বাংলাদেশের গুরুত্ব রয়েছে বলেই হিলারি ক্লিনটন ঢাকায় এসেছিলেন…
এই যাত্রায়, অর্থাৎ ২০১২ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের বৈদেশিক মন্ত্রী হিলারি ক্লিনটন চীন, বাংলাদেশ ও ভারত ঘুরে গেলেন। মন্ত্রী হিসেবে বাংলাদেশে তাঁর সরকারী ভ্রমণ এই প্রথম, তবে চীনে ও ভারতে তিনি আগেও গেছেন, আরো যাবেন; বিশ্বশক্তির রদবদলের এই ক্রান্ত্রিকালে ব্রিকসভুক্ত দেশদুটোর সঙ্গে হয়তোবা দৈনন্দিনভিত্তিতেও যোগাযোগ রাখতে হয় তাঁকে। বাংলাদেশ ঘুরে যাওয়ার পরে, বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও, বাংলাদেশের সঙ্গেও যদি তিনি প্রায়শ যোগাযোগের অভ্যাস চালু করেন তো অবাক হ্ওয়ার মতো কিছু হবে না। এই তিন দেশে ভ্রমণকালে বৈদেশিক মন্ত্রী ক্লিনটনের আলাপ আলোচনার এজেন্ডা কী ছিল, তা খুব স্পষ্ট নয়। তবে অনুমান করা যায়, সহজে। কিছু না কিছু গুরুত্বর্পূণ কারণ যুক্তরাষ্ট্রের ছিল। কারণ, ২০১২ সাল পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বর্পূণ বছর, এবং চীন, ভারত ও বাংলাদেশের ভূমিকা কোন না কোনভাবে সর্ম্পকযুক্ত।
চীন হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড়ো ঋণদাতা মহাজন দেশ। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তাখাত, মেডিকেয়ার খাতসহ আরো বেশ কিছু খাত চলছে চীনের ঋণে। তাছাড়াও ফেডারেল রিজার্ভের বা ধনাগারের প্রায় সাত/আট শতাংশের (এক ট্রিলিয়ণ ডলারেরও অধিক, এক ট্রিলিয়ণ = একের পরে বারোটি শূন্য) অংশীদার চীন। এই সুবাদে, নির্ধারিত নীতি অনুযায়ী, এই দুই দেশের শীর্ষস্থানীয়রা বছরে অন্তত একবার করে ওয়াশিংটন-বেজিং করে থাকে। চীন তার লগ্নিকৃত সম্পদের সুব্যবহারের হদিশ করার অধিকার অর্জন করে; আবার এই ধার-দেনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গন্ডগোলের সূচনা হয়। কারণ হয়তো হতে পারে যে ২০০৮-২০০৯ সালে ওবামা প্রশাসন "বাই আমেরিকা" নামক বিশাল দর্শনের অর্থনৈতিক উদ্দীপনা সৃস্টিকারী প্যাকেজ যখন দাখিল করে, তখন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ক্যানাডা ও জাপানের বড়ো বড়ো বাণিজ্য সংস্থাগুলো বেশ উদ্বিগ্ন হয়ে পরে। প্রথমে গন্ডগোল বাধে রেনমিনবি'র মূল্যমান নিয়ে। চীনা নেতারাও পাল্টা দোষারোপ করে যে ফেডারেল রিজার্ভও কৃত্রিমভাবে ডলারের মূল্যমান কমিয়ে রাখছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের উৎপাদনমুখি শিল্পখাত এমন অবস্থায় চলে এসেছে যে চাকুরি সৃস্টির সুযোগও সংকুচিত হয়ে গেছে।
বিশ্বঘটনা প্রবাহের, বিশেষ করে ইউরো-আটলান্টিক (ইউরোপীয় ইউনিয়ণ+যুক্তরাষ্ট্র) আর্থ সংকট ও মন্দার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরণের ত্রাণ প্যাকেজে চীন ও রাশিয়াসমেত বিক্সসভুক্ত দেশগুলোর ভূমিকা বৃদ্ধি পেতে শুরু করে। ধনবলের দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় চীন। কৌশলগত বিশ্বনেতৃত্ব অপরিহরণীয়ভাবে পশ্চিম থেকে পূর্বদিকে সরে আসতে থাকে। ১৯৭১ সালে, আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের প্রথম পত্তন এবং কালক্রমে তা উত্তরোত্তর নিবিড় হতে থাকে, যদিও ইউরো-আটলান্টিক দেশগুলো মাঝেমধ্যে মানবাধিকারের প্রশ্ন তুলে চীনকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করত। কিন্তু একদিন ১৯৮৯ সালের তিয়ানানমেনের খোলা চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভটিও পশ্চিমের মিডিয়াতে তাৎপর্য হারায়। চীন ক্রমশ তার ব্যবসাবাণিজ্যের ক্ষেত্র পশ্চিমের ব্যবসায়ীমহলের জন্য এমনভাবে উন্মুক্ত করে দেয় যে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশের উত্তম আউটসোর্সিংয়ের স্বর্গে পরিণত হয় চীন। দেশান্তরিত শিল্পকারখানাকে পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার অন্যতম প্রধাণ বাধা হল বেতন বা মজুরিভাতার উচ্চমূল্য; তাই চীন যদি মুদ্রার বিনিময় হার বৃদ্ধি করে ও যুক্তরাষ্ট্রে রফতানির পরিমাণ কমিয়ে দেয় তো যেসব দেশে মজুরিভাতা কম, তারা তখন চীনের স্থানটি দখল করে নেবে। ইত্যবসরে ইউরোপীয় ইউনিয়ণের ইউরো জোনের মন্দা বিশ্বব্যাপী ছড়িয়ে পরাতে চীনকে অনুরোধ আবেদন করা হয় আর্থ-দুর্ভোগে সক্রিয় সহায়সাহায্যের। চীন সাড়াও দেয়। এমনতরো অবস্থায় পুরানো আপ্তবাক্যটি, "যে বংশীবাদকের মজুরি দেয়, বাদনের সুরটি তার ইচ্ছামতোই বাজাতে হয়" সত্যি হতে থাকে। বর্তমানে বিশ্ব সঞ্চয়ের সিংহভাগ চীনের দখলে রয়েছে। ফলে, যুক্তরাষ্ট্র ও ইউরোজোনকে সহায় সাহায্যও দিতে পারছে।
২০১২ সালের মে মাসে হিলারি ক্লিনটন চীন, বাংলাদেশ ও ভারত ভ্রমণে বের হওয়ার প্রাক্কালে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা ঘটে। ব্রিকস দিয়ে শুরু করা যাক। এই বছরের মার্চ মাসের শেষের দিকে নয়া দিল্লীতে ব্রিকসের (ব্রিকস = ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা – অর্থনৈতিক সংগঠন) দুইদিনব্যাপী চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সদস্যদেশগুলো সিরিয়া ও ইরান প্রশ্নে একমত প্রকাশ করে। ইরানি তেল কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত "একতরফার" নিষেধাজ্ঞা মানার দায় ব্রিকসের ওপরে বর্তায় না, খোলাখুলিভাবে বলে দেয়। যুক্তরাষ্ট্র ও ইইউ সুইফট (সোসাইটি ফর ইন্টারব্যাঙ্ক ফাইন্যানসিয়াল টেলিকমিউনিকেশন) নামক আন্তর্জাতিক আর্থিক লেনদেন পরিচালন সংস্থা থেকে ইরানকে বের করে একঘরে করে দেয়। ইরানি তেলের সবচেয়ে বড়ো খরিদ্দার চীন ও ভারত; তেলের দাম বাবদ তারা আবার যথাক্রমে রেনমিনবি ও রুপী'র এবং অবস্থা বিশেষে স্বর্ণের মাধ্যমে লেনদেনের কার্যক্রম নেয়। এই অবস্থা সুইফটের বিকল্প ব্যবস্থাতে পরিণত হয়।
ব্রিকস সম্মেলনে, লেনদেনে ও বিনিয়োগে ডলারের বদলে "আর-৫"-কে বিনিময় মুদ্রা হিসেবে পাকাপোক্ত করা হয়। (আর-৫= রুশদের রুল, চীনের রেনমিনবি (আরএমবি), ভারতের রুপী, ব্রাজিলের রিয়াল, ও দক্ষিণ আফ্রিকার র্যান্ড)। ব্রিকস নিজস্ব ব্যাংকও স্থাপন করছে যার অন্যতম প্রধাণ কাজ হবে বিকল্প সঞ্চয় মুদ্রার বাস্তবায়ন; এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে "অবাধ্য" দেশের সম্পদের জমাটকরণ ও বাজেয়াপ্তকরণের প্রাকটিস রোধ করা। বিশ্ব অর্থ তহবিল ও বিশ্বব্যাংককে যথার্থভাবে পরিত্রাণের ভূমিকা নিতে ব্যর্থ দুটি প্রতিষ্ঠাণ বলে ব্রিকস চিহ্নিত করে এবং প্রতিশ্রুতি দেয় যে ব্রিকসের ব্যাংক বিশ্বব্যাংকের ভূমিকা নেবে। চতুর্থ সম্মেলনে ব্রিকস অবশেষে তার কুন্ঠিত আবরণ খুলে ফেলে; বিশ্বায়িত অর্থনৈতিক কর্মকান্ডে ও বিশ্ব রাজনীতিতে একচ্ছত্র আধিপত্যের বদলে বহুমেরুভিত্তিক বিশ্ব বিন্যাসকে আনুষ্ঠানিকভাবে সংস্থাপন করা হয়। ফলে, আন্তর্জাতিক পর্যায়ে, ব্রিকসের কথা না শুনে উপায় নেই।
চীনের প্রসঙ্গে আসা যাক। ২০১২ সালের মে মাসে হিলারি ক্লিনটনের নিয়মিত চীন ভ্রমণের প্রাক্কালে চীনের অন্ধ ভিন্নমতাবলম্বীর গৃহবন্দিত্বকে ফাঁকি দিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া এবং পরে বেজিংস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের আশ্রয়ে থাকার হদিশ ইত্যাদি কে বা কারা ও কেন সংগঠণ করেছিল, জানা না গেলেও দশবছর আগের মতো বিশাল তরঙ্গ তুলতে পারেনি। এবং শেষপর্যন্ত বালসুলভ এই কূটনৈতিক নাটকের শান্তিপূর্ণ অবসান ঘটে। বরং ২০১২ সালে আমরা দুই অসম পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রথম পর্বের সন্ধিক্ষণে রয়েছি: এদের একজন পীড়িত অসুস্থ অস্তগামী, আরেকজন আত্মবিশ্বাসী উদীয়মান। প্রথম চীন ভ্রমণের প্রাক্কালে, ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে হিলারি ক্লিনটন যে ভাষণ দেন তাতে, বিশ্বব্যাপী গুরুতরতম হুমকীর মধ্যে অর্থ সংক্রান্ত অস্থিতিশীলতা ও অর্থনৈতিক স্থানচ্যুতি, সন্ত্রাস ও গণহত্যা, অস্ত্র, খাদ্য নিরাপত্তা ও জরুরী স্বাস্থ্য ব্যবস্থা, শক্তি ও জ্বালানি, জলবায়ুর পরিবর্তন, রাষ্ট্রবিহীন ক্রিমিনাল কার্টেল, মানব শোষণ ইত্যাদিকে অন্তর্ভুক্ত করেন এবং এগুলোর বিরুদ্ধে লড়াইয়ে এশীয় দেশগুলোর সমর্থনেরও পারস্পরিক সাহায্যের ওপরে জোর দেন। উদীয়মান চীনকে তিনি সপত্নী হিসেবে দেখেন না, বরং "পরস্পর পরস্পরের সাফল্যে অবদান রাখতে পারে" বলেন।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সংঘাতময় সম্পর্কে পদার্পণ করে ২০০৯ সালের শেষের দিকে। রাষ্ট্রপতি ওবামার চীন থেকে ফিরে আসার পরে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর চীন থেকে আমদানিকৃত পাইপের ওপরে ১০.৩ থেকে ১৫.৭৮ শতাংশ প্রতি-ভর্তুকি কর আরোপ করে; এটি ছিল চীনের বিরুদ্ধে আরোপিত বৃহত্তম বাণিজ্য নিগ্রহ। ওবামার জি-২ প্ল্যান, যার মূল কথা ছিল: দুইজনের মধ্যে স্ব স্ব প্রভাব এলাকা ভাগ করে নেয়া, তা সফল হয়নি। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বিনিয়োজিত পুঁজির প্রশ্নে চীন যথেস্ট উদ্বেগও প্রকাশ করে। চীনের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিনিয়ম ও মানবাধিকার লংঘণের অভিযোগের পরিমাণ আবার বৃদ্ধি পেতে থাকে; তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রয়ের হুমকিও আসে। প্রতিউত্তরে চীন যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধিদলের নির্ধারিত চীন ভ্রমণ স্থগিত রাখে, অস্ত্র বিক্রেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলে এবং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রয় জড়িত যুক্তরাষ্ট্রের দায়দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ, চীন-যুক্তরাষ্ট্র মতানৈক্য ক্রমশ বৃদ্ধিই পেতে থাকে এবং ইউরো-আটলান্টিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্র সর্বশেষ গুরুত্বপূর্ণ যে দুটো পদক্ষেপ নেয়, তা কেবল চীন বিরোধী নয়, ব্রিকসভুক্ত দেশগুলোর ভূ-রাজনৈতিক স্বার্থের বিপক্ষেও যায়। একটি হল: ২০১১ সালের আপেক (এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা) হাওয়াই ফোরাম; দ্বিতীয়টি, চীনের প্রতি-ভারসাম্য হিসেবে প্রতিবেশি দেশগুলোকে সঙ্গে নিয়ে প্রশান্ত মহাসাগরকে বৃত্তাকারে ঘিরে রাখার প্রয়াস। (এবং অপরদিকে, পূর্ব ইউরোপের মূল ভূ-খন্ডে রাডার সিস্টেম ও প্রতি-ক্ষেপনাস্ত্রের ব্যহূ নির্মাণের প্রস্তুতি)। বিশ্ব আর্থ-শক্তি যতোই পূর্বমুখি সরে যাচ্ছে, তার সঙ্গে তাল রেখে আপেক ২০১১ ফোরামে চীন-বিরোধী প্রচুর রিটোরিকের ধ্বনি উচ্চারিত হয়। "নিয়মবিধি মেনে না খেললে" শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুমকি দেয়া হয় চীনকে। তবে বিশেষজ্ঞদের মতে, চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা থেকে বলা যায় যে চীন প্রথাগত অনুমোদিত রীতিনীতিই অনুসরণ করছে। বর্তমানে চীনের বাৎসরিক উৎপাদন বৃদ্ধির হার নয় শতাংশ, যুক্তরাষ্ট্রের উৎপাদন হার আড়াই শতাংশ, এবং ইইউ'র উৎপাদন হার প্রায় স্থবির অবস্থায় রয়েছে। হতে পারে যে এই পার্থক্য ভেতরে ভেতরে যে মানসিক শ্লাঘা ও কঠোর তিরস্কারের জন্ম দিচ্ছে, তারই বহিঃপ্রকাশ ঘটছে বক্তব্যে ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণে। এশিয়াতে নিজস্ব অবস্থান শক্তিশালী করার জন্য এই ফোরামে ওবামা অস্ট্রেলিয়া, ব্রুনেই, চিলি, মালয়েশিয়া, নিউজীল্যান্ড, পেরু, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও জাপানকে নিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন মুক্ত বাণিজ্য কোয়ালিশন গঠনের কাঠামো সর্ম্পূণ হওয়ার ঘোষণা করেন। চুক্তিটি হয়তো ২০১২ সালে সই হবে ।
ভারতের প্রসঙ্গে আসা যাক। ভারত-যুক্তরাষ্ট সম্পর্কের সূচনা ও বিকাশ ঘটে মূলত কৌশলগত কারণে। উদীয়মান ধনিদেশের তালিকায় ভারতও অন্তর্ভুক্ত; ব্রিকসের অন্যতম সদস্য। ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে চীনের সঙ্গে একমাত্র ভারতেরই ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধজনিত অমীমাংসিত সমস্যা রয়ে গেছে। তবে ব্রিকসের চতুর্থ সম্মেলনে দুই দেশ নিজেদের অভ্যন্তরীন সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেয়। হিলারি ক্লিনটনের ভারত ভ্রমণের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটে, তা হল ভারতের প্রথম সফল আন্তমহাদেশীয় দূরভেধী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। অগ্নি-ঠ নামের এই ক্ষেপনাস্ত্রের পরিসীমা ৫০০০ কিলোমিটার এবং দেড়টনি পারমানবিক-মুখ বহনে সক্ষম। এই শ্রেণির ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং সম্ভবত ইজরাইলের রযেছে। যেহেতু, যুক্তরাষ্ট্রের নতুন সামরিক নীতি সম্পূর্ণভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলমুখি করা হয়েছে, তাই এই ক্ষেপণাস্ত্র ক্লাবে ভারতের সংযুক্তি ব্রিকসের জন্য ইতিবাচক। আবার ক্লাবের বাকি সদস্যদের ক্ষেত্রে ডিটারেন্সেরও কাজ করবে। আরেকটি ওপেন সিক্রেট হল যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এক নম্বর প্রতিদ্বন্দ্বী হল চীন। হিলারি ক্লিনটনের সাম্প্রতিক চীন ভ্রমণের প্রাক্কালে, রুশ-চীন নৌবহর যেমন পীত সাগরে যৌথ অনুশীলনী চালায়; আবার যুক্তরাষ্ট্র-ফিলিপাইন যৌথ অনুশীলনী পরিচালিত হয় চীন কর্তৃক দাবিকৃত দক্ষিণ চীন সাগরে। রুশরা চীনের পক্ষে; ভিয়েতনামসহ দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর বেশ কয়েকটি দেশে উদীয়মান ধনিদেশগুলো তেল ও গ্যাস অনুসন্ধানে সহায় সাহায্য দিচ্ছে। বর্তমানে ভারতের যে সবচেয়ে বড়ো কূটনৈতিক দুর্বলতা রয়েছে, অর্থাৎ, নিকট প্রতিবেশি ছোট ছেট দেশগুলোর সঙ্গে বিদ্যমান বিবাদগুলোর মীমাংসা তাকে দ্রুত করতেই হবে।
চীন ও ভারত ভ্রমণকালে হিলারি ক্লিনটন ইরানি তেল বর্জনের বা কমিয়ে দিতে দেশদুটোকে বাধ্য করার চেস্টা করবেন বলে মিডিয়াতে প্রচুর জল্পনাকল্পনা করা হয়; কিন্তু এই ব্যাপারে ব্রিকসের অবস্থান কী, আমরা জানি। তদুপরি, 'বন্ধুত্বের' খাতিরে ভারতের পক্ষে তেল আমদানি কমিয়ে দেয়ার দুটো সমস্যা রয়েছে: (১) চীনের মতো ভারতও ইরানি শক্তি সেক্টরে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে, ভারতের বেসরকারি তেল শোধনাগারগুলো ইরানি অপরিশোধিত তেলের উপযোগি করে নির্মিত; (২), ভারত আমদানির পরিমাণ কমিয়ে দিলে চীন সঙ্গে সঙ্গে তা দখল করে নেবে। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে আরেকটি ঘটনা। পাকিস্তান তার ভূ-খন্ডের উপর দিয়ে ভারতকে আফগানিস্তানে যেতে অস্বীকৃত হলে, ভারত তখন ওমান উপসাগরস্থিত পূর্ব ইরানের খাবাহার বন্দর ও পশ্চিম আফগানিস্তানের মধ্যে চমৎকার কৌশলগত সংযোগ স্থাপন করে নেয়। ফলে, আফগানিস্তানসহ মধ্য এশিয়া পর্যন্ত ভারত যে অভিজ্ঞতা অর্জন করে, তাতে আফগানিস্তানের ম্যারিটাইম বাণিজ্যের ওপরে পাকিস্তানের একচেটিয়াত্ব খর্ব হয়। এছাড়াও ২০১১ সালের দুটো ঘটনা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রভাব ফেলে: (১) ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে পারমানবিক চুক্তি হওয়ার কথা ছিল, তাতে ভবিষ্যতে সংগঠিত পারমানবিক দুর্ঘটনা ঘটলে, তা থেকে দায়মুক্তি পাওয়ার চেস্টা করে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়; এবং জন্ম নেয় ভারত-রুশ যৌথ পারমানবিক উদ্যোগের। (২) ভারত-রুশ পারমানবিক প্ল্যান্টের (কুন্দনকুলম) বিরুদ্ধে যে এনজিওগুলো (তামিল রাজ্যে) প্রতিবাদ আন্দোলন করে, সেগুলোকে আর্থিক সাহায্য দেয় যুক্তরাষ্ট্রের কয়েকটি এনজিও। প্রধাণমন্ত্রী মনমোহন সিং স্বয়ং একটি ভারতীয় বিজ্ঞান জার্নালে মন্তব্য করে বলেন যে, "পারমানবিক শক্তি প্রোগ্রামকে জটিল করা হয়, কারণ, আমাদের যে বাড়তি শক্তির প্রয়োজন রয়েছে, তারা (এনজিওগুলো-প্রতিবেদক) তার সঠিক মূল্যায়ণ করতে রাজি নয়"। হিলারি ক্লিনটনের জন্য এইবারের ভারত ভ্রমণও খুব সহজ ছিল, বলা যায় না।
সর্বশেষ, বাংলাদেশ প্রসঙ্গ। বিশ্বশক্তির ভারসাম্য রদবদলের এই ক্রান্তিকালে, ভৌগোলিক অবস্থানের দরুণ বাংলাদেশের গুরুত্ব অনেক অনেক গুণ বেড়ে গেছে। বঙ্গোপসাগর থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ার সুবিশাল জলভাগে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (নতুন ডকট্রিন অনুযায়ী) যুক্তরাষ্ট্র তথা ইউরো-আটলান্টিক এলাকা নিজস্ব উপস্থিতি বজায় রাখার প্রচেস্টা করে যাচ্ছে। এর সামরিক ও বাণিজ্যিক গুরুত্ব-দুইই রয়েছে। ইত্যবসরে, মিয়ানমায়ের সঙ্গে আইনসম্মতভাবে সাগরসীমা নির্ধারণের ফলে, বাংলাদেশ ও মিয়ানমায়ের জন্য, একদিকে যেমন শক্তিসম্পদসহ আরো নানাবিধ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী হওয়ার সম্ভাব্যতা খুলে গেছে, তেমনি দুই বৃহত প্রতিবেশি দেশ চীন ও ভারতের সঙ্গে সর্ম্পক দৃঢ় করার লিভারেজও বেড়েছে; তেমনি আরো অনেক অনেক সুযোগসুবিধার পথও খুলে গেছে। বাংলাদেশকে ও মিয়ানমারকে দলে টানার প্রচেস্টা চলাই স্বাভাবিক; তিস্তার জলবন্টন, কি টিপাইমুখ বাঁধের মীমাংসার সুপারিশ কেউ করবে না; সমাধান আমাদেরকেই করতে হবে, কূটনৈতিকভাবে। তবে হিলারি ক্লিনটনের বাংলাদেশ ভ্রমণকালে অমুখ্য খবরকে মুখ্য খবর করে দেয়াতে আমরা আবারো বিভাজনের শিকার হই। পরিকল্পনাটি যারই হোক, সফল হয়। হিলারি ক্লিনটন ঢাকায় এসেছিলেন বলে ঢাকার গুরুত্ব বেড়েছে, ঠিক নয়, ঢাকার অপরিহরণীয় গুরুত্ব রয়েছে বলেই তিনি ঢাকায় এসেছিলেন; নয়তো আসতেন না এবং মিয়ানমারকে দেয়া হচ্ছে মার্কিন দূতাবাস।
বিশ্বশক্তির রদবদলের এই ক্রান্তিকালে, বাংলাদেশ ও মিয়ানমায়ের মতো ছোট্ট দেশগুলোকে কূটনৈতিক দাবাখেলায় অত্যন্ত পারদর্শিতা দেখাতেই হবে। এই ক্রান্তিকালে জাতীয় একতা ও একাত্মতার প্রয়োজনও বেড়েছে প্রচুর; এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি দরকার এটিরই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তাৎপর্যপূর্ণ ভ্রমণকে কেন্দ্র করে সেকেন্ডারি বিষয়গুলো নিয়ে আমরা তর্কবিতর্কে নেমে পরি, জাতীয় স্বার্থ হয়ে পরে সেকেন্ডারি ইস্যু। তবে চিরায়ত রাজনৈতিক ও বাণিজ্যিক আধিপত্যের ঐতিহ্য অনুযায়ী, "টাকাই পৃথিবীকে ঘোরাচ্ছে" চলে আসছে; এই প্রবাদবাক্যটির জন্ম চীনে। বিশ্বশক্তির এই রদবদলের ক্রন্ত্রিকালে, একদিকে ইউরো-আটলান্টিকের প্রধাণ হিসেবে যুক্তরাষ্ট্র তার প্রাধান্য বজায় রাখতে যেমন তৎপর, অন্যদিকে আবার চীন ও ব্রিকসের ক্রম আধিপত্যও ক্রমশ প্রসারিত হচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে যে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি চীনের উপস্থিতি ছাড়া সম্ভব নয়, তবে শক্তির রদবদলের পালা যে সৃস্টি করেছে প্রাথমিক পর্যায়ের মনস্তাত্ত্বিক বাধার, তাও সত্যি। বাংলাদেশকে কূটনৈতিক মুন্সিয়ানা দেখাতে হলে রাজনৈতিক দলগুলোকে দলীয় লাভলোকসানের বিষয়টি অমুখ্য করে, জাতীয় লাভলোকসানকে প্রাধান্য দিতেই হবে। বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ দক্ষিণ ও দক্ষিণপৃর্ব এশিয়ার সবকয়টি ছোট ছোট দেশও ক্রান্তিকালের অংশিদার।
নাদিরা মজুমদার: বিশ্লেষক, লেখক, সাংবাদিক।
