শুভ্রবসনের চিরশুভ্র মানুষ সাংবাদিক বেবী মওদুদ
ধানমণ্ডির ঐতিহাসিক বাড়িটি বাংলার আবাল-বৃদ্ধা-বনিতা সবাই চেনেন। এ যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঠিকানা। বাংলার মানুষের, বাংলাদেশের ঠিকানা। রোড নম্বর বত্রিশ। বাংলায় একটিই নম্বর।
মালিকানা বদল হয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংবাদসাময়িকী সাপ্তাহিক বিচিত্রার সর্বশেষ ঠিকানা হয়েছিল এই বাড়িতে। বিচিত্রার কর্ণধর, সম্পাদক হয়েছিলেন জাতির জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। আর জাতির জনকের জ্যৈষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহপাঠি-বান্ধবী বেবী মওদুদ বিচিত্রা বন্ধের শেষ দিন পর্যন্ত ছিলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক।
ক্ষমতার কাছে থেকেও যারা প্রভাব খাঁটিয়ে অফুরন্ত সম্পদের মালিক না হয়ে সত্য ও ন্যায়ের পথকে বেছে নেন, নীতির প্রশ্নে থাকেন আপসহীন এবং উচ্চাভিলাষকে দমিয়ে সাদাসিধে জীবনযাপন করে সাধারণ মানুষের কাতারে শামিল হন- এমন লোকের সংখ্যা আমাদের সমাজে অনেক কম। স্বার্থসিদ্ধির জন্য এই দলের লোকেরা আত্মীয় বা বন্ধুতোষণ করেন না। চরম দুর্দিনেও কারও কাছে হাত পাতেন না। নিজের দুঃখ-কষ্টে অন্যকে জড়ান না; কিন্তু অপরের বিপদে সর্বাত্মক সহযোগী হন। অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার কারণে কোনও কোনও সুযোগসন্ধানী দলীয় নেতাকর্মী, বন্ধু অথবা আত্মীয়-স্বজন তাদের সমালোচনা করলেও পরম রাজনৈতিক শত্রুরা অগোচরে তাদের প্রশংসা করেন।
প্রয়াত সাংবাদিক বেবী মওদুদ ছিলেন উল্লিখিত গুণসমৃদ্ধ অতি দরদী নারী। তিনি ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু-প্রাণেশ্বরী। ইচ্ছা করলেই বিপুল অর্থ-সম্পদের মালিক হয়ে আরাম-আয়েশে জীবন কাটাতে পারতেন। কিন্তু সে পথে তিনি হাঁটেননি।
নারীর অধিকার সুপ্রতিষ্ঠিত করার সংগ্রামে একনিষ্ঠ, সমাজসেবায় অগ্রণী, সাহিত্য সাধনায় নিবেদিতপ্রাণ কিংবা রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও বেবী মওদুদ ছিলেন মূলত পেশাদার সাংবাদিক। আনুষ্ঠানিক নাম এ এন মাহফুজা খাতুন হলেও সবাই তাকে চিনতেন বেবী মওদুদ নামে। সাদামাটা পোশাকের স্নেহময়ী এই নারী সহকর্মীদের কাছে ছিলেন 'বেবী আপা'। দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে সংগ্রামে হার মেনে ২০১৪ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়ার বন্ধন ছিন্ন করে অজানার উদ্দেশে যাত্রা করেন। আজ তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী।
বেবী মওদুদের জন্ম কলকাতায়; ১৯৪৮ সালের ২৩ জুন। বাবা আবদুল মওদুদ ছিলেন একজন বিচারপতি। মা হেদায়েতুন্নেসা ছিলেন গৃহবধূ। ছয় ভাই, তিন বোনের মধ্যে তিনি তৃতীয়। পারিবারিক নাম আফরোজা নাহার মাহফুজা খাতুন। ঘামাচির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বেবীর মা মাখাতেন বেবী জনসন পাউডার। ছোট্ট বোনটির সারা দেহে অতিমাত্রায় বেবী জনসন পাউডার দেখে বড় ভাই নাম রাখেন বেবী। সেই থেকে বেবী নামে পরিচিত। নেহাত প্রয়োজন না হলে তিনি নিজের আকিকার সময়ে রাখা আফরোজা নাহার মাহফুজা খাতুন নামটি ব্যবহার করতেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ এমএ ডিগ্রি লাভ করেন বেবী মওদুদ। পরিবারে সবসময় ছিল শিক্ষার আবহ। শিক্ষার পারিবারিক আবহই হয়তো বেবী মওদুদের চিন্তা-মননে আমৃত্যু একটা ছাপ ফেলেছিল। সাফল্যের সাথে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ষাটের দশকে বেবী মওদুদ পা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়। মুক্তিযুদ্ধের আগে অগ্নিগর্ভ সেই দিনগুলোয় যোগ দেন ছাত্র রাজনীতিতে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময়ে বেবী মওদুদ ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য। একাত্তরে অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় ঢাকায় আরেক মহিয়সী নারী বেগম সুফিয়া কামালের সঙ্গে কাজ করেন বেবী মওদুদ। বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের আগে ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদের (রাওয়ালপিণ্ডি) আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৬৭-৬৮ মেয়াদে তিনি ছিলেন রোকেয়া হল ছাত্রী সংসদের সাহিত্য সম্পাদক। ১৯৯১ সাল থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও সক্রিয় ছিলেন বেবী মওদুদ। সে সময় তাকে পুলিশের লাঠিপেটারও শিকার হতে হয়েছিল।
ষাটের দশক থেকে ইত্তেফাক ও চিত্রালীর সংবাদদাতা হিসেবে বেবী মওদুদের সাংবাদিকতা শুরু। এরপর ছিলেন সাপ্তাহিক ললনার রিপোর্টার ও সহকারী সম্পাদক। সাপ্তাহিক রানার, দৈনিক আজাদ, দৈনিক গণবাংলা, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক বিচিত্রা (দৈনিকবাংলা সংযুক্ত), বাংলাদেশ সংবাদ সংস্থা ও সাপ্তাহিক বিচিত্রায় (শেখ রেহানা সম্পাদিত) বিভিন্ন দায়িত্বে কাজ করার পর ২০০৯ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেন তিনি।
দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বেবী মওদুদ। ৬৬ বছরের জীবনে সাংবাদিকতা, লেখালেখি, রাজনীতি যেমন করেছেন, তেমনি সংগঠক ও অধিকারকর্মী হিসাবেও ছিলেন সোচ্চার। প্রতিটি ক্ষেত্রে মানুষের প্রতি ভালোবাসা আর নিষ্ঠার জোরে বেবী মওদুদ হয়ে উঠেছিলেন সবার প্রিয় 'বেবী আপা'। তিনি ছিলেন, সৎ সাহসী আর অসম্ভব স্নেহময়ী একজন মানুষ।
বেবী মওদুদ ছিলেন কট্টর বাঙালি ও জাতীয়তাবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালীন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িয়ে পড়ায় সতীর্থ শেখ হাসিনার সঙ্গে সখ্য গড়ে ওঠে। দু'জন দুই ধারার রাজনীতি করলেও তাদের সম্পর্কে কখনও ফাটল ধরেনি। আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরে এলে বেবী আপাই ছিলেন তার সার্বক্ষণিক বন্ধু। 'সারাদিন রাজনীতি করার পর সন্ধ্যায় হাসিনা কারও সঙ্গে গল্প করতে চান,' বেবী আপা বলতেন, 'কিন্তু রাতের বেলায় তো কোনো পুরুষ রাজনৈতিক নেতা বা কর্মীর সঙ্গে আড্ডা মারতে পারেন না। এ কারণেই আমি তাকে সঙ্গ দিতাম। কোনো কোনো দিন ভোর পর্যন্ত গল্প চলত।'
তখনই বেবী মওদুদ ধীরে ধীরে আওয়ামী লীগের রাজনীতির প্রতি আকৃষ্ট হন। শেখ হাসিনার সঙ্গে ছিল তাঁর আত্মিক সম্পর্ক। বেবী মওদুদের প্রতিও শেখ হাসিনার বিশ্বাস ও আস্থা ছিল প্রশ্নাতীত, রক্তের চেয়েও বিশ্বস্ত; যেনো দুটি প্রাণে এক মনস্তত্ত্ব, একই অস্তিত্ব।
স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে ঠাকুরগাঁওয়ের সাংবাদিক হাসান আলীর সঙ্গে বেবী মওদুদের বিয়ে হয়। হাসান আলী দৈনিক সংবাদের তুখোড় রিপোর্টার ছিলেন। পরে তিনি চিফ রিপোর্টার, নগর সম্পাদক ও বার্তা সম্পাদক হয়েছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। ১৯৭৫ সালে চারটি বাদে সব পত্রিকা বন্ধ হয়ে গেলে সাংবাদিকতা ছেড়ে আইন পেশায় মনোনিবেশ করেন হাসান আলী। ১৯৮৫ সালের এপ্রিল মাসে হাসান আলী মৃত্যুবরণ করেন। তাদের দুই ছেলে। রবিউল হাসান অভি ও শফিউল হাসান দীপ্ত।
হাসান আলীর মৃত্যুর পর এক নতুন জীবন-সংগ্রাম শুরু হয় বেবী মওদুদের। কিন্তু নীতি ও আদর্শ থেকে তিনি কখনও বিচ্যুত হননি।
পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেবী মওদুদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। মমতাও বাংলাদেশ ও বেবী মওদুদকে খুব ভালোবাসেন। প্রথমবার ঢাকা আসেন ১৯৯৯ সালের ২৪ জুন। বেবী মওদুদ তাঁর সম্মানে দুপুরের খাওয়ার আয়োজন করেন জাতীয় প্রেসক্লাবে। বেবী আপার নিমন্ত্রণে মাছ-ভাত খেয়ে খুব তৃপ্তি লাভ করেন মমতা। ২০১৫ সালে একুশের বইমেলায় এসেছিলেন মমতা। সবাই ছিলেন; ছিলেন না শুধু বেবী আপা! মমতা খুব মিস করেছেন; শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছিলেন বেবী আপাকে।
বই লেখা ছিল বেবী মওদুদের রীতিমতো নেশা। প্রকাশিত গ্রন্থের মধ্যে-ছোট গল্প 'মনে মনে'; উপন্যাস 'দুঃখ-কষ্ট-ভালোবাসা'; পাকিস্তানে বাংলাদেশের নারী পাচার (রিপোর্টাজ), নারী ভুবন (কলাম), অন্তরে বাহিরে (কলাম), 'গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা'; 'বাংলাদেশের নারী বাংলাদেশের চলচ্চিত্র'; 'বঙ্গবন্ধু ও তাঁর পরিবার'; 'নিভৃত যতনে'; 'রোকেয়া টাফ'; 'আমার রোকেয়া'; 'চিরন্তন প্রতিকৃতি রোকেয়া'; 'শেখ মুজিবের ছেলেবেলা'; 'সষি পুষি টুষি' (ছড়া); 'দীপ্তর জন্য ভালোবাসা'; 'টুনুর হারিয়ে যাওয়া'; 'শান্তর আনন্দ'; 'এক যে ছিল আনু'; 'মুক্তিযোদ্ধা মাণিক'; কিশোর সাহিত্য সমগ্র এবং 'আবু আর বাবু' উল্লেখযোগ্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' সম্পাদনাতেও বেবী আপার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি একজন অধিকার কর্মী হিসাবেও বেবী মওদুদ সবসময় সোচ্চার ছিলেন। আমৃত্যু ছিলেন জাতীয় নারী ও শিশু উন্নয়ন পরিষদের সদস্য। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য বেবী মওদুদ বাংলা একাডেমিরও আজীবন সদস্য ছিলেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার জন্যও কাজ করে গেছেন তিনি। এ বিষয়ে কয়েকটি গ্রন্থও লিখেছেন। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফান্ড ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হওয়ার পাশাপাশি বেবী মওদুদ ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং লাইব্রেরি কমিটির সদস্য।
বেবী মওদুদের শখ ছিল বই পড়া, গান শোনা, প্রামাণ্য চলচ্চিত্র দেখা আর নানা জায়গায় ঘুরে বেড়ানো। ছোটবেলা থেকে লেখালেখি তো ছিলই।
পেশাগত জীবন, লেখালেখি, রাজনীতি, সমাজসেবা আর নিজ সন্তানদের নিয়ে একাকী জীবনের দীর্ঘপথ পাড়ি দেওয়া সাংবাদিক বেবী মওদুদ তার ছোট ভাই-বোনদের কাছেও ছিলেন অনন্য। প্রথম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এসে প্রয়াত এই সাংবাদিকের ছোট ভাই আজিমুল হক বলেছিলেন, 'বড় আপা জীবনভর আমাকে এতটাই আদরে শাসনে রেখেছেন যে, সবাই তাকে আমার দ্বিতীয় মা বলত। ছোট অন্য ভাই-বোনদেরও তিনি একইভাবে স্নেহ মমতা দিতেন।'
তিনি আরো বলেন, 'অনেক ভাই বোনের সংসারে উনিই আমাদের সর্বক্ষণ আগলে রেখেছেন।' বেবী মওদুদের বাকি ভাই-বোনের সবারই অভিব্যক্তি একই রকম। ভাই-বোনেরাও স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। বেবী আপার অসাধারণ ব্যক্তিত্বের একটি সহজ উদাহরণ রয়েছে তাঁর ছোট ভাইয়ের বিয়ের ঘটনায়।
'আমার বিয়েটাও উনিই দেন। বাসায় যাওয়ার পর একদিন আনিসুজ্জামান স্যার আপাকে তার মেয়ের জন্য ছেলে খুঁজে দিতে বলেন। জবাবে আপা বলেন, আমার ভাইয়ের জন্যই তো মেয়ে খুঁজছি। এভাবেই আমার বিয়ে হয়ে যায়।' মা এবং বড়দের প্রতিও বেবী মওদুদের দায়িত্বশীলতার কথা জানা যায় ভাই-বোনেদের বয়ানে।
শুধু বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদক কিংবা একজন সাংবাদিক হিসেবেই নন, বেবী মওদুদ আর শেখ হাসিনার বন্ধুত্ব সেই ছাত্রজীবন থেকেই। রাজপথের ছাত্র আন্দোলন থেকেই। সাধারণ বন্ধুত্ব নয়, খুবই বিশ্বস্ত; ঘনিষ্ঠতম এবং পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা-বেবী মওদুদ। চেতনা-আদর্শে এক ও অদ্বিতীয় এই বন্ধুজুটির একজনের প্রয়াণে আরেকজনের হৃদয় কতটুকু ব্যথিত-মর্মাহত হতে পারে, তা দেখা গেছে বেবী আপার মৃত্যুর খবর শুনে শেখ হাসিনার হাসপাতালে ছুটে যাওয়ার দৃশ্যে।
প্রিয় বান্ধবীর মৃতদেহ দেখতে যাওয়া প্রধানমন্ত্রীর সেই ভিডিও ফুটেজটা পর্যবেক্ষণ করলেই অনুভব করা যাবে যে, বান্ধবী বেবীর প্রতি বান্ধবী হাসিনার কতটুকু আত্মার সম্পর্ক ছিল! মৃত্যুর দিনে যে বান্ধবীর প্রতি প্রধানমন্ত্রীর এই আবেগ-স্নেহ-ভালবাসা-শ্রদ্ধার্ঘ্য দেখে সহজেই জীবদ্দশায় তাঁদের সম্পর্ক অনুধাবন করা যায়।
অথচ বিস্ময়কর হলো- বেবী আপা কখনো শেখ হাসিনার বান্ধবী হিসেবে সেই প্রভাব কারো সঙ্গে দেখিয়ে যাননি। চলনে বলনেও অহংবোধ ছিল না। শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে একজন বেবী মওদুদের এতোটা গভীর সম্পর্কের ব্যাপারটা মিডিয়ার হাতেগোনা কিছু লোক ছাড়া জানতেনও না। বোঝাও যেত না। ব্যাপক প্রভাব-প্রতিপত্তি ও জোর প্রদর্শনের এই যুগে বেবী আপার এমন 'সাধারণত্ব' তাঁর মানসিকতা এবং চরিত্রকে নিঃসন্দেহে 'অনন্য' এবং 'অসাধারণ' মহিমায় অনন্তকাল ভূষিত করে রাখবে।
বেবী আপার সঙ্গে কাজের সুযোগ পেয়েছি পাঁচ বছর। সাপ্তাহিক বিচিত্রার স্টাফ রিপোর্টার হিসেবে। প্রধানমন্ত্রীর বান্ধবী বিধায় স্বাভাবিকভাবে কিছু প্রত্যাশা ছিলোই। অন্তত একটা সম্মানজনক কাজ। কিন্তু বেবী আপা আমার জন্য কিছু করতে পারেননি কিংবা চাননি। হয়তো খুশি হতে পারিনি; কিন্তু তাঁর সততাকে উপলব্ধি এবং সম্মান করতে বাধ্য হয়েছি। প্রধানমন্ত্রীর বান্ধবী; অথচ বেবী আপার অসহায়ত্বে নিজের কষ্ট নিবারণে অতি কষ্ট অনুভব করলেও, সামগ্রিক পরিস্থিতিতে খুশি এই জন্যে, আমরা যারা নিয়ম মেনে চলায় বিশ্বাসী- তাদের জন্য এমন ব্যক্তিত্ব আর নিরপেক্ষ মানুষই উত্তম।
উত্তম এমন ন্যায়নিষ্ঠ সাংবাদিক এবং সাংবাদিকতা। বিচিত্রার শ'দুয়েক কপি আমার কাছে আছে। সেখান থেকে অর্ধশতাধিক কপির প্রচ্ছদকাহিনী-প্রতিবেদন আমার লেখা। কী ছিল সেসবে? বর্তমান প্রধানমন্ত্রী গুচ্ছ আকারে সেগুলো দেখলেও হয়তো আমাকে কাজ না হোক, কিছু উপহার দিতেন বলে বিশ্বাস করা যায়। সরকারের মধ্যকার অনেক বিশিষ্টজন এমন পরামর্শও দিয়েছিলেন আমাকে। অথচ, বেবী আপার প্রত্যক্ষ সহকর্মী হয়েও আমার কষ্টবোধ তাঁর আদর্শকে টলাতে পারিনি। আমি আর কারো কাছে যাইনি।
বেবী আপার সঙ্গে পরিচয় ২০০৩ সালের অক্টোবরের এক বিকেলে। জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর রোডের বাড়িটির পাশের এক তলা বাড়ির বিচিত্রা অফিসে। কলকাতার নায়ক রঞ্জিত মল্লিকের সাক্ষাৎকার নিয়ে হাজির হই। বেবী আপা সাক্ষাৎকারটি পড়ে খুশি হয়েছিলেন। সেই থেকেই বিচিত্রায় প্রদায়ক হিসেবে কাজ শুরু আমার।
সাবেক সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমল; ২০০৮ সালের মে মাস। বিচিত্রা স্থগিত হওয়ার আগের দিন পর্যন্ত ছিলাম স্টাফ রিপোর্টার। অনেক সুখস্মৃতি। দুঃখস্মৃতি। তবে বেবী আপার অসাধারণ স্নেহের কাছে তাঁর সামান্য কৃপণতা-অপারগতা, তুচ্ছ। বেবী আপা শুধু একজন সাংবাদিকই ছিলেন না। আমাদের অনেকের কাছেই ছিলেন স্নেহময়ী মা, বড় বোনের প্রতীক। সীমিত আয় দিয়েও যে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করা যায়, বিষয়টি বিচিত্রার অনেকেই আপার ব্যক্তি জীবন দেখে শিখেছিলাম। সাদামাটা জীবন যে কতটা আনন্দের হতে পারে, বেবী আপাকে দেখে উপলব্ধি করেছি। জীবনে যত বেশি চাহিদা থাকবে, জীবন তত জটিল হবে। সুতরাং চাহিদা কমিয়ে জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার বাস্তব শিক্ষা বেবী আপার থেকে আমি এবং আমার মতো অনেকেই পেয়েছি।
কত বিশেষণে আপাকে ভূষিত করা যায়। নির্লোভ, নিরহঙ্কারী, সহজ-সরল দরদী, সাদামনের মানুষ। তিনি সকলের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। ক্ষমতার কাছের লোকজনের দাপটে সবাই অসহায় হয়ে যায়'- শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে তার সাবেক বিশেষ সহকারী (তথ্য) প্রয়াত মাহবুবুল হক শাকিল সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'অথচ বেবী মওদুদ রিকশায় চলাচল করতেন। তিনি ছিলেন লোভ-লালসার ঊর্ধ্বে।'
সদা শুভ্রবসনের বেবী মওদুদ মনের দিক থেকেও ছিলেন একজন চিরশুভ্র মানুষ। তিনি অত্যন্ত বন্ধুত্বপরায়ণ ছিলেন। ঘাত-প্রতিঘাতের মধ্যেও ছিলেন দৃঢ়চেতা। আদর্শই আজ তাঁর স্মৃতিকে ধরে রেখেছে। বেবী মওদুদ জীবনের সমস্ত প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে চলার চেষ্টা করেছেন। সারাটা জীবন বুঝিয়ে গেছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার ক্ষেত্রে তাঁর চেষ্টা ছিল অদম্য। কেউ বিত্তের বৈভব করেন, কেউ করেন চিত্তের। বেবী মওদুদ চিত্তের বৈভব করতেন। তিনি কেবল সাংবাদিক ছিলেন না, বহুমাত্রিক সত্তার অধিকারী ছিলেন। যে কাজ হাতে নিতেন, তা একাগ্রতার সঙ্গে, সমস্ত মনোযোগ দিয়ে করতেন। ক্ষমতার প্রখর সূর্যের পাশে থেকেও কীভাবে সাধারণ থাকা যায়, তার দৃষ্টান্ত বেবী আপা।
বিচিত্রার শেষের পাতায় প্রতি সপ্তাহে বেবী আপার নিয়মিত কলাম প্রকাশিত হতো। 'অন্তরে বাহিরে' নামে এই লেখাগুলো সঙ্কলিত হয়ে পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়। যাতে তাঁর ব্যক্তি জীবনের ছায়া ছিল। আপার মৃত্যুর পর বিচিত্রার সহকর্মী দুলাল আচার্য্য এক কলামে লিখেছিলেন, 'সাংবাদিক মহলে বেবী আপাকে নিয়ে উপলব্ধি ভাল-মন্দ মিলিয়েই। ভাল উপলব্ধির সাংবাদিকের সংখ্যা যে খুব একটা বেশি তাও নয়। তবে আমি কাছ থেকে যে বেবী আপাকে দেখেছি সেই আপা একজন সৎ, নিষ্ঠাবান ও স্নেহময়ী আদর্শ। একজন সংগ্রামী ও নিবেদিতপ্রাণ সাংবাদিক। বেবী আপা আমাদের যা শিখিয়েছেন তা আমরা ভুলব না। অন্যায়কে অন্যায়, অসত্যকে অসত্য বলার দৃঢ় সাহস আমরা আপার কাছেই শিখেছি।' দুলালদার এই মন্তব্য বেবী আপার ব্যক্তিত্বের প্রতিবিম্ব- সন্দেহ নেই।
২৫ জুলাই, ২০১৪ গত হয়েছেন আমাদের প্রিয় বেবী আপা। দিনটি আমার কাছে অত্যন্ত দুঃখের। বেবী আপার প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তাঁর বড় ছেলে রবিউল হাসান অভি বলেছিলেন, 'মা আমার হাত ধরে মারা গেছেন। সে দিনটি আমার কাছে বড়ই কষ্টের। মা হারানোর কষ্ট একুটও ভুলতে পারিনি। প্রতিক্ষণেই মায়ের কথা স্মরণ হয়। মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর ২৫ হাজার করে টাকা দিতেন। মায়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবং সেটাকে ৫০ হাজারে উন্নীত করতে চাই। এছাড়া প্রতি বছর একজন সাংবাদিককে এক লাখ টাকা পুরস্কার দিতে চাই মায়ের পক্ষ থেকে।'
আমি আশা ও প্রার্থনা করব-অভি তাঁর মায়ের সুযোগ্য উত্তরসূরি হয়ে উঠুন; কাজে; ব্যক্তিত্বে এবং রাষ্ট্রীয় তথা সামাজিক দায়িত্বশীলতায়। দোয়া থাকবে ছোট ছেলে দীপ্ত'র জন্যও।
সাংবাদিকতা জীবনে সবচেয়ে যে অর্জনের জন্য চিরকাল গর্ব করব- তার পেছনের কারিগর মূলত বেবী আপা। আজীবন কৃতজ্ঞতা আপার প্রতি। বেবী আপার জুনিয়র সহকর্মী হিসেবে তাঁর পরামর্শে সাংবাদিকতা করে অর্জনের খাতাটি আমার বেশ সমৃদ্ধ। ২০০৮ সালের মে মাসে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রবল নজরদারির কারণে বেবী আপার মৌখিক এক আদেশে বিচিত্রা স্থগিত হওয়ার আগ পর্যন্ত টানা প্রায় পাঁচ বছর আপার সঙ্গেই কাজ করেছি। ২০০৭ সালে টিআইবি এবং ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে টানা ইউনিসেফ অ্যাওয়ার্ড অর্জন- সে তো বেবী আপার পরামর্শ মোতাবেক কাজেরই পুরষ্কার। এই অর্জনের পেছনে বেবী আপার উৎসাহ এবং সামাজিক সমস্যা-সঙ্কুলতা নিয়ে তাঁর চমৎকার চিন্তা-ভাবনাই আমাকে অনুপ্রাণিত করেছিল। তিনি আমার সাংবাদিকতা জীবনের প্রধান শিক্ষক।
বেবী মওদুদের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি রইল প্রাণঢালা শ্রদ্ধার্ঘ্য। তাঁর শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামানের ভাষায় বলতে চাই, 'বেবী মওদুদের পেশার প্রতি নিষ্ঠা ও মানুষের প্রতি কর্তব্যবোধ যেন অনুকরণীয় হয়।'
তাহলেই তাঁর আত্মা শান্তি পাবে। তাঁর আত্মার শান্তি কামনা করি। পরিবার-পরিজন-স্বজনদের প্রতি গভীর সমবেদনা। আর আপার দুই ছেলে অভি, দীপ্ত এবং পুত্রবধূ কমলিকার সার্বিক মঙ্গল কামনা করি।
