মহামারী মোকাবিলা: সেকাল ও একাল
করোনাভাইরাস সৃষ্ট মহামারীর আগে সবচেয়ে মারাত্মক মহামারী এসেছিল ১৯১৮ সালে, স্প্যানিশ ফ্লু- একশ বছর আগে। ইতোমধ্যে একশ বছর পার হয়েছে। এই সময়ে বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়েছে। অর্জিত হয়েছে বিজ্ঞানের বহুক্ষেত্রে অভাবিত সাফল্য। কিন্তু মহামারী মোকাবিলায় এই পৃথিবীর সক্ষমতা কতটা বেড়েছে?
বৈজ্ঞানিক অগ্রগতির অনেক কিছু এসেছে যুদ্ধের উপর ভর করে। ব্যবহৃত হয়েছে মারণাস্ত্র আবিষ্কার, উৎপাদন ও প্রয়োগের জন্য। ফলে এ পৃথিবীর অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ হয়েছে দ্রুততা, দক্ষতা ও ক্ষিপ্রতার সাথে ধ্বংসযজ্ঞ ঘটানোর জন্য। বিজ্ঞানে নিয়োজিত সম্পদের যে পরিমাণ যুদ্ধের জন্য ব্যবহৃত হয়েছে তার অংশ বিশেষও যদি শান্তির জন্য নিয়োজিত হতো, তাহলে এ বিশ্ব অনেক নিরাপদ আবাস হতো মানুষের জন্য, প্রাণীকূলের জন্য। তা হয়নি বরং পৃথিবী হয়ে উঠেছে এক অনিরাপদ স্থান। মানুষ, প্রাণী ও প্রকৃতি- সবার জন্য।
ঠিক এবারের মতো ১৯১৮ সালেও অর্থনীতি অচল হয়ে পড়েছিল। উৎপাদন ও চাহিদায় ধস নেমেছিল। ব্যাংক সমূহে দেখা দিয়েছিল মহাতারল্য সংকট। তখনও আক্রান্ত দেশগুলোতে বিশেষত আমেরিকায় শোনা গেছে নেতৃবৃন্দের ফাঁকা বুলি ও নিরর্থক আশ্বস্তকরণের বাণী। যা ছিল হাসপাতালের রোগী আর মৃতের মিছিলের সাথে সম্পূর্ণ সঙ্গতিহীন। এবারেও আমরা তেমনটাই দেখছি। বিশেষত আমেরিকাতে, সেকালের কোয়ারেন্টিন একালের আরোপিত হয়েছে সর্বত্র। সেকালে বলা হয়েছিল উপশমের জন্য বুকে পেঁয়াজ ঘষতে। আর এবার বলা হচ্ছে ডিজইনফেকটেন্ট শিরায় নিতে।
১৯১৮ সালে যেমন ছিল না, এবারেও তেমন নেই এই মহামারী মোকাবিলায় কোন ভ্যাকসিন, চিকিৎসা বা নিরাময়।
বলা হয়ে থাকে স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছিল ৫ কোটি মানুষ। কোভিড-১৯ এর ব্যাপ্তি স্প্যানিশ ফ্লু এর চেয়ে অনেক বেশি। বিশ্বব্যাপী আক্রান্তের হার বেড়েই চলেছে। এযাত্রায় কত মানুষের মৃত্যু হবে তা এখনই বলা যাবেনা। পৃথিবীর সর্বাপেক্ষা ধনী দেশ আমেরিকায় এযাবত লাখের কাছাকাছি লোকের প্রাণহানী হয়েছে। পৃথিবীতে মৃতের সংখ্যা তিন লাখের বেশি, আক্রান্ত অর্ধ কোটি ছাড়িয়েছে। তবে আধুনিক বিজ্ঞানের আশীর্বাদে এবারের কোভিড-১৯ দ্রুত চিহ্নিত হয়েছে। এর জেনেটিক কোড প্রকাশিত ও প্রচারিত হয়েছে। পরীক্ষার জন্য উদ্ভাবিত হয়েছে "টেস্ট কিট" যা ব্যবহার করে সংক্রমণ চিহ্নিত করা ও সংক্রমণজনিত মারাত্মক পরিস্থিতি এড়ানোর একটি সুযোগ সৃষ্টি হয়েছে। চেষ্টা হচ্ছে ভ্যাকসিন আবিস্কারের। সেকালে এই সুযোগ ছিল না। তবে রোগমুক্ত থাকার জন্য ও রোগ হলে রোগমুক্তির জন্য 'যা করণীয়'- এই দুইটি ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে অতি সামান্যই।
করোনাভাইরাসের ন্যায় ১৯১৮ সালের মহামারীও শ্বাসনালী আক্রমণ করা ভাইরাস থেকেই হয়েছিল। যা পশু থেকে মানুষে সংক্রমিত হয়ে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়েছিল। ধারণা করা হচ্ছে এবারেও তাই হয়েছে- পশু থেকে পশু হয়ে মানুষে সংক্রমিত হয়ে থাকতে পারে করোনাভাইরাস। তখনও "সামাজিক (আসলে হওয়া উচিৎ শারীরিক) দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া ও মাস্ক পরাই ছিল মহামারী নিয়ন্ত্রণের একমাত্র উপায়। ঠিক এখনকার মতোই। ১৯১৮ সালে শিকাগোর স্বাস্থ্য কমিশনার ড. জন রবার্টসনের পরামর্শ ছিল "ফ্লু রোগ হলে বাসায় থাকুন, রেস্ট নিন। উষ্ণ থাকুন, গরম পানি পান করুন এবং লক্ষণ চলে যাওয়া পর্যন্ত শান্ত থাকুন। তবে বেশ সাবধান থাকুন। কারণ ফ্লু শেষে সর্বাধিক বিপদ আসতে পারে নিউমোনিয়া বা কোভিড সংশ্লিষ্ট সমজাতীয় রোগ থেকে।" এবারের পরামর্শও একই।
নিউমোনিয়াও অত্যন্ত ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্যসংস্থার তথ্য মতে, ২০১৭ সালে নিউমোনিয়ায় বিশ্বব্যাপী ২৫ লাখ ৬০ হাজার মানুষ মারা গিয়েছিল, যার এক তৃতীয়াংশ শিশু।
একটি বিষয়ে দুই মহামারীর তফাৎ উল্লেখযোগ্য। কোভিড-১৯ এর আক্রান্তের শিকার হচ্ছে দুর্বল প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন, রোগব্যাধিতে আক্রান্ত এবং বেশি বয়স্ক ব্যক্তিরা। মৃতের তালিকায় তুলনামূলকভাবে পুরুষের সংখ্যা বেশি। অন্যদিকে স্প্যানিশ ফ্লু তুলনামূলকভাবে কম বয়সী (২০-৪০ বছর) জনগোষ্ঠির জন্য বিপজ্জনক ছিল।
সম্ভবত শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের ছিল, তারাই ওই মহামারীর আক্রমণের শিকার হয়েছেন। তবে দুই মহামারীর মিল রয়েছে অনেক ক্ষেত্রে। সমাজের সকল স্তরের মানুষই দুই মহামারীতে আক্রান্ত হয়েছেন। এবারে ব্রিটেনের যুবরাজ চার্লস, প্রধানমন্ত্রী বরিস এবং রাশিয়ার প্রধানমন্ত্রী ও কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী আক্রান্ত হয়েছেন। স্প্যানিশ ফ্লুতেও আক্রান্ত হয়েছিলেন ব্রিটেন, জার্মানি ও যুক্তরাষ্ট্রের নেতারা। আক্রান্ত হয়েছিলেন যুদ্ধ পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট যিনি মহামারীকালে আমেরিকার নেভি সেক্রেটারি ছিলেন।
স্প্যানিশ ফ্লুতে কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এবারের মহামারীতে ইতোমধ্যে লাখ লোকের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ এর ফলে সারা পৃথিবীব্যাপী সাধারণ, দরিদ্র, স্বল্প আয় ও সম্পদের অধিকারী জনগোষ্ঠির উপর নেমে এসেছে মহাদুর্যোগ। কর্মহীন, আয়বঞ্চিত ও ক্ষুধাপীড়িত মানুষের জন্য সেকালেও স্প্যানিশ ফ্লু সৃষ্টি করেছিল স্বাস্থ্যগত, অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়- যেমনটি দেখা যাচ্ছে আজকের পৃথিবীতে। আইএলও এর মতে, ৩৫ কোটির বেশি মানুষ কর্মহীন হতে যাচ্ছে এবারের মহামারীতে। আমেরিকায় সাদা/ বিত্তবানদের তুলনায় কালো/দরিদ্র/খেটে খাওয়া আমেরিকানদের মৃত্যুহার অনেক বেশি।
স্প্যানিশ ফ্লু এর সময় আমেরিকার সার্জন জেনারেল "সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছিলেন, উপদেশ দিয়েছিলেন বেশি জনসমাগমের জায়গা এড়িয়ে চলতে। কিন্তু জীবিকার তাগিদে দরিদ্র মানুষগুলো তা মানতে পারেনি। হয়েছে মহামারীর বলি। যেমনটা হচ্ছে আজও যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বহু দেশেই।
অবিশ্বাস্য হলেও কাকতালীয়ভাবে এই দুই মহামারীতেই মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সামনে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সে বিষয়টি মাথায় রেখে এবার ডনাল্ড ট্রাম্প অসত্য বিবৃতি ও বর্ণনা দিয়েই যাচ্ছেন। এমনকি শিরায় সংক্রমণ রোধক ইঞ্জেকশনের উদ্ভট ধারণাও দিয়েছেন তিনি। অন্যদিকে স্প্যানিশ ফ্লু এর সময় আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন নিজে আক্রান্ত হওয়ার পরও মহামারী সংকট নিয়ে সম্পূর্ণ মৌন ছিলেন। যে মহামারী লাখ লাখ প্রাণ কেড়ে নিয়েছিল, সে সম্পর্কে তিনি ছিলেন সম্পূর্ণ নীরব।
স্পেনকে জড়িয়ে ১৯১৮ সালের ফ্লু-র নামকরণ করা হয়েছিল স্প্যানিশ ফ্লু। কিন্তু ওই মহামারীর উৎপত্তি স্পেনে হয়েছিল এমনটা বলা যায়না। বরং স্পেনে তখন ছিল স্বাধীন সাংবাদিকতা। যার ফলে তখন মহামারীর বিষয়টি ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হয়েছিল স্পেনে। তারই সুবাদে ওই সময়কার মহামারীর নামকরণ হয়েছিল স্প্যানিশ ফ্লু। বাস্তবে সেই ফ্লু অন্য যে কোন দেশের নামের সাথেও যুক্ত হতে পারতো। যেমন 'ইউরোপিয়ান ফ্লু' বা 'আমেরিকান ফ্লু'। অবশ্য সে সময়ও আমেরিকাসহ যুদ্ধ সংশ্লিষ্ট দেশ সমূহ মহামারীকে অস্বীকার করা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এসময়ে যেমনটা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটা (মহামারী) এমনিতেই চলে যাবে।
এবারে মহামারীর উৎপত্তিস্থল চীনের উহান। এ বিষয়ে খুব একটা দ্বিমত নেই, তবে আমরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোভিড-১৯ ভাইরাসের সূত্র উহানের ল্যাবরেটরি। ট্রাম্প বলেছিলেন, এটা "চাইনিজ ভাইরাস"। এই ভাইরাসের উৎস সম্পর্কিত বিতর্কে জড়িয়ে পড়েছে চীন ও যুক্তরাষ্ট। এবিষয়ে তদন্তের দাবি করে অস্ট্রেলিয়া চীনের রোষানলে পড়েছে। বলাবাহুল্য, এই বিতর্ক বৈশ্বিক সহযোগিতাকে ইতোমধ্যে অনেক দুর্বল করে দিয়েছে। আমেরিকা কোভিড-১৯ এর ভ্যাকসিন অনুসন্ধানের আন্তর্জাতিক উদ্যোগ থেকে সরে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধ করার হুমকি দিয়েছে। দুর্ভাগ্য, এযাবত কোভিড-১৯ এর বিরুদ্ধে খুব সংঘবদ্ধ ও শক্তিশালী বৈশ্বিক প্রয়াস গড়ে ওঠেনি। যেমনটা দেখা যায়নি ১৯১৮ সালের মহামারীকালেও।
গত একশ বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। মানব ইতিহাসে সর্ববৃহৎ পরিমাণে সম্পদ সৃষ্টি ও অর্জিত হয়েছে ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায়ে। অথচ এই মহামারীকালে সবচেয়ে ধনী দেশ আমেরিকাসহ পৃথিবীর বহুদেশ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মহামারীতে ছেয়ে গেছে সারা পৃথিবী। কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ প্রাণ। কেউ জানেনা কবে, কিভাবে এর সমাপ্তি হবে। এই বাস্তবতার আলোকে আমরা কি বলতে পারিনা যে, একশ বছরের এতোসব পরিবর্তনের পরও মহামারী মোকাবিলায় অনেক ক্ষেত্রেই আজও আমরা রয়ে গেছি একশ বছর আগের পর্যায়েই!
