২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা দরদি সালেহা বেগম

বেবী মওদুদ

Published : 11 Apr 2012, 10:56 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

আন্তর্জাতিক নারী দিবসের একটি অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলাম। তৃনমূল পর্যায়ে নির্বাচিত নারী প্রতিনিধিরা (বিশেষ করে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের) উপস্থিত ছিলেন। কেউ এসেছেন বরিশাল – পটুয়াখালি – বরগুনা থেকে আবার কেউ এসেছেন রাজশাহী বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে। তাদের চেহারায় রয়েছে সদিচ্ছা-কর্মস্পৃহা এবং একাগ্রতার ছাপ। স্থানীয় সরকারের নির্বাচিত সদস্য হিসেবে তারাও সমাজ ও দেশের উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত। তাদের স্বতঃস্ফূর্ততা দেখে আমার ভালোই লাগে। এরা সবাই উচ্চ শিক্ষিত নন, আবার নাগরিক জীবনের স্পর্শও দেখা যায় না এদের মধ্যে। নিজ নিজ অঞ্চলের ভাষায় টান লক্ষ করা যায় এদের কথাবার্তায়। কাজ করতে গিয়ে চেয়ারম্যান ও পুরুষ সদস্যদের কারো কারো আচরণে এরা ক্ষুব্ধ হন, অপমান বোধ করেন। কাজ করার জন্য ন্যূনতম সহযোগিতা এদের অনেকেই পান না এবং সরকার প্রদত্ত সুযোগ সুবিধা জানেন না বলেই এলাকার মানুষের জন্য কিছু করতে পারেন না। এটাই এদের দু:খ।

এদের দেখে তবু আমার ভালো লাগে। কেননা এরা যথেষ্ট সমাজ সচেতন, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। এদের ক্ষমতা খুব বেশি না থাকলেও মানুষ এদের ভালোবাসে। মহিলারাও আপনজন মনে করে বলে হৃদয় খুলে দুটো কথা বলতে পারে। আমরা আগে দেখেছি, ইউনিয়ন পরিষদে একজন মনোনীত নারী সদস্য থাকতেন। তিনি চেয়ারম্যানের খালা শাশুড়ি বা শ্যালিকা বা ভাবী হতেন। তাকে খুঁজেও পাওয়া যেত না। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও আগ্রহে নারী সদস্যরা নির্বাচিত হবার সুযোগ পেয়েছেন।


এ্যাকশন এইড আয়োজিত এই অনুষ্ঠানে একজন সালেহা বেগমের সঙ্গে পরিচয় হলো। নিজের আঞ্চলিক ভাষায় তিনি তাঁর কর্মকান্ডের বক্তব্য রেখে সবার দৃষ্টি আকর্ষণ শুধু নয় প্রশংসাও অর্জণ করলেন। চর মনতাজের মানুষ সালেহা বেগম। চরের মেয়ে যেখানে জীবনযাপন বড় কঠিন সংগ্রামমুখর। আকাশের সূর্য-চন্দ্র তারার আলোয় জীবনটা আলোকিত তাদের। আধুনিকতার স্পর্শ নেই, বিজ্ঞান-প্রযুক্তির সুবিধাও নেই। এমনই এক চরের মানুষ সালেহা বেগম। পটুয়াখালী জেলার কলাপাড়া থেকে নৌকা, স্পীডবোট চড়ে যেতে হয় সেই প্রত্যন্ত চর মনতাজে।

সত্তুরের ঝড় জলোচ্ছ্বাসের প্রত্যক্ষ সাক্ষী হয়ে আছেন। অল্পবয়সে বিয়ে হয়। কিন্তু ঝড়ে জলোচ্ছাসে ভেসে যায় তার সংসার। স্বামী, চার সন্তান, মা ও ছোট বোনও হারিয়ে যায়। পিতা আবার বিয়ে দেন। এখন তিনি তিন সন্তানের জননী। চরের মানুষই তার আপনজন, এবং আত্মার আত্মীয় স্বজন। এই চরের ছেলেমেয়েদের শিক্ষার বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তিনি নিজেই উদ্যোগ নিয়ে প্রাইমারী স্কুল স্থাপন করেন। ছেলেদের মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া শিখিয়ে নিজের স্কুলে পড়াতে দেন। ছেলের বউরা ঘরে এলে, তাদের দিয়ে স্কুলে পড়াতেন। তাকে দেখে ধীরে ধীরে আরও চারটি স্কুল গড়ে ওঠে। কিন্তু স্কুল গড়ে লেখাপড়া চালু করাটাই তো যথেষ্ট নয়, শিক্ষকদের বেতন, ছাত্র-ছাত্রীদের বইখাতাও লাগে। সরকারি সাহায্য নিতে হলে স্কুলের রেজিস্ট্রেশন জরুরী। কিন্তু থানা ও জেলা অফিসে হাঁটাহাঁটি করেও লাভ হলো না। তারা শতরকম কাগজ চায়, সুবিধা চায়, তদন্ত করার তারিখ দিয়ে তাকে শুধু ঘোরাতে থাকে।

তিনি সোজা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। শিক্ষামন্ত্রী তাকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেবার পরও আমলাতান্ত্রিক জটিলতা আবার তাকে হতাশ করে তোলে, তবে তিনি মোটেও দমে যাননি। আবার তিনি নামলেন। এবার শিক্ষামন্ত্রীর মোবইল ফোন নম্বর সংগ্রহ করে সরাসরি তাঁকে ধরলেন। শিক্ষামন্ত্রীও চিনতে পারলেন সালেহা চাচীকে এবং তাকে কথা দিলেন তিনি নিজে বিষয়টি দেখবেন। এরপর সত্যই একদিন সালেহা বেগমের প্রাইমারি স্কুল রেজিস্ট্রি হয়ে গেল। কিন্তু বাকী চারটি স্কুলের হয়নি। আবার তিনি ছোটাছুটি শুরু করলেন। শিক্ষা অফিসের কর্মকর্তারা স্কুল না দেখা পর্যন্ত রিপোর্ট দিতে রাজী হল না। কেউ আবার বলে উঠলেন, স্কুল দেখে আপনার বাসায় ভাত খেয়ে আসবো। সালেহা বেগম তাতেও রাজী হলেন। তবু যদি স্কুলগুলো রেজিস্ট্রেশন পায়। শিক্ষা অফিসাররা আবারও ধীরগতিতে চললে তিনি পিছু হটলেন না, লেগেই থাকলেন। অবশেষে দয়া করে একদিন স্কুল পরিদর্শন করে সালেহা বেগমের বাসায় খেয়ে এসে রেজিস্ট্রেশন করে দিলেন। সালেহা বেগমের ভাষায় 'আমার কষ্ট সার্থক হলো।' অবাক হয়ে শুনছিলাম সালেহা বেগমের সহজ সরল মুখের শব্দের ভাষার কথাগুলো। কখনও ক্ষোভ, কখনও হতাশা, কখনও প্রত্যাশা- সব মিলিয়ে মনে দাগ কাটার মতো অভিজ্ঞতা। চরে স্কুল প্রতিষ্ঠা করা যাদের দায়িত্ব তারা থাকে হাত-পা গুটিয়ে। আর যারা মানুষের কল্যাণের কথা ভেবে নিজেরা উদ্যোগী হয়ে এগিয়ে আসেন তাদেরও শতরকম হয়রানীর শিকার হতে হবে কেন? এ অবস্থার কী অবসান ঘটবে না?

সালেহা বেগম সম্ভবত রোকেয়ার নাম শুনে থাকবেন, কিন্তু রোকেয়া পাঠ করে আত্মস্থ করার মত জ্ঞান তার হয়নি সত্য, কিন্তু নারীর অধিকার ও ক্ষমতা, শিক্ষার সচেতনতা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা ও সাহসের অধিকারী তিনি। সালেহা বেগম আমাদের গর্ব ।
১৪.৩.২০১২

বেবী মওদুদ
: লেখক ও সাংবাদিক।