স্বাধীন দেশে পরাধীন প্রতিবন্ধীগণ
উন্নত বিশ্বে প্রতিবন্ধী ব্যক্তিরা যেখানে অপ্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে পাল্লা দিয়ে ভোগ করছে সমান অধিকার, সেখানে আমাদের দেশের কঠিন বাস্তবতা- সর্বত্রই তারা বৈষম্যের শিকার। পরিবার, সমাজ বা রাষ্ট্র কারোরই যেন সময় নেই তাদের কথা ভাবার। স্বাধীনতার চল্লিশ বছর পেরিয়ে গেলেও প্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা স্বাধীন বাংলাদেশে আজো পরাধীনই। দুঃখজনক সত্য হলো এদেশে আজ পর্যন্ত তাদের সঠিক পরিসংখ্যান বের করা সম্ভব হয় নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( World Health Organization – WHO) ও বিশ্ব ব্যাংক (World Bank)-এর ২০১১ সালের মাঝামাঝি সময়ে করা এক জরীপে আমরা জানতে পারি, বিশ্বে মোট প্রতিবন্ধী ব্যক্তি আছেন ১০০ কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৫ ভাগ। এ হিসেবে প্রতিটি দেশের জনগোষ্ঠীর ১৫ ভাগ ধরলে বাংলাদেশের পরিসংখ্যান হয় ২ কোটি ৪০ লক্ষ। অর্থনীতিবিদ ড. আবুল বারাকাতের এক গবেষণা মতে, মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে এই সংখ্যা দাঁড়াবে ৫ কোটি ২০ লক্ষতে। যারা আজো নিজের দেশেই প্রাণপনে লড়ে যাচ্ছে নিজেদেরই অস্তিত্ব প্রমাণে! আর দশজন সুস্থ্য স্বাভাবিক মানুষের যা নাগরিক অধিকার অথচ এই দেশেরই নাগরিক প্রতিবন্ধী মানুষেরা তা থেকে হচ্ছে বঞ্চিত প্রতিনিয়ত। আর এই বিশাল সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি বঞ্চিত হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তিরা।
আমরা এই হুইলচেয়ারগুলো নিয়ে ঘরের বাইরে কিভাবে চলাচল করবো তা কেউ ভাবলো না? বিশ্বের বিভিন্ন দেশের মতোন এদেশেও কেনো এতবছরেও আমাদের জন্যে হুইলচেয়ার সহায়ক ব্যবস্থাগুলো নিশ্চিত হলো না এবং আজো হচ্ছে না? এর কারণ সহজেই অনুমেয়। প্রতিবন্ধীবান্ধব অবকাঠামোর পাশাপাশি অত্যাবশ্যকীয় অধিকারগুলো গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছেনা যা কিনা প্রকারান্তরে অনেক বড় ব্যর্থতার সামিল। একটি দেশের উন্নয়ন সূচকে এগিয়ে যেতে হলে একাজগুলো এড়িয়ে যাবার সুযোগ নেই। তাহলে কি ধরে নেবো সমাজ বন্দী করে রেখেছে আমাদের? নাকি ভুলেই গেছে হাজারো -লক্ষ হুইলচেয়ার ব্যবহারকারী মানুষ এক মানবেতর জীবন যাপন করছে একি সমাজের বিচ্ছিন্ন বাসিন্দা হয়ে? ষোল কোটি মানুষের এই দেশে প্রায় দুই কোটি মানুষ যদি প্রতিবন্ধিতার স্বীকার হয় সেখানে হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তির সংখ্যা কতটা ভয়াবহ হতে পারে বুঝতে পারছেন কি?
বুঝতে পারার কথা নয়। কারণ তাদের আপনারা ঘরের বাইরে দেখতে পান না। ফুটপাথ, পাবলিক প্লেস, অফিস-আদালত কিংবা স্কুল -কলেজ -বিশ্ববিদ্যালয়ে তাদের চলাচল খুবই সীমিত। দুঃখজনক হলেও সত্য- আমাদের সহজ চলাচলের জন্যে দেশে আইন থাকলেও তা কাগজের একটি টুকরোর মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে আজো। অথচ এই বিপুল প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভেতরেই হয়তো অযত্নে-অবহেলায় লুকিয়ে রয়েছে জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতো কোন প্রতিভাবান। কে জানে, দেশ ও জাতি হয়তো নিদারুনভাবে বঞ্চিত হচ্ছে জাতীয় উন্নয়নে সম্ভাব্য অনেক অবদান থেকে।
দেশের আইন বলে প্রতিটা বিল্ডিংয়ে ঢুকতে পার্কিং এড়িয়া থেকে হুইলচেয়ারের জন্যে কোন বাধা থাকতে পারবে না। লিফট না থাকলে সিঁড়ির সাথে প্লাটফর্ম লিফটিং জাতীয় যন্ত্র ব্যাবহার করতে হবে। দু'তিন ধাপ সিঁড়ির পাশে স্থায়ী সিমেন্টের র্যাম্প রাখা সম্ভব না হলে রাখা যেতে পারে কাঠের অস্থায়ী র্যাম্প। প্রতিটি ফ্লোর হুইলচেয়ার এক্সেসিবল হতে হবে এবং সেখানে অন্তত একটি হুইলচেয়ার এক্সেসিবল টয়লেট থাকতে হবে। ফুটপাথের দুপাশটায় একটু ঢালু হয়ে গেলে হুইলচেয়ার নিয়ে খুব সহজেই রাস্তায় চলাচলা করা যায়। এসবের কোনটাই আমার মন গড়া কথা নয়! ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৮-এর বিধান। ২০০৮-এর ২৯শে মে সরকার দেশের প্রতিটা ডেভেলাপার কোম্পানির কাছে গেজেট পাঠালেও বেশির ভাগ প্রতিষ্ঠানই এটিকে গুরুত্বের সাথে নেননি। অথচ বাংলাদেশের প্রতিটি বিল্ডিংয়ে সর্বজনীন প্রবেশগম্যতা বা মেনে না চললে বিল্ডিং কন্সট্রাকশন আইনে (১৯৯৬ এর ১২ ধারা অনুযায়ী) সর্বোচ্চ সাত বৎসর কারাদন্ড বা নূন্যতম ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডনীয় হতে পারেন দায়ী ব্যক্তি।
আইনের ভয়ে কেউ কিছু করবে–এ আমরা স্বপ্নেও ভাবি না। এমন ইচ্ছেও আমাদের নেই। কিন্তু মানুষের প্রতি সম্মান প্রদর্শনে এবং সর্বোপরি মানবিক দিকটি বিবেচনায় রেখে একটি বিল্ডিং তৈরির সময় একজন হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তির সহজ চলাচলের কথা মাথায় রাখা বিশাল কোন সমস্যা বা ঝামেলার ব্যাপার তো নয়! খুব কঠিন বা ব্যায়বহুল কিছু কিন্তু নয় সিড়ির পাশে একটি র্যাম্প বসানো। ঘরের দরজা অথবা টয়লেটটি সামান্য একটু প্রশস্ত করতেও খুব বেশি জায়গা লাগে না! দিনের পর দিন চার দেয়ালের বন্দী জীবনে মানিয়ে নিয়ে বেঁচে থাকার চেষ্টাটা কি নিদারুণ যন্ত্রণার আমি নিজে তো জানি। রাস্তায় এত এত যানবাহনের ভীড়ে এমন একটি বাস নেই যেখানে হুইলচেয়ার উঠার ব্যবস্থা আছে। অথচ পাশের দেশে পর্যন্ত এ ব্যবস্থা চালু হয়ে গেলো। এক শহর থেকে আরেক শহরে যেতে পাহাড়সম বাধা ডিঙ্গাতে হয়। আমাদের জন্যে তাহলে আছেটা কি!
জনসচেতনতা তৈরি না হলে আইন শুধু নিভৃতে কেঁদেই বুক ভাসাবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি জনকল্যাণে সকল গণমাধ্যমের রয়েছে সত্যিকার কার্যকর ভূমিকা। প্রসঙ্গত একটু বলি, আমার হুইলচেয়ারে জীবন শুরুর বিশ বছর পর ২০১০-এ আমি প্রথমবার যখন ঢাকা এলাম, বাস- ট্রেনে কোথাও সহায়ক ব্যবস্থা না থাকার কারণে আমাকে গাড়ি ভাড়া করে আসতে হয়। যা খুবই ব্যায়বহুল। প্লেনে যাতায়াত আমাদের মতোন মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব নয়। দুঃশ্চিন্তায় ছিলাম পরবর্তীতে আমি কি করবো! অনেকটা পারিবারিক ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ট্রেনে আসার মতো দুঃসাহসিক সিদ্ধান্ত নিলাম। তিন চারজন কুলি ধরে আমার হুইলচেয়ারটা ট্রেনে তুলে দেবে। কিন্তু চিন্তা তো একটি নয় হাজারো। দরজা দিয়ে হুইলচেয়ার কিভাবে ঢুকবে! স্টেশনে কাউকে পাঠিয়ে দরজার মাপ নিয়ে যখন দেখি আমার হুইলচেয়ার অনেক বড়! তখন আরেকটি ছোট হুইলচেয়ার কিনতে হলো আমাকে শুধু মাত্র বাইরে যাতায়াতের জন্যে। আমার ভাগ্য ভালো বলতে হবে এই ছোট হুইলচেয়ারগুলো সেবারই প্রথম এসেছিলো বাংলাদেশে! আমাদের দুঃখের আসলে শেষ নেই! এই হুইলচেয়ারগুলোতেও রয়েছে আমাদের প্রতি অবহেলার নিদর্শন! আমাদের দেশে বাইরে থেকে যেসমস্ত হুইলচেয়ার আসে সেগুলো সাইজে এত বড় হয় বয়স্ক মানুষ থেকে শুরু করে একটি ছোট শিশুকেও একি হুইলচেয়ারেই বসতে বাধ্য করা হয়। এত বড় হুইলচেয়ারে একজন ছোটখাটো প্যারালাইসিস রোগীকে বসানো হলে তিনি ব্যালান্স করে কিভাবে বসবেন তা বিচারের ভার আপনাদের হাতেই ছেড়ে দিলাম এবং আমার অবস্থাও সে দিনগুলোতে কেমন ছিলো আপনারা এ থেকেই অনুমান করে নিতে পারেন। যাই হোক, তিন চারজন লোক আমার চেয়ারটি টানা হ্যাচড়া করে ট্রেনের বগিতে কোনভাবে তুললেও সেদিন কেবিনে আমার চেয়ার ঢোকেনি। এত মানুষের ভীড়ে পাজাকোলা করে আমাকে ভেতরে অনেকটা পথ নিতে হলো। আমার দুর্বল শরীরে বিশেষত একটি মেয়ের জন্যে সেটা কি পরিমাণ শারীরিক এবং মানসিক চাপের ছিলো সে কথা লিখে বোঝানো সম্ভব নয়।
আমাদের দেশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ট্রান্সপোর্ট সুবিধা আছে সেগুলোতে যদি একটি র্যাম্প বসানোর উদ্যোগ নেন স্কুল কর্তৃপক্ষ, তাহলে অনেক হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হবে। তাদের চলাচলও সহজ হয়। যদি স্কুল, কলেজে বিশেষত স্কুলে যদি অন্তত একটি সেকশনের ক্লাস নিচতলায় রাখা যায় হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্যে ক্লাস করতে সিড়ি বেয়ে উঠা নামার কষ্ট অনেক কমে যায়। এখানে উল্লেখ্য, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাস্কুলার ডিস্ট্রফি আক্রান্ত তাসনিনের শিক্ষা জীবন মসৃন রাখতে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গত তিন বছর ধরে তার শ্রেণীকক্ষটি বাথরুম সংলগ্ন একটি কক্ষে নিচতলায় রাখা হয়েছে। বাংলাদেশের অন্যান্য স্কুলগুলোর জন্য এ স্কুলটি হতে পারে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
মাত্র আড়াই বছর হলো আমি এবং আমার সহকর্মী সালমা মাহবুব ঘরের আঁধার কোন থেকে বেড়িয়ে আসার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি শুধু মাত্র এই ভেবে- জীবন গড়ার স্বপ্নের শুরুতেই আমাদের মতোন আর কাউকে যেনো থেমে পড়তে না হয়। আমাদের তো যেমন তেমন করে নিজেদের লড়াইয়ের শুরুটা হয়েই গেলো। আর কতটা সামনে যাওয়া যাবে তা সময় আর সমাজ বলে দেবে, কিন্তু এ দেশের আরো হাজারো হুইলচেয়ার ব্যবহারকারীর- যাদের স্বপ্ন কেবল শুরু তাদের সুন্দর ভবিষ্যতের জন্য একটা বিশাল অবকাঠামোগত পরিবর্তন প্রয়োজন।
আমরা এবারে ঘর থেকে বেরুতে চাই। মুক্ত আকাশের নিচে প্রাণ ভরে শ্বাস নিতে চাই। আমারই ভাইবোনের হাত ধরে স্কুল, কলেজে যেতে চাই। সমাজের বোঝা হয়ে নয়, মানুষের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। হুইলচেয়ার সমেতই আর দশজন সাধারণ মানুষের মতো চলাফেরার স্বাধীনতা চাই। খুব কঠিন কিছু কিন্তু নয়। শুধু প্রয়োজন সমাজের ঘুমন্ত মানুষের জেগে উঠার। আমাদের দাবী হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তিদের কথা আলাদা ভাবে ভাবতে হবে। তাদের জন্যে সহায়ক যাতায়াত ব্যবস্থা, একীভূত শিক্ষার সুযোগ, সর্বপোরি স্বাভাবিক জীবন যাপনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা শুধু মাত্র কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপান্তরিত করতে হবে। সরকারের কাছে কোন অনুকম্পা চাইনা। ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের নাগরিক অধিকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখতে চাই। সরকারের পাশাপাশি সমাজ সচেতন নাগরিক হিসেবে এই দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। আর তাই আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের, নিজে সচেতন হোন। অন্যকেও সচেতন করে তুলুন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক ভিন্নভাবে সক্ষম মানুষের বাসযোগ্য আমাদের এই সোনার বাংলাদেশ।
সাবরিনা সুলতানা : সভাপতি, বি-স্ক্যান।
