চিরজীবিত হুমায়ূনের জন্যে
হুমায়ূন ফিরে আসছে।
জগতের তাবৎ রোগশোক আর চিকিৎসা-নিদানের ঊর্ধে
ফিরে আসছে চিরজীবিত হুমায়ূন আহমদ।
বাংলামায়ের সৃষ্টিবিশ্বের এক শ্রেষ্ঠ সন্তান
ফিরে আসছে তার চিরস্নেহশীলা মায়ের কোলে।
চারবেহারার কাঁধ নয়,
এই বঙ্গজনপদের ষোল কোটি মানুষের বত্রিশ কোটি কাঁধ
বদল করতে করতে আমরা তাকে সমাহিত করবো
যুগপৎ আমাদের জমিনে ও হৃদয়ে।
হুমায়ূন, তুমি এক অপরাজেয় সৃষ্টিবীজ।
এই ফলনপ্রবণ বর্ষায় আমরা সেই বীজ বপন করবো
বাংলা হাজার নদীবাহিত পলিঊর্বরা মানবজমিনে।
এই মানবজমিন আবাদ করলেই সোনা ফলে।
এক সোনাবীজ কোটি কোটি সোনাবীজ হয়ে,
এক হুমায়ূন কোটি কোটি নবায়িত হুমায়ূন হয়ে
পুনর্জন্ম নেবে বর্তমান ও ভাবী বাঙালির চিৎপ্রকর্ষে ।
হুমায়ূন আসছে। হে বঙ্গজননী,
আসছে তোমার চিরআরোগ্যপ্রাপ্ত এক অভিমানী শিশু।
তাকে গ্রহণ করো, তাকে ধারণ করো, তাকে মঙ্গলময় করো
ধানে ও দুর্বায়, বাঙালির লোকায়ত মাঙ্গলিক পরিচর্যায়,
স্নেহে ও প্রেমে ও ভালোবাসায়;
আর তোমার চিরনবায়নপ্রবণ সৃষ্টিকুশলতায়।
না, হুমায়ূন তোমার আর হারাবার কিছু নেই;
হারাবার কিছু নেই আমাদেরও।
যা চেয়েছি যা পেয়েছি, তার তুলনা কেবল তুমি।
তোমার আগে আর কোনো হুমায়ূন আসেনি,
তোমার সময়ে আর কোনো হুমায়ূন নেই,
তোমার পরে আর কোনো হুমায়ূন আসবে না।
জীবনে ও শিল্পাচরণে, কল্পনায় ও বাস্তবতায়,
এই বাংলার পরিবর্তমান রোদ-বৃষ্টি ও জোছনায়
তোমার উপমা কেবল তুমি। একা ও অনন্য।
আমাদের কালে জীবনের রহস্যময় ডুবসাঁতারে
তুমি তুলনারহিত, তুমি নিঃসঙ্গ।
বাঙালির চিত্তাকাশে তুমি এক অনশ্বর আলোক-স্তম্ভ।
২
তর্ক ছিলো, আমরা কোথায় তোমাকে সমাহিত করবো।
আমরা তো তোমাকে সমাহিত করতে পারি
এই বাংলারই যে কোনো কেন্দ্রে ও প্রান্তে।
কেননা তুমি ছুঁয়ে আছো এই বাংলার সর্বপ্রান্ত, সর্বপ্রাণ।
তবে আমাদের সংস্কৃতি-নেতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন,
তোমার মরদেহের সর্বশেষ ঠিকানা তোমারই হাতে গড়া নুহাশপল্লী।
আমরা তার সঙ্গে শতভাগ একমত।
এখানেই হোক তোমার সমাধি।
হ্যাঁ, আর কারো নয়, কেবল তোমার একক সমাধিই থাকুক এই নন্দননগরে।
এই নুহাশপল্লীতেই আমরা তোমাকে বপন করবো এক সর্বরোগহর মানববীজ। ওষধি বাগানের ছায়ায় তুমি এক নিত্যবিবর্তিত মানবপ্রেরণা হয়ে
বিরাজ করবে ভাবী বাঙালির স্বপ্নে ও চেতনায়।
এই তো তোমার মাটির বাড়ি। এইতো তোমার অনন্তের সংসার।
নীল আকাশের নিচে ঘাসরঙ শীতলপাটিতে বসে
লতাগুল্মের ছায়া-অক্ষরে তুমি শুরু করবে অন্য রকম লেখালেখি।
তোমার পাশে থাকবে দারাপুত্রপরিবার, বন্ধুবান্ধবী,
বাংলার সর্বপ্রজন্মের সৃষ্টিসুখী মানবমানবী।
তোমার সঙ্গে থাকবে তোমার স্বর্গবাসিনী কন্যা লীলাবতী।
তার নামাঙ্কিত দীঘির তীরে তুমি যেন এক নিমগ্ন মৈনাক।
স্বর্গমর্ত্য যুগল সেতুবন্ধ হয়ে উদিত হবে সূর্য-চন্দ্র।
আমরা পাহারা দেবো তোমার সেই যুগলাঙ্গ সৃষ্টিসত্তা;
আমরা পুনর্পাঠে নিমগ্ন হবো তোমার তাবৎ সৃষ্টিভাষ্য।
জনপ্রিয় তুমি এইভাবে হয়ে উঠবে আমাদের আরো মনপ্রিয়।
সুবেহ সাদিকের পর সূর্যের প্রথম রশ্মির স্পর্শে জেগে উঠবে তুমি।
কথা বলবে পাখপাখালির স্বরে। রাতে পূর্ণ চাঁদের জোছনায় হাসবে, ভাসবে; তারপর তোমার উৎসব চলতে থাকবে নুহাশপল্লী ছাড়িয়ে চরাচর-জুড়ে।
যদিও এই নুহাশপল্লীতেই হবে তোমার মানবসমাধি,
তোমার নন্দন-পরিধি হবে বিশ্বভুবনের এপার ওপার।
চাঁদনি-পশর রাইতে আমরা তোমার সঙ্গে কথা বলবো,
তোমাকে স্পর্শ করবো, তোমার সঙ্গে মনবদল করবো
জগতের যে কোনো দূরত্বে দাঁড়িয়ে।
ব্যক্তি তোমার দিন ছিল সীমিত,
কিন্তু যে প্রাণবীজের নাম হুমায়ূন,
তার সম্মোহনীশক্তি যে অসীম।
আজ থেকে তোমার সমাধিতে জগতের আলোকসভা;
আর সেই আলোকসভায় অসীমের হাতছানি।
সেই হাতছানিতে বাঙালির মন চঞ্চল; বাঙালি সুদূরের প্রয়াসী।
শুরুও নেই, শেষও নেই।
বরং শুরু ও শেষের ব্যাকরণ পেরিয়ে
আজ তুমি সময়ের সমান বয়সী।
৩
তোমার সঙ্গে আমাদের বর্তমান দূরত্ব কত,
তা মাপার কোনো উপায় নেই।
হয়তো তা মুহূর্তমাত্র, হয়তো তা অনন্তকাল।
যে ভুবনে তুমি প্রবেশ করেছে, তাকে জানারও কোনো উপায় নেই।
যাবো; সেই ভুবনে আমরাও যাবো।
কিন্তু কখন যাবো কিভাবে যাবো জানিনা।
শেষপর্যন্ত যুদ্ধটা চলছিলো ঠিকই;
কিন্তু যে যুদ্ধে আজপর্যন্ত জেতেনি কোনো মানবমানবী,
তেমন একটি অসম যুদ্ধে পরাজিত হয়ে
সীমিত জীবন থেকে মহাজীবনে প্রবেশ করেছো তুমি।
আমাদের সকলের সর্বোচ্চ কামনা ও প্রার্থনা অপ্রতুল প্রতিভাত হয়েছে।
তোমাকে যেতে হয়েছে এমন এক লোকে,
যেখানে তোমার কোনো পার্থিব প্রিয়জন নেই।
আমাদের এবারের প্রার্থনা, সেখানে করুণাময় স্রষ্টার আনুকূল্যধন্য হও তুমি। আমরা সাক্ষ্য দিচ্ছি, তুমি এক মানবতাবাদী মহান লেখক, যার জীবনসাধনা ও কর্মসাধনা মানবজাতির সামগ্রিক মাঙ্গলিকতায় পূর্ণ সমর্পিত। আমরা তো জানি, পৃথিবী নামক এই নন্দিত নরককেই তুমি রূপান্তরিত করতে চেয়েছিলে এক বাসযোগ্য স্বর্গে।
তুমি তোমার যাপিত জীবনের নানাকৌণিক উপলব্ধি পুনর্নিমাণ করেছো তোমার গল্প-উন্যাস-নাটকসহ সাহিত্যের নানা আঙ্গিকে। সহজ অথচ জাদুকরী এক বর্ণনাশৈলীর গুণে তুমি বাংলাভাষাভাষী সর্বাঞ্চলে এক অপ্রতিদ্বন্দ্বী কথক।
চিরকাল মুক্তিযোদ্ধা, চিরকাল অসাম্প্রদায়িক, চিরকাল সত্যসন্ধ তুমি।
কোনদিন আপোষ করোনি কোনো ক্ষমতাপ্রভু তথা প্রাতিষ্ঠানিকতার সঙ্গে। নিন্দুকদের প্রতি সপ্রশংস কটাক্ষপাতই ছিল তোমার রসঘন অস্ত্র।
সেই ১৯৬৭ সালেই আমরা দুজন বিশ্ববিদ্যালয় ও হলজীবনে প্রবেশ করি।
কবিতা লিখতে শুরু করেও শেষপর্যন্ত থিতু হলে কথাসাহিত্যে, পরে নাটকে ও সিনেমায়। আসলে সফল লেখক হিসেবে এটি ছিল তোমার সচেতন আত্মসনাক্তি।
আজ এক্ষেত্রে তোমার অর্জন প্রত্যাশারও অধিক।
তবে মানুষের সব প্রত্যাশাই তো আর পূরণ হয়না।
এমন একটি হলো, চাঁদনী পশর রাইত।
না, হুমায়ূন তুমি তেমন রাতে পরপারে পাড়ি জমাওনি।
তবে একথা তো সত্য, তোমার পুরো জীবনটাই সাফল্যের পূর্ণিমায় উদ্ভাসিত।
৪
হুমায়ূন, তোমার অপূর্ণ দ্বিতীয় কামনাটি প্রকৃতিগত বিচারে সামষ্টিক ও সামাজিক। সুস্থতাপ্রিয় তুমি তোমার অতিপ্রিয় নুহাশপল্লীতেই একটি ব্যতিক্রমী ওষধি বাগান প্রতিষ্ঠা করেছিলে। তারপর বছর খানেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকায় গিয়ে এই কালব্যাধির হিংস্রতা ও তার চিকিৎসার ব্যয়বহুলতা হাড়ে হাড়ে টের পেয়েছিলে। তাই অসুস্থ তুমি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও অর্থায়নে এমন একটি সর্বাধুনিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলে, যেখানে ধনী-গরীব সকলেই সমভাবে চিকিৎসা-সুবিধা পাবে। কিন্তু জীবদ্দশায় তোমার পক্ষে তা করা হয়ে উঠলো না।
তোমার জাগতিক তিরোধানের পর আমরা, তোমার অনুরাগী অগণিত ভক্ত ও হিতৈষীরা কি এই কাজে হাত দিতে পারি না? আমাদের প্রস্তাব হচ্ছে, সরকারি-বেসরকারি তাবৎ উদ্যোগের সমন্বয়ে আমরা তোমার স্মৃতিতে তোমারই স্বপ্নাশ্রিত নুহাশপল্লীতে তোমার সমাধির পাশে প্রতিষ্ঠা করবো 'হুমায়ূন ক্যান্সার হাসপাতাল'। এখানে চলবে একই সঙ্গে চিকিৎসা ও গবেষণা। বিশেষত ক্যান্সার চিকিৎসায় দেশীয় ভেষজের কার্যকারিতা নিয়ে নিবিড় গবেষণা শুরু করা যেতে পারে। তাহলে সেটিই হবে জাতীয় স্তরে তোমার প্রতি আমাদের স্থায়ী শ্রদ্ধা।
নুহাশপল্লীতে তোমার সর্বশেষ দিন ২৫শে মে, ২০১২। এখানে অবস্থান কালেই তুমি তোমার স্নেহধন্য লেখক ও স্থপতি শাকুর মজিদের সঙ্গে আলাপসূত্রে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার কথা বলেছিলে শেষবারের মতো। তোমার পরিকল্পনার রূপরেখা তার জানা। জানা আরো অনেকেরই। এখন প্রয়োজন শুধু কার্যকর উদ্যোগ।
তোমাকে সমাহিত করেই আমরা হাত দিতে পারি এই কাজে। তোমার অনুজ মুহম্মদ জাফর ইকবাল এদেশের একজন শীর্ষস্থানীয় লেখক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও সর্বমান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাকে প্রধান করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি করে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের সারপত্র ও বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ জরুরী। লাভালাভের কথা না ভেবে সম্পূর্ণ সামাজিক হিতৈষণার শর্তে হাসপাতালটি গড়ে উঠতে পারে। এই কমপ্লেক্সের পাশাপাশি তোমার সাহিত্য, চলচ্চিত্র ও তাবৎ নন্দন চর্চা ও গবেষণার জন্য জাদুঘর, পাঠাগার ও একাডেমি পরবর্র্তী কালে সম্প্রসারিত প্রকল্প হিসাবে গৃহীত হতে পারে।
জানি স্বপ্ন দেখা যত সহজ, বাস্তবায়ন তার চেয়ে শতগুণ কঠিন।
অন্তত আমাদের মতো সুনীতিহীন দেশে।
আমরা এই অবস্থার পরিবর্তন চাই।
তুমিই হও আমাদের কাঙ্খিত পরিবর্তন ও সুনীতির বীজ।
নুহাশপল্লী উত্তরোত্তর সুফলা হয়ে উঠুক তোমার বীজকে ধারণ করে।
আর তার সুবাতাস বিস্তৃত হোক বাংলার প্রত্যন্ত অঞ্চলে।
এভাবেই চিরতৃপ্ত হোক তোমার অতৃপ্ত আত্মা;
এভাবেই চিরজীবী হোক তোমার নান্দনিক ও মাঙ্গলিক সৃষ্টিসত্তা ।
না, আমরা দায় নেবো না বিদায়ের।
আমরা দায় নেবো কেবল গ্রহণের।
স্বাগতম, হুমায়ূন, স্বাগতম!
বাংলা ও বাঙালির হে অন্তরতম!
২২.০৭.২০১১
মুহম্মদ নূরুল হুদা: কবি, লেখক এবং হুমায়ূন আহমেদের দীর্ঘদিনের বন্ধু।
হুমায়ূন আহমেদ সম্পর্কিত লেখকের আরও দুটি লেখা: হে রজনীগন্ধার স্রষ্টা
হুমায়ূনের সুস্থতা শুধু সময়ের ব্যাপার
