সরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা
[করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত কয়েকমাস ধরে বন্ধ। ফলে, লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। এ প্রেক্ষাপটে গত সপ্তাহে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে মাননীয় শিক্ষামন্ত্রীর এক মতবিনিময় সভা। তাতে অনলাইন শিক্ষা প্রদানে সরকারের সদিচ্ছা প্রকাশ পায়। শিক্ষক-পক্ষ থেকেও মোটামুটিভাবে ইতিবাচক সাড়া পাওয়া যায়। সেই সাথে সংশয়ের দিকগুলোও ওঠে আসে। তার কারণ অবশ্যই আছে। অনলাইন শিক্ষায় চ্যালেঞ্জ, অপর্চুনিটি এবং এ পদ্ধতি অবলম্বন না করায় কী ধরনের ক্ষতির সম্ভবনা আছে, তা সংক্ষেপে আলোচিত হয়েছে এ প্রবন্ধে। এ আলোচনায় মূলত কৌশলগত দিকগুলোই তুলে ধরা হয়েছে।]
নিজের অভিজ্ঞতার আলোকেই শুরু করছি। গত ২৬ ফেব্রুয়ারি আমার চীনে যাবার কথা ছিল। সাংহাই বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রোগামে সাপ্লাই-চেইন বিষয়ের উপর একটি কোর্স পড়াতে। করোনাভাইরাস সংক্রমণ ঘটায় যাওয়া হয়নি। সম্প্রতি সাংহাই বিশ্ববিদ্যালইয়ের কর্তৃপক্ষ আবার যোগাযোগ করে জানতে চায়, আগামী অগাস্ট মাসে আমি পড়াতে পারবো কিনা। তবে এবার আর 'ফেস-টু-ফেস' নয়, পড়াতে হবে অস্ট্রেলিয়া বসে অনলাইনে। তাও আর ইন্টেন্সিভ মোডে। মানে, চারদিনে ত্রিশ ঘণ্টা পড়িয়ে পুরো কোর্স শেষ করা। আমি চ্যালেঞ্জটা নিয়েছি।
করোনাভাইরাস অকস্মাৎ সব বদলে দিয়েছে। বদলে দিয়েছে বিশ্বের প্রতিটি মানুষকে, সমাজকে; প্রতিটি দেশকে, ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রতিটি সাপ্লাই-চেইনকে। এ মোটেই ক্রমবর্ধমান বদল নয়, এ ডিজরাবটিভ পরিবর্তন, যা পণ্য ও সেবার উৎপাদন, সরবরাহ, বাজার এবং ভোগের চক্রের মূলে আঘাত করেছে অকল্পনীয়ভাবে।
আমরা যারা এখনও ভাবছি, কবে, কখন আবার স্বাভাবিক (নর্মাল) জীবনে ফিরে আসবো; দুঃখের সাথে তাদের বলতে হচ্ছে, 'করোনা-পূর্ব' নর্মালে আমরা আর কখনই ফিরবো না। যে নর্মালে ফিরবো, তা হবে 'নিউ নর্মাল'। আমাদের এই বাস্তবতা হিসেবে নিয়েই নির্ধারণ করতে হবে সমাজ-সংসার আর দেশের ভবিষ্যতের কৌশল।
বিশ্ববিদ্যালয় শিক্ষা সেক্টরের কথাই ধরুন! ভাবতে অবাক লাগে মাত্র কয়েক মাসের মধ্যেই করোনার প্রাদুর্ভাবে শিক্ষা প্রদানের পদ্ধতি পাল্টে যাচ্ছে ত্বরিত গতিতে। শিক্ষাকে যদি ব্যাপক অর্থে দেখি, তবে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার মতে 'ফেইস-টু-ফেইস' শিক্ষার কোন বিকল্প নেই। কারণ শিক্ষার্থীরা শুধু চার দেয়ালের মাঝেই শেখে না; তারা শেখে নিজেদের মাঝে আদান-প্রদানে, শেখে সমাজ থেকে; জীবনকে বুঝে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর অঙ্গনে। আর এসব মিলেই হয় প্রকৃত শিক্ষা। অনলাইন শিক্ষা পদ্ধতি পূর্ণাঙ্গ শিক্ষা প্রদানে আপাতত অপারগ বলে আমার বিশ্বাস।
তাই বলে কি শিক্ষা দেয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে? বর্তমানে বাংলাদেশে স্বায়ত্তশাসিত ও সরকারি ৪৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে (চারটি মেডিকেল কলেজসহ)। এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় আট লাখ পঁচিশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। সেই সাথে ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রায় তিন লাখ ৭৫ হাজার শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে আছে আরও বিপুল শিক্ষার্থী (প্রথম আলো, ৬ জুন ২০২০)। তাদের কী হবে? আজ কয়েক মাস ধরে এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোভিড-১৯ এর কারণে বন্ধ। ফলে, লাখ লাখ শিক্ষার্থী আপাতত প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। নিশ্চয়ই তারা অনির্দিষ্টকালের জন্য বসে থাকতে পারে না! আমাদের বিকল্প পদ্ধতির কথা ভাবতে হবে।
একটা সময়, বাস্তব আর ভার্চুয়ালের মাঝে তফাৎ ছিল ব্যাপক। আজ ভার্চুয়ালই বাস্তব। তাই, আপাদত অনলাইনই কি বিকল্প? তবে এই ডিজরাবটিভ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে অনলাইন শিক্ষা প্রদান পদ্ধতি চালু করা সহজ নয়। আছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ। এখানে উচ্চপর্যায়ের কয়েকটি চ্যালেঞ্জের উল্লেখ করছি –
প্রথম চ্যালেঞ্জ: মানসিকতা
অকপটে স্বীকার করছি, এই সেদিনও অনলাইন পড়াবার অভিজ্ঞতা আমার ছিল না। এ বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করোনাভাইরাসের কারণে বন্ধ হয়। আমাদের সেমিস্টারের তখন মাত্র শুরু। প্রশাসন রাতারাতি অনলাইন শিক্ষা প্রদানের সিদ্ধান্ত নেয় এবং যথাযথ ব্যবস্থা নেয়। পড়ানোর এই অভিনব পদ্ধতি সম্পর্কে অবগত হবার শুরুতেই উপলব্ধি করি যে, এক নতুন প্যারাডাইমে প্রবেশ করছি আমি, যেখানে 'হিউম্যান-টেকনোলজি' এর সমন্বয় অতি জরুরী। গত প্রায় ত্রিশ বছর ব্লাকবোর্ড, গ্রিনবোর্ড, চক ও ডাস্টার থেকে ওভারহেড ট্রান্সপারেন্সি হয়ে পাওয়ারপয়েন্টের মাধ্যমে শিক্ষা দেওয়ার পর, অপ্রত্যাশিতভাবে এলো অনলাইন। শুরুতে মনস্তাত্ত্বিকভাবে আমার জন্য এ ছিল পাহাড় ঠেলার মত চ্যালেঞ্জ। তবে নিজের অভিজ্ঞতা থেকে বলছি– প্রথম প্রথম 'হিউম্যান-টেকনোলজি' সমন্বয়ের ডোমেইন অজেয় মনে হলেও, ব্যাপারটা তেমন কঠিন কিছু নয়। তাই আমরা শিক্ষক-শিক্ষার্থী উভয়ই যদি মনে করি–'আমরা পারবো', আর এই মানসিকতা নিয়ে এগোলে অনেক বাঁধাই খাটো হয়ে আসবে।
দ্বিতীয় চ্যালেঞ্জ: হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট বিষয়ক
কারও অজানা নয় যে, অনলাইন শিক্ষা দেওয়ার জন্য হার্ডওয়্যার-সফটওয়ার-ইন্টারনেটভিত্তিক প্লাটফর্ম অত্যাবশ্যক। বাংলাদেশের প্রেক্ষাপটে সফটওয়্যার-ইন্টারনেট জোগানো শিক্ষক কিংবা শিক্ষার্থী করোর জন্যই তেমন কোন সমস্যা নয়। তবে, শিক্ষকের জন্য ল্যাপটপ/স্মার্ট ফোনের সমস্যা না হলেও, বহু শিক্ষার্থীর জন্য এ সমস্যা থাকাটাই স্বাভাবিক। খুশির খবর হলো, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক জরিপে দেখা যায় যে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ৮৬ দশমিক ৬২ শতংশের স্মার্টফোন আছে। বাকি যাদের নেই তাদের জন্য ল্যাপটপ/স্মার্ট ফোনের ব্যবস্থা কিভাবে করা সম্ভব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা নিয়ে ভাবতে হবে। আমার ধারণা, এ সমস্যার সমাধান তেমন জটিল হবার কথা নয়।
তৃতীয় চ্যালেঞ্জ: আগাম প্রস্তুতি এবং শিক্ষকের উপর বাড়তি চাপ
অনলাইনে মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য কোর্স সংক্রান্ত যাবতীয় যেমন, কোর্স গাইড, লেকচার ম্যাটেরিয়াল, ভিডিও, আগাম তৈরি করে শিক্ষার্থীদের জন্য সেমিস্টারের শুরুতেই আপলোড করা। কোন সন্দেহ নেই, এ সবই শিক্ষকের উপর বাড়তি চাপের সৃষ্টি করবে। আর এসব কিছুই ফার্স্ট টাইম রাইট রাইট হওয়াও বাঞ্ছনীয়। তবে এটাও সত্য, মানসম্মতভাবে ভয়েজ রেকর্ড সহ যাবতীয় বিষয়াদি একবার দাঁড় করাতে পারলে পরবর্তীতে শিক্ষা প্রদানে চাপ লাঘব হবে ব্যাপকভাবে।
চতুর্থ চ্যালেঞ্জ: কোর্স মূল্যায়ন (ইভালুয়েশন) ঢেলে সাজানো
যে কোন বিষয়ে, শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় সাধারণত অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এক্সপেরিমেন্ট (বিজ্ঞান, চিকিৎসা ও প্রযুক্তি বিষয়ক কোর্সের ক্ষেত্রে) এবং পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেওয়া সাধারণত জটিল, তাই এটা এড়াতে পারলে ভাল। বিজ্ঞান, চিকিৎসা ও প্রযুক্তি বিষয়ক কোর্সের ক্ষেত্রে ল্যাব ও এক্সপেরিমেন্ট ভার্চুয়ালি করা যায় কিনা, সে বিষয়ে অভিনব হওয়ার সুযোগ আছে। আজকাল গুগল সার্চ করলেই অনেক কিছুর উত্তর মেলে। সেই সাথে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্যও দেশে-বিদেশে বহু প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে; তাই অ্যাসাইনমেন্ট ডিজাইনেও ইনোভেশন আনতে হবে। আর এসব খুব সহজ কাজ নয়।
ভবিষ্যৎ শিক্ষা দেওয়ার সম্ভাব্য কৌশল
আমরা যে যাই ভাবি না কেন, আমার ধারণা, করোনা-উত্তর 'নিউ নর্মাল' প্রেক্ষাপটে বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা দেওয়া তিন পদ্ধতিতে সমান্তরালভাবে পরিচালিত হবে –
এক. এক্সক্লুসিভলি ফেইস-টু-ফেইস
শিক্ষা প্রদানের এ ধারা প্রচলিত পদ্ধতি। এক শ্রেণির শিক্ষার্থীদের জন্য পূর্বের মতই এ পদ্ধতি চালু থাকবে, বিশেষ করে আন্ডারগ্রজুয়েট প্রোগ্রামগুলোর জন্য। তবে, এ পদ্ধতি সরকার ও শিক্ষার্থী, উভয়ের জন্যই অতন্ত ব্যয়বহুল।
দুই. আধা ফেইস-টু-ফেইস, আধা অনলাইন
বহু শিক্ষার্থীদের কাছে এ পদ্ধতি আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা বেশ। কারণ, তুলনামূলকভাবে এতে খরচ কম। সেই সাথে কমে যাবে সরকারের ব্যয়।
তিন. এক্সক্লুসিভলি অনলাইন
এক সময় বাস্তব আর ভার্চুয়ালের মাঝে তফাৎ ছিল আকাশ আর পাতাল। আজ ভার্চুয়ালই বাস্তব। যেহেতু তুলনামূলকভাবে কম ব্যয়ে পৃথিবীর যে কোনও দেশের যে কোনও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হবে, অবশ্য, যতক্ষন পর্যন্ত ভর্তির ন্যূনতম শর্ত মানা যাবে; তাই ধীরে ধীরে শিক্ষা প্রদানে অনলাইন পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠবে।
অনলাইন শিক্ষা পদ্ধতি প্রণয়ন এবং প্রদানে অনেক চ্যালেঞ্জ আছে বটে, পাশাপাশি সম্ভাব্য অপর্চুনিটিও অনেক। এখানে প্রধান কয়েকটি উল্লেখ করছি –
এক. সরকারের ব্যয় সঙ্কোচিত হওয়ার সম্ভাবনা
গত দশ বছরে গড়ে শিক্ষাখাতে বাংলাদেশ সরকারের বরাদ্দ জিডিপি-র মাত্র ২ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় এ বরাদ্দ সব থেকে কম (বিশ্ব ব্যাংক, ২০১৮)। করোনা-উত্তর কালে রাতারাতি এ বরাদ্দ বাড়ানো সরকারের পক্ষে সম্ভব না হওয়াটাই হয়তো স্বাভাবিক। সে ক্ষেত্রে ব্যাপকভাবে অনলাইন শিক্ষা প্রসারে সরকারের ব্যয় কমে আসবে, যেহেতু অবকাঠামো যেমন, শিক্ষাভবন, ছাত্রাবাস, লাইব্রেরির প্রয়োজন কমে আসবে উল্লেখযোগ্যভাবে। সেই সাথে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর খরচ বাড়বে অতি সামান্য।
দুই. গবেষণায় বরাদ্দ বাড়ার সুযোগ
গবেষণা ছাড়া কোন বিশ্ববিদ্যালয় কখনই সত্যিকার অর্থে একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিতে পারে না, তা আমাদের সকলেরই জানা। গত বছর এক জরিপে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ই এশিয়ার শীর্ষ চারশ বিশ্ববিদ্যালয়ের মাঝে স্থান করে নিতে পারেনি, তখন গবেষণার গুরুত্বের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে সরকার যদি নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানের, সেই সাথে পুরাতন বিশ্ববিদ্যালয়ের জন্য অবকাঠামো তৈরির ব্যয় কমাতে পারে, তবে গবেষণার বরাদ্দ বাড়ার সম্ভাবনা থাকবে।
তিন. আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা
শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম প্রণয়ন ও প্রদান এবং গবেষণার মান উন্নয়ের জন্য দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ স্থাপন এবং ক্রমান্নয়ে, তা বাড়ানো অতন্ত জরুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ও তার আদলে গড়ে ওঠে সেই ৬০-এর দশকে যা আজও বাংলাদেশে ব্যবসা প্রশাসন শিক্ষায় একটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। তবে ইন্ডিয়ানার সঙ্গে এ প্রজেক্ট ছিল অতন্ত ব্যয়বহুল। এখন অনলাইন শিক্ষা পদ্ধতির মাধ্যমে একই ধরনের যৌথ প্রজেক্ট বাস্তবায়ন অসম্ভব নয়। এ ক্ষেত্রে যত না অর্থের প্রয়োজন, তার চেয়ে ঢের বেশি প্রয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকদের ইনোভেটিভ কৌশল বাতলানোর বিষয়টি। শুরুতে, প্রবাসের কোন স্বনামধন্য শিক্ষকে গেস্ট স্পিকার হিসেবে আমন্ত্রণ জানানো, ধীরে ধীরে পাঠ্যক্রম এক্সচেঞ্জ, এবং পরবর্তিতে কো-রিসার্চার হিসেবে সম্পর্ক গড়ে তোলা। যেমন, বিশ্বের যে কোন নামীদামী শিক্ষককে অনলাইনের মাধ্যমে শুধু ঢাকা বিশ্ববিদ্যলয় কেন, বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে নিয়ে আসা সম্ভব। এর জন্য প্রয়োজন শুধুই সঠিক যোগাযোগের কৌশল অবলম্বন।
অনলাইন শিক্ষা পদ্ধতি চালু না করার সম্ভাব্য ক্ষতি
একটা ঘটনা বলি। ঘটেছে আজ থেকে প্রায় দশ বছর আগে। তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার (ওইউএ) মাধ্যমে অপারেশন ম্যানেজমেন্ট নামক আমার একটি কোর্স পড়ানো হত। তার জন্য আমাকে শুধু কোর্স সংক্রান্ত ম্যাটেলিয়াল তৈরি করে জমা দিতে হত এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ ঘনিয়ে এলে, একটি নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা আমার সাথে যোগাযোগ করতে পারতো। একদিন বিকেলের দিকে একটা ফোন আসে আমার অফিসে। ফোনের অন্য প্রান্ত থেকে গুরুগম্ভীর কণ্ঠে এক ভদ্রমহিলা জিজ্ঞেস করে – 'তুমি কি শামস্ রহমান?'
উত্তরে আমি বলি– হ্যাঁ!
সে বলে– কথা বল।
কয়েক মুহুর্ত পর ভেসে আসে এক পুরুষ কণ্ঠ। নিজের নাম উচ্চারণ করে বলে – আমি তোমার একজন ছাত্র। অ্যাসাইনমেন্টের একটা জায়গায় একটু গোলমেলো মনে হচ্ছে, ঠিক ধরতে পারছি না। বোঝার জন্য ফোন করেছি।
আমি বললা – তা, এখন কেন? তোমার তো ২টা থেকে ৩টার মাঝে ফোন করার কথা।
উত্তরে বলে– ঐ সময়, সব সময় আমার পক্ষে ফোন করা সহজ নয়!
বললাম– কেন? সিদ্ধান্ত তাই হয়েছে।
বলে– আমি হাই সিকিউরিটি প্রিজন থেকে কথা বলছি।
আমি বলি– তার মানে?
বলে- আমি একজন আসামি।
এরপর এ ব্যাপারে আমি আর কথা বাড়াইনি। এখানে বলা প্রয়োজনে, সেই ছাত্রটি সে সেমিস্টারে আমার কোর্সে সর্ব উচ্চ নম্বর পায়।
অনলাইন শিক্ষা পদ্ধতির বাজার ও সুযোগ দুই অফুরন্ত।
একসময় মালয়েশিয়া, থাইল্যান্ড, এমন কি লিবিয়া থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো। গত চার যুগ ধরে বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থীরা ভারত, মালেশিয়া, থাইল্যান্ডসহ অন্যান্য উন্নত পশ্চিমা দেশে পড়াশোনা করতে যায়। হয়তো আরও অনেকেই পাড়ি দিত যদি ব্যয়ের ভার বইতে পারতো।
ঠিক এই পরিস্থিতিতে যদি আশেপাশের দেশসহ বিশ্বের অন্যান্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন শিক্ষা পদ্ধতি চালু করে, আর আমরা মানসম্মতভাবে তা অবলম্বন না করি? কী হতে পারে এর ফলাফল? অনলাইনে বাড়তি শিক্ষার্থীর ভর্তির জন্য ব্যয় যেহেতু মারজিনাল, তাই অপেক্ষাকৃত কম টিউশন ফিতেই বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য ভর্তির অফার করবে, যতক্ষণ তারা ভর্তির ন্যূনতম শর্ত মানতে পারবে। তারা তখন সহজেই দেশে বসেই প্রবাসের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারবে। বলার অপেক্ষা রাখে না, সেই পরিস্থিতিতে, দেশি বিশ্ববিদ্যালয়গুলো ব্যাপক-সংখ্যক শিক্ষার্থী হারাবে।
এ সুযোগ নিশ্চয়ই আমরা শুধু হারাতে চাই না নয়, আমরা হারাতে পারিনা। এ কারণেই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সরকারকে সুচিন্তিত কৌশল নিয়ে এগিয়ে আসতে হবে। মাটি যখন কেঁপে উঠে, তখন দ্রুত চলাই প্রধান কৌশল।।
