করোনাভাইরাস: চিকিৎসকের মৃত্যুর ঘটনার ময়নাতদন্ত ও কিছু প্রশ্ন
করোনাভাইরাসের সঙ্গে একাই যুদ্ধ করে আক্রান্ত একজন চিকিৎসক মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তিনি ছাতকের সন্তান; গরীববান্ধব চিকিৎসক ছিলেন সহকারী অধ্যাপক মঈন উদ্দিনের সুনাম ছিল।
তিনি সিলেটের এমসি মেডিকেল কলেজে চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।
সোশাল মিডিয়ায় চিকিৎসকের মৃত্যুর সমালোচনায় নানা প্রশ্ন এসেছে- কেন তার চিকিৎসা কর্তৃপক্ষের কাছে গুরুত্ব পেল না? তিনি অসুস্থ হবার পর কেন তাকে দ্রুত ঢাকা আনার জন্যে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়নি? কেন তার জন্য একটি সরকারি অ্যাম্বুলেন্স তিনি জোগাড় করতে ব্যর্থ হলেন? স্বাস্থ্য অধিদপ্তরই বা কেন এ গুরুত্বপূর্ণ বিষয়টি আমলে না নিয়ে অবহেলা করলো? তার চিকিৎসার ব্যাপারে কার গাফলতি ছিল?… ইত্যাদি।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনায় এসেছে- চিকিৎসক মঈন উদ্দিন কুর্মিতলা হাসপাতালে মারা যান ১৫ এপ্রিল ভোর সাড়ে ৪টায়। তার খুব ইচ্ছে ছিল কুয়েত মৈত্রী হাসপাতালে যাবেন, তিনি সেখানে ভালো চিকিৎসা পাবেন। কিন্তু সেখানে ভর্তি তো দূরের কথা, সিলেট থেকে তাকে নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে আসতে হলো! সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা কেন তার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব নিলেন না? এত বড় দায়িত্বহীনতা তো মারাত্মক অপরাধের পর্যায়ে পড়ে।
মঈন উদ্দিনের করোনাভাইরাস উপসর্গ ধরা পড়ে প্রায় ১৩ দিন আগে। তিনি নিজ উদ্যোগে সিলেটে নমুনা টেস্ট করেন। ৫ এপ্রিল রিপোর্টে জানা যায় পজেটিভ। আক্রান্ত হওয়ার তৃতীয় দিন ৭ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। কিন্তু সুচিকিৎসা না পেয়ে নিজ প্রচেষ্টায় ঢাকা এসেও কেন ভেন্টিলেটর পাননি? পাননি আইসিইউ বেড? পাননি উন্নত চিকিৎসা! বরং ঢাকাতেও এসেও মারাত্মক অবহেলার স্বীকার হন বলেই অভিযোগ। কিন্তু কেন?
বাংলাদেশের করোনাভাইরাস চিকিৎসায় কী কী সমস্যা ও সংকট রয়েছে তার অনেকটাই বোঝা সম্ভব যদি তদন্ত করে মঈন উদ্দিনের মৃত্যুর প্রকৃত ঘটনা এবং কোথায় কোথায় তিনি সহযোগিতা পাননি সে বিষয়টি উদঘাটন করে শাস্তির ব্যবস্থা করা জরুরি।
যেখানে অবহেলার কারণে বিনা চিকিৎসায় কোভিড-১৯ ভাইরাসে একজন চিকিৎসক মারা যান, সেখানে জনগণ কী খুব ভালো চিকিৎসা পাচ্ছেন- এ প্রশ্ন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ার আগেই যুক্তিযুক্ত উত্তর প্রস্তুত থাকা উচিত। কেননা কোভিড-১৯ এতোটাই ছোঁয়াচে যে চিকিৎসক, নার্স, আয়া, ওয়ার্ড বয় ও স্বাস্থ্যসেবাকর্মীদের অনেকেই আক্রান্ত হয়েছেন বা হবেন। স্বাস্থ্য সংশ্লিষ্টরা আক্রান্ত হলে গুরুত্বের সাথে চিকিৎসা পাবেন- সে আস্থা তৈরি করতেই চিকিৎসক মঈন উদ্দিনের মৃত্যুর ঘটনাটির গুরুত্ব সহকারে ময়নাতদন্ত উচিত। অবশ্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন।
তবে সাধারণ জনগণ কতটুকু করোনা চিকিৎসার পাচ্ছেন সে প্রশ্ন থেকেই যায়। অনেকেই বলছেন- কিট থাকলেও টেস্টের পরিমাণ এত কম? প্রকৃত আক্রান্তের সংখ্যা নিরূপণ করতে না পারলে কমিউনিটি সংক্রমণ ঠেকানোর জন্য লকডাউন কতোদিন চলবে? আর সরকারই বা কীভাবে স্বাস্থ্যখাতকে দুর্যোগ মোকাবেলায় ধাপে ধাপে প্রস্তুত করবে?
করোনাভাইরাসে চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে- হেফাজতের আমির শাহ আহমদ শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসার ব্যাপারটিও। কেউ কেউ বলেছেন- আহমদ শফী যদি সরকারি পৃষ্ঠপোষতায় চিকিৎসা পাবার অধিকার রাখেন, তাহলে সেই অধিকার কেন থাকবে না একজন মানবিক চিকিৎসকের, স্বাস্থ্যকর্মীর ও জনগণের?
চিকিৎসক মঈনকে বীর বা শহীদ বটিকা দিয়ে সম্মান করে লাভ কী? জীবিত মঈন বিনা চিকিৎসায় মারা গেলেন, তার দায় কার? কর্তারা কী তার দায়-ভার মাথা পেতে নেবেন?- এসব প্রশ্ন এখন সামাজিক বাতায়নে।
সরকারকে আরও সতর্ক হতে হবে। আর বিলম্ব না করে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন 'জরুরি সেবা- কমিশন' গঠন করতে হবে। ঢাকার জনসংখ্যা অনুপাতে চারটি ও প্রত্যেক বিভাগে একটি করে ওই কমিশনের কমিটি গঠন করা জরুরি। এ কমিশনে থাকবেন বিশেষজ্ঞ ডাক্তার, সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবর্গ। ক্রমানুসারে এর বিস্তৃতি হবে ইউনিয়ন পর্যন্ত।
ইতোমধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ জেলা করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। সব জেলাতেই দ্রুত লকডাউন প্রয়োজন। নইলে সামনে সমূহ বিপদ। জনসমাগম সম্পূর্ণ বন্ধ করা, সাহায্য বণ্টনের সময় ছয় ফুট দূরত্বের সঙ্গে শৃঙ্খলা বজায় রাখা উচিত। ভিড় করে বাজার না করার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা দরকার। নিম্নবর্গ ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে খাবার, ঔষধ ও সাহায্যের টাকা, গার্মেন্ট-কর্মীসহ সকলের বেতন ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিতে হবে। ইতোমধ্যে অভিযোগ উঠেছে অনেকে সাহায্য পাচ্ছেন না বলে। সরকারি সাহায্য পর্যাপ্ত নয়, বলে ওয়ার্ড কমিশনারা জানাচ্ছেন। অন্যদিকে সরকার প্রদত্ত চাল ও তেল কতিপয় চেয়ারম্যান, সরকার দলীয় কর্মী, সরকারি কর্মচারিরা চুরি করছে। বিষয়টি তদন্ত করে বিশেষ আদালতে তাদেরকে জরুরি বিচারের আওতায় আনা প্রয়োজন।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ ক্রান্তিকাল জুন পর্যন্ত দীর্ঘায়িত হবে।
অনতিবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অন লাইনে পাঠদানের যথাযথ ব্যবস্থা করা অত্যাবশ্যক। নইলে কোমলমতি শিক্ষার্থীরা পিছিয়ে পড়বেন। তাদেরকে হতাশা গ্রাস করবে ও মনোবল ভেঙে পড়তে পারে। এমনকি মানষিক বিপর্যয় ঘটতে পারে।
এ মুহূর্তে প্রতিটি কৃষককে অর্ধেক মূলে বীজ, সার, কীটনাশক, আধুনিক কৃষি-যন্ত্রপাতি সরবরাহ করা উচিত। কারণ বিশ্ব-বাজারে চরম খাদ্য সংকট দেখা দেবে। ফলে দেশেই সকল কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেবার এখনই সময়। নইলে টাকা দিয়েও খাদ্য দ্রব্য বাজারে কিনতে পাওয়া দুরূহ হতে পারে।
এজন্য সরকার বরাদ্দ দিয়েছে। কিন্তু নিম্নবর্গের শ্রমিক-কৃষক-তাঁতী-জেলে-কামার-কুমাররা যেন বণ্টনবৈষম্যের স্বীকার না হন। তাদের কাছে সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা-বিধান করতে হবে।
এ মুহূর্তে সরকার তারেক-কোকো-মামুনের মানি লন্ডারিংয়ের টাকা ফেরত আনার মতো বিদেশে পাচার হয়ে যাওয়া পঁচাত্তর হাজার কোটি টাকা ফেরত এনে করোনাভাইরাস সংকট মোকাবেলার কাজে লাগাতে পারেন। দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেন ঋণ খেলাপিদের টাকা আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে। তাদের কাছ থেকে আদায়কৃত বিশাল অংকের টাকা কৃষি, স্বাস্থ্যসেবা, গবেষণা ও শিক্ষাখাতে ব্যয় করতে পারে। মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন শোষণমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা জরুরি। এছাড়া এ বৈশ্বিক মহামারি মোকাবিলা ও অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠা সাগরে তালের ডিঙি ভাসানোর মতো হবে।
করোনাভাইরাস মুক্ত বাংলাদেশ গঠনের জন্য পাঁচ বছর মেয়াদি মহাপরিকল্পনা তৈরি করা প্রয়োজন। সেই লক্ষ্য স্থির করে এখনই কাজে হাত দিতে হবে।
তবে তার সঙ্গে সঙ্গে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হবে। মুক্তবাজার অর্থনীতির লুটপাটের বিরুদ্ধে দাঁড়িয়ে 'বাংলাদেশ-নীতির অর্থনীতি' দেশের স্বার্থে চালু করতে হবে। সরকার কি শেষ পর্যন্ত শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে? না, পুঁজিবাদী দুষ্টচক্রের জালে আটকে যাবে? বৈষম্য দূর করতে না পারলে সোনার বাংলার স্বপ্ন অধরাই থেকে যাবে। সময় ইতিহাসের জনক। ভবিষ্যৎই বলে দেবে বাংলাদেশ ভুল না সঠিক পথে চলছে?
