মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কি গণভোট
কোনো নির্বাচনে যদি ক্ষমতাসীন ব্যক্তি বা দল প্রার্থী হয় তবে সে নির্বাচনের প্রকৃতি হতে পারে দুই ধরনেরঃ গণভোট অথবা পছন্দের নির্বাচন। বিরোধী দল এ ধরণের নির্বাচনকে ক্ষমতাসীনদের গত কয়েক বছরের কার্যকলাপের সাফল্যের বা ব্যর্থতার প্রতি আস্থা-অনাস্থা'র সুযোগ হিসেবে ভোটারদের কাছে উপস্থাপন করতে চান। তাঁদের নির্বাচনী কৌশল হয় খুব সহজ – তাঁরা ক্ষমতায় গেলে কী করবেন, কোন ধরণের নীতি অনুসরণ করবেন, কিংবা তাঁদের প্রার্থীর যোগ্যতা কী সেটা তাঁদের নির্বাচনী প্রচারনায় গুরুত্ব পায় না। তাঁরা দেখাতে চান যে ক্ষমতাসীন দল বা ব্যক্তির নীতি, কার্যকলাপ এবং পদক্ষেপের ফলে সাধারণ ভোটারদের জন্য ভালোর চেয়ে মন্দই হয়েছে বেশি। ফলে ক্ষমতার হাত বদল হলেই অবস্থার পরিবর্তন ঘটবে। ক্ষমতাসীনদের হাতে যখন সহজে দৃষ্টিগ্রাহ্য সাফল্য কম থাকে তখন বিরোধীদের পক্ষে এ ধরণের নির্বাচনী কৌশল অবলম্বন সহজ হয়ে পড়ে। প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে এই ধরণের কৌশল সহজে ব্যবহার করা যায় কেননা সরকারের সব পদক্ষেপকে প্রেসিডেন্টের কাজ বলে দেখানো যায়। অন্যদিকে, ক্ষমতাসীনরা চান নির্বাচনকে 'পছন্দের নির্বাচনে' পরিণত করতে। তাঁদের নির্বাচনী প্রচারনার কৌশল হয় এটা তুলে ধরা যে বিকল্প হিসেবে বিরোধীরা সাধারণ ভোটারদের জন্য ইতিবাচক কিছু করতে পারবেন না। বিরোধীদের অতীত নীতিমালা, তাঁদের বর্তমান অবস্থান, প্রার্থীর যোগ্যতা তুলে ধরে ক্ষমতাসীনরা দেখাতে চান যে ভোটারদের সামনে এখন দুটো বিকল্প আছে এবং ক্ষমতাসীনরা তুলনামূলকভাবে ভালো। সহজ ভাবে বললে – আমরা আশাব্যঞ্জক সাফল্য দেখাতে পারিনি তবে আমার প্রতিদ্বন্দ্বী এর চেয়ে মোটেই ভালো করবে না।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী ক্ষমতাসীন বারাক ওবামা এবং রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির প্রচারনা দেখে বোঝা যায় দুপক্ষই এ ভাবেই নির্বাচনকে ভোটারদের সামনে হাজির করতে চাইছেন। গত প্রায় সাড়ে তিন বছরে যত সাফল্যই থাকুক না কেন ওবামার জন্য বড় সমস্যা হল দেশের অর্থনীতি – অব্যাহত মন্দার কারণে বেকারত্বের হার কমানো সম্ভব হয়নি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশে বেকারত্বের হার ৮ দশমিক ৩ শতাংশ। বাস্তবে এই সংখ্যা যে আরও বেশি তা সহজেই অনুমেয়। এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্টের গৃহীত পদক্ষেপই দায়ী বলে রিপাবলিকানরা প্রচার চালালেও যারা ভালো করে খোঁজ খবর রাখেন তাঁরা জানেন যে বিশ্বজুড়ে যে মন্দা চলছে তা একক ভাবে যুক্তরাষ্ট্রের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়, তদুপরি ২০১০ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা প্রতিনিধি সভার নিয়ন্ত্রন হারাবার পর রিপাবলিকানরা প্রেসিডেন্টের অধিকাংশ প্রচেষ্টাই আটকে দিয়েছে। অন্যদিকে, সিনেটেও রিপাবলিকানদের বাধার মুখে বহু চেষ্টা সাফল্যের মুখ দেখেনি। সাধারণ ভোটারদের কাছে দেশের কংগ্রেস (অর্থাৎ প্রতিনিধি সভা ও সিনেট) খুব জনপ্রিয় নয়, তারপরও সাধারণ ভোটারদের একটা অংশ মনেই করে যে প্রেসিডেন্ট ওবামা আরো বেশি কার্যকর পদক্ষেপ নিতে পারতেন। প্রেসিডেন্টের কাজে সন্তষ্ট এমন লোকের সংখ্যা ৪৫ শতাংশ, প্রেসিডেন্টের কাজে অসন্তষ্ট লোকের পরিমাণ তাঁর চেয়ে বেশি – ৪৯ শতাংশ। ফলে রিপাবলিকানরা চাইছে এই নির্বাচনকে প্রেসিডেন্টের ওপর আস্থার ভোটে পরিণত করতে।
দেশের অর্থনীতির অবস্থা বদলাতে মিট রমনি কী ধরণের পদক্ষেপ নেবেন সে বিষয়ে তিনি বা তাঁর দল বিস্তারিত কিছুই বলছেন না তবে অতীতে তাঁদের অনুসৃত নীতি অনুযায়ী ধনীদের জন্য আরো কর রেয়াতের ব্যবস্থা অন্যতম, তা ছাড়া রমনি চান যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রন হ্রাস করতে। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রনহীনতা যে ২০০৮ সালে দেশের এবং সারা বিশ্বের অর্থনীতির জন্য বিপদ ডেকে এনেছে তাকে কার্যত অস্বীকার করে রিপাবলিকানরা চান যে এ ব্যাপারে ওবামা প্রশাসন যে ধরণের আইন-কানুন তৈরি করেছে তা বাতিল করা হোক। সব চেয়ে মজার ব্যাপার হল রিপাবলিকানরা এসব আইনের অধিকাংশই বাস্তবায়ন করতে দেয় নি, এগুলো কাগুজে বিষয়ের বেশি কিছু হয়নি – তারপরও তাঁদের অভিযোগ হল এসব আইন কানুনের কারনেই দেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চার হচ্ছেনা, বেকারত্ব কমানো যাচ্ছেনা।
ওবামা প্রশাসনের সব চেয়ে বড় সাফল্য হল স্বাস্থ্য বীমা খাতের সংস্কার – এর অধিকাংশ ইতিবাচক দিক এখনও বাস্তবায়িত হয়নি। মিট রমনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি নির্বাচিত হলে প্রথম দিনেই তা বাতিল করে দেবেন। এতে করে যে লাখ লাখ লোক এখন স্বাস্থ্য বীমার সুযোগ পাচ্ছেন এবং ২০১৪ সালের পরে পাবেন তাঁদের জন্য এটা একটা বড় হুমকি। কিন্ত ২০১০ সাল থেকে অব্যাহত প্রচারনার ফলে রিপাবলিকানরা সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে এক ধরণের ভীতি ও অনিশ্চয়তা তৈরি করতে পেরেছেন। আশংকা তৈরি হয়েছিলো যে দেশের সুপ্রিম কোর্ট এই আইনকে অসাংবিধানিক বলে রায় দিতে পারে। আদালত শেষাবধি বলেছে যে আইনটি সংবিধানসম্মত। এতে রিপাবলিকানরা মোটেই পিছিয়ে পড়েনি। ওবামা এবং ডেমোক্রেটরা এই আইনের ইতিবাচক দিক তুলে ধরতে ব্যর্থ হয়েছে। আইন হিসেবে এর জনপ্রিয়তা না থাকলেও এর মধ্যে যে সব সুবিধার কথা রয়েছে তা অধিকাংশ মানুষই পছন্দ করেন।
প্রেসিডেন্ট ওবামা এবং তাঁর নির্বাচনী কর্মকর্তারা এটা ভালো করেই বুঝতে পারেন যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে তাঁর সাফল্য সত্ত্বেও নির্বাচন লড়তে হবে দেশের সামনে কী ধরণের সম্ভাবনার চিত্র তুলে ধরতে তাঁরা সক্ষম হন তাঁর ওপরই। ২০০৮ সালে প্রার্থী হিসেবে যে ধরণের চিত্র তিনি তুলে ধরতে পেরেছিলেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে সেটা সম্ভব নয় – তাকে এখন তাঁর নিজের কাজের জবাদিহি করতে হচ্ছে। তাঁর গৃহীত নীতি অনুসরণ করা না হলে যে দেশের অর্থনীতির অবস্থা আরো খারাপ হতো সেটা বিশেষজ্ঞরা যতটা সহজে বোঝেন সাধারণ মানুষ –যারা চাকুরি হারিয়েছেন, কিংবা তাঁদের ঘরবাড়ী হারিয়েছেন – তাঁদের জন্য তা বোঝা দুরূহ। তাঁরা আশু ফলাফল দেখতে চান। সে ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা কতটা সীমাবদ্ধ, কংগ্রেসে রিপাবলিকানরা তাঁর পথে কতটা বাধা হয়ে দাড়িয়েছিলো সেগুলো ভোটের লড়াইয়ে তুলে ধরা সহজ কাজ নয়। ওবামার জন্য এখন এটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ওবামার শিবিরের জন্য আশার বিষয় হল মিট রমনির চেষ্টা সত্বেও ভোটাররা ওবামার রেকর্ড নিয়েও কেবল উৎসাহী নয়, পাশাপাশি রমনির বিষয়েও তাঁদের জানার আগ্রহ। মিট রমনির অভাবনীয় বিত্তের কারণে অনেকের মনেই প্রশ্ন হল তিনি সাধারণের অবস্থা বুঝতে পারবেন কিনা। তাঁদের অনেক অর্থ বিদেশি ব্যাংকে রাখা এবং এর ফলে দেশে কর না দেয়ার জন্য অনেক ভোটারের কাছেই, এমন কি তাঁর সমর্থকদের জন্যেও স্বস্তিকর নয়। তিনি তাঁর গত বছরগুলোর টাক্সের কাগজপত্র প্রকাশে খুব বেশি উৎসাহী নন – এটা এমনকি রক্ষনশীল বিশেষকরাও পছন্দ করেননি। ওবামা শিবিরের লোকজন এসব তুলে ধরে বলছেন যে, এই নির্বাচন মোটেই প্রেসিডেন্টের কাজের রেফারেন্ডাম নয়, এটা দেশ ভবিষ্যৎ কোন পথে যাবে তা পছন্দ করার নির্বাচন।
প্রেসিডেন্ট নির্বাচনকে গণভোট (রেফারেন্ডাম) এবং পছন্দের (চয়েস) নির্বাচনে ভাগ করার বিষয়টি অনেক বিশ্লেষকের খুব পছন্দ নয়। টাইম সাময়িকির বিশ্লেষক জো ক্লাইন মোটেই মানতে চান না যে প্রেসিডেন্ট নির্বাচনগুলো কোনো ভাবেই ক্ষমতাসীন প্রেসিডেন্টের ওপর আস্থার ভোট। তাঁর ধারণা, এ ধরনের চেষ্টা অতীতে কখনোই সফল হয়নি। ক্লাইন মনে করেন যে, ১৯৭৬ সালে জিমি কার্টার তাঁর নির্বাচনী প্রচারকে গোড়াতে সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নীতি বিষয়ক রেফারেন্ডামে পরিণত করার চেষ্টা করছিলেন। যদিও নিক্সন প্রার্থী ছিলেন না, তাঁর ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ছিলেন প্রার্থী। কিন্ত তাতে কার্টার খুব সফল হচ্ছিলেন না। তাঁর মতে কার্টারের বিজয়ের কারন বিতর্কে ফোর্ডের ব্যর্থতা। একই ভাবে ১৯৮৮ সালে রেগানের ওপর আস্থার প্রশ্নটিকে প্রধান করতে চেয়েছিলেন মাইকেল ডুকাকিস। কিন্ত এক বিতর্কে তাঁর খারাপ পারফরমেন্স তাঁর জন্য বিপদ ডেকে নিয়ে আসে। ক্লাইন মনে করেন যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে ক্যারেক্টার বা ব্যক্তিত্বের প্রশ্নটিই বড় – ভোটাররা দেখতে চান কোন প্রার্থীকে বেশি আস্থাভাজন মনে হয়। সে বিবেচনায় ক্লাইনের ধারণা, ওবামা, অন্য সব বিষয় অনুকূলে না থাকলেও, বিজয়ী হবেন।
নির্বাচনের এখনও প্রায় তিন মাস বাকি। দু দলের কারোরই সম্মেলন অনুষ্ঠিত হয়নি। রিপাবলিকান প্রার্থী মিট রমনি তাঁর ভাইস প্রেসিডেন্ট কে হবেন তা ঘোষণা করেন নি। তারপরেও নির্বাচনের কিছু ধারণা পাওয়া যায় এখানকার জনমত জরিপগুলোতে। গত কয়েক দিনের জনমত জরিপগুলোর গড় থেকে দেখা যায় যে জনপ্রিয়তার দিক থেকে ওবামা এবং রমনি প্রায় কাছাকাছিই আছেন। ওবামার জনপ্রিয়তা হল ৪৭ শতাংশ, রমনি'র ৪৫ শতাংশ। এই ফলাফল হল গোটা দেশের জনমত জরিপের। এতে একটা সাধারণ ধারণা পাওয়া গেলেও খুব সুর্নির্দিষ্ট ধারনা পেতে হলে আরেকটু গভীর ভাবে নির্বাচনের চিত্রটি দেখা দরকার। যে কোনো প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই কয়েকটি অঙ্গরাজ্য বা ষ্টেটের দিকে নজর দিতে হয় কেননা অধিকাংশ রাজ্যের ভোটারদের সমর্থন কোন দিকে যাবে তা আগে থেকেই অনুমান করা যায়। কিন্ত কয়েকটি রাজ্যের ভোটের ফলাফল, অর্থাৎ ঐ রাজ্যগুলোর ইলেকটরাল কলেজের ভোটই নির্ধারন করে দেয় যে শেষ পর্যন্ত কে বিজয়ী হবেন। এ বছর এ ধরণের রাজ্য হল আটটি – কলারাডো, ফ্লোরিডা, আইওয়া, নিউ হ্যাম্পশ্যায়ার, নেভাডা, ওহাইয়ো, ভার্জিনিয়া, উইসকনসিন। এসবের মধ্যে ইলেকটরাল কলেজের ভোটের বিবেচনায় ফ্লোরিডা, ওহাইয়ো, ভার্জিনিয়া এবং উইসকনসিন খুবই গুরুত্বপূর্ণ। ওবামা ২০০৮ সালে বিজয়ী হলেও এখন এসব রাজ্যের কয়েকটা তাঁর হারানোর সম্ভাবনাই বেশি। প্রশ্ন হল এর কোনগুলো শেষ পর্যন্ত নির্ধারকের ভূমিকা পালন করবে। এই রাজ্যগুলোর মধ্যে তিনটি রাজ্যের সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে যে ফ্লোরিডা এবং ওহাইয়ো-তে ওবামা এগিয়ে আছেন। এই দুটি রাজ্যে ইলেকটরাল কলেজের ভোট আছে সাতচল্লিশটি। এগুলো নিশ্চিত করতে পারলে এবং ডেমোক্রেটিক পার্টির চিরাচরিত রাজ্যগুলোতে কোনো অঘটন না ঘটলে ওবামা পূনঃনির্বাচিত হবেন। কিন্ত রিপাবলিকান পার্টি যদি আগামী মাসগুলোতে এই নির্বাচনকে গণভোটে পরিণত করতে পারে তাহলে পরিস্থিতি হবে অন্য রকম।
আলী রীয়াজঃ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।
