বাজেটে কৃষি অবহেলিত কেন
আমাদের দেশের কৃষক সমাজ শুধু দরিদ্রই নয়, তারা অসহায় এবং মানবেতর জীবন যাপনেও বাধ্য হয়ে আছে । কৃষি কাজ করেন বলেই তারা কৃষক। দেখা গেছে প্রকৃত কৃষকরা ভূমিহীন অথবা সামান্য জমির মালিক। জমির মালিকদের জমিতে কৃষিকাজ করে তারা বর্তমানে দিনমজুর বা ক্ষেতমজুর নামেও পরিচিত। আর জমি যার সে হয় জমিদার। একসময় জমিদারী চাল-চলন ছিল আয়েশী, অমিতব্যায়ী, কৃষক ঠকানো, জোর করে খাজনা আদায়। সাধারণ মানুষেরও জমি থাকে, কিন্তু সেগুলোও চাষ করে ঐ কৃষক। কেননা সে কৃষিকাজ জানে এবং শ্রম দিতে পারে। বর্তমানে জমির মালিকরা তো শহর-রাজধানীতে বসবাস করে, ব্যবসা করে বা চাকরি করে। কৃষকই দায়িত্ব নেয় তার জমি রক্ষণাবেক্ষণ এবং ফসল উৎপাদনের। আর জমির মালিক যদি দায়িত্ব নেয় তাহলে কৃষক তার মজুরি নিয়েই বিদায় হয়। উৎপাদিত ফসলের ওপর তার এক কণাও অধিকার থাকে না। নিজ সন্তানের মত লালিত-পালিত ফসলের গন্ধ নিয়েই তাকে ঘরে ফিরতে হয়। যে মজুরী পায় তাতে তার সংসার চালানো দুষ্কর।
ওদিকে জমির মালিক ফসল বিক্রী করে ধনী থেকে আরও ধনী, স্বচ্ছল থেকে আরও স্বচ্ছল হয়ে বিত্তবানের তালিকাভূক্ত হয়। তখন তার পক্ষে ফ্ল্যাট কেনা, প্লট পাওয়া, শিল্প নির্মাণ, ব্যাংক ঋণ পাওয়া, রাজনীতি করা, সংসদ সদস্য হওয়া কঠিন কিছু নয়। আর আমার কৃষক ভাই সেই রোদে পোড়া জলে ভেজা মানুষটি দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। শ্রমের ন্যায্য মূল্য না পাওয়ায় তাকে নিরন্তর জীবন সংগ্রামে ব্যস্ত থাকতে হয়। দু'বেলার খাদ্য, চিকিৎসা, বাসস্থান মেরামত করতেই তার জীবন ক্ষয় হয়ে যায়।
আমারা জানি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষকের জন্য ঋণ, ভর্তুকি, সার ও কৃষিজাত উপকরণের সহজ প্রাপ্য এবং মূল্যহ্রাস করেছেন। এছাড়া বর্গাচাষীদের জন্য ঋণ এবং সেচ ব্যবস্থাও সরকার শক্তিশালী করেছেন। খোলাবাজারে সার ও কৃষি উপকরণ সরবরাহ বৃদ্ধি করা হয়েছে। বিপুল ফসল হচ্ছে। ফসলের মাঠেই কৃষকের সারাদিন কাটে। জমি আর পড়ে থাকে না। তারপরও কৃষক ন্যায্যমূল্য পায় না কেন? তার কারণ বাজার সিন্ডিকেট বা ব্যবসায়ী সিন্ডিকেট। ফসলের মূল্য নির্ধারণে সরকারী ব্যর্থতাও থাকে। সরকার সময়মত মূল্য নির্ধারণও করে না, আবার ক্রয়ও করে না। এর পেছনে সরকারী লোকজন ও ব্যবসায়ীদের লোলুপ স্বার্থও থাকে জড়িত। কৃষক তো আর সরকারি মূল্য নির্ধারণের জন্য অপেক্ষা করে বসে থাকতে পারে না। ফসল বিক্রি করে তাকে ঋণ পরিশোধ করতে হয় এবং সংসার চালাতে হয়। এইসব সিন্ডিকেটের হাতে কৃষক যেমন জিম্মি, তেমনি ক্রেতা সাধারণও জিম্মি। কৃষক যেমন তার ফসলের ন্যায্য মূল্য পায় না, তেমনি ক্রেতারও প্রতিদিনের মূল্যবৃদ্ধিতে হিমশিম খেতে হয়। সুতরাং পেটে লাথি পড়ছে কৃষক ও সাধারণ মানুষের। ব্যবসায়ী ও সরকারী কর্মচারী সিন্ডিকেটের কারণে আমাদের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে।
আমরা বাজেটে ২০১১-১২ অর্থ বছরে দেখতে পাই কৃষির স্থান ষষ্ঠ। কখনও প্রথম স্থানে তাকে দেখতে পাই না। আগে প্রথম স্থানে ছিল সামরিক বাহিনী, দ্বিতীয় স্থানে শিক্ষা মন্ত্রনালয়। জেনারেল এরশাদ রাষ্ট্রপতি হবার পর সামরিক বাহিনীর বাজেট বরাদ্ধ ও ব্যায় সংক্রান্ত সকল হিসাব আর জাতীয় বাজেটে দেখা যায় না। ধীরে ধীরে প্রথম স্থানে উঠেছে স্থানীয় সরকার বিভাগ।
২০১১-১২ অর্থ বছরের বাজেটে দেখা যাচ্ছে কোটি টাকার হিসাবে বরাদ্দ
১. স্থানীয় সরকার বিভাগের ১০৯০৯ (মোট বাজেটের শতকরা হার ৬.৭),
২. শিক্ষা মন্ত্রণালয়- ১০৮৫০ (মোট বাজেটের শতকরা হার ৬.৬),
৩. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-৮৯৫৬ (মোট বাজেটের শতকরা প্রায় ৫.৫)
৪. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-৮৮৬৯ (মোট বাজেটের ৫.৪),
৫. সড়ক বিভাগ-৭৫৫৩ (মোট বাজেটের শতকরা হার ৪.৬),
৬. কৃষি মন্ত্রণালয় ৭৪০৬ (মোট বাজেটের শতকরা ৪.৫)।
অথচ দেখা গেছে কৃষিতে অর্জন সবচেয়ে বেশি-৬১.৯ ভাগ। স্থানীয় সরকারে ২৪.১ ভাগ, শিক্ষায় ৪৪.৪ ভাগ।
আমরা দেখেছি কৃষির উন্নয়ন ঘটলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বা নিরাপত্তা নিশ্চিত থাকে। বেকারত্বের সংখ্যা কমে এবং দারিদ্রও কমে আসে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষিখাতের উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট সফলতা এনেছে। এ দুটি খাতে যদি বাজেট বরাদ্দ বেশি থাকতো তাহলে আমরা মানুষের কল্যাণ সাধন বা উন্নত জীবন যাপনে আরও সফলতা দেখতে পেতাম। দাতাদেশগুলোর আপত্তি সত্তেও বর্তমান সরকার এদু'টি খাতে ভর্তুকি ও অনুদান দিয়ে যাচ্ছেন। দেশে যে কয়টি খাদ্যগুদাম আছে তাতে মাত্র পনেরো লক্ষ মেট্রিক টন খাদ্য রাখা যায়। খাদ্য নিরাপত্তা ধরে রাখতে হলে আরও খাদ্যগুদাম জরুরি ভিত্তিতে নির্মাণ করা দরকার।
সরকারের এমন অনেক খাত আছে যেখানে অর্থ অপচয় হয় এবং সমন্বয়তার অভাবে ঘুষ দুর্নীতির মাত্রা ছাড়িয়ে যায়। অনেক ক্ষেত্রে যথাযথভাবে বরাদ্দকৃত অর্থ খরচও হয় না। মন্ত্রী ও এমপিরা প্রভাব খাটিয়ে নিজ নিজ এলাকায় প্রতি বছর উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ নিচ্ছেন। ফলে দেখা যায় কোনও কোনও এলাকায় সার্বিক উন্নয়ন ঘটছে আবার কোথাও কোথা্ও অর্থ বরাদ্দ না হওয়ায় রাস্তাঘাট বা অবকাঠামোর উন্নয়ন ঘটছে না। জেলা ও উপজেলা প্রশাসনও কোন ভূমিকা পালন করতে পারে না। শীর্ষ কর্মকর্তারা ঢাকায় বসে শতব্যস্ততার মধ্যে সভার পর সভা করে যান, প্রকল্প নিয়ে বিদেশ সফর করেন, তাদের কাছে প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট মেরামত ইত্যাদি সমস্যা উপলব্ধি করার সময় কোথায়?
আমরা মনে করি, এজন্য একটি জাতীয় মনিটরিং কমিশন গঠন করে সরকারী কর্মকাণ্ড, বাজেট বরাদ্দ ও খরচ তদন্ত করা উচিত। সরকারী অর্থ জনগণের অর্থ। জনগণের শ্রম মেধার বিনিময়ে যে অর্থ সরকার কর ও রাজস্বের মাধ্যমে অর্জন করে, সে অর্থ জনগণের কল্যাণে এবং দেশ ও সমাজের স্বার্থে ব্যায় হওয়া উচিৎ। অনুন্নয়ন খাত, ফালতু বা অহেতুক খরচ, অপচয় বন্ধ করতে হবে। যেখানে কৃষি, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতগুলো অতীব জরুরী সেখানে কীভাবে জনস্বার্থকে উর্ধ্বে স্থান দেয়া যায় সেটা আমাদের ভাবা উচিৎ।
আমরা বিগত দশ-পনেরো বছরের বাজেট দেখলে বুঝতে পারি একটা গৎ বাধা হিসাব নিকাশ। কোথাও বা একটু বাড়ে, কোথাও বা একটু কমে। যেহেতু বাজেট প্রণয়নে আমলারা প্রধান ভূমিকা পালন করে, সেহেতু তারা তাদের স্বার্থের বাইরে বিন্দুমাত্র যেতে চায় না। তাদের সামনে নিজের ভবিষ্যৎ শুধু থাকে। সুতরাং ব্যবসায়ীদের সন্তুষ্ট রাখা এবং রাজনৈতিক সরকারের ভাগ্য নিয়ন্ত্রন তারাই করে থাকে। সংসদে বাজেট উপস্থাপনের সময় কোন কোন বিষয়ের ওপর অতিরিক্ত কর বসিয়ে মূল্য বৃদ্ধি করা এবং বাজেট পাশের সময় আবার কর প্রত্যাহার বা হ্রাস করে ফেলে। এখানে একটা লেনদেন হয়, এতে কারো কারো ভাগ্যোন্নয়ন ঘটে। জনগণও সেই দ্রব্যটির বাড়তি মূল্য দিয়ে চলে। কর প্রত্যাহার বা হ্রাস পেলেও সেই দ্রব্যটির মূল্য কমে না। এই অর্থ খায় কে?
শিল্পপতি ও ব্যবসায়ীদের স্বার্থকে সামনে রেখে বাজেট তৈরি করা মানে বৃহত্তর জনগোষ্ঠির সঙ্গে প্রতারণা করা। শিল্পপতি ও ব্যবসায়ীরা তাদের বিত্ত বাড়াতে যে কোনো অবস্থানে চলে যেতে বিন্দুমাত্র দ্বিধা করে না। তাদের কাছে দেশ ও জনস্বার্থ বড় কথা নয়, বরং শাসকগোষ্ঠী ও আমলাদের তোষামোদ এবং সন্তুষ্ট রাখতে বিন্দুমাত্র পিছপা হয় না। তারা ব্যাংক ঋণ, প্যাকেজ সুবিধা, শিল্পের জন্য প্লট সব পেয়েও দ্রব্যমূল্য চড়া করে। তাদের সন্তানদের বিদেশে পড়াতে এবং নিজেদের আয়েসী জীবনযাপনের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে এদের বিবেকে বাধে না। অথচ আমার ক্ষেতমজুর ও বর্গাচাষীরা যে পশ্চাদপদ জীবনযাপন করে সেখান থেকে বেরুতে পারার উপায় খুঁজে পায় না। এই অমানবিক বৈষম্য আর কতদিন সহ্য করতে হবে?
বেবী মওদুদ : লেখক ও সাংবাদিক।
