোন প্রসেসিং অফিসারকে যদি বাড়িতে রেখে কাজ করানো যায়, তাহলে সে সুযোগ তাকে দেওয়া যেতেই পারে। এমনকি হাসপাতালের কথাও যদি বলি, সেখানে চিকিৎসক বা নার্সকে আসতেই হবে। কিন্তু হিউম্যান রিসোর্স বা অ্যাকাউন্টস বিভাগের কর্মীকে বাসায় থেকে কাজ করার সুযোগ দেওয়া যেতেই পারে। প্রত্যেক কর্মীকে অফিসে আনার আগে তাকে জিজ্ঞেস করতে হবে, আপনার কি অফিসে যাওয়ার আদৌ প্রয়োজন আছে নাকি কিছুদিন বাসায় কাজ করলেও প্রতিষ্ঠান চলবে? কারণ, সব প্রতিষ্ঠানের সমস্ত কর্মী আগামীকালই একযোগে অফিসে এলে রাস্তায় লাখো লোকের জটলা লেগে যাবে, পাবলিক বাস হবে কানায় কানায় পূর্ণ!

রোটেশনাল ডিউটি

প্রতিষ্ঠান চালাতে গেলে কোনো বিভাগের কর্মীদের যদি অত্যাবশ্যকীয় হিসেবে নির্বাচন করে সেই বিভাগ চালু রাখতেই হয়, সেক্ষেত্রে রোটেশন পদ্ধতি চালু করতে হবে। ব্যাংকের চারজন ক্যাশিয়ার থাকলে এ সপ্তাহে দুজন আসবেন তো আগামী সপ্তাহে অন্য দুজন আসবেন। তিনজন ক্লিনার দিয়ে যদি কাজ চলে, ছয়জন ক্লিনারকে একসঙ্গে এনে বসিয়ে রাখা ঠিক হবে না। এভাবে রোটেশন করে দায়িত্ব বন্টন করে দেওয়া হলে কর্মীর ওপর থেকে বাড়তি চাপও কমে যাবে পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মীদের বসার বিষয়টিও নিশ্চিত করা যাবে। রাস্তাঘাটের ওপর চাপও কমে যাবে।

ওয়ার্ক ফ্রম হোম বা রোটেশনাল ডিউটির আরেকটি ইতিবাচক দিক রয়েছে। আগামীতে অনেক প্রতিষ্ঠানকেই অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যেতে হবে। বিশাল অট্টালিকা বা ওয়ার্কস্পেস ভাড়া নেওয়া হয়তো অনেক প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব হবে না। যদি সঠিকভাবে ওয়ার্ক ফ্রম হোম ও রোটেশন চালু করা যায় তাহলে ৪ তলা ভবনের পরিবর্তে দোতলা ভবনেই কর্মীদের জায়গা দেওয়া সম্ভব। এতে করে দুটি ফ্লোরের সাশ্রয় হবে। এ ছাড়াও পানি, বিদ্যুৎ, চা, নাস্তা, লাঞ্চ, ইন্টারনেট, টেলিফোন ইত্যাদি খরচ তো আছেই। করোনাভাইরাস পরবর্তী সময়ে অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে এটিও একটি বিকল্প হতে পারে। কর্মী ছাঁটাই কিংবা বেতন আটকে রাখা দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠান ও জাতীয় অর্থনীতিতে নেতিবাচক ভূমিকা রাখবে। সুতরাং ভাবতে হবে কীভাবে প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা যায়।

দূরত্ব বজায় রেখে বসা ও চলাফেরা

ফ্লোর প্ল্যানে আমূল পরিবর্তন আনতে হবে। প্রথমে ঠিক করতে হবে রোটেশন ভিত্তিতে ওই ফ্লোরে সর্বোচ্চ কতজন কর্মী প্রতিদিন অফিস করবেন। এবার সেই সংখ্যাক ডেস্ক প্রত্যেকের থেকে সর্বোচ্চ দূরত্বে রাখুন। যাতে একজন কর্মী থেকে অন্য কর্মীর দূরত্ব থাকে অন্তত ৩ ফুট।

পর্যাপ্তসংখ্যক লিফট নিশ্চিত করতে হবে। একেকটি লিফটে কতজন উঠবে তা ঠিক করে দিয়ে দাঁড়ানোর জায়গা চিহ্নিত করে দিতে হবে। করিডরে বা ওপেন স্পেসে অপ্রয়োজনীয় স্থাপনা, মূর্তি, ভাস্কর্য, সোফা ইত্যাদি সরিয়ে ফেলাই ভালো। জায়গা যথা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করতে হবে। যাতে আসা যাওয়ার সময় প্রত্যেকে সর্বোচ্চ দূরত্ব বজার রেখে হাঁটতে পারে। ক্যাফেটেরিয়া, কমন জোন, রিক্রিয়েশন জোন, বসার জায়গা আপাতত বন্ধ রাখতে হবে। কর্মীদের বাসা থেকে খাবার আনার জন্য উৎসাহিত করতে হবে। ক্যাফেটেরিয়া খোলা রাখতে হলে প্যাকেটে খাবার সরবরাহ করতে হবে, যাতে কর্মী নিজ ডেস্কে বসে খেতে পারে। সকলকে কমনপ্লেসে জমায়েত হওয়া থেকে নিরুৎসাহিত করতে হবে।  

কম মিটিং, অনলাইন যোগাযোগ বৃদ্ধি

মিটিংয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন। নানা কর্মসূচির মানুষের সংস্পর্শে আসতে হবে। সেজন্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়বে। মনে রাখতে হবে, প্রতিদিন আপনি যত কম মানুষের সংস্পর্শে আসবেন, ততই ভালো। যোগাযোগ বা চলাফেরা ডেস্কমেট বা ফ্লোরমেটদের মধ্যেই সীমাবদ্ধ রাখাই ভালো।

একান্ত প্রয়োজন ছাড়া মিটিং কল করবেন না। হোয়াটসঅ্যাপ বা ইমেলে ছোটখাটো কথা বা কাজ সেরে ফেলতে হবে। একান্তই যদি মিটিং করতেই হয়, তবে স্কাইপ, জুম বা গুগল মিটে করতে হবে। যে যার ডেস্কে বসেই মিটিংয়ে অংশ নেবেন। কর্মীদের প্রশিক্ষণ দিয়ে অনলাইন টুলসগুলো ব্যবহারের পদ্ধতি শিখিয়ে দেওয়া উদ্যোগ নিতে হবে। অনেকেই হয়তো জুম মিটিং, গুগল ডকস ইত্যাদি পদ্ধতিতে দক্ষ নয়।

বসাতে হবে ডিসইনফেকশন টানেল এবং ইনফ্রারেড থার্মোমিটার

সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অফিসের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা। প্রবেশমুখে থার্মাল ক্যামেরা বা থার্মোমিটার রাখতে। নির্দিষ্ট তাপমাত্রার বেশি হলে, কর্মীকে প্রবেশ করতে দেওয়া যাবে না। অফিসের গেটে হ্যান্ড স্যানিটাইজার বুথ স্থাপন করতে হবে। বিভিন্ন জায়গায় স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। অফিসের গেটে ডিসইনফেকশন টানেনের ব্যবস্থা করতে হবে। যার মধ্য দিয়ে সকল কর্মীকে হেঁটে অফিসে ঢুকতে হবে। জুতা জীবাণুমুক্ত করার জন্য ডিসইনফেকশন ম্যাট বা বোল রাখতে হবে। অবশ্যই সকলকে মাস্ক পরতে হবে। জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স বা গাড়ি প্রস্তত রাখতে হবে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দীর্ঘদিন লকডাউন জারি রাখার সুযোগ কম। যেখানে উন্নত বিশ্বের দেশগুলো লকডাউন চলাকালীন জীবিকা ও  খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের কথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অতি দীর্ঘ লকডাউনের কারণে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার চাইতে ক্ষুধা ও অনাহারে বেশি লোকের প্রাণহানি হবে।  সে কারণে অন্য কর্মক্ষেত্রগুলোও ধীরে ধীরে খুলে দিতে হবে। সকলকে খেয়ে পরে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে।

এক্ষত্রে প্রতিষ্ঠানের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি রাষ্ট্রের দায়িত্বও কম নয়। সরকারের কাছে আহ্বান থাকবে, একটি টাস্কফোর্সের মাধ্যমে দেশের সকল প্রতিষ্ঠানে এই বিষয়গুলো মানা হচ্ছে কিনা তার তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান চ্যালেঞ্জের সম্মুখীন হলে, তাদেরকে সহায়তা করতে হবে। এই মুহূর্তে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা করা জরুরি। নিজে জিতলে এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। অর্থনীতিকে সচল রেখে কীভাবে দেশকে করোনামুক্ত করা যায় এবং সকলের জন্য নিরাপদ করে তোলা যায়, তা নিয়ে এখন থেকেই ভাবতে হবে।