২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকারের ‘পেনড্রাইভ তালিকা’

আহসান কবির আহসান কবির

Published : 19 Dec 2019, 07:01 PM

Updated : 01 Jul 2022, 05:38 PM

স্রেফ কপি ও পেস্ট করা রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক এখনও চলছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ এবং সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া,প্রতিবাদ ও ক্ষোভের পর 'স্থগিত' করা হয়েছে রাজাকারদের 'পেনড্রাইভীয় তালিকা' ,তবে তালিকাটা নিয়ে তামাশা এখনো থামে নি। এই তালিকার যতোই গভীরে যাচ্ছে মানুষ তামাশা ততো বাড়ছে। মুক্তিযোদ্ধাদের অপমান করার দায়ে এই তালিকা প্রকাশ করার পেছনে কারা কারা আছে তাদেরই তালিকা হওয়া উচিত এখন! এমন ভুল করার পর বিশ্বের যেকোনও দেশের যেকোনও দায়িত্বশীল কর্মকর্তা লজ্জাতেই পদত্যাগ করতেন।

বহুব্রীহি নাটকের কথা হয়তো অনেকেরই মনে আছে। ১৯৭৫ এর পর থেকে ১৯৮৮ সালে এসে প্রথম বিটিভিতে (বাংলাদেশ টেলিভিশন) শোনা গিয়েছিল 'তুই রাজাকার' শব্দটি। সবারই জানা থাকার কথা যে তখন রাজাকার শব্দটি উচ্চারণ করাও নিষেধ ছিল। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ তখন পাখির মুখ দিয়ে উচ্চারণ করিয়েছিলেন- 'তুই রাজাকার'। এই নাটকের এক চরিত্র যে কিনা 'ও আমার রসিয়া বন্ধুরে' নামে এক বাণিজ্যিক ছবি বানাতে চেয়েছিল,শেষমেষ সে সিদ্ধান্ত নেয় যে সে রাজাকারের তালিকা করার কাজে নামবে আর 'তুই রাজাকার' নামেই সে সিনেমাটা বানাবে। এমন কি ১৯৯০ সালে 'নোভা' নামের ব্যান্ডদল একটা অ্যালবাম বের করেছিল যার শিরোনাম ছিল- রাজাকারের তালিকা চাই! ২০১৯ এ যখন মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবিদার সরকার ক্ষমতায়, তখনই রাজাকারের তালিকা নিয়ে তামাশাটা দেখা গেল!

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কোন রকম প্রস্তুতি বা যাচাই বাছাই ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো পুরোনো একটি তালিকা প্রকাশ করেছে যেখানে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম আছে। এই তালিকায় দে.হো.সাঈদী (দেলোয়ার হোসাইন সাঈদী), ম.র.নিজামী (মতিউর রহমান নিজামী) সা.কা.চৌধুরী( সালাউদ্দীন কাদের চৌধুরী), আলী আহসান মো.মুজাহিদ,মীর কাসিম আলী কিংবা কাদের মোল্লাদের (কসাই কাদের) নাম নেই! এই তামাশার তালিকায় নাম আছে বাংলাদেশের প্রথম নির্বাচিত মেয়র মো. হানিফের! নাম আছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর, যিনি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা! নাম আছে মতলবের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হুমায়ুনের, নাম আছে ভাষা শহীদ ও গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা বরিশালের মিহির দত্তের যার ভাই সুবীর দত্ত এবং বাবা জিতেন্দ্র দত্ত মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। নাম আছে বরিশালের মুক্তিযোদ্ধা তপন কুমার চক্রবর্তীর! সংখ্যালঘু শ্রেণীর ৯২ জন মানুষের নাম আছে এই তালিকায়! ৩৮ জন নারী রাজাকারের ভেতর পাঁচ জন মাত্র মুসলিম বাকি সব সংখ্যালঘু শ্রেণির!

স্থগিত হয়ে যাওয়া এই তালিকা নিয়ে দুই মন্ত্রী ও মন্ত্রণালয়ের বিবৃতিযুদ্ধও লক্ষ্যণীয়। একটি জনপ্রিয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী -স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা কোন তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে দেয় নি। ১৯৭২ সালে দালাল আইনে যাদের বিরুদ্ধে মামলা ছিল তাদের তালিকাই পেনড্রাইভে করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে পাঠানো হয়েছিল! এই তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কারো কোনও সাক্ষর নেই। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানায় তারা তালিকাটা স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকেই পেয়েছে! রাজাকারের তালিকা চাওয়ার পরই নাকি স্বরাষ্ট্রমন্ত্রণালয় এটা পাঠিয়েছিল। তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই তালিকার কোথাও পরিবর্তন (নাম যুক্ত করা বা বাদ দেয়া) করেছে কি না তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানে না!

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন-এ দায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের। আমরা তাদের যে তালিকা দিয়েছি তা তারা প্রকাশ করবে বলেনি, সাংবাদিক সম্মেলনের কথাও জানায় নি। আমরা কখনো বলিনি এটা রাজাকারের তালিকা। আমরা প্রথম থেকেই তাদের দালাল আইনে হওয়া মামলার তালিকার কথাই বলেছি। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন- স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পেনড্রাইভে করে যে তালিকা পাঠানো হয়েছে আমরা সেই তালিকাই প্রকাশ করেছি। এখানে আমাদের কী দায় থাকতে পারে? তবে ভুল করে কারো নাম এই তালিকায় যুক্ত হয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে আমরা তা তদন্ত করে সংশোধন করবো! মোজাম্মেল সাহেবের কথা শুনে মনে হতে পারে যে মুক্তিযোদ্ধারা এখন অনুগ্রহভাজন হতে বাধ্য হবেন। মুক্তিযোদ্ধারা যেয়ে বিনয়ের সাথে ওনার মন্ত্রণালয়ের লোকজনকে বুঝিয়ে বললে উনি সেটা সংশোধন করবেন! কপি পেস্ট করে ভুল করলেন মন্ত্রী ও তার মন্ত্রণালয় আর মুক্তিযোদ্ধারা যাবেন তাদের অনুগ্রহভাজন হতে!

এ দেশের মানুষের মধ্যে ব্যাপকভাবে একটা ভুল ধারণা প্রচলিত আছে- আওয়ামী লীগ ছাড়া প্রায় সবগুলো দল কখনো না কখনো এই ধারণা জনিত অভিযোগ ছড়িয়েছে। বলা হয়ে থকে যুদ্ধাপরাধের সাথে জড়িত সবার প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। স্বাধীনতা পরবর্তীকালে প্রায় সাইত্রিশ হাজার জনের প্রতি এই অভিযোগ উঠেছিল এবং এই সাইত্রিশ হাজারের ভেতর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এগার হাজারের বেশি মানুষের আইনের আওতায় বিচার চলছিল। সাধারণ ক্ষমার আওতায় পড়েছিলেন পঁচিশ হাজারের মতো মানুষ যাদের বিরুদ্ধে শক্ত ও ভয়ংকর অভিযোগ ছিল না। কিন্ত বঙ্গবন্ধু নিহত হবার দুই বছরের ভেতর পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ বিরোধীদের পুনর্বাসনের লক্ষ্যে দালাল আইন রদ (স্পেশাল কোলাবোরেটর অ্যাক্ট) করা হয় এবং সুনির্দিষ্ট ও ভয়ংকর অভিযোগে অভিযুক্ত যারা বিচারাধীন ছিল ও যাদের সাজা হয়েছিল তারা মুক্তি পেয়ে যায়। এসব করা হয়েছিল মূলত আওয়ামী লীগ বিরোধী জোটকে শক্তিশালী করার জন্য এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এসব পরিকল্পিতভাবে করা হয়েছিল।

দেশের জন্য যারা জীবন দিয়েছিলেন আর জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন স্বাধীন দেশে বার বার তাঁরা অপমানের মুখোমুখি হয়েছেন। স্বাধীনতার পরেও যখন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য পদক তালিকা ঘোষণা করা হয় তখনও সেটা নিয়ে বিতর্ক ওঠে। একারণে প্রথমে ওই তালিকা স্থগিত করা হয়েছিল। পরে এই তালিকাই বলবৎ করা হয়। পদক তালিকায় বীরশ্রেষ্ঠ হয়েছেন যে সাতজন তারা ছিলেন সেনা, নৌ, বিমান ও ইপিআরের (স্বাধীনতার পর বিডিআর,বর্তমান বিজিবি) সদস্য। বেসামরিক কোন শহীদ এই পদক পাননি। এছাড়াও আরো কিছু কারণে বীরদের তালিকা নিয়ে বিতর্ক উঠেছিল।

স্বাধীনতার ৪৯ বছর পরে আয়োজন করে, অনেক ঢাকঢোল পিটিয়ে রাজাকারদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেটাও শেষমেষ স্থগিত করা হলো। এতোসব কিছু হলো মুক্তিযুদ্ধের পক্ষের দলের হাতেই। আরও কতো তামাশা বা আরও কতো ভুল এই তালিকা থেকে বের হয় সেটা হয়তো ভবিষ্যতেই জানা যাবে। কারণ ২০২০ সালের ২৬ মার্চ এটা পুনরায় প্রকাশ হবার কথা রয়েছে।

বিশেষ দ্রষ্টব্য:  

স্থগিত করা এই তালিকা থেকে জানা যায় নি রাজাকার বাহিনীর সদস্য সংখ্যা কতো ছিল। জানা যায় নি আল বদর বা আল শামস বাহিনীর সদস্য সংখ্যা কতো ছিল। এই তিনবাহিনীর সদস্যরা পাকিস্তান সরকারের ভাতা পেতো। জানা যায়নি এর বাইরে দালাল, থানা, পুলিশ বা সেনাবাহিনীর 'ফর্মা' (ইনফর্মার) কতোজন ছিল। এই ফর্মারাই খবর দিয়ে মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিতো,পথ দেখিয়ে নিয়ে আসতো। তালিকার নামে আসলে কাজের কাজ কিছুই হয়নি। বরং সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ক সবচেয়ে বড় বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। যাদের অবহেলায় ও বাগাড়ম্বরে এসব হয়েছে তাদের তালিকা করা জরুরী।

১৯৭২-৭৫ বাস্কবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম বলে কিছু ছিল না। এখন এই যোগাযোগ মাধ্যমই অনেক কিছু বদলে দেয়। ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করে বলা হচ্ছে- একটা পেনড্রাইভ তালিকার দাম ৬০ কোটি টাকা (তালিকা প্রকাশের সরকারি বাজেট নাকি ছিল ৬০ কোটি)? তালিকা যদি স্থগিত হয় যারা এটা খরচ করেছে তাদের কী এখন সেটা ফেরত দিতে বলা হবে? যদিও অভিযোগ অস্বীকার করে মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন- ৬০ পয়সাও নাকি খরচ হয়নি!

এরপরে কি তার কথা বিশ্বাসযোগ্যতা পাবে?

যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এক অন্যরকম অভিযোগ। বলা হচ্ছে অ্যান্থনি ম্যাসকারানাস এর 'লিগেসী অব ব্লাড' কিংবা হুমায়ূন আহমেদের 'দেয়াল' উপন্যাসে টঙ্গীর একটা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা আছে।

এই ঘটনার নায়ক কী কখনো শনাক্ত হবে?