২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ উদ্যোক্তা বান্ধব বাজেট চাই

আরিফ জেবতিক

Published : 03 Oct 2013, 02:39 PM

Updated : 01 Jul 2022, 05:51 PM

গত কয়দিন ধরে আমাদের অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং এনবিআরের কর্মকর্তারা বিভিন্ন ধরনের প্রাক বাজেট আলোচনায় অংশ নিচ্ছেন। প্রতিবছরই বাজেট ঘোষণার আগে তাঁরা এরকম বিভিন্ন সমিতি, এসোসিয়েশন, সংঘ, চেম্বারের সঙ্গে আলোচনা করে থাকেন। বাজেট ঘোষনার পরে যার যার অবস্থান থেকে কৃষিবান্ধব বাজেট, শিল্প বান্ধব বাজেট কিংবা আরো বিভিন্ন বান্ধব অথবা অবান্ধব বাজেট হিসেবে সেই ঘোষিত বাজেটকে অভিহিতও করা হয়ে থাকে। কিন্তু আমি কোনোদিন শুনিনি কেউ কোনো বাজেটকে তরুণ বান্ধব বাজেট বলতে। তাই তরুণদের জন্য একটি আবদার করতে এই লেখাটি লিখছি। আশা করব, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং তার টিম এবছর বাজেট ঘোষণার আগে একবার দেশের তরুণদের সঙ্গেও বসবেন। দেশের যে প্রজন্মটি ইতোমধ্যেই দেশের দায়িত্ব নেয়া শুরু করেছে কিংবা আরো কয়েক বছরের মধ্যে পুরোপুরি নেয়া শুরু করবে, বাজেটে তাঁদের কথাও শোনা দরকার। আর শুধু দরকারই বা বলি কেন, বরং বলতে হয় তরুণদের কথা শোনা জরুরি। নইলে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা আর আগামী দিনের অর্থনীতিকে নেতৃত্ব দিতে চলা তরুণদের মাঝে সমন্বয় হবে না।

সমন্বয় যে হবে না বা হচ্ছে না, লেখার শুরুতেই সেরকম একটি উদাহরণ দিতে পারি।
আমরা সবাই জানি যে আমদানি নির্ভর এই দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটু কমে গেলেই ভয়ে আমাদের হাত পা ঘামতে থাকে। তখন পত্রিকার পাতায় বড় বড় শিরোনাম হয়, টক শোতে সরকারের ব্যর্থতা নিয়ে বুদ্ধিজীবিরা উদ্বেগ প্রকাশ করতে থাকেন এবং ফলশ্রুতিতে কয়েকদিন পর অর্থমন্ত্রীকে অংক কষে বুঝিয়ে দিতে হয় যে পরিস্থিতি স্বাভাবিক আছে। বিদেশ থেকে ডলার আনার দুইটি খাতের কথা দেশের সবাই কমবেশি জানেন। প্রথমটি হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নিরক্ষর কিংবা অল্প অক্ষরজ্ঞান শ্রমিকরা। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের দেশের নারী শ্রমিক, গার্মেন্ট শিল্পে ঘাম ঝরিয়ে যাওয়া আমাদের দেশী তরুণিরা। কিন্তু বাংলাদেশে আমরা অনেকেই জানি না, প্রচলিত এই দুই শ্রেণীর বাইরে বেশ কয়েকবছর ধরে এদেশে বৈদেশিক মুদ্রা অর্জনে আরেক শ্রেণীর শ্রমিকের উদ্ভব হয়েছে। তাঁরা বিদেশে না গিয়েও আমাদের জন্য ডলার আয়ের এক অপার সম্ভাবনা তৈরি করেছেন। এই তরুণরা কাজ করছেন আউটসোর্সিংয়ে। কম্পিউটার নির্ভর যেসব কাজ বিদেশে করাতে গেলে অনেক টাকা গুনতে হয়, সেই কাজগুলোই তাঁরা বাংলাদেশে বসে সস্তায় করে দিচ্ছেন। সস্তায় করে দিলেও আমাদের দেশের মুদ্রায় খুব কম নয়। আমি এরকম একজন তরুণকে চিনি, যে বাসায় বসেই আউট সোর্সিং করে গড়ে মাসে দেড় হাজার ডলার আয় করে। বাংলাদেশী মুদ্রায় সোয়া লক্ষ টাকার বেশি! এরকম কর্মী যে একজন দুইজন আছেন এমন নয়, এরকম আছেন ভুরি ভুরি। কিন্তু এধরনের মানুষ আমাদের আরো বেশি বেশি প্রয়োজন। যত বেশি দক্ষ লোক এই সেক্টরে প্রবেশ করবেন, ততোই দেশ হিসেবে আমরা বিশ্বের বাজারে বড় অবস্থান নিতে পারব।

কিন্তু এই তরুণদের জন্য বড় সমস্যা হয়ে গেছে দেশে টাকা নিয়ে আসাটা। বিদেশীরা সাধারণত মজুরি দেয় পে-পালে। পে-পাল হচ্ছে ই-কমার্স ব্যবস্থা। বিদেশী ক্লায়েন্টরা কাজ বুঝে নিয়ে কম্পিউটারে ক্লিক করে মজুরি দিয়ে দেবে আপনার একাউন্টে, তাঁদের জন্য সহজ এবং ঝামেলাহীন পদ্ধতি। কিন্তু এই পে-পাল বাংলাদেশে এখনও চালু করা যায়নি। প্রতিবেশী ভারতে পে-পাল আছে, এমনকি আফ্রিকার যেসব দেশকে আমরা গহীন অরণ্যের দেশ বলে ভাবি, সেসব দেশেও পে-পাল আছে। কিন্তু বাংলাদেশে নেই। নামিবিয়া, পাপুয়া নিউগিনি, নাইজার থেকে শুরু করে আমাদের পাশের বাড়ির মালদ্বীপ কিংবা ভুটানেও পে-পাল বিস্তৃত হচ্ছে, কিন্তু বাংলাদেশে কবে এই পে-পাল আসবে তা সঠিক করে কেউ বলতে পারে না। এ ব্যাপারে সরকারে উদ্যোগ ও উদ্যম খুব জরুরি হয়ে পড়েছে। দেশের এসব তরুণরা কাজ করে দেয়ার জন্য যত মেধা ও শ্রম ব্যবহার করেন, মজুরি দেশে আনার জন্য তারচেয়েও বেশি মেধা ও শ্রম ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। পদে পদে হয়রানি তো আছেই। নানা ফাঁকফোকর গলিয়ে যদিও বা দেশে ডলার আনা যায়, সেই ডলারের উৎস নিয়ে দেশের ব্যাংকগুলো এসব ফ্রি ল্যান্সারদের নাভিশ্বাস তুলে ফেলে। এই ব্যাংকগুলোর অধিকাংশই এখনও টিটি-ডিডি-মানিঅর্ডারের যুগে রয়ে গেছে, দুনিয়া কোথায় যাচ্ছে সে খবর রাখার কোনো আগ্রহ কিংবা বাধ্যবাধকতা এদের বেশির ভাগেরই নেই। বিদেশ থেকে টাকা আনার এই সমস্যার সমাধান আমরা যত দ্রুত করতে পারব, আমাদের তরুণরা ততো বেশি বেশি টাকা উপার্জন করতে পারবেন। আমাদের অর্থমন্ত্রণালয় কিংবা রাখাল গভর্ণর হিসেবে সদ্য ব্র্যান্ডেড বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এ বিষয়ে কী ভাবছেন সেটি আমার জানতে ইচ্ছে করে, নিশ্চয়ই এই খাতে কাজ করা মানুষদেরও শুনতে ইচ্ছে করে। সরকারের পক্ষ থেকে কি পে-পালকে বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য উদ্বুদ্ধ করা যায়? ইতোমধ্যে কোনো উদ্যোগ নেওয়া হলে সেটিকে জোরালো করাটা এই সময়ের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। এরকম সমস্যা অন্যান্য শতেক সেক্টরে আমাদের তরুণ উদ্যোক্তারা ভোগ করছেন। আর এজন্যই বাজেট প্রণয়নে কিংবা রাষ্ট্রের এরকম বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্তের সময় আমাদের তরুণদের কথা শোনা জরুরি হয়ে পড়েছে।

এই পে-পাল নিয়ে আমি সরকারের কিছু ছোটখাটো কর্তাব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখেছি। দেখেছি আমার পরিচিত অনেকেই নাক সিটকে বলেন, আউটসোর্সিংয়ে কাজ করা এসব ফ্রি ল্যান্সারদের দিয়ে আসলে কী হবে? এরা কয়েকদিন পরে ঝরে পড়বে। হয়তো ঝরেই পড়বে, কিন্তু কোন আগামীতে কে ঝরে পড়বে, সেটা ভেবে আজকে তাঁদেরকে সহায়তা করা থেকে দূরে থাকতে হবে কেন? তবে আমি আজ এখানে লিখে দিতে পারি, এরা সবাই ঝরে পড়বে না। এদের বড় একটা অংশই কয়েকবছরের মধ্যে মাঝারি মানের উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হবে। হয়তো কয়েকজন মিলে একটা ছোট অফিস করবে, সেই অফিসে তখন বিকল্প বিদুৎ শেয়ার করবে, কাজ ভাগাভাগি করবে-এভাবেই গড়ে উঠবে অনেকগুলো প্রতিষ্ঠান। আগামী দিনে পণ্য উৎপাদনের পাশাপাশি সেবাখাত একটা বড় ব্যবসা হবে, সেই ব্যবসাতেও এই তরুণরা অনেক ভালো করবেন। যারা এখন ফুৎকারে এসব উদ্যোগকে উড়িয়ে দিতে চান, তাঁদেরকে বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই, আশির দশকে কিন্তু ছোটখাটো বাসাবাড়িতে কয়েকটি মাত্র সেলাই মেশিন সম্বল করে যেসব ছোট ছোট গার্মেন্ট ফ্যাক্টরি তৈরি হয়েছিল সেগুলোই আজকে মহীরুহ হয়ে দেশের বৈদেশিক মুদ্রার যোগান দিচ্ছে।

আমি তাই সরকারের কাছে অনুরোধ করব দেশে তরুণ উদ্যোক্তা তৈরি আর লালনের জন্য এবারের বাজেটে সম্ভবপর সবকিছু করতে। রাজনৈতিক প্রতিশ্রুতি যতই থাকুক, কোনো সরকারই প্রতি ঘর থেকে একজনকে ডেকে এনে চাকুরি দিতে পারবে না, এটা মেনে নেয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে বেসরকারি খাতে আমাদেরকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্ঠি করতে হবে। এই কর্মসংস্থান সৃষ্ঠির দায়িত্ব বড় বড় প্রতিষ্ঠানের উপর ছেড়ে দিলে লাভ হবে না। কিছু বৃহৎ কর্পোরেট ব্যবসা করে যাবে, আর সারা দেশ থেকে তাদের জন্য কেরানি সরবরাহ করা হবে, এটি অর্থনীতির জন্য শুভ কোনো ব্যাপার নয়। আমাদেরকে তাই নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে এগিয়ে আসতে হবে।

ইদানীং প্রায়ই শুনে থাকবেন যে আমাদের দেশের অর্থনীতি বিস্ফোরণম্মুখ অবস্থায় আছে। কথা এতটুকু মিথ্যে নয়। অপার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে এই দেশ ফুঁসছে। এসব দোষারোপ, ভাংচুর-লাঠিচার্জ আর পরষ্পরকে গালি দেয়ার ফালতু রাজনৈতিক সংস্কৃতি যতোই আমাদের পত্রিকার প্রথম পাতাকে জুড়ে রাখুক, জাতি হিসেবে আমাদের অর্থনৈতিক সম্ভাবনা ধীর গতির হলেও থেমে নেই, বরং সবসময়ই সামনের দিকে এগুচ্ছে। আমরা এক বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সময়ে এসে আমাদের প্রয়োজন গোটা ব্যাপারটাকে ভিন্ন চোখে দেখা। তরুণদের মাঝ থেকে উদ্যোক্তা তৈরি করা ছাড়া আমরা নতুন দিনের অর্থনীতিকে ধারণ করতে পারব না। তরুণ উদ্যোক্তা মানেই গ্রামে বসে মুরগি পালন-ডোবানালায় তেলাপিয়া চাষ আর নকশী কাঁথা তৈরির যে ছবি আমরা চোখের সামনে তুলে ধরছি, সেটিই যে একমাত্র গন্তব্য নয়; একথা বুঝতে হবে। উদ্যোক্তা মাত্রই শুধু উৎপাদনকারী হবেন এমন নয়; বিপনন ও ম্যানেজমেন্টে আমাদের অনেক বেশি করে তরুণদের দরকার। আমাদের নতুন প্রজন্মের উদ্যোক্তাদেরকে বিস্তৃত করে দিতে হবে গ্রাম থেকে নগরের কেন্দ্র পর্যন্ত। এই উদ্যোক্তা তৈরির জন্য অর্থমন্ত্রী কী পরিকল্পনা করছেন, সেটি শুনতে আমার আগ্রহ আছে।

একটি বড় সমস্যা তৈরি করেছে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা। আগামী সমাজের চাহিদা আর আমাদের শিক্ষিত জনগোষ্ঠির অনুপাতের মাঝে বড় পার্থক্য আছে। একটি মফস্বল শহরের কলেজ থেকে প্রতিবছর শতাধিক ইতিহাস আর দর্শনের ছাত্র পাশ করে বের হচ্ছেন। একটি জেলা শহরে আমাদের আদৌ কি প্রতিবছর শতাধিক দার্শনিক আর ইতিহাসবিদ প্রয়োজন? রাষ্ট্র সমাজের চাহিদাকে ধারণ করতে পারছে না বলেই সরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষিত জনগোষ্টি তৈরি করার কথা বলে একটি বড় জনগোষ্ঠির কর্মদক্ষতা নষ্ট করে দিচ্ছে। সরকারি বেসরকারি কোনো খাতেই এই তরুণদের জন্য নিজ লব্ধ বিদ্যা ব্যবহারের মতো যথেষ্ট সুযোগ নেই।

আমাদের বরং প্রয়োজন বেশি বেশি তরুণকে ব্যবসা বানিজ্যের মূল সূত্রগুলো শিখিয়ে দেওয়া। আমাদের শহরে ও গ্রামে অনেক তরুণ আছেন যারা নিজেদের চমৎকার ভাবনাগুলোকে সফল ব্যবসায় রূপান্তর করতে পারেন না। বিজনেস প্ল্যান, মার্কেটিং প্ল্যান, ম্যানেজমেন্টে খুব ছোটখাটো সূত্রগুলো যদি তাঁদের জানা থাকত, তাহলে তাঁদের অনেকেই ভালো ব্যবসায়ী হতে পারতেন। কিন্তু এই রিসোর্সগুলো আমাদের দেশে সহজলভ্য নয়। তথাকথিত এমবিএ তৈরির ঠিকাদারিটা আমরা দিয়ে রেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কাঁধে, বেশ বড় অংকের টাকা ছাড়া সেই জ্ঞান আরাধণা অসম্ভব। আমাদের মধ্যবিত্ত তরুণদের পক্ষে সেই জ্ঞান অর্জণ তাই হয়ে ওঠে না। আর যারা সেই হার্ডল পেরুতে পারেন, তাঁরা উদ্যোক্তা হওয়ার চেয়ে বরং চাকুরে হওয়াটাকেই সুবিধাজনক মনে করতে বাধ্য হন। এখানে সরকারের কাজ করার অনেক সুযোগ আছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের বেকার তরুণদেরকে কম্পিউটারে কম্পোজ করা, ফ্রিজ মেরামত জাতীয় কিছু ব্যাপার শেখালেও, সেই বিদ্যা কিংবা অন্য যেকোনো বিদ্যাকে কীভাবে সফল ব্যবসায় রূপান্তর করা যায়, সেটি শেখায় না। কিন্তু এটি খুব জরুরি। গ্রামের যে মানুষটি হাস মুরগি পালন করেন কিংবা সুঁইসুতোর কাজ করেন, তাঁকেও ব্যবসা পরিচালনার সাধারণ জ্ঞানটুকু দেওয়া প্রয়োজন। ছোট্ট উদাহরণ দেই, এই ব্যবসা জ্ঞানের অভাবেই কিন্তু এদেশে পোল্ট্রিশিল্প বন্ধ হয়ে পড়ছে।

আমাদের তরুণরা মাঝে মাঝেই অসম্ভব মুগ্ধ করা সব আইডিয়া নিয়ে আসেন। কিছুদিন আগে শাহবাগে দেখলাম
একজন সুন্দর একটি ভ্যানগাড়িতে করে বই বিক্রি করছেন। আমি জানি না তিনি কতদূর এগিয়ে যেতে পারবেন। অথচ তাঁকে যদি মার্কেটিংয়ের কিছু সাধারণ নিয়ম কানুন শিখিয়ে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই তিনি এরকম কতগুলো ভ্যানগাড়ি তৈরি করে বিভিন্ন বাস কোম্পানির অফিসের সামনে দাঁড় করিয়ে দিতে পারতেন। আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ বাসে করে ঢাকার বাইরে যান, যাত্রাপথের ক্লান্তি দূর করতে তাঁরা বই কিনবেন; এমনটা আশা করাই যায়। আর এসব ভ্যানগাড়ি তৈরি করতে তাঁর পূঁজি লাগবে, সেই পূঁজি সরবরাহে যদি ব্যাংকগুলোকে রাজি করানো যায়; তাহলেই একটি সফল ব্যবসা দাঁড়িয়ে যেতে সময় লাগবে না।

আর কাজটি করতে হবে মমতা দিয়ে। রাজনৈতিক চাতুর্যে ভরা পদক্ষেপ নিলে লাভ হবে না। আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরে ১৯৯৮ সালে কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাংক খুলেছিল। সেই সময়ের বাকি হালি হালি ব্যাংকের শাখা প্রশাখা দেশের পথেঘাটে চোখে পড়লেও এই ব্যাংকটির কোনো শাখা আমি কোনো রাস্তার ধারে দেখিনি। কর্মসংস্থান ব্যাংক থেকে গত চৌদ্দ বছরে কতজন উদ্যোক্তা বেরিয়ে এসেছেন বা আদৌ কেউ সফল হয়েছেন কি না, সে হিসাব সহজলভ্য নয়। রাজনৈতিক চমক সৃষ্ঠি করা ছাড়া এই ব্যাংক অন্য কোনো উদ্দেশ্য সাধন করতে পেরেছে বলে মনে হয় না। নইলে ঘনবসতির এই দেশের আনাচে কানাচে এই ব্যাংক ছড়িয়ে পড়ার কথা ছিল।

দুঃখের বিষয় আমরা কখনোই তরুনদের জন্য ব্যবসা বান্ধব কিছু করতে পারিনি। সরকারের সব উদ্যম ব্যয় হয় বড় বড় শিল্পপতিদের কথাবার্তা শুনতে আর সে অনুযায়ী কাজ করতে। বইমেলায় লিটিল ম্যাগ চত্ত্বরে প্রতিবছর আমি শত শত তরুণকে ভীড় করতে দেখি। কিন্তু বানিজ্যমেলায় আমি তরুণদের ছোট ছোট উদ্যোগ ও উদ্যমকে হাজির করার কোনো আয়োজন দেখি না। বইমেলায় যেমন তরুণ কবি-সাহিত্যিকরা নিজের প্রথম প্রকাশিত বইটি হাতে নিয়ে দুরু দুরু দাঁড়িয়ে থাকেন, বানিজ্যমেলায়ও তরুণ আবিস্কারক, তরুণ নির্মাতা আর উদ্যোক্তারা তাদের ছোট ছোট কোম্পানির ব্রোশিয়ার নিয়ে অধীর আগ্রহে অপেক্ষমান হবেন, এই স্বপ্ন আমি বহু বছর ধরেই দেখে চলছি।

অর্থমন্ত্রীর উচিত হবে আগামী দিনের তরুণদেরকে উদ্যোক্তা হতে সহায়তার হাত বাড়ানো। শুধু রাজনৈতিক বিবেচনায় নতুন নতুন ব্যাংক অনুমোদন দিলেই রাজনৈতিক ফায়দা হাসিল করা যাবে না, বরং রাজনৈতিক বিবেচনাতেই সবগুলো বানিজ্যিক ব্যাংককে বাধ্য করতে হবে বিনিয়োগের একটি অংশ এসব তরুণদের জন্য বরাদ্দ করতে। স্টার্টআপ ব্যাবসার জন্য কর মওকুফের সুবিধা দিতে হবে। উদ্যোক্তাদের জন্য অবারিত তথ্য ও জ্ঞান ভান্ডার উন্মুক্ত করে দিতে হবে। আগামীর বাংলাদেশে আমরা ঘরে ঘরে চাকুরিজীবি চাই না, বরং ঘরে ঘরে চাকুরিদাতা চাই। তরুণদের চমৎকার চমৎকার আইডিয়াগুলো যাতে সঠিক দিকনির্দেশনা পায়, সেদিকে নজর দিতেই হবে আমাদের। অপার সম্ভাবনার বাংলাদেশের সবটুকু সম্ভাবনাকে যদি ধারণ করতে হয়, তাহলে আমাদের তরুণদেরকে এগিয়ে যাওয়ার পথ করে দিতে হবে। পথ খুব দীর্ঘ নয়, আর সে পথে যাত্রা শুরু করতে প্রথম পদক্ষেপটি এবছরই আমাদের অর্থমন্ত্রী নেবেন, এমন আশাই করছি।

আরিফ জেবতিক : কথাসাহিত্যিক, সাংবাদিক ও ব্লগার।