২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি গণহত্যা: সরেজমিনে দেখা এবং ভাবনা

গৌতম রায়

Published : 29 Feb 2020, 09:48 PM

Updated : 01 Jul 2022, 05:37 PM

নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে দেশের মানুষের সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধকে সব রকম ভাবে ভেস্তে দিতে, রাষ্ট্রশক্তির প্রত্যক্ষ মদতে, গত কয়েকদিন ধরে দেশের রাজধানী দিল্লিতে যে রাষ্ট্রনিয়ন্ত্রিত গণহত্যা চলছে, তার গোটা প্রেক্ষাপট দেখে মনে পড়ে যাচ্ছে ১৮৫৭ সালে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কালে, সেই লড়াইয়ের সঙ্গে সব থেকে বেশি সম্পৃক্ত এবং নেতৃত্বদানকারী মুসলিম সম্প্রদায় সম্পর্কে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সেদিনকার যাবতীয় দৃষ্টিভঙ্গিগুলি।

দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষ । তাই দেশের রাজধানী হিসেবে দিল্লি  শহরটিকে তখনও নিজেদের কল্পনায় সেভাবে নিয়ে না আসা  ব্রিটিশেরা,  মুঘল -পাঠান- সুলতানি যুগের সমন্বয়বাদী চিন্তা-চেতনার পরম্পরা যে শহরটির প্রতিটি ধূলিকণা সঙ্গে মিশে রয়েছে, তা  ব্রিটিশকে কোনও অবস্থাতেই হিন্দু মুসলিমকে বিভক্ত করে, শাসনের নামে শোষণের রাজনীতিকে ভারতবর্ষের বুকে চাপিয়ে দেবার পক্ষে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিতে পারবে না।

এটা বুঝতে পেরেই দিল্লি মহানগরীর বুকে, মুসলিম সম্প্রদায়ের মানুষকে, তাদের ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক বুনিয়াদ, সাংস্কৃতিক, ধর্মীয় বুনিয়াদ- সমস্ত কিছুকে একদম ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে, ব্রিটিশ যে পথ অবলম্বন করেছিল, যে রাস্তায় হেঁটে ছিল- আজকে বিজেপি পরিচালিত কেন্দ্রিয় সরকার ঠিক একই পথে একই রাস্তায় হাঁটতে শুরু করেছে।

এই ব্রিটিশের অনুসারী চিত্রটিকে বোঝার জন্য ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের অব্যবহিত পরে ১৯৯৩  সালের ৮ই  মে দি স্টেটসম্যান পত্রিকাতে, 'অ্যামাজন অব দিল্লি'  নামে প্রকাশিত একটি নিবন্ধের দিকে আমাদের চোখ ফেরানো যেতে পারে। সেই নিবন্ধে দিল্লির কাশ্মীরি গেট এলাকায় যে সিনেমা হলটি বর্তমানে অবস্থিত সেখানে ১৮৫৭ সালে প্রথম স্বাধীনতা সংগ্রাম কালের কথা রয়েছে। ব্রিটিশ সৈন্য বাহিনীর অন্তর্গত ভারতীয়রা, যাঁদের বেশিরভাগই ছিলেন জন্মসূত্রে মুসলিম, তারা কি অসম সাহসিকতা সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করবার জন্য সর্বশক্তি নিয়োগ করে ওই অঞ্চলে একটা বড় রকমের প্রতিরোধের বুনিয়াদ গড়ে তুলেছিলেন তা নিবন্ধটিতে উল্লেখ করা হয়েছে।
সেই  প্রতিবাদকে দিল্লির অত্যন্ত সমুন্নত মানসিকতা বলে সেইসময়ের চিন্তাবিদেরা প্রকাশ্যে বর্ণনা করেছিলেন । সে আন্দোলনের নেতৃত্ব দিতে রামপুর থেকে হাসিনা এবং আমিনা নামক দুজন নারী এসে এক বীরত্বপূর্ণ কার্যাবলীর ভেতর দিয়ে ভারতীয় ইতিহাসে নিজেদেরকে স্থায়িত্ব দিয়েছেন।

ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এই দুই অসম সাহসী নারীসহ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় জনগণের উপর বর্বরোচিত আক্রমণ করেই শুধু ক্ষান্ত হয়নি, দিল্লি শহরকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের যে ঐতিহ্য, উত্তরাধিকার, কৃষ্টির নানা চিহ্ন রয়েছে, সেগুলিকে ধ্বংস করে, নিজেদের শাসনের নামে শোষণের যূপকাষ্ঠে মুসলিম সম্প্রদায়কে বলি দিয়ে, বিভাজনের রাজনীতিকে তীব্র থেকে তীব্রতর করে তুলেছে ।

দিল্লির চাঁদনী চক এলাকায় মুসলিম জনজীবনে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং হিন্দু মুসলিমের সম্প্রীতির যে অনুপম চিত্র ছিল, তাকে ধ্বংস করার যাবতীয় ষড়যন্ত্র করেছে ব্রিটিশ, সেই সময়ে। লালকেল্লা সন্নিহিত অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের আবাসভূমি ছিল। তাকে ধ্বংস করে নতুন দিল্লি গড়ে তোলার লক্ষ্যে রাইসিনা হিল এলাকায় যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করেছে, তার প্রেক্ষিতগুলি যেন আবার নতুন করে ফিরে আসছে নরেন্দ্র মোদি পরিচালিত কেন্দ্রীয় সরকারের দ্বারা দিল্লি গণহত্যার ভেতর দিয়ে ।

এ প্রেক্ষিত দেখে আমাদের মনে পড়ে যাচ্ছে, ব্রিটিশ রাজের সেই তথাকথিত উজ্জ্বল দিনে ভারতবর্ষে বসবাসকারী ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারীদের অন্যতম সন্তান-সন্ততি হিসেবে সেইসব লোকগুলি স্মৃতিচারণকে। এই সব ব্যক্তিরা ১৯৯৩ সালে লন্ডনের  নেহরু সেন্টারে সমবেত হয়ে নিজেদের স্মৃতিচারণ করেছিলেন। এ ব্যক্তিদের মধ্যে ছিলেন ম্যারী লুটেনস,  যার পিতা এডউইন লুটেন ছিলেন বর্তমান রাষ্ট্রপতি ভবনের প্রধান স্থপতি এবং নতুন দিল্লির বহু স্থাপত্যের অন্যতম প্রধান স্থপতি। ছিলেন লেডি গারেন পামের, যিনি হাজার ১৯৩৬ থেকে ১৯৪৩ পর্যন্ত ভারতবর্ষে ভাইসরয় হিসেবে কর্মরত লিনলিথগো-র কন্যা,  আর ছিলেন লেডি পামেলা হিক্স, লর্ড মাউন্টব্যাটেনের কন্যা। লেডি পামেলা  তেতাল্লিশের মন্বন্তরে বাংলায় ছিলেন।

দি পাইওনিয়ার পত্রিকা হাজার ১৯৯৩  সালের ২১ এপ্রিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের এসব প্রতিনিধিদের সমবেত স্মৃতিচারণ প্রকাশ হয়। সেখানে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গিয়েছিল, ব্রিটিশের ভারত শাসন তথা শোষণের উদ্দেশ্যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের উপর সম্মিলিত ষড়যন্ত্রের স্বরূপটি। ঠিক সেই আঙ্গিকটি বজায় রেখেই, আজ দিল্লি মহানগরীর বুকে ব্রিটিশের মতোই, ভারতরাষ্ট্র তাদের শাসনের নামে শোষণ যন্ত্রটিকে বজায় রাখবার উদ্দেশ্যে, রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে এনেছে খোদ রাজধানী দিল্লির বুকে দেশের সহনাগরিক মুসলিম সম্প্রদায়ের উপর।

ব্রিটিশ যেভাবে পুরনো দিল্লির যাবতীয় কৃষ্টি ধ্বংস করে, মুসলমান সম্প্রদায়কে একেবারে ছিন্নমূল করে দেওয়ার পথে হেঁটেছিল, ঠিক সেইভাবে আজ স্বাধীন ভারতের রাষ্ট্রশক্তির জাফরাবাদ, ভোজপুরি, জহুরী, শিব বিহার ইত্যাদি এলাকায় ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে এনেছে। দিল্লিতে কোনও অবস্থাতেই কোনও দাঙ্গা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা গণহত্যা।  অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে হয়, রাষ্ট্রীয় মদতেই তা অনুষ্ঠিত হচ্ছে। এই গণহত্যা আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে যেভাবে রাষ্ট্রশক্তির প্রত্যক্ষ মদদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেককে পাশে নিয়ে  ভয়াবহ গণহত্যা সংগঠিত করেছিলেন, ঠিক সেই আদলেই। বরং বলা যায়, সে  প্রেক্ষিতে আরও বিধ্বংসী করে, আরও হিংস্র করে, খোদ রাজধানী দিল্লির বুকে নামিয়ে এনেছেন ভয়াবহ গণহত্যার এক বীভৎস প্রতিচ্ছবি ।

নাগরিকত্ব সংশোধনী আইন  ঘিরে বিজেপির নাটকীয় অবস্থান এবং তার স্বাভাবিক সঙ্গী-সাথীদের বিজেপিকে সাহায্য করবার লক্ষ্যে নানা ধরনের কর্মকাণ্ড, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-ভাষা, নির্বিশেষে ভারতবর্ষের আপামর জনসাধারণকে শুধু প্রতিবাদে মুখর করেনি, প্রতিরোধের সংকল্পে দৃঢ় করেছে। শাহীনবাগ থেকে জাফরাবাদ, দেশের বিভিন্ন অংশে অনুষ্ঠিত সেই ধাঁচের আন্দোলন, রাষ্ট্রশক্তিকে আজ বড় রকমের সংকটময় অবস্থায় মধ্যে এনে ফেলে দিয়েছে। রাষ্ট্রশক্তির পক্ষে যারা কাজ করছেন প্রত্যক্ষভাবে, যেমন-  আরএসএস ও তাদের বিভিন্ন ধরনের সঙ্গী-সাথী, আর তাদের রাজনৈতিক সংগঠন বিজেপি এবং অপ্রত্যক্ষভাবে যারা নিজেদের একটা আপাত বিজেপি বিরোধী অবস্থান বজায় রেখে, প্রকারান্তরে বিজেপিকে সব রকম ভাবে সাহায্য করছে (উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, ওড়িশায় বিজু জনতা দল, কিংবা দিল্লিতে আম আদমি পার্টি, অথবা মহারাষ্ট্রের বিজেপির আদর্শগত সঙ্গী শিবসেনার নাম নেওয়া যেতে পারে) তারা  প্রত্যেকেই শাহীনবাগ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে হাজারো শাহীনবাগ দেখে প্রবল আতঙ্কিত।

রাজনৈতিক হিন্দু সাম্প্রদায়িক মৌলবাদী সন্ত্রাসী শক্তি যে দেশের সমবেত জনতার কোমর বাঁধা প্রতিরোধের সামনে এসে দাঁড়িয়ে রাষ্ট্রযন্ত্রকে সার্বিকভাবে ব্যবহার করেও শেষ রক্ষা পাচ্ছে না- এটা উপলব্ধি থেকেই আরএসএস তার রাজনৈতিক সংগঠন বিজেপি রাষ্ট্রক্ষমতায় আসীন থাকার সমস্ত রকমের সুযোগ নিয়ে, নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী  আন্দোলনের যাবতীয় প্রেক্ষাপটকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে এবং অবশ্যই বিহার বিধানসভার আসন্ন  নির্বাচনকে একটা নির্দিষ্ট লক্ষ্যে উপস্থাপিত করে, দেশের রাজধানী দিল্লি জুড়ে মেতে উঠেছে ভয়াবহ গণহত্যায়।

বস্তুত গত পাঁচ বছর ধরে বিজেপি কেন্দ্রে একক শক্তিতে ক্ষমতায় থাকবার পর যে সামাজিক বিভাজনের একটা ভয়াবহ লক্ষণ রেখা গোটা ভারতীয় আর্থ-সামাজিক- সাংস্কৃতিক-রাজনৈতিক-ধর্মীয় প্রেক্ষাপটে পরিষ্কার হয়ে যেতে শুরু করেছিল, সেই প্রেক্ষিত থেকেই ভারতবর্ষের যাবতীয়  অ -বিজেপি, অ-বাম  রাজনৈতিক শক্তিগুলি,  রাজনৈতিক হিন্দু সাম্প্রদায়িক শক্তির মোকাবিলা করবার রাস্তাকে নরম রাজনৈতিক হিন্দু সাম্প্রদায়িকতার পথে এগিয়ে নিয়ে যেতে তৎপর ছিল।

এই তৎপরতার একটি অবশ্যম্ভাবী ফল আমরা দেখতে পেয়েছি গুজরাট বিধানসভা বিগত নির্বাচন বা সেই সময় যেকয়টি বিধানসভা নির্বাচন হয়েছে তখন।

কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধী বিভিন্ন হিন্দু মন্দিরে গেছেন। ধর্মীয় পোশাক পড়েছেন। প্রকাশ্যে পূজার্চনা করেছেন এবং সেগুলি বৈদ্যুতিক গণমাধ্যমের দ্বারা গোটা দেশে ঢালাওভাবে প্রচার করেছেন। এভাবে কংগ্রেসসহ প্রতিটি অ-বাম, অ-বিজেপি রাজনৈতিক দল, বিজেপির উগ্র রাজনৈতিক হিন্দুত্বের পাল্টা হিসেবে, নিজেরাও যে কোনো অবস্থাতে রাজনৈতিক হিন্দু ভাবাবেগকে আহত করতে চান না, সেই বার্তাটি খুব স্পষ্টভাবে দেবার চেষ্টা করেছেন ।

এই জায়গাটিতে দাঁড়িয়ে বিগত লোকসভা নির্বাচনেও আরএসএসের রাজনৈতিক সংগঠন বিজেপির উগ্র হিন্দুত্বের মোকাবিলায় অ-বাম বুর্জোয়া রাজনৈতিক দলগুলি, নিজেদের নরম হিন্দুত্বের পথ খুব পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মত একদা বিজেপির সঙ্গে সাড়ে ছয় বছর কেন্দ্রীয় মন্ত্রিসভায় অবস্থান করা ব্যক্তিত্ব, বিজেপি-আরএসএসের উগ্র রাজনৈতিক হিন্দুত্বকে আরো লাগামহীন এবং সমাজ জীবনের শেকড়ের মধ্যে নিয়ে গিয়ে, গোটা সামাজিক প্রেক্ষাপটকে বিদীর্ণ করে দেওয়ার লক্ষ্যে, ক্ষমতায় আসার সময়কাল থেকেই প্রতিষ্ঠা করেছিলেন 'প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা'। আর গত লোকসভা নির্বাচনের পর সেই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার ফসলের বিজেপি অনেকখানি লাভবান হওয়ার প্রেক্ষিতে, তাদের সেই লাভের গুড় যাতে পিঁপড়েতে না খেয়ে যায়, সেদিকে লক্ষ্য রেখে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতাকে আরো তীক্ষ্ণ এবং ভয়াবহ করে তুলবার লক্ষ্যে,  পূর্বাঞ্চলের রাজনীতির ক্ষেত্রে আমদানি ঘটিয়েছেন- 'ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতা'; যার অন্তিম পরিণতি হচ্ছে জাতিবিদ্বেষ। যে জাতিবিদ্বেষ বিজেপির মুসলিম বিদ্বেষের একটি সুগার কোটেড উপকরণ ।

এ প্রেক্ষিতের উপর দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভার সাম্প্রতিক নির্বাচনে রাজনৈতিক হিন্দু ভাবাবেগ যাতে কোনো অবস্থাতেই আহত না হয়, সেদিকে লক্ষ্য রেখে, তাঁর যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড, প্রচার পর্ব পরিচালনা করেছেন। রাহুল গান্ধী যেমন কংগ্রেস সভাপতি হিসেবে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় নানা রকম ধর্মীয় পোশাক পড়ে, উপাচারসহ মন্দিরগুলি পরিভ্রমণ করেছেন, পূজা করেছেন, সেগুলি ঢালাওভাবে বৈদ্যুতিক গণমাধ্যমে প্রচার হওয়ার সুযোগ দিয়েছেন, ঠিক তেমনভাবেই  দিল্লি বিধানসভার সদ্যসমাপ্ত নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল শপথ গ্রহণে অবিজেপি  রাজনৈতিক  দলের বিভিন্ন প্রথমসারির নেতৃত্বকে ডাকেননি।

নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে একটি শব্দ উচ্চারণ না করে, ঘরের দোরে শাহীনবাগে শীত উপেক্ষা করে, হাজার হাজার মানুষ, বিশেষ করে, নারীরা, যেভাবে অবস্থান করছেন- তাদের পাশেএকটিবারের জন্য না দাঁড়িয়ে আরএসএস-বিজেপি উগ্র হিন্দুত্বের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন মন্দিরে গিয়ে হানুমান চালিশা পাঠ করেছেন কেজরিওয়াল। শপথ গ্রহণ অনুষ্ঠানে যাতে হিন্দু ভাবাবেগ আহত না হয় সেদিকে লক্ষ্য রেখে কোনও বামপন্থী ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্বকে ও  আমন্ত্রণ পর্যন্ত জানাননি।  অর্থাৎ বিজেপি-  আরএসএস এবং তার সঙ্গী-সাথীদের যে ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, সন্ত্রাসী, রাজনীতি- সেই রাজনীতিকে মোকাবেলার লক্ষ্যে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষিতে অরবিন্দ কেজরিওয়াল উগ্র হিন্দুত্বের একটু চরিত্রগত অদলবদল ঘটিয়ে ঠিক সেই একই পথে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় সম্পর্কে একদম শীতল মনোভাব দেখিয়ে ক্ষমতা দখলকেই একমাত্র লক্ষ্য হিসেবে উপস্থাপিত করেছেন ।

আরএসএস বিজেপির ধর্মান্ধ হিন্দুত্ব একদিকে গোটা দিল্লি জুড়ে গণহত্যা চালাচ্ছে। আর ধর্মান্ধ রাজনৈতিক হিন্দুত্বের একটা পরিবর্তিত ভার্সন হিসেবে অরবিন্দ কেজরিওয়াল গোটা গণহত্যার সময়কালে তার প্রশাসন, তার রাজনৈতিক কর্মী, সমস্ত কিছুকে, আক্রান্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ সম্পর্কে কার্যত মুখে চাবি দিয়ে রেখেছেন, পাছে মুসলিম সম্প্রদায়ের পক্ষে কোনও অবস্থান নিলে, রাজনৈতিক হিন্দু ভাবাবেগ আহত হয়!

রাজনৈতিক হিন্দুরা কেজরিওয়ালের প্রতি আনুগত্য প্রকাশ করেছে বিগত বিধানসভার ভোটে নানা ধরনের দেনা-পাওনাগত কারণেই। বিশেষ করে মধ্যস্বত্বভোগী ফড়িয়া সম্প্রদায়, এবং ছোট ছোট ব্যবসায়ী, যারা দীর্ঘদিন ছিল আরএসএসের রাজনৈতিক সংগঠন বিজেপির প্রধান ভিত্তি। একটা সময়ে তারা জিএসটি, নোটবন্দি ইত্যাদির কারণে বিজেপি সরকার ভারতবর্ষের অর্থনীতির যে একটা ভয়ংকর দুর্দশাপূর্ণ অবস্থা তৈরি করেছে, তার প্রেক্ষিতে বিজেপি প্রতি বিরক্ত হয়ে উঠেছে। অথচ আরএসএসের  সামাজিক প্রযুক্তির দ্বারা ভীষণভাবে লালিত-পালিত এইসব লোকেরা কোন অবস্থাতে নিজেদের সাম্প্রদায়িক এবং মুসলিমবিদ্বেষী অবস্থান থেকে সরে আসতে রাজি নয়।  তাদের কাছে আরএসএস, বিজেপির বিশ্বস্ত দালাল হিসেবে এই অরবিন্দ কেজরিওয়াল , মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক, চন্দ্রবাবু নাইডু প্রমুখ আঞ্চলিক নেতারা একটা রাজনৈতিক হিন্দুত্বের বিকল্প, প্রায় একই আঙ্গিকের মুখগুলির অদলবদল ঘটানো রাজনৈতিক হিন্দুত্ব তুলে ধরতে চাইছে।

তাই দিল্লি গণহত্যার সেই ভয়াবহতার কালে প্রায় নীরব থেকেছেন অরবিন্দ কেজরিওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় খালি কবিতা লিখে নিজের তথাকথিত দায়িত্ব পালন করার অভিনয় করে গেছেন। আবার পুরীর মন্দিরে পৌঁছে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক করবার আগে বিজেপির হিন্দুত্বের সমান্তরাল আরেকটি হিন্দুত্বের পথে হাঁটবার যে রাজনীতি অরবিন্দ কেজরিওয়াল তৈরি করছেন, সেই রাজনীতি একজন প্রধান ব্যক্তিত্ব হয়ে ওঠার লক্ষ্যে সমস্ত রকমভাবে আত্মনিয়োগ করেছেন।

মার্কিন রাষ্ট্রপতির ভারত সফর, সেখানে বিবেকানন্দকে বিকৃতভাবে উচ্চারণ, গান্ধী, প্যাটেলের নাম উল্লেখ করলেও নেহরুর নাম উল্লেখ পর্যন্ত না করা- এই সমস্ত কিছু ঘিরেই কিন্তু কোন অ-বাম, অ-বিজেপি রাজনৈতিক দল বিন্দুমাত্র প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম্পের ভারত সফর সম্পর্কে অবহিত ছিলেন কিনা, সেটা পর্যন্ত যেন জানতে পারা যাচ্ছে না, এমন একটি অভিনয় সংবাদমাধ্যম করে চলেছে।

এইরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেবলগণহত্যা নয়, মুসলিমশূন্য ভারতবর্ষ তৈরির লক্ষ্যে, আরএসএসের সদরদপ্তর নাগপুরের কেশব ভবন যেভাবে হিন্দু রাষ্ট্রের কল্পনা করে, সেই বিকৃত ও চিরন্তন ভারতবর্ষের বহুত্ববাদী চিন্তা-চেতনার সমন্বয়বাদী ধারার সম্পূর্ণ বিরোধী একটি অবয়বকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে, গোটা ভারতবর্ষে যে গৃহযুদ্ধের পরিবেশ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, তারই ইঙ্গিত আমরা পাচ্ছি দিল্লির পৈশাচিকতার ভেতর দিয়ে।

খোদ রাজধানী দিল্লির বুকে আরএসএস এবং তাদের রাজনৈতিক সংগঠন বিজেপি যেভাবে মুসলিমবিরোধী গণহত্যায় মেতে উঠেছে, এবং সেই গণহত্যাকে সফল করতে রাষ্ট্রশক্তি যেভাবে তার পুলিশ বাহিনীকে একদম ছাড়পত্র দিয়েছে, তার প্রেক্ষিতে অ-বিজেপি রাজনৈতিক দলগুলোর ভূমিকা ঘিরেও আমাদের কাছে প্রশ্ন চিহ্নটা খুব তীব্র হয়ে ওঠে। গণহত্যার তীব্রতার দিনগুলিতে, কোনো রাজনৈতিক দলই সেভাবে গণহত্যার মোকাবিলায় পাল্টা সামাজিক-সাংস্কৃতিক প্রযুক্তি কিন্তু প্রয়োগ করতে পারেনি ।

ব্রিটিশ ভারতে ছেচল্লিশের দাঙ্গার প্রেক্ষিতে আমরা কলকাতা মহানগরীর বুকে কিংবা কলকাতা সংলগ্ন এলাকাতেও দেখেছিলাম, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও কমিউনিস্ট পার্টির ছত্রছায়ায় থাকা সংস্কৃতিক সংগঠনগুলি দাঙ্গা প্রতিরোধে কি অনবদ্য ভূমিকা পালন করেছিল।

সহিংসতার সময় ওই এলাকায় নেমে পড়ে, বামপন্থিদের নেতৃত্বে সহিংসতা প্রতিরোধের অনবদ্য চিত্র অতীতে আমরা দেখেছি। ইন্দিরা গান্ধীর নৃশংস হত্যাকাণ্ডের পর ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কাটরা মসজিদজনিত যে দাঙ্গা হয়েছিল মুর্শিদাবাদ শহরে সেখানেও বামপন্থি কর্মীদের সাহসী ভূমিকা আমরা দেখেছি।

এই প্রেক্ষিতে বিশেষভাবে উল্লেখ করতে হয় ১৯৯২ সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পর, পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে, যেখানে যতটুকু অশান্তির আগুন দানা বাঁধতে চেষ্টা করেছিল সেগুলির প্রতিরোধে তৎকালীন বামফ্রন্ট সরকারের ঐতিহাসিক ভূমিকা এবং বামপন্থি দলগুলির ছাত্র-যুব মহিলাসহ সমস্ত স্তরের কর্মী এবং বামপন্থি মানসিকতা সম্পন্ন সংস্কৃতিকর্মীদের ঐতিহাসিক ভূমিকার কথা।

বিরুদ্ধ পরিবেশে দাঁড়িয়েও বামপন্থিরা কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গার সময় জীবনের তোয়াক্কা না করে, দাঙ্গাক্লিন্ন মানুষদের পাশে দাঁড়ায়, তার উদাহরণ আমরা দেখেছিলাম ১৯৭৯ সালে রামনবমীকে ঘিরে জামশেদপুরের দাঙ্গার ভেতর দিয়ে। সেই দাঙ্গাকে প্রতিরোধ করতে তৎকালীন বামপন্থী ছাত্র যুব নেতৃত্বের ভেতর নীলোৎপল বসু, মহম্মদ সেলিম প্রমুখ ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন ।

অত্যন্ত পরিতাপের বিষয় দিল্লি গণহত্যার একদম রক্তঝরা দিনগুলিতে কিন্তু সেভাবে বামপন্থিদের আমরা পেলাম না। দিল্লির বাইরে বামপন্থিরা দেশের বিভিন্ন অংশে, তাদের সাধ্যমত প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন। প্রতিরোধের সংকল্পে দৃঢ় হয়েছেন । গণহত্যার পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসার পর, দিল্লির বুকে বামপন্থিরা সভা-সমিতি করেছেন, এটা বাস্তব সত্য। এই বাস্তব সত্যের পথে কিন্তু বামপন্থিরা ব্যতীত অন্য কোনও অ-বাম রাজনৈতিক দল পথে নামেইনি বলা যায়।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কংগ্রেস দলের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সহ তাদের দলের শীর্ষ নেতারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। অত্যন্ত ন্যায্য দাবি সেটি। কিন্তু দাঙ্গাক্লিন্ন মানুষদের মধ্যে নেমে পড়ে সেসব মানুষদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, এদের কাউকে সেভাবে আমরা দেখতে পেলাম না অকুস্থলে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়।

সাধারণ মানুষ, তারা রাজনৈতিকভাবে সেভাবে সংগঠিত নন, কিংবা সাংস্কৃতিক ক্ষেত্রে সেভাবে নিজেদেরকে সংগঠিত করেননি, এইসব সাধারণ মানুষ কিন্তু নেমে এসেছেন। দাঙ্গাক্রান্ত মানুষদের প্রতি সহমর্মিতার হাত নিয়ে রাজনৈতিক নেতারা যেখানে পৌঁছাননি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যেখানে নানা ধরনের হিসেব-নিকেশে মত্ত থেকেছেন, সংখ্যালঘু মুসলমানদের প্রতি সহমর্মিতা-সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, পাছে রাজনৈতিক ভাবাবেগকে দিয়ে যারা সংখ্যাগুরুর  সমস্ত মানসিকতার বিচার-বিশ্লেষণ করেন,  সেসব লোকেরা ক্ষুণ্ন হতে পারে হতে পারেন, সেই হিসেব-নিকেশ কষে, গণহত্যার প্রথম কয়েকদিন কার্যত নিশ্চুপ ভূমিকা পালন করেছেন।

সেই জায়গায় সাধারণ মানুষ, জাতি-ধর্ম-বর্ণ-ভাষা-লিঙ্গ নির্বিশেষে যেভাবে এগিয়ে এসেছেন, তা থেকে এই জিনিসটি আরো স্পষ্ট হয়ে উঠছে যে, সুনির্দিষ্ট রাজনৈতিক দলগুলির পরিচালনা পদ্ধতির বাইরে থেকে, নাগরিকত্ব সংশোধনী আইনের নাম করে ভারতবর্ষকে মুসলিমশূন্য করার যে বর্বরোচিত ষড়যন্ত্র আরএসএস, বিজেপি এবং তাদের দৃশ্যমান ও অদৃশ্য সঙ্গী-সাথীরা করছে, তার মোকাবিলায়  শাহীনবাগ-জাফরাবাদসহ দেশের হাজারো প্রান্তে যেভাবে প্রতিবাদ-প্রতিরোধ ধ্বনিত হচ্ছে, প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা, দলগত অবস্থান, ইত্যাদি ব্যতিরেকে যেভাবে পরিপ্রেক্ষিত রচিত হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতের একটা অনুপম স্বাক্ষর কিন্তু গণহত্যা ক্লিন্ন মানুষদের প্রতি সাধারণ মানুষদের এই সহমর্মিতার হাতের ভেতর দিয়ে  আমরা দেখলাম ।

প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল ইত্যাদির তোয়াক্কা সেভাবে না করে সাধারণ মানুষের মধ্যে দিয়ে যে প্রতিরোধের সংকল্প,  সহমর্মিতার  দৃষ্টিভঙ্গি, এ দৃষ্টিভঙ্গি কিন্তু আরএসএস-বিজেপির রাজনৈতিক হিন্দুত্বের মোকাবিলায়, অবাম, অ-বিজেপি রাজনৈতিক দলগুলি যেভাবে নরম হিন্দুত্বের রাস্তা থেকে সরে এসে, খানিকটা অদল-বদল হিন্দুত্বের পথে ঘটিয়ে, তাদের রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করতে চাইছেন। এ অপচেষ্টা  ও অপশক্তির মোকাবেলাতে সাধারণ মানুষের তৈরি করা রাজনীতির সামাজিক পথ আগামী দিনের ভারতবর্ষে একটা নতুন প্রেক্ষাপটের ঊষালগ্নে সূচনা করছে- এ কথা কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাবেই বলতে পারা যায়।