ধর্মীয় জঙ্গীবাদ এবং যুদ্ধাপরাধের বিচার
ত্রিশ লক্ষ শহীদ আর লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে যে উদার গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্ম, সে মাটিতে ধর্মীয় জঙ্গীবাদের উদ্ভব হতে পারে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পূর্বে কেউ ভাবতে পারেনি। বিশেষকভাবে ছয় বছর পূর্বে ২০০৫ সালে আত্মঘাতী ধর্মীয় জঙ্গীবাদের ভয়ঙ্কর উত্থানে উদ্বিগ্ন, আতঙ্কিত হয়ে পড়ে সারা দেশের মানুষ। সাম্প্রদায়িকতাকে আশ্রয় করেই মৌলবাদ বেড়ে উঠে। পঁচাত্তর পরবর্তী শাসকগণ অবৈধ ক্ষমতা দখল আরও দৃঢ়করণে মৌলবাদের পৃষ্ঠপোষকতা করেছেন।
বঙ্গবন্ধু হত্যার পর খোন্দকার মোশতাক নামকাওয়াস্তে শাসক হলেও ক্ষমতার মূল চাবিকাঠি ছিল জেনারেল জিয়াউর রহমানের হাতে। অধ্যাপক কবীর চৌধুরী লিখেছেন, "জিয়া ঘটনাচক্রে, বিশেষ পরিস্থিতিতে, মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, কিন্তু তিনি কখনোই মনে প্রাণে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শে আস্থাবান ছিলেন না, বরং তিনি সুস্পষ্টভাবেই ছিলেন মুক্তিযুদ্ধে চেতনার বিরুদ্ধ শক্তি। তাঁর আমলেই মৌলবাদ, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা দ্রুত প্রসার লাভ করে।" জিয়া তাঁর বিশ্বাস থেকেই ধর্মভিত্তিক রাজনীতির অর্গল খুলে দিয়েছিলেন ১৯৭৬ সালে মে মাসে সামরিক ফরমান জারী করে। সঙ্গী-সাথীও পেয়েছিলেন কম না। পাকিস্তানি ভাবনার সামরিক-বেসামরিক আমলা, রাজনীতিবিদ এসে জুটে গেল। অধ্যাপক এমাজউদ্দিন আহমদ এক গবেষণায় উল্লেখ করেছেন যে, ১৯৭৬-১৯৮১ সালের মধ্যে জিয়াউর রহমানের উপদেষ্টা বা মন্ত্রী হিসেবে যারা কাজ করেছেন, তাঁদের মধ্যে ১৩ জন সামরিক কর্মকর্তা, ৮ জন বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, ১৮ জন শিল্পপতি ও ৩১ জন দলছুট রাজনীতিবিদ। এই ৩১ জনের মধ্যে ১৯ জন ছিলেন আবার বাংলাদেশ বিরোধী যেমন শাহ আজিজুর রহমান, বিচারপতি আব্দুস সাত্তার, মওলানা আব্দুল মান্নান, আব্দুল আলীম, শফিউল আজম, তোবারক হোসেন প্রমুখ।
জেনারেল এরশাদও ক্ষমতা দখল করে তাঁর পূর্বসূরীর পথ অনুসরণ করলেন। স্বাধীন বাংলাদেশে তাঁর মত নোংরা আর ন্যাক্কারজনকভাবে রাজনীতিতে ধর্মের ব্যবহার করে নি। এরশাদ বলেন, "ধর্ম হিসাবে ইসলাম থাকবে সকলের শীর্ষে। বাংলাদেশ মুসলমানদের দেশ … এবারের সংগ্রাম দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম। … ভাষা আন্দোলনের স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছিল শহীদ মিনার, কিন্তু আমরা দেখি সেখানে আলপনা আঁকা হয়, এ কাজ ইসলাম বিরোধী, শহীদ বরকত আল্লাহর বান্দা, তার জন্য আলপনা কেন, কোরানখানি হবে। " মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কেউ বলতে পারেন না মুসলমানদের দেশ বাংলাদেশ। কারণ লক্ষ লক্ষ হিন্দু মুসলমান বৌদ্ধ, খ্রিষ্টান মুক্তিযুদ্ধ করেছে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয়। সব চেয়ে বড় ক্ষতি করেছেন সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার মাধ্যমে, যা পরবর্তী কোন সরকারই সংশোধনের উদ্যোগ নেয়নি।
খালেদা জিয়াকেও নির্ভর করতে হয়েছে মৌলবাদী রাজনীতির ওপর। বিশেষভাবে ২০০১ সালে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকার গঠন করে খালেদা জিয়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গীবাদের বিকাশের সুযোগ করে দিলেন। স্বাধীনতা বিরোধী জামায়েতের ঘোষিত অঙ্গ সংগঠনের পাশাপাশি গোপন জঙ্গী সংগঠন আছে। জামায়েতের গোপন জঙ্গী সংগঠনের মধ্যে 'হরকাতুল জেহাদ' 'জামাতুল মুজাহিদীন', 'জাগ্রত মুসলিম জনতা' প্রভৃতি উল্লেখযোগ্য। এ ছাড়া প্রকাশ্য অঙ্গ সংগঠন হলো ছাত্র শিবির, চাষী কল্যাণ সমিতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা সাংস্কৃতিক কেন্দ্র, উচ্চারণ শিল্পী গোষ্ঠী, সাইমুম শিল্পী গোষ্ঠী, ফুলকুড়ির আসর ইত্যাদি। এ সব সংগঠনের মাধ্যমে জামায়াত ইসলামী তার দলীয় মৌলবাদী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
১৯৯৯ সালে ১৮ জানুয়ারি দেশ বরেণ্য কবি শামসুর রহমানকে হত্যা প্রচেষ্টার মধ্য দিয়ে হরকাতুল জেহাদ জঙ্গী তৎপরতার প্রকাশ ঘটায়। "আমরা হব তালেবান, বাংলা হবে আফগান"- এই শ্লোগান দিয়ে জঙ্গী সংগঠনগুলোর মোর্চা ইসলামী ঐক্য জোট ১৯৯৯ সালের মার্চ মাসে জনসভায় ঘোষনা করে যে, কবি শামসুর রাহমান, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও এনজিও নেতা ড. কাজী ফারুক আহমদকে হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে।
বাংলাদেশে ছোট বড় ৮৭টি জঙ্গী মৌলবাদী সংগঠন আছে বলে ধারণা করা হয়। পাকিস্তান বা আফগানিস্তানের তুলনায় বাংলাদেশে জঙ্গী সংগঠনের সংখ্যা অধিক কারণ বাংলাদেশে প্রধান মৌলবাদী দল জামায়াত রাষ্ট্র ক্ষমতার অংশীদার ছিল। ২০০৫ সালের ১৭ আগস্টে সারা দেশে ৫০০ বোমা বিস্ফোরণের জন্য যাদের গ্রেফতার করা হয় তাদের অধিকাংশের আস্তানা থেকে জামায়াতের প্রচুর বই পত্র ও দলিল দস্তাবাজ, জেহাদী বই পাওয়া গেছে। শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই এর জঙ্গী তৎপরতার ভয়ঙ্কর কাহিনী জাতীয় পত্র-পত্রিকার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে।
অর্থ ও অস্ত্র ছাড়া জঙ্গী তৎপরতা সম্ভব না। তাই এটি স্থানীয় বিষয় নয়, শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে অত্যন্ত পরিকল্পিত উপায়ে পরিচালিত হয়। জঙ্গী তৎপরতায় অর্থের প্রধান উৎস মধ্যপ্রাচ্য। এছাড়া ইসলামী এনজিওগুলো পশ্চিমা সাহায্যও পেয়ে থাকে। তবে জামায়াতে ইসলামী নিজস্ব অর্থনৈতিক সংস্থা থেকে বিপুল মুনাফা পেয়ে থাকে। ড. আবুল বারাকাতের পরিসংখ্যান অনুযায়ী মৌলবাদের বার্ষিক নীট মুনাফা আনুমানিক ১২০০ কোটি টাকা। বাংলাদেশে জঙ্গী তৎপরতার সঙ্গে পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরবসহ আন্তর্জাতিক কিছু এনজিও যুক্ত। এর মধ্যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা (আই এস আই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জঙ্গী তৎপরতার সঙ্গে ভারতের উত্তরপূর্বাঞ্চলের নিরাপত্তা ইস্যূ যুক্ত। অন্য দিকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে ইসলামী জঙ্গী বাংলাদেশে আস্তানা গড়লে তা মার্কিন নিরাপত্তা স্বার্থের পরিপন্থি হবার আশঙ্কা আছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় স্বার্থে জঙ্গী দমনের কোন বিকল্প নেই।
জঙ্গীবাদ মৌলবাদের সঙ্গে যুদ্ধপরাধের বিচার ওতপ্রোতভাবে যুক্ত। বাংলাদেশে অপরাধের বিচার হয় না, হত্যাকাণ্ডের বিচার হয় না। এক ধরনের 'ইনডেমনিটি কালচার' চলে এসেছে দীর্ঘ সময়। একাত্তরে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ নানারকম মানবতা বিরোধী অপরাধীদের বিচার না হওয়া – আমাদের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়।
জামায়াতে ইসলামী এবং বিএনপি বলার চেষ্টা করে যে, ১৯৭৩ সালের সাধারণ ক্ষমা ঘোষণার পর স্বাধীনতা বিরোধীদের আর বিচারের সুযোগ নেই। এটা নির্জলা মিথ্যাচার ছাড়া কিছু নয়। ১০ জানুয়ারি, ১৯৭২ সালে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ঘোষণা দেন যে, "যারা দালালী করেছে, আমার শত শত দেশবাসীকে হত্যা করেছে, মা বোনকে বেইজ্জত করেছে, তাদের কি করে ক্ষমা করা যায়? তাদের কোন অবস্থাতেই ক্ষমা করা হবে না। বিচার করে তাদের অবশ্যই শাস্তি দেয়া হবে। "
রাজাকার আল বদর, আলশামসদের বিচারের মুখোমুখি করতে বঙ্গবন্ধু সরকার যথাযথ আইনী উদ্যোগ গ্রহণ করেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১৯৭২ সালের ২৪ জানুয়ারি 'দালাল আইন (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ জারি করেন। এই আইনের আওতায় ৩৭ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিচার কাজও শুরু হয়।
১৯৭৩ সালের ১৭ মে সাধারণ ক্ষমা ঘোষণার পরেও ১১ হাজারের বেশি ব্যক্তি বিভিন্ন কারাগারে আটক ছিল এবং তাদের বিচার কার্যক্রম অব্যাহত ছিল। কিন্তু জেনারেল জিয়া ক্ষমতায় এসে ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল করে দেন।
বিভিন্ন সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবী উঠলে জামায়াত ও তাদের সহযোগীরা বলে যে, বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার পর বিচারের কথা বলে জাতিকে বিভক্ত করা হচ্ছে। কিংবা ১৯৭৩ সালের আইনে বিচার করা যাবে না ইত্যাদি। সংক্ষেপে শুধু এটুকু বলা যায় যুদ্ধাপরাধ থেকে কখনো অব্যাহতি পাওয়া যায় না। যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে সময় কোন ফ্যাক্টর নয়, যে কোন সময়ে বিচার হতে আইনী কোন বাধা নেই। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত বছর পরেও যুদ্ধাপরাধীদের খুঁজে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
২০০৮ সালের নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা উল্লেখ করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নতুন প্রজন্ম জনরায় দিয়েছে বিচারের পক্ষে। যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত গঠনে 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'র ভূমিকা সব চাইতে গুরুত্বপূর্ণ। 'সেক্টর কমান্ডার্স ফোরাম' গঠনের পর এই আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার হয়।
বর্তমান মহাজোট সরকার ২০০৯ সালের ২৯ জানুয়ারি বিচার দ্রুত শুরু করার জন্য সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে। অবশেষে ২০১০ সালে ২৫ মার্চ বহু প্রতীক্ষিত 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল' গঠন করা হয়। শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারকার্য ইতোমধ্যে শুরু হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় গোলাম আযম, নিজামী, মুজাহিদ ও কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
আন্তর্জাতিক আইনের নিয়ম নীতি মেনে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে। যদিও বিচারের গতি নিয়ে সিভিল সমাজের একটা বড় অংশ সন্তুষ্ট নয়। তথাপি বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে- সত্যি হচ্ছে বিশ্বাস হয় না। এই মাটিতে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। বিচারের রায় কার্যকর হ্ওয়াটা বাঙালি জাতির জন্য এক বিরাট অর্জন। যুদ্ধাপরাধীদের বিচার, রাজাকার মুক্ত বাংলাদেশ- বাঙালিকে আরেকটি যুদ্ধ জয়ের গৌরব এনে দেবে ।
মোহাম্মদ সেলিম: অধ্যাপক, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
