২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন ছাপ আর কঠোর পরিবর্তন দিয়ে যাবে ভাইরাস

অজয় দাশগুপ্ত অজয় দাশগুপ্ত

Published : 03 Apr 2020, 09:18 PM

Updated : 01 Jul 2022, 05:37 PM

পৃথিবীর তাবৎ ধনী দেশ এখন ঘোর বিপদে। তাদের কোমরের কাছা খুলে যাবার জোগাড়। মহামারী করোনাভাইরাস এমন আঘাত হানতে পারে কেউ ভাবেনি। এই কঠিন সময়ে না বলা উচিৎ হলেও বলি, আগে যখন আফ্রিকা এশিয়া বা অন্য দেশে মড়ক লাগতো তখন তারা টাকা পয়সা খাদ্য দিয়ে সাহায্য করতো বটে, কিন্তু সবসময় মনে করতো তারা নিজেরা নিরাপদ। এই দম্ভ বা অতিরিক্ত আত্মবিশ্বাস এখন ভাঙার পথে। আমেরিকা কি অবস্থায় আছে তা ট্রাম্পের চেহারা দেখলেই বোঝা যায়। যুক্তরাজ্য যুবরাজ, প্রধানমন্ত্রী  থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষ আক্রান্ত। বাংলাদেশ নিয়ে বিবিসি বা পশ্চিমা মিডিয়া যাই বলুক না কেন বাস্তবতা এই. এখনো তা তেমনভাবে ছড়ায়নি। তা বলে আনন্দে আদেশ অমান্য করা অনুচিত। এই ভাইরাস বড় বিষাক্ত আর যেকোনও মুহূর্তে আঘাত হানতে পারে নিরবে। দূরত্ব বজায় রাখার মতো সাধারণ ঘটনাটি বাঙালি কেন মানে না? কেন বোঝে না? কত ধরনের বিপদ। ত্রাণ দেয়া, পাশে দাঁড়ানোর নামে এত কাছাকাছি অবস্থান আর দলগতভাবে থাকা অ-নিরাপদ। তারপরও ধর্মের নামে, বিশ্বাসের নামে- চলছে বিপদ ডেকে আনা। 

করোনাভাইরাস আতংকে মানুষের পাগল হবার জোগাড়। কেমন করে এক বালুকণার মতো ভাইরাস মানবজাতির ঘুম কেড়ে নিল সেটাই এখন ভাবার বিষয়। এতদিন ধরে আমরা যাদের ধনী বিত্তশালী পাশাপাশি উন্নত দেশ বলে জেনেছি , মনে করেছি তাদের অসাধ্য কিছুই নাই তারা আজ চরম বিপাকে। আমেরিকাকে এখনো এক নম্বর দেশ বলে গণ্য করা হয়। তারা এখন ধুঁকছে। পশ্চিম ইউরোপে ইতালি বা স্পেনের অবস্থা যতো খারাপ হোক তা এশিয়ার তুলনায় স্বর্গ বিবেচনা করা হতো। তারা আজ চরম বিপদে। তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে কে জানে! চীন বিশ্বের দুই বা তিন নম্বর শক্তি। তাদের অবস্থাও বেগতিক। উল্টো সারা দুনিয়া তাদের ওপর রেগে  আছে। চীন যত পরাশক্তিই হোক না কেন এটা মানতে হবে তারা কমিউনিজমের নামে একনায়কের দেশ। সেখানে মুখ খোলা নিষেধ। নিষেধ বিদেশি মিডিয়ার আনাগোনা। তাই সত্য এখনো জানা যায়নি। যাবেও না। যখন জানবে মানুষ তখন অনেক দেরি হয়ে যাবে।

আমাদের দেশেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে। আমি এটা বলবো সত্য মিথ্যা বা যত ধরনের অভিযোগ থাক না কেন, শেখ হাসিনা আন্তরিক। এটা আমরা সবাই জানি দেশে তিনি একা চাইলেও সব করতে পারবেন না। পারেন না। যে সব সিন্ডিকেট ও চক্র দেশ চালায় তারা সংঘবদ্ধ। এর ওপর আছে নানা ধরনের অব্যবস্থা। মানুষ  সামাজিক মিডিয়া হাতে পাবার পর থেকে বেপরোয়া। আমাদের মতো রাজনীতি ও দল নির্ভর সমাজে এটা ভয়ংকর। খেয়াল করবেন করোনার মতো প্রাণঘাতী আতংকের পর ভারত পাকিস্তানসহ নানা দেশে বিদ্বেষ আপাতত বন্ধ। মানুষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সেভাবে হয়নি বাংলাদেশে। হলে প্রধানমন্ত্রীকে মুখ ফুটে বিত্তবানদের এগিয়ে আসার কথা বলতে হতো না। 

সরকারী প্রচেষ্টা আর ভালো মানুষদের আন্তরিকতার পাশাপাশি আছে অকুতোভয় ডাক্তার নার্স ও হাসপাতাল কর্মীদের আত্মত্যাগ। সবাই যখন ঘরবন্দি মানুষ, যখন জান বাঁচানোর জন্য রাস্তায় নামতে ভয় পাচ্ছে- তখন এরা ঝুঁকি নিয়ে কঠিন কাজ করে চলেছেন। এটি সামাজিক মননের চোখ খুলে দেয়ার মতো বিষয়।  এতোদিন আমরা ধরে নিয়েছিলাম মাঠে জোর একটা ছক্কা হাঁকানো ক্রিকেটার বা সফল বোলার আমাদের হিরো। আমাদের হিরো দু একটা বড় কাজে চমকে দেয়া কোন বাঙালি। আর পর্দার হিরোরা তো কোন কালেই পর্দার বাইরে আসতে পারেননি। আজ চরমতম দু:সময়ে আমরা জেনেছি মূলত নায়ক কিংবা নায়িকা তিনি-ই যিনি মানুষের প্রাণ বাঁচানোর মত মহতী কাজে আত্মনিয়োগ করেন- যারা বিপদের আশংকা জেনেও রোগী, রোগ, সংক্রমণ  এসবের বিরুদ্ধে মাঠে থাকেন। আমাদের এই দিব্যদৃষ্টি যেন আর বন্ধ না হয়।

করোনাভাইরাস বিষয়ে সারা দুনিয়ার মতামত একটাই। ঘরে থাকতে হবে, মানুষ বাঁচাতে সঙ্গ রোধ ও দূরত্ব অনিবার্য। পিলপিল করে চলা মানুষের সমাজ আমাদের। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন। তারপরও মানুষ তা করছে। শুধু এক শ্রেণির মানুষ যারা অন্ধ বা অবুঝ তারাই মানছেন না। যদি এমন হতো না মানলে শুধু তার ঝুঁকি বা তিনি বিপদে পড়বেন হয়তো এড়িয়ে যাওয়া যেত বিষয়টি। কিন্তু এ যে মহামারী। তিনি বা তারা আমাদেরও বিপদে ফেলছেন। মারার ব্যবস্থা করছেন। এটা মানা যায় কিভাবে? তাই সচেতনতা আর প্রতিরোধ অনিবার্য। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া মতামতে যতটা সরগরম এসব বিষয়ে ততোটা-ই নীরব। 

সাথে জুটেছে অন্ধ বিশ্বাস। আস্তিক-নাস্তিক ব্যতিরেকে সব মানুষ এখন এই ক্রান্তিকাল অতিক্রম করতে চাইছে। বিজ্ঞানীরা কাজ করছেন অবিরাম।  যারা প্রার্থণার শক্তিতে বিশ্বাসী তাদেরও কেউ নিষেধ করেনি। শুধু সময় ও বাস্তবতা বিবেচনায় সবাইকে সময়টা পার করার আদেশ অনুরোধ আর মিনতি জানানো হচ্ছে। এই সময়কালে কি আমরা পারি না নিজেদের মন ও মগজ এক করতে। আমরা কি ভুলে যাবো আমরাই সৃষ্টির সেরা জীব। আর তার কারণ আমরা ভাবতে জানি। আমাদের বোধ-বিদ্যা-বুদ্ধি আছে। সেগুলোর প্রয়োগ ঘটালেই দুনিয়া নিরাপদ থাকতে পারে। আমরা ইতোমধ্যে দেখেছি সাবধান না হবার কারণে কি পরিমান কষ্ট আর মৃত্যু  ইতালিকে শেষ করে দিচ্ছে। আবার এটাও দেখছি দুনিয়ায় এমন কোন দেশ নাই যার বুকে এর থাবা পড়েনি। যে কয়েকটা দেশ এখনো এর বাইরে তারা কতদিন নিরাপদে থাকবে কেউ জানে না। এ লেখা যখন লিখছি তখন প্রশান্ত সাগরের ছোট ছোট দ্বীপ দেশগুলোতে ও আছড়ে পড়েছে করোনাভাইরাসের ঢেউ। ফিজি, ভ্যানুয়াটু টোঙ্গার মতো দেশও এখন আক্রান্ত। ছোট একটা দ্বীপ গুয়াম। সেও বাদ পড়েনি। 

কীভাবে জানি সারা দুনিয়ার জীবন ও জীবনধারা বদলে দিয়েছে এই ভাইরাস। মানুষ মানুষের শত্রু কিংবা মুখ দেখাদেখি মেলামেশা বন্ধ হতে পারে এটা কেউ স্বপ্নেও ভাবেনি। এ ঘটনা আমাদের মূল্যবোধের ওপরও আঘাত হানতে বাধ্য। তাই সমাজ বিজ্ঞানী ও মনস্তত্ত্ববিদরা বলছেন, পৃথিবী আর আগের মতো থাকবে না। থাকবে যে না সেটা আমরাও টের পাচ্ছি। যেসব দেশ অভিবাসীদের গ্রহণ করতো, দুয়ার খুলে দিতো শরণার্থীদের- তাদের এবার বাজেট দেউলিয়া হবার পথে।  এই দাগ শুকাতে প্রচুর সময় নেবে। আর তারপর এরা কঠিন হয়ে উঠবেই। বন্ধ হয়ে যাবে বহু শ্রম বাজার। বন্ধ হয়ে যাওয়া অনেক ব্যবসা হয়তো আর কোনদিন আলোর মুখ দেখবে না। সবচেয়ে বড় কথা আপনি বললেও মানুষ আর মানুষের সাথে তেমন ঘনিষ্ঠ হবে না। সে কিভাবে বিশ্বাস করবে আর কোনও নতুন নামের ভাইরাস ওৎ পেতে নাই?

বিশ্বাসের জায়গাটা নড়ে গেছে। সবাই আমরা নানা কারণে ইলেকট্রনিক বাস্তবতা আর প্রযুক্তির ওপর চটে থাকি। মনে করি ইন্টারনেট ফেইসবুক টুইটার এসব সময় কেড়ে নেয়। আর আজ? এসব না হলে মানসিক রোগীর সংখ্যা সামলানো যেত? ঘরে ঘরে শুরু হতো লড়াই। থেমে যেত মানুষের জীবন। ক্রান্তিকালে এমন বন্ধু হবে এরা কেউ ভাবেনি। সত্যি কথা বলতে কি এসব মিডিয়াই আজ বাঁচিয়ে রাখছে মানুষকে। 

এক করোনাভাইরাসের সংক্রমণ আমাদের অনেকভাবে চোখ খুলে দিয়েছে। এ পৃথিবী যে সব প্রাণীর সেটা ভুলে গিয়েছিলাম আমরা। ভুলে গিয়েছিলাম দূষণ থেকে প্রাণী হত্যা ও সমাজ সংহতি বিনষ্ট করেছে মানুষ। কেবল আনন্দ উত্তেজনা হৈ হৈ যে জীবন নয়, সেটাই মনে করিয়ে দিয়েছে এই রোগ। জানিয়ে দিয়েছে অভিশাপ কতটা নির্মম আর মর্মান্তিক হতে পারে। এও জানিয়েছে কিছুই কিছু না যদি মানুষ বেঁচে না থাকে। আমেরিকান প্রবাদ আছে- 'শেষ খাদ্য কণা, শেষ ফল-ফসল-ওষুধ ফুরিয়ে গেলে, কেউ টাকা খেয়ে বাঁচতে পারে না।'

চোখ খুলে দেওয়া করোনাভাইরাস করুণা করে বিদায় হলেই মঙ্গল। সে পর্যন্ত মানুষ ভালো থাকুক।