২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা-রাজাকার তালগোল পাকিয়ে একাকার

Published : 19 Dec 2019, 08:35 PM

Updated : 01 Jul 2022, 05:38 PM

'মুক্তিযোদ্ধা' শব্দটির মধ্যেই নিহিত আছে বাঙালি জাতির গর্বের ইতিহাস, বাঙালি জাতির অহঙ্কারের বীরগাঁথা। মুক্তিযোদ্ধারা ছিলেন বলেই আমরা পেয়েছি বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা পেয়েছি আমাদের ঠিকানা, আমাদের স্বদেশভূমি। মুক্তিযোদ্ধারা হচ্ছেন বাঙালি জাতির সূর্যসন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের লাল-সবুজের পতাকা আর বিশ্বের বুকে এক গর্বিত মানচিত্র। 'মুক্তিযোদ্ধা' শব্দটি আমাদের কাছে অনেক বড় মাহাত্ম্যময়। মুক্তিযোদ্ধা শব্দটি শুনলেই শ্রদ্ধায় নত হয়ে ওঠে হৃদয়।

অপরদিকে রাজাকার বা রেজাকার হলো ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গঠিত একটি আধাসামরিক বাহিনী। এটি বাংলাদেশের স্বাধীনতাবিরোধী বাঙালি এবং উর্দুভাষী অবাঙালি অভিবাসীদের নিয়ে গঠিত হয়। অবরুদ্ধ বাংলাদেশে স্বাধীনতার জন্যে লড়াইরত মুক্তিবাহিনীকে প্রতিরোধ করার জন্য ১৯৭১ সালের মে মাসে খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠিত হয়। খানজাহান আলী রোডে একটি আনসার ক্যাম্পে ৯৬ জন জামায়াতে ইসলামী কর্মী সমন্বয়ে জামায়াতে ইসলামীর পূর্ব পাকিস্তান শাখার সহকারী আমির মাওলানা এ কে এম ইউসুফ প্রথম রাজাকার বাহিনী গঠন করেন। আরবি শব্দ রি'দাকার (رضاكار) থেকে মূলত শব্দটির উৎপত্তি। আরবি ভাষায় শব্দটির অর্থ স্বেচ্ছাসেবক। টিক্কা খানের সরকার সারা প্রদেশে বাধ্যতামূলকভাবে অনেক চোর-ডাকাত ও সমাজবিরোধীকে রাজাকার বাহিনীর অন্তর্ভুক্ত করে। বর্তমানে বাংলা ভাষায় বিশ্বাসঘাতক বা মীর জাফরের প্রতিশব্দ হিসেবে রাজাকার শব্দটি প্রচলিত।

এই কথা অনস্বীকার্য যে মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ড যেমন তাদের জাতীয় বীরের আসনে অধিষ্ঠিত করেছে ঠিক তেমনি রাজাকারদের কর্মকাণ্ড তাদেরকে জাতীয় বিশ্বাসঘাতক এবং ঘৃণার পাত্র হিসেবে সমাজে অধিষ্ঠিত করেছে। কাজেই জাতি হিসেবে আমাদের অস্তিত্বের স্বার্থে নিজেদের শত্রু মিত্র চেনার স্বার্থে মুক্তিযোদ্ধা এবং রাজাকার উভয়ের তালিকা সংরক্ষণ করা জরুরী ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো দুটি তালিকার কোনও পূর্ণাঙ্গ তো সংরক্ষিত হয়ইনি,  বরং সম্প্রতি তালিকা করতে গিয়ে যে ঘটনার অবতারণা হয়েছে তা ছিল অনভিপ্রেত।

মুক্তিযোদ্ধা হিসেবে কারা চিহ্নিত হবেন সেটি ১৯৭২ সালের অর্ডারে স্পষ্ট রয়েছে। এটি নিয়ে বারবার বিতর্ক করে মুক্তিযোদ্ধাদের হেয় করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নতুন করে নির্ধারণের কিছু নেই। ১৯৭২ সালে কিন্তু একটি অর্ডারের মাধ্যমে বঙ্গবন্ধু নিজেই মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়ন করেছেন। তারপরও বিভিন্ন সরকারের সময় সেই সমস্ত সরকারের কর্তা ব্যক্তিরা তাদের নিজেদের স্বার্থে 'মুক্তিযোদ্ধা' শব্দটির সংজ্ঞায়ন মোট বারো বার করেছেন। এই বার বার সংজ্ঞা পরিবর্তনের সুযোগ নিয়ে মুক্তিযোদ্ধা নিবন্ধীকরণের বা অন্তর্ভুক্তিকরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন তালিকা প্রণয়নের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি যারা মুক্তিযুদ্ধ করেননি তারাও সনদ নিয়ে নিয়েছেন। গণমাধ্যমের কল্যাণে আমরা দেখেছি সাবেক এক এমপির মুক্তিযোদ্ধার সনদ নিয়ে অভিযোগ উঠেছে। এমনকি সম্প্রতিকালে মুক্তিযোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম অন্তর্ভুক্তকে কেন্দ্র করে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সেই ঘটনায় দেখা যায় মো. মীজানুর রহমানের জন্ম মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার ৯ বছর পর ১৯৮০ সালে। তারপরও মুক্তিযোদ্ধা তালিকায় মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত হয়েছে তার। শুধু তাই-ই নয়, তার মা-বাবার বিয়েও হয়েছে মুক্তিযুদ্ধের পর। বাবার নাম আবদুল মজিদ, মা দিলরুবা খানম। তাদের বিয়ে হয় ১৯৭৮ সালে। এর দুই বছর পর ১৯৮০ সালের ৩ জুলাই জন্ম হয় মো. মীজানুর রহমানের। এমন কি গণমাধ্যমের কল্যাণে আমরা দেখেছি টাকার বিনিময়ে সনদ বাণিজ্যের অভিযোগ!

পদে পদে ভূলুণ্ঠিত হয়েছে চেতনা, জাতীয় বীরদের করা হয়েছে প্রশ্নবিদ্ধ, ফল স্বরূপ আমরা আজ পর্যন্ত আমাদের সেই জাতীয় বীর তথা মুক্তিযোদ্ধাদের কোন পূর্ণাঙ্গ  তালিকা পাইনি। আমরা জানি না আমাদের সেই সূর্য সন্তান কারা যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

অপরদিকে রাজাকারের তালিকা করতে গিয়ে জাতি হিসেবে আমরা আরও এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। আমরা  প্রকৃত রাজাকারদের নাম তো পাই-ইনি বরং সেই তালিকায়  দেখেছি অনেক বীর মুক্তিযোদ্ধাদের নাম। দেখেছি রাষ্ট্রের টাকা খরচ করে রাষ্ট্রের বীর সন্তানদের অপমানের মহোৎসব। যারা দেশ এনে দিয়েছেন, যারা স্বাধীনতা এনে দিয়েছেন,  যাদের কল্যাণে দেশ পেয়েছি তাদেরকেই যখন সেই দেশ থেকে এমন বীভৎস অপমান করা হয় তখন আসলে জাতি হিসেবে এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না ।

তবে আশার কথা হচ্ছে এই লজ্জাজনক তালিকাকে স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টিকে সর্বাত্মক গুরুত্বের সাথে দেখবেন। তবে সাথে সাথে প্রশ্ন উঠেছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে। একজন পূর্ণ মন্ত্রীর নেতৃত্বে এক বিশাল আমলা বাহিনী থাকার পরও তারা তাদের প্রতি অর্পিত সর্বাধিক গুরুত্ব পূর্ণ দুটি কাজ তথা মুক্তিযোদ্ধাদের তালিকা এবং রাজাকারদের তালিকা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই ধরনের চরম ব্যর্থতার পর সেই মন্ত্রণালয়ের আমলাদের আদৌ কাজের সক্ষমতা আছে কিনা? এবং মন্ত্রণালয়ের প্রধান হিসেবে মন্ত্রী সেই দায় এড়াতে পারেন কিনা ? এই বিষয়গুলো নিয়ে ভাববার সময় এসেছে।

সময় এসেছে তদন্ত করে দেখার যে বাংলাদেশের জন্মের বিরোধিতায় লিপ্ত ব্যক্তিদের তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজকেও কারা এমন হাস্যকরভাবে করেছে? এমন তুচ্ছ-তাচ্ছিল্যের কেন্দ্রে কারা?তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং এই হাস্যকর তালিকা শুধু স্থগিত নয় প্রত্যাহার করে নিয়ে নতুন তালিকা প্রনয়ন করতে হবে। নতুন তালিকা প্রণয়নে আমলা নির্ভর না হয়ে মুক্তিযোদ্ধাসহ যে ব্যক্তি বা সংগঠন মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা করে আসছে তাদের সাহায্য নিতে হবে ।

সর্বোপরি বলতে চাই, মুক্তিযোদ্ধারা ক্ষণজন্মা পুরুষ। তারা জাতির এক ক্রান্তিলগ্নে নিজের জীবনের মায়াকে তুচ্ছ করে জাতিকে এনে দিয়েছিলেন মুক্তির স্বাদ, এনে দিয়েছল স্বাধীন দেশ। মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে প্রাপ্ত দেশে যদি মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে নিয়ে বিন্দুমাত্র ছিনিমিনি খেলা হয় তাহলে জাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা এক অকৃতজ্ঞ জাতিতে পরিণত হব। ভুলে গেলে চলবে না যে মুক্তিযোদ্ধাদের চোখ থেকে একফোঁটা অশ্রু নির্গত হওয়া মানে বাংলাদেশ নামক দেশের হৃদয় থেকে এক ফোঁটা রক্তক্ষরণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিৎ এই দুটি তালিকা নির্ভুল ভাবে প্রণয়ন করে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মানিত করা এবং জাতিকে বিভ্রান্তির কবল থেকে রক্ষা করা ।