পুঁজির আদিম সঞ্চয়–আর কতদিন?
সম্প্রতি পত্রিকায় প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে আমরা দেখতে পাচ্ছি, সোনালি ব্যাংক লিমিটেডের রুপসী বাংলা (সাবেক হোটেল শেরাটন) শাখার প্রায় ৩ হাজার ৫'শ ৪৭ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে 'আত্মসাৎ' করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৮'শ ৩৭ কোটি ২০ লাখ টাকা খোদ সোনালি ব্যাংকের তহবিল থেকেই প্রদান করা হয়েছে। এটাকে বলা হচ্ছে 'ফান্ডেড জালিয়াতি'। আর অন্যান্য ব্যাংক সোনালী ব্যাংকের গ্যারান্টিকে অনুসরণ করে ১ হাজার ৭০৯ কোটি ৮০ লাখ টাকা প্রদান করেছে। এটাকে বলা হচ্ছে 'নন-ফান্ডেড জালিয়াতি'। এ দুই জালিয়াতির মোট পরিমাণ দাঁড়াচ্ছে, যা আগেই উল্লেখ করেছি-৩ হাজার ৫'শ ৪৭ কোটি টাকা। এ অর্থ সোনালী ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল ও সংরক্ষিত পুঁজির মোট পরিমাণের তুলনায় মোটেও নগন্য নয়। বাংলাদেশ ব্যাংকের চিঠি থেকে জানা যাচ্ছে, এ অর্থ জালিয়াতির মাধ্যমে সংগ্রহ করেছে মোট ছয়টি প্রতিষ্ঠান।
হল মার্ক গ্রুপের ফান্ডেড দায় ১ হাজার ৫২২ কোটি ৪৬ লাখ, নন-ফান্ডেড দায় ১ হাজার ১৬৩ কোটি ৬৮ লাখ, সর্বমোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা। টি অ্যান্ড ব্রাদার্সের ফান্ডেড দায় ৩০১ কোটি ৫৬ লাখ টাকা, ননফান্ডেড দায় ৩০৮ কোটি ১৩ লাখ, সর্বমোট ৬০৯ কোটি ৬৯ লাখ টাকা। প্যারাগন গ্রুপের ফান্ডেড দায় ৬ কোটি ৩০ লাখ, নন-ফান্ডেড দায় ১৪০ কোটি ৩০ লাখ, সর্বমোট ১৪৬ কোটি ৬০ লাখ টাকা। ডিএন স্পোর্টসের মোট দায় ৩৩ কোটি ২৫ লাখ টাকা। নকশী নীটের মোট দায় ৬৬ কোটি ৩৬ লাখ এবং খানজাহান আলী ৪ কোটি ৯৬ লাখ টাকা। প্রশ্ন হচ্ছে, এ জালিয়াতির প্রকৃতি কী? এটাকে কী 'আত্মসাৎ' বলব, না 'দুর্নীতি' বলব? যে চারটি প্রক্রিয়ায় জালিয়াতি হয়েছে, সেই চারটি প্রক্রিয়া হচ্ছে–এক, ক্ষমতা বহির্ভূতভাবে হলমার্ক ও অন্যান্য প্রতিষ্ঠানের অনুকূলে এলসি স্থাপন, অভ্যন্তরীণ বিল ক্রয়, ভূয়া রফতানি বিল ক্রয়, পিসি সুবিধা প্রদান। দুই, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে এলসি স্থাপন করে একমোডেশন বিল সৃষ্টির মাধ্যমে ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়া। তিন, শুধুমাত্র ভাউচারের মাধ্যমে বিভিন্ন গ্রাহকের অনুকূলে অর্থ প্রদান এবং চার, স্বীকৃত বিল মেয়াদোত্তীর্ণ হওয়া সত্ত্বেও তার অর্থ পরিশোধ না করে প্রকৃত অবস্থা আড়াল করা। এ কথা ঠিক যে, এই অর্থ জাল কাগজ দেখিয়ে উঠিয়ে/ হাতিয়ে নেয়া হয়েছে–তা ফেরৎ না দিলে তাকে আমাদের আত্মসাতই বলতে হবে। অর্থমন্ত্রী বলছেন, ৭৫ শতাংশ অর্থ উদ্ধারের ব্যবস্থা এরই মধ্যে হয়েছে এবং সাংবাদিকরা এত হৈ-চৈ না করলে বাকি ২৫ শতাংশ অর্থও তিনি উদ্ধারে সক্ষম হতেন। তার যুক্তি হচ্ছে, এত হৈ-চৈ করায় এখন ক্লাইয়েন্ট মামলার দিকে যাবে এবং তখন দীর্ঘদিনের জন্য সমস্যাটি ঝুলে থাকবে–অর্থ উদ্ধার হবে না। অর্থমন্ত্রীর এই মডেলের বিপদ হচ্ছে, এতে 'জালিয়াতির অপরাধকে' শাস্তি না দিয়ে আপোষের মাধ্যমে ক্ষতি হ্রাসের কথা বলা হয়েছে। অর্থাৎ এই পদ্ধতি নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। এতে শাস্তিহীনতার কারণে ভবিষ্যতে দুর্বৃত্তরা এক ধরনের ইতিবাচক বার্তা পাবেন এবং ব্যাংকিং খাতের বিপন্নতা অব্যাহত থাকবে। সুশাসনের ক্ষেত্রে এটি হবে এক খারাপ দৃষ্টান্ত। রাজনৈতিকভাবে সরকারের জন্য তা অনুকূল হবে না। এ কথা সংসদে অন্ততঃ দুজন সদস্য এরই মধ্যেই প্রকাশ্যে বলেছেন।
আমরা এ কথাও জানি, এক হাতে কখনো তালি বাজে না। প্রক্রিয়াগুলো অনুমোদনে নিশ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত ছিল। সেখানে সোনালী ব্যাংকের কোন পর্যন্ত বা কোন স্তরের কর্মচারীরা লিপ্ত ছিল সেটি খুঁজে বের করার দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকের। বাংলদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে ফাংশনাল অডিটের ভিত্তিতে সোনালী ব্যাংকের ৩১ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে তিন ধরণের অপরাধের অভিযোগ আনা হয়েছে। এক. ক্ষমতার অপব্যবহার করা। দুই. ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালন না করা। এবং তিন. জেনে-শুনে চুপ করে থাকা। স্বাভাবিকভাবে এসব বিভিন্ন মাত্রার অপরাধের জন্য বিভিন্ন মাত্রার শাস্তি তাদের প্রাপ্য। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে অবশ্য তাদের 'বরখাস্ত করা' থেকে শুরু করে বোর্ড 'পুনর্গঠনের' সুপারিশও করা হয়েছে। এটা নিয়ে অর্থমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেছেন, এ রকম সুপারিশের অধিকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নেই। এটা এখতিয়ার বর্হিভূত হয়েছে। এ ক্ষেত্রে কমন সেন্স বলে, বাংলাদেশ ব্যাংকের সুপারিশের অধিকার নেই–এটা ঠিক নয়। তবে এই সুপারিশ যেহেতু কার্যকর করবে অর্থ-মন্ত্রণালয় সেহেতু এ সুপারিশ তাদের অর্থ মন্ত্রণালয়কেই পাঠানো সমিচীন ছিল।
অর্থমন্ত্রীর কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমানের চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'সোনালী ব্যাংক লিমিটেডের সংগঠিত অনিয়মের প্রকৃতি অত্যন্ত গুরুতর। ব্যাংকের পরিচালনা পর্ষদের অনেকগুলো স্তর থাকা সত্ত্বেও বিষয়টি কারও নজরে আসেনি, তা কোন ক্রমেই বিশ্বাসযোগ্য নয়। এটা সুস্পষ্ট প্রতীয়মান যে, সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সম্মতিতে বা যোগসাজসে উক্ত জালিয়াতির মাধ্যমে এত বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। সোনালী ব্যাংক লিমিটেডের সংগঠিত ঘটনা উক্ত ব্যাংক তথা সমগ্র ব্যাংকিং খাতের ওপর বিরুপ প্রভাব ফেলছে।'
প্রকাশিত খবর থেকে এটা সুস্পষ্ট, এ ঘটনাগুলো যখন অর্থাৎ দুই বছর আগে ২০১০ সাল থেকে ঘটছিল তখন সেগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি। ঘটনাগুলো ঘটতে ঘটতে যখন পুঞ্জিভূত হয়ে একটা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে, তখন হঠাৎ করে এটা উদ্ঘাটিত করে বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি। কিন্তু দেখা যাচ্ছে, জালিয়াতির বিষয়টি উদ্ঘাটিত হওয়ার পরেও অর্থমন্ত্রী বলছেন, চার হাজার কোটি টাকার দুর্নীতি কোনো ব্যাপারই না। তার এই হটকারি বক্তব্য থেকে মনে হয়েছে, খুবই ঘনিষ্ট মহল এ কেলেঙ্কারীর সঙ্গে জড়িত। যাদের রাজনৈতিক প্রভাব সরকারের ওপরে আছে। এ কারণেই হয়তো গত আড়াই বছর ধরে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে তা ধরা পড়েও ধরা পড়েনি। একটু বাংলাদেশ ব্যাংকের নথিপত্র ঘাঁটলে হয়তো বের হবে, যে কোন নিম্ন পর্যায়ের কর্মকর্তা যথা সময়ে এ ব্যাপারে কোন প্রতিবেদন দিয়েছিল কিনা? হয়তো দেখা যাবে, উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের ইচ্ছাকৃত অবহেলার কারণে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়া হয়নি। শেষ পর্যন্ত যখন পদক্ষেপ নেয়া হলো, তখনও আমরা দেখতে পাচ্ছি, এটিকে ধামা চাপা দেয়ার জন্য নানা রকম ব্যাখ্যা, যুক্তি, তর্কের অবতারণা করা হচ্ছে। অর্থমন্ত্রীর পরবর্তী সংশোধিত বক্তব্যে অবশ্য বলা হয়েছে সোনালী ব্যাংকের একক আয়তন বিবেচনা করলে চার হাজার কোটি টাকার জালিয়াতি বেশ আশঙ্কাজনক বলেই প্রতীয়মান হয়। কিন্তু "সমগ্র ব্যাংকিং খাতে ধ্বস নেমে আসবে" বলে যে প্রচার চালানো হচ্ছে তা ক্ষতিকর এবং অতিশয়োক্তি মাত্র। এই সংশোধিত বক্তব্যটি যদি অর্থমন্ত্রী প্রথমেই প্রদান করতেন তাহলে হয়তো তাকে আজ এত প্রতিকূলতার মুখোমুখি হতে হতো না!
এবার আসা যাক এসব ঘটনা থেকে আমরা কী শিক্ষা নিলাম? বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার অন্যতম নাজুক দিকটি হচ্ছে ঋণখেলাপির সমস্যা। এ ঋণখেলাপি সমস্যা এরশাদের শাসনামলে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা–এ দুটি ব্যাংকের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে শুরু করা হয়। তখন বিশ্বব্যাংক এ দুটি ব্যাংককে উদারভাবে এইড মানি দিয়েছিল 'প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টে'র নামে। আমরা জানি, তখন বেসরকারিকরণের অর্থ ছিল Briberization। অর্থাৎ বিশেষ বিশেষ ব্যক্তিকে এমনভাবে অর্থ দেয়া হবে, যাতে সে অর্থের ফেরত দেয়ার কোনো মাথা ব্যাথা থাকবে না এবং সুদের হারের ক্ষেত্রেও প্রচুর কনসেশন দেয়া হবে। পুঁজিবাদের ঊষালগ্নে 'প্রিমিটিভ অ্যাকুমুলেশান'(আদিম সঞ্চয়) যে ভূমিকা পালন করে, ব্যাংকগুলো এখানে লুটপাটের মাধ্যমে সেই একই ভূমিকা পালন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুঁজিবাদে প্রিমিটিভ অ্যাকুমুলেশন কিছুদিন চালু থাকে তারপর সেই পুঁজিপতিদের সঞ্চিত অর্থ উৎপাদনশীলভাবে বিনিয়োগে আসার কথা কারন উদ্বৃত্ত উৎপাদন না হলে একসময় লুট করার মত সম্পদই ফুড়িয়ে যাবে। তাই যখন উৎপাদনশীল পুঁজিবাদ পর্যায়ে অর্থনীতি উত্তীর্ণ হয়, তখন সেখানে প্রিমিটিভ অ্যাকুমুলেশনের ন্যাক্কারজনক ঘটনাগুলো আস্তে আস্তে কমতে থাকার কথা।
সেগুলোর পুনরাবির্ভাব হলে উৎপাদনশীল পুঁজিবাদের দীর্ঘমেয়াদি স্বার্থে দৃঢ়ভাবে তা মোকাবিলার কথা। আমাদের দেশে দীর্ঘকাল, মূলত আশির দশকে আদিম সঞ্চয়ের ন্যক্করজনক ঘটনা বা ধনিকশ্রেণীর লুটপাটের ঘটনা যথেষ্ট সংগঠিত হতে থাকে এবং তা প্রকাশিত হয়েছে (দেখুন মতিউর রহমান এবং সৈয়দ আজিজুল হক, ধনিক শ্রেণীর লুটপাটের কাহিনী, সূচনা প্রকাশনী, এপ্রিল, ১৯৮৭ )। তখন আবু আহমেদ প্রমুখ বুর্জোয়াপন্থি অর্থনীতিবিদরা আশা প্রকাশ করেছিলেন এবং যুক্তিও দিয়েছিলেন, এখনকার অ্যাকুমুলেশনকে ক্ষমা করে দেয়া যেতে পারে, যেহেতু সব পুঁজিবাদেই এ ঘটনা ঘটে। অন্যরা বিদেশে ঔপনিবেশিক শোষনের মাধ্যমে পুঁজি সঞ্চয় করেছে। আমাদের দেশে যেহেতু উপনিবেশ প্রক্রিয়া নেই, সুতরাং কৃষিকে উপনিবেশের মত শোষণ করে এবং সাধারণ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই জনগণের বা রাষ্ট্রের অথবা বিদেশী সাহায্যের অর্থ আত্মসাৎ করে প্রাথমিক পুঁজি গড়ে তোলা হয়েছে।
কিন্তু এভাবে করতে করতে এ দেশের অর্থনীতির প্রায় পুরোটাই এখন প্রাইভেট সেক্টরের হাতে চলে গেছে এবং প্রাইভেট সেক্টরের মধ্যে এমন দুইটি সংকীর্ন কতিপয়তন্ত্র (অলিগার্কি) তৈরি হয়েছে যারা পালাক্রমে পরস্পরকে এবং সাধারনভাবে জনগনকে লুট করে চলেছে। আগে যুক্তি দেয়া হয়েছিল, এ লুটপাট হচ্ছে রাষ্ট্রীয় খাতের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলিতে, বিশেষত আমলাতন্ত্রের সঙ্গে অসৎ লোকের যোগসাজসের কারণে। এখন আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রায়াত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক নির্বিশেষে লুটপাট হচ্ছে। স্মরণ করুন, ১৯৯৩ সালে ঢাকা চেম্বারের সভাপতি জনাব মাহ্বুবুর রহমানের বহুল উদ্বৃত উক্তির কথা। তিনি বলেছিলেন, '১২টি সরকারি সেক্টর করপোরেশনের নীট ক্ষতির পরিমান ১৯৯০-৯১ অর্থবছরে ছিল ১ হাজার ১০০ কোটি টাকা। আবার একই সময়ে ব্যক্তি খাতে খেলাপী ঋণের পরিমাণ ছিল ১ হাজার ২০০ কোটি টাকা (দৈনিক সংবাদ, ২৭/১১/১৯৯২)। সুশৃংখল পুঁজিবাদে এসব বেআইনী লুন্ঠন নিয়ন্ত্রন ও প্রতিরোধের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। কিন্তু এমনকি কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ক্ষমতা অথবা তদারকির আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠছে। সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন মনে করেন, বর্তমান ঘটনাকে দুর্নীতি বা আত্মসাৎ যা-ই বলা হোক না কেন, এর দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংককেও নিতে হবে। কারণ এটা কেন যথা সময়ে উদ্ঘাটিত হলো না? এটা যথা সময়ের আগেই উদ্ঘাটন করাটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ ছিল। কেন্দ্রীয় ব্যাংক কেন সে পারদর্শিতা দেখাতে পারলো না, সেটা তদন্ত করে দেখা দরকার। যেমন অনুরূপভাবে গ্রামীণ ব্যাংক দাবি করে, কেন্দ্রীয় ব্যাংক আমাকে সব সময় মনিটরিং করে আসছে, তাহলে এখন যে সব প্রশ্ন তোলা হচ্ছে তা কেন যথাসময়ে তোলা হয়নি? সরকারের উচিৎ হবে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমও তদন্ত করা। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালনরতরা যথাসময়ে ত্রুটিগুলো চিহ্নিত ও তা উচ্চ পর্যায়ে প্রেরণ করেছিল কি-না তা দেখা প্রয়োজন। উচ্চ পর্যায়ে সেগুলো আবার হজম করে নেয়া হয়েছিল কি-না সেটাও দেখা দরকার।
অতীতে এ ধরণের সময়োচিত পদক্ষেপ নিতে ব্যর্থতার বহু নজির রয়েছে। একজন ক্ষমতাশালী ব্যক্তি আইনভঙ্গ করেছে এবং একজন ক্ষুদ্র দায়িত্বশীল কর্মচারী উদঘাটনও করেছে; কিন্তু উচ্চ পর্যায়ের কর্মচারীরা নিজের দুর্বলতার কারনে বা রাজনৈতিক চাপের মুখে সেটা হজম করে ফেলছে–এমন উদাহরণ রয়েছে আমাদের সামনে। যতদিন সবাই আইনের স্বাভাবিক চরিত্র প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসবে না। শেষ বিচারে এ কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, সেটি দেখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। তাকে তাই দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে, তার দক্ষতা ও নৈতিক দৃঢ়তা বৃদ্ধি করতে হবে। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকেও দক্ষ ও দলীয় প্রভাবমুক্ত হতে হবে।
বর্তমান ঘটনায় একটা সমস্যা দেখা গেল সেটি হচ্ছে, 'ডুয়ালিজম বা দ্বৈততা'র সমস্যা। ডুয়ালিজম থাকলে যেটা হয়, সেটা হলো- অনেক সময় শাসন বা গভর্ন্যান্সের ক্ষেত্রে এক জনের দোষ আরেক জনের ঘাড়ে চাপানো হয়, যেহেতু দায়িত্বের সীমারেখাটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি। আইনের অস্পস্টতার ফলে একই দায়িত্ব দুইজনের ঘাড়ে ন্যাস্ত হচ্ছে। এখন যেটা হচ্ছে, অর্থমন্ত্রণালয়ের ওপর কেন্দ্রীয় ব্যাংক দোষ চাপাচ্ছে। আবার অর্থমন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংক অধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে। কিন্তু জনগণের দৃষ্টিতে কে দায়ী বা কে কতটুকু দায়ী– এটার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এখানে একটা দুর্নীতি হয়েছে। এ দুর্নীতি যথা সময়ে উদঘাটিত হবে। এটার জন্য কার দায়িত্ব ছিল, কে সে দায়িত্ব লঙ্ঘন করেছে– সেটা চিহ্নিত করতে গিয়ে জটিলতা তৈরি হচ্ছে। দায়িত্বটা ছিল দুই ভাগে বিভক্ত। এক. দৈনন্দিন তদারকির দায়িত্ব– এটা অর্থমন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। সে কাজটি করবে বাংলাদেশ ব্যাংক। দৈনন্দিন তদারকির মাধ্যমে যখন ত্রুটি ধরা পড়ে, তখন ত্রুটির প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের না থাকলে প্রশ্ন আসে– ক্ষমতা কার? অর্থমন্ত্রণালয়ের ক্ষমতা থাকলে তখন প্রশ্ন আসবে, তাৎক্ষণিকভাবে যা ধরা পড়ল, তখন তা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক অর্থমন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল কি-না। যদি দিয়ে থাকে, তখন অর্থমন্ত্রণালয় যদি যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে আমরা বলতে পারি এখানে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেই। এখানে অর্থমন্ত্রণালয়েরই দায়িত্ব রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিচ্ছে এবং পরামর্শ দিচ্ছে। কিন্তু এক্সিকিউট করতে পারছে না। যেহেতু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক মনিটরিংয়ের দায়িত্ব নেয়, আবার আদেশও দিতে পারে, সেহেতু সেখানে পূর্ণ দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ঘাড়েই বর্তায়। সে ক্ষেত্রে এ ধরণের 'ডুয়ালিজমের' সমস্যা সৃষ্টির অবকাশ থাকে না। কিন্তু পাবলিক সেক্টরের ব্যাংকে 'ডুয়ালিজম' থাকলেও বাংলাদেশ ব্যাংকের দায়িত্বের দিক থেকে আমরা তিনটি দিক দেখব। নিয়মিত মনিটরিং করছে কি-না, যথা সময়ে ধরতে পেরেছে কি-না এবং শাস্তির সুপারিশ সরকারের কাছে যথা সময়ে প্রেরণ করছে-কিনা। যদি না করে, এতদিন পরে কেন করল?-এই প্রশ্নটা চলে আসবে। অন্যদিকে অর্থমন্ত্রণালয়ের এখনকার অবস্থান বেশ রহস্যজনক। 'ও আগে কেন ধরল না'-এ জাতীয় তর্ক অর্থমন্ত্রণালয়ের করা উচিত নয়। এখন তো ধরেছে। সুতরাং এখন পদক্ষেপ নিতে হবে। অর্থমন্ত্রণালয়কে পরিষ্কার করে বলতে হবে, সোনালী ব্যাংকের যে ৩১ জন কর্মচারী এর সঙ্গে জড়িত ছিল– তারা এবং তাদের বাইরে যদি কেউ থেকে থাকে তাদেরকেও আমরা চিহ্নিত করব। তারা যদি বোর্ড সদস্য হয়, তাহলে বোর্ডকেও চিহ্নিত করতে হবে। এখন বোর্ড সদস্যদের সকলেই হয়তো এ ঘটনার সঙ্গে জড়িত নন, কিন্তু বোর্ড সদস্যদের যারাই জড়িত, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে। অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের উভয়ের সম্মিলিত অবস্থান হওয়া উচিত এ অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট প্রাইভেট সেক্টর হোক আর ব্যাংকের কর্মচারী হোক বা বোর্ড সদস্য কিংবা রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, আইনের উর্দ্ধে কেউ নয়। তার যথাযোগ্য শাস্তি আমরা দেব। এ বিষয়টিই এখন পরিষ্কার করতে হবে সরকারকে। এ কথা বললে চলবে না যে হলমার্ক তো সুদ শোধ করেছে বা মামলা করলে তারই সুবিধা হবে তাই কিছু অর্থ নিয়ে আপোষ করাই শ্রেয়। কারণ এ ক্ষেত্রে অপরাধের প্রকৃতি হচ্ছে 'জালিয়াতি' এবং ফৌজদারী আইনের আশ্রয় নিয়েই তার মীমাংসা করতে হবে। কিন্তু সরকার সে পথে না গিয়ে আপোষের রাস্তা ধরেছে বলে মনে হয়।
এসব ঘটনার সাধারণ বার্তা হচ্ছে, প্রাইভেট সেক্টর উন্নয়নের জন্য ব্যাংকগুলোকে প্রিমিটিভ অ্যাকুমুলেশনের হাতিয়ার হিসাবে অতীতে ব্যবহার করা হয়েছে, এখনো হচ্ছে। এ সংস্কৃতি থেকে আমরা কিছুতেই বের হতে পারছি না, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে তার টার্গেট ও মাত্রা বদলাচ্ছে মাত্র । সরকারি-বেসরকারি দু'ধরনের ব্যাংকের মধ্যেই এটা আছে। লুটেরা পুঁজিবাদের উৎপাদনশীল পুঁজিবাদে উত্তরণ ঘটাতে হলে, লুটেরা পুঁজিবাদের ঐতিহ্য থেকে নিজেদেরকে সরিয়ে আনতে হবে। এর প্রধান শর্ত হচ্ছে রাজনৈতিক সুশাসন। বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুসারে ঢালাওভাবে বেসরকারিকরণ করলেই এই সমস্যার সমাধান হয় না। বেসরকারিকরণ করে যেটা হয়েছে, আগে লুটপাট রাষ্টীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল, এখন সেটা সরকারি-বেসরকারি যোগসাজশে বা মিলিতভাবেই সর্বত্র হচ্ছে। এটি কাম্য নয়। এ থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে আমাদের। পথ আছে, সেটা হলো দেশপ্রেমিক উৎপাদনশীল পুঁজিপতি ও শ্রমজীবিদের নতুন রাজনৈতিক উত্থান।
এম এম আকাশ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
