২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গার ঘর: কম জরুরি নয় নাগরিকতা

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 20 Jun 2012, 07:30 PM

Updated : 01 Jul 2022, 05:51 PM

কে রোহিঙ্গা? আমার কাছে এ প্রশ্নের সোজাসাপ্টা উত্তর: ঘরহারা, পথহারা, দেশহারা, পরিচয়হারা এক জনগোষ্ঠীর নাম রোহিঙ্গা। আমার দাদি বলতেন, 'রোয়াইঙ্গা'। চট্টগ্রামের তাবৎ আদি বাসিন্দাদের কাছে এই উচ্চারণটিই সর্বাধিক পরিচিত। কারণ তারা যে দেশে থাকে বা যে দেশ থেকে আসে তার নাম 'রোয়াং'। দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার অঞ্চলের একটি অতি পরিচিত শিশুভোলানো লোকছড়া:

বোয়াং বোয়াং বোয়াং/ তর বাপ গেইয়ে রোয়াং/ রোয়াঙর টিঁয়া বরুনা পাআন/ তর মারে কইছ ন কাঁদে পাআন।

বোয়াং হচ্ছে বর্ষায় ব্যাঙের ডাক, যা শুনলে ছোট্ট শিশু গুটিসুটি মেরে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। আর পুরো ছড়াটির অর্থ হচ্ছে:

"বোয়াং বোয়াং শব্দে বড় বড় ব্যাঙ ডাকছে, তোর বাপও রোয়াং গেছে, রোয়াঙের টাকা বরুনার (ভাতের পাতিলের বড় মাটির ঢাকনাকে বরুণা বলা হয়) মতো বড়, তোর মাকেও বলিস সে যেন (স্বামীর বিরহে) না কাঁদে।"

সেকালে 'রোয়াং' একটি বর্ধিষ্ণু জনপদ ছিল, আয়রোজগারও বেশি ছিল। তাই সেখানে যারা কাজ করতে যেত তারা কামাই শেষে আবার যথাসময়ে ঘরে ফিরতো। এই নিয়ে ঘরের কারও কোনো দুশ্চিন্তা ছিল না। চাটগা্ইঁয়ারা কাজের জন্য রোয়াং গেলেও সাধারণত সেখানে স্থায়ী বসবাস গড়ত না। ছোট্ট এই ছড়াটির অর্থ আর পটভূমি ব্যাখ্যা করলেই রোহিঙ্গাদের আসল পরিচয় ও তাদের ঘিরে দীর্ঘদিনের অমীমাংসিত সঙ্কটের অন্তর্নিহিত কারণটা আঁচ করা যাবে।

যে অজ্ঞাত লোককবি এই ছড়া লিখেছেন তিনি কোনো রাজনৈতিক প্রভাবের বশবর্র্তী হয়ে এটি লেখেননি, বরং এর মাধ্যমে তৎকালীন সমাজের বিরাজমান আর্থ-সামাজিক অবস্থার হুবহু চিত্র তুলে ধরেছেন। এই ছড়ায় বর্ণিত 'রোয়াং' হচ্ছে বর্তমান মায়ামনমারের আকিয়াব তথা আরাকান রাজ্যের রোসাঙ্গ এলাকা, যার কথা আলাওলের পদ্মাবতী সহ আরাকান রাজের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত মধ্যযুগের অনেক কবির পুঁথিপত্রে উল্লেখিত আছে। আর এই 'রোসাঙ্গ' রাজ্যই হচ্ছে বর্তমান মায়ানমারের রাখাইন প্রদেশ।

শত শত বছর ধরে এই এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন জনগোষ্ঠীর পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বী জনগোষ্ঠী বসবাস করে আসছে। আর 'রোসাঙ্গ' বা 'রোহাঙ' বা 'রোয়াং' অঞ্চলের এই মুসলিম জনগোষ্ঠী চট্টগ্রাম তথা বাংলাদেশের মানুষের কাছে 'রোসাইঙ্গা' বা 'রোহাইঙ্গা' বা 'রোয়াইঙ্গা' বা 'রোহিঙ্গা' নামে পরিচিত। আজ এই নামটি সারা পৃথিবীর মানুষের কাছে 'রোহিঙ্গা' নামে চেনা।

বলা বাহুল্য, মুসলিম রোহিঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী, যাদের কোনো স্বীকৃত দেশ নেই, ভিটেবাড়ি নেই, ঘর নেই। এর মূল কারণ, সুদূর অতীতকাল থেকে বার্মা বা মায়ানমার সরকার এদেরকে নাগরিক হিসাবে অস্বীকার করেছে। পাশাপাশি তাদেরকে আশ্রিত জনগোষ্ঠীর মতো সরকার ও সংখ্যাগুরু সম্প্রদায়ের কাছে করুণা-নির্ভর করে রেখেছে।

আমাদের মতে, এই জনগোষ্ঠীকে মায়ানমারের বৈধ নাগরিক হিসেবে গ্রহণ করা হলেই সমস্যাটির আসল সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। এটি যত দেরি হবে, সমস্যা তত জট পাকাতে থাকবে। আর যে কোনো ক্ষুদ্র ঘটনার সূত্র ধরে এই ধরনের পৈশাচিক জাতিদাঙ্গা ঘটতেই থাকবে।

বলা বাহুল্য, এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা, বৃহৎ রাষ্ট্রবর্গ আর প্রতিবেশি বাংলাদেশ সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে ঘটনা সংঘটিত হওয়ার পর সাময়িক নিরাময়মূলক প্রলেপ দেওয়ার মতো কোনো কর্মসূচি গ্রহণ করে লাভ হবে না। যেমন হয়নি অতীতেও।

তার প্রমাণ হচ্ছে ১৯৭৮ থেকে শুরু করে ১৯৯১-১৯৯২ পর্যন্ত যে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছিল, তারা। তাদের সকলকেই বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছিল। স্থানীয় জনগণ, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে ছিল। তা সত্বেও তাদের প্রত্যেককে পুনরায় মায়ানমারে স্বগৃহে ফেরত পাঠানো সম্ভব হয়নি। বরং প্রায় চার লক্ষাধিক শরণার্থী কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে মিশে এদেশেই থেকে গেছে। এদের একটি অংশ গোপনে বাংলদেশি পাসপোর্ট সংগ্রহ করে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে অবৈধভাবে প্রবেশ করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

Image
মুসলিম রোহিঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী, যাদের কোনো স্বীকৃত দেশ নেই, ভিটেবাড়ি নেই, ঘর নেই

তাই বংশপরাম্পরায় তাদের বাসভূমি যে মায়ানমার, সেই দেশের নাগরিকত্ব প্রদানই তাদের সমস্যার মূল সমাধান বলে বিবেচিত হওয়া অত্যাবশ্যক।

২.

প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গাদেরকে মায়ানমারের নাগরিক হিসেবে গ্রহণ করতে বাধা কোথায়? এই সমস্যা মূলত মায়ানমার সরকার ও সে দেশের সংখ্যাগুরু জনগণের মানসিকতায়। বিলম্বিত নোবেল পুরস্কার গ্রহণের জন্য সম্প্রতি ইউরোপ সফররত নেত্রী অং সাং সুকি একটি সাক্ষাৎকারে বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সে দেশের নাগরিকত্ব আইন খতিয়ে দেখতে হবে। তবে কি এ আইনে কোনো বাধা আছে? থাকলে সেটি দূর করার দায়িত্ব অবশ্যই সেদেশের সরকারের। এ ক্ষেত্রেও নির্ণায়ক ভূমিকা থাকতে হবে জাতিসংঘ, বৃহৎ শক্তিবর্গ ও আন্তর্জাতিক সম্পদায়ের। আদিবাস বা এথনিসিটিই কেবল নাগরিকত্ব লাভের একমাত্র শর্ত নয়; হতেও পারে না এই সভ্য সমাজে।

তবে আদিবাসের প্রশ্নে বলা যায়, মায়ানমারে মুসলিম জনগোষ্ঠীর প্রবেশ অন্তত ৮ম শতকে, যখন রামরী দ্বীপের (বর্তমান সেন্ট মার্টিন বলে অনুমিত) পাশে আরব বণিকদের জাহাজডুবির পর রক্ষাপ্রাপ্ত নাবিকেরা তৎকালীন আরাকানের উপকূলবর্তী এলাকায় প্রবেশ করে বসতি স্থাপন করেছিল। কথিত আছে, ডুবন্ত নাবিকেরা 'রহম' শব্দটি উচ্চারণ করে স্রষ্টার করুণা প্রার্থনা করেছিল, যার সঙ্গে 'রোহাং' শব্দটি নিকট সম্পর্কযুক্ত।

তারও বহু পরে আফগানিস্তানের 'রোহা' সম্প্রদায়ের কিছু লোক এখানে বসতি স্থাপন করে। মোগল আমলে শাহ সুজা ও তার আত্মীয়স্বজনের আগমণ তো একটি ঐতিহাসিক সত্য। কাজেই প্রাথমিক বিচারে স্থায়ী বাসের ক্ষেত্রে এই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর অবস্থিতি এক হাজার দুশ বছরেরও অধিক।

বার্মিজ ও মুসলিম ঐতিহাসিকদের মতে, প্রাচীন আরকান রাজ্যের রাজধানীর নাম ছিল 'ম্রোহং' (অর্থ প্রাচীন শহর), যেখান থেকে তার অধিবাসীরা– বৌদ্ধ-মুসলমাননির্বিশেষে– যুগে যুগে 'রোহিঙ্গা' নামে অভিহিত হয়েছে। পঞ্চদশ শতকের গোড়ার দিকের কথা। রাজা নরমিখলা কৌশলগত কারণে সেলিম শাহ নাম গ্রহণ করেন এবং গৌড়রাজের কাছ থেকে প্রথম দফায় ২০,০০০ ও পরবর্তীকালে ৩০,০০০ মুসলিম সৈন্য সাহায্য গ্রহণ করেন।

তারপর আরাকান রাজ্য পুনরুদ্ধার করে নতুন পর্যায়ে রাজত্ব করতে থাকতেন। তখন খেকে এই মুসলমান সৈন্যদের অধিকাংশই এখানে স্থায়ীভাবে ঘরসংসার শুরু করে। এই সময় থেকে এই রাজ্যে মুসলমান-বৌদ্ধ-রাখাইন নির্বিশেষে সবাই পরম শান্তিতে বসবাস করতে থাকে। পঞ্চদশ শতক থেকে বর্তমান কালের (২০১২) ব্যবধান ৫০০ বছরেরও বেশি। অর্থাৎ যে কোনো হিসাবেই মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী এই অঞ্চলে পাঁচ শতাধিক বছর ধরে বাস করছে। অতএব আন্তর্জাতিক নিয়মানুযায়ীও তারা আদিবাসী হিসেবে বিবেচ্য।

আরও স্মরণ করা যেতে পারে যে, বাংলাদেশ ও বার্মাসহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে নাবিক ও বণিক মুসলমানদের প্রবেশ প্রায় সমসাময়িককালে, অর্থাৎ ৮ম শতকের কিঞ্চিৎ আগে পরে। তাহলে ভারতবর্ষের অন্যান্য রাষ্ট্রে যদি মুসলমানরা (সংখ্যাগুরু বা সংখ্যালঘু যা-ই হোক) নাগরিক হতে পারে, বর্তমান মায়ানমারে কেন পারবে না? আসলে আদিবাস বা স্থায়ীবাসের বিচারেও রোহিঙ্গা মুসলমান মায়ানমারের স্থায়ী নাগরিক হওয়া যোগ্য। আমরা আশা করব, সামরিক জান্তার কালো শাসন পেরিয়ে এই দেশটিতে যখন গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে, তখন বোহিঙ্গারাও সুবিচার পাবে।

৩.

অস্বীকার করার উপায় নেই যে, মুখের ভাষা, সংস্কৃতি, পোশাক-আশাক কিংবা আত্মীয়তার কারণে রোহিঙ্গা মুসলমান ও চাটগাইয়াদের মধ্যে বেশ মিল আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এই দুই এলাকার মানুষেরা নিবিড় সম্পর্কযুক্ত; বলা যেতে পারে পরস্পর নির্ভরশীল। এর সঙ্গে যুক্ত হয়েছে মানবিক বিবেচনা। ফলে যখনই রোহিঙ্গা মুসলমানরা দাঙ্গা বা অনুরূপ বিপর্যয়ের শিকার হয়েছে, তখনই তারা ঘরছাড়া হয়ে নাফদরিয়া বা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে এসেছে। এই এলাকার মানুষও সর্বান্তকরণে তাদের স্বাগত জানিয়েছে এবং যথাসাধ্য সহায়তা করেছে।

১৯৪২ সালে জাপান-ব্রিটিশ যুদ্ধের সময় এই মানবিক বিপর্যয় মারাত্মক আকার ধারণ করে। এতে জাপানি সৈন্যদের প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল, কেননা রোহিঙ্গারা ব্রিটিশের পক্ষে ছিল। এই সময় প্রায় ৪০,০০০ রোহিঙ্গা কক্সবাজারে চলে আসে। সেই থেকে এই পর্যন্ত বিভিন্ন সময়ে (১৯৭৮, ১৯৯১, ১৯৯২) কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জনপ্রবাহে মিশে গেছে। কক্সবাজার অঞ্চলের পাহাড়, উপত্যকা, সমতল, সৈকত, দ্বীপসহ বিভিন্ন স্থানে খাস ও পতিত জমি দখল করে তারা জীবনযাপন শুরু করে। খুব কম সংখ্যক শরণার্থী এখন শরণার্থী শিবিরে আছে।

অতি ঘনবসতিপূর্ণ এই এলাকায় প্রতি বর্গমাইলে সহস্রাধিক লোকের বাস। আবার গত এক দশকে কক্সবাজার জেলাজুড়ে পর্যটনের অভাবিত উন্নতি ও সম্পসারণের কারণে কক্সবাজারের প্রতি শতক জমি আকাশচুম্বী মূল্যমানে উন্নীত হয়েছে। কোথাও তিলপরিমাণ জমিও পতিত বা অব্যবহৃত নেই। পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে বহুগুণ। ফলে বাড়তি কোনো জনশক্তির চাপ সামলানো এই এলাকার জনগোষ্ঠী বা প্রশাসনের পক্ষে প্রায় অসম্ভব।

হয়তো এই কারণেই এবার রাখাইন রাজ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জের ধরে গত ২ জুন থেকে যে সব শরণার্থী বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিল, স্থানীয় প্রশাসন ও জনগণ তার বিরোধিতা করেছে। তারই সঙ্গে সরকারও শরণার্থীদের স্থায়ীভাবে আশ্রয় দিতে অস্বীকার করেছে। এ ক্ষেত্রে সরকার একটা কৌশলগত অবস্থান নিয়েছে বলে মনে হয়। এই নিয়ে মানবাধিকার সংস্থা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বা আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সরকারের ভুল মতানৈক্য ও বোঝাবুঝি হয়েছে। অথচ সকল দিক বিবেচনা করে এই সমস্যার তাৎক্ষণিক ও স্থায়ী সমাধান: দুটোই সমান জরুরি।

পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, প্রথমদিকে বাংলাদেশের সীমান্তপ্রহরী ও কোস্টগার্ড শরণার্থীদেরকে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেয়ার যে নীতি গ্রহণ করেছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। যারা আসছে তাদেরকে সাময়িক আশ্রয়, খাদ্য ও অন্যান্য সুবিধা প্রদান করা হচ্ছে, তারপর সুবিধামতো সময়ে ফেরত পাঠানো হচ্ছে।

ওদিকে সময়ের ব্যবধানে রাখাইন প্রদেশে সহিংসতার ঘটনাও হ্রাস পাচ্ছে। এর ফলে শরণার্থী প্রবেশের হার কমে গেছে। এটি একটি ইতিবাচক দিক। তবে যে কোনো পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে নতুনভাবে আগত অন্য কোনো শরণার্থীকেও পর্যাপ্ত সময় ধরে আশ্রয় দেওয়ার কোনো বিকল্প নেই। তা না হলে আমরা আমাদের বিবেকের কাছে জবাবদিহি করতে ব্যর্থ হব।

অতীতে বা ভবিষ্যতে আমাদের নিজেদের শরণার্থী হওয়ার বা অন্য কোনো রাষ্ট্রে আশ্রয় লাভের কথা বিবেচনায় না রেখেই বর্তমান রোহিঙ্গা শরণার্থী সমস্যার এই সাময়িক সমাধানের দিকটির প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি।

৪.

তবে এবারের মূল কথা হোক স্থায়ী সমাধান। আগেই বলেছি, মায়ানমারে জনবসতি যেখানে প্রতি বর্গমাইলে মাত্র ১০০ জন, সেখানে বাংলাদেশে ১০০০এরও অধিক। ফলে রোহিঙ্গাদেরকে গ্রহণ করা হলে মায়ানমারের জনগোষ্ঠীর উপর বাড়তি কোনো চাপ পড়ার সম্ভাবনা নেই। বরং তারা গর্বিত নাগরিক হিসেবে মায়ানমার রাষ্ট্রের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় অবদান রাখার সুযোগ পাবে। এই বিবেচনায় প্রতিটি বিপর্যয়ের পর ১৯৪২ সাল থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন করে তাদেরকে রাখাইন রাজ্যে পুনর্বাসন ও পূর্ণ নাগরিকত্ব প্রদানের উদ্যোগ নেওয়া অত্যাবশ্যক। এই কাজ মূলত বাংলাদেশ সরকার, মায়ানমারের গণতন্ত্রমুখী শাসকবর্গ, জাতিসংঘ ও অন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপে সম্পন্ন হতে পারে।

আমরা চাই, মায়ানমার তথা রাখাইন প্রদেশ হোক ধর্মবর্ণনির্বিশেষে প্রত্যেক রোহিঙ্গার শান্তিপূর্ণ আপন আবাসভূমি। তাহলেই কেবল যুগ যুগ ধরে আপন বাসভূমে পরবাসী লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী স্থায়ীভাবে ঘরে ফিরবে। আর জয়যুক্ত হবে বিশ্বমানবতা।