চিকিৎসায় নতুন সম্ভাবনা স্টেম সেল থেরাপি
'লিভার ফেইলিউর' আঁতকে ওঠার মতো একটি রোগের নাম। ভাইরাল হেপাটাইটিসের মতো অ্যাকিউট কন্ডিশন কিংবা লিভার সিরোসিসের মতো ক্রনিক ব্যাধি– এ দুই ধরনের রোগের ক্ষেত্রেই রোগীদের লিভার ফেইলিউর দেখা দিতে পারে। আর একবার দেখা দিলে এটি লিভারের সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি হয়ে দাঁড়ায়।
লিভার ফেইলিউরে মৃত্যুর ঝুঁকি অ্যাকিউট ও ক্রনিক লিভার রোগের ক্ষেত্রে একেক রকম, কিন্তু কোনো ক্ষেত্রেই তা বিন্দুমাত্র কম আশঙ্কাজনক নয়। অ্যাকিউট লিভার ফেইলিউরে যেখানে মৃত্যুর ঝুঁকি ৬০ শতাংশ বা তার কাছাকাছি, ক্রনিক ফেইলিউরের ক্ষেত্রেও তা কমবেশি ৫০ শতাংশ।
এখন পর্যন্ত লিভার ফেইলিউরের ধনন্তরি চিকিৎসা 'লিভার ট্রান্সপ্ল্যানটেশন'। তবে নানা কারণেই তা এখনও অনেক জটিল। ট্রান্সপ্ল্যানটেশন করতে হলে আত্মীয়ের মধ্যে একজন ডোনারের প্রয়োজন হয় যা জোগাড় করা সবসময় সম্ভব নয়, বিশেষ করে এটি অ্যাকিউট লিভার ফেইলিউরের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। কারণ এক্ষেত্রে সময় পাওয়া যায় খুবই কম।
বাংলাদেশে এই মুহূর্তে লিভার ট্রান্সপ্ল্যানটেশনের সুবিধা নেই। প্রতিবেশী ভারতেও এই চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল যা আমাদের মধ্যবিত্তের নাগালের বাইরে।
স্টেম সেল থেরাপি এসব ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। শুধু লিভার ফেইলিউরেই নয়, টাকে চুল গজানো থেকে শুরু করে হাঁটুর ব্যথা আর হার্ট ফেইলিউর– এমন অনেক রোগেই এর যথেষ্ট প্রয়োগ রয়েছে। বাংলাদেশে অবশ্য স্টেম সেল থেরাপির কনসেপ্ট একবারেই নতুন, বিশেষ করে লিভার ফেইলিউরের চিকিৎসায় তো বটেই।
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে বাংলাদেশে প্রথমবারের মতো ক্রনিক লিভার ফেইলিউরের চিকিৎসায় সাফল্যের সঙ্গে স্টেম সেল থেরাপি ব্যবহার শুরু হয়েছে। এ ব্যাপারে একই বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সঙ্গে কোলাবোরেশন গড়ে তোলা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একদল তরুণ লিভার বিশেষজ্ঞ এ কাজে যুক্ত আছে। আর পরামর্শ ও টেকনিক্যাল সহায়তা প্রদান করছেন জাপান প্রবাসী বাংলাদেশি লিভার বিশেষজ্ঞ ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর।
উল্লেখ্য, ডা. আকবর ও আমি ইতিপূর্বে যৌথভাবে 'ন্যাসভ্যাক' নামে হেপাটাইটিস বি ভাইরাসের একটি নতুন ওষুধ নিয়ে গবেষণা করি যা এরই মধ্যে কিউবায় রেজিস্ট্রেশন পেয়েছে।
স্টেম সেল নিয়ে ডা. আকবরের রয়েছে জাপানে গবেষণার দীর্ঘ অভিজ্ঞতা এবং বিশ্বের শীর্ষস্থানীয় মেডিকেল জার্নালগুলোয় উল্লেখযোগ্যসংখ্যক প্রকাশনা। আমি ও ডা. আকবর দীর্ঘদিন ধরেই এ বিষয়ে কাজ করছি। কয়েক বছর ধরেই আমরা ক্রনিক ও অ্যাকিউট অন ক্রনিক লিভার ফেইলিউরের রোগীদের 'গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর' (জিসিএসএফ) ইংজেকশনের মাধ্যমে চিকিৎসা করে সাফল্য পাচ্ছি।
জিসিএসএফ এমন একটি ওষুধ যা ব্যবহার করা হলে রক্তে স্টেম সেলের সংখ্যা বহু গুণে বেড়ে যায়। ওই স্টেম সেলগুলোই প্রবাহিত রক্তের মাধ্যমে টার্গেট অর্গানে পৌঁছে এটির রিজেনারেশনে সাহায্য করে। আমরা ক্রনিক লিভার ফেইলিউরে জিসিএসএফ ব্যবহার করে প্রাপ্ত তথ্যউপাত্ত গত বছর জাপানে এশীয় প্রশান্ত মহাসাগরীয় লিভার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে উপস্থাপন করি। অন্যদিকে অ্যাকিউট অন ক্রনিক লিভার ফেইলিউরে আমাদের জিসিএসএফ ব্যবহারের অভিজ্ঞতা বর্তমানে একটি শীর্ষস্থানীয় লিভার জার্নালে প্রকাশের অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য দুটি কাজই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল রিভিউ বোর্ডের অনুমোদন রয়েছে।
জিসিএসএফ ব্যবহার করে লিভার ফেইলিউরের এ ধরনের চিকিৎসা বহুল প্রচলিত না হলেও একেবারে নতুন নয়। নয়াদিল্লির ইন্সটিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সাইন্সেস এবং স্যার গঙ্গারাম হাসপাতালে এভাবে চিকিৎসা করা হয়ে থাকে। সম্প্রতি
'টাইমস অব ইন্ডিয়া'তে এ সম্পর্কে একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে।
তবে এ যাত্রায় আমরা ভারতীয় কলিগদের চেয়ে একধাপ এগিয়ে আছি। কারণ আমরা রক্ত থেকে জিসিএসএফ প্রয়োগের ফলে বেড়ে যাওয়া স্টেম সেলগুলোকে বিশেষ পদ্ধতিতে আলাদা করে নিই, অনেকটা ছেকে নেওয়ার মতো। এরপর আমরা ক্যাথ ল্যাবে এনজিওগ্রামের মাধ্যমে ওই স্টেম সেলগুলো সরাসরি হেপাটিক আর্টারি দিয়ে লিভারে ইংজেক্ট করছি।
উল্লেখ্য, আমরা একই পদ্ধতিতে লিভার ক্যানসার চিকিৎসায় এদেশে প্রথমবারের মতো ট্রান্সআর্টারিয়াল কেমোঅ্যাম্বোলাইজেশন বা টেইস চালু করি যা এই প্রাণঘাতী ক্যানসারের চিকিৎসায় আধুনিকতম পদ্ধতি।
এভাবে স্টেম সেল ছেকে নিয়ে আবারও শরীরে প্রয়োগ করা বা অটোলোগাস ট্রান্সফিউশনের মাধ্যমে হায়দ্রাবাদের এশিয়ান ইন্সটিটিউট অব গ্যাস্ট্রোঅ্যান্টারোলজিতেও স্টেম সেল থেরাপি করা হয়ে থাকে। তবে আমাদের চিকিৎসা পদ্ধতির অভিনবত্ব হচ্ছে যে, আমরা ক্যাথ ল্যাবে এনজিগ্রামের মাধ্যমে সরাসরি লিভারে স্টেম সেল থেরাপি করছি যা পৃথিবীতে এই প্রথম।
স্টেম সেলগুলো আক্রান্ত অর্গান, অর্থাৎ লিভারের যত কাছাকাছি ও সরাসরি প্রয়োগ করা যাবে, তাতে সাফল্যের সম্ভাবনাও ততই বেশি। আর তাই এদেশে লিভার ফেইলিউরের চিকিৎসায় স্টেম সেল থেরাপি শুধু প্রথমবারের মতো চালু করার জন্যই নয়, বরং লিভারে তা প্রয়োগের অভিনবত্বের জন্যও এদেশের এই কৃতী হেপাটোলজিস্টরা প্রশংসার দাবিদার।
পাশাপাশি নতুন এই চিকিৎসা পদ্ধতিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্টার-ডিপার্টমেন্টাল রিসার্চ কোলাবোরেশনেরও একটি উল্লেখযোগ্য উদাহরণ। সীমিত সম্পদ নিয়ে প্রাপ্ত সম্পদের সর্বোচ্চ ব্যবহার কীভাবে অসম্ভবকে সম্ভব করে– এটি তার নিদর্শন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুদা বেগমের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। শুরু থেকেই তিনি এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং তার ডিপার্টমেন্টের সুবিধাদি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। একই ধরনের সহযোগিতা আমরা ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসাদুর রহমানের কাছ থেকেও পেয়েছি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান সরাসরি এই উদ্যোগটি তত্ত্বাবধান করে আসছেন। গবেষণায় উৎসাহী এই উপাচার্যের মেয়াদকালেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাংকিংয়ে একটি সম্মানজনক অবস্থায় উঠে এসেছে এবং এই উপমহাদেশে মেডিকেল গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেসের ঠিক পরেই।
আশা করা যায় বর্তমান উপাচার্যের নেতৃত্বে নতুন নতুন গবেষণায় এই ধরনের পৃষ্ঠপোষকতা বিশ্ববিদ্যালয়কে সামনের দিনগুলোতে আরও মর্যাদার জায়গায় নিয়ে যাবে। পাশাপাশি এ ধরনের রোগীবান্ধব ও বাস্তবধর্মী গবেষণায় আমাদের জনগণও সরাসরি উপকৃত হবে।
বাংলাদেশে বর্তমানে প্রায় তিন কোটি লোক হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি কিংবা ফ্যাটি লিভারের মতো জটিল লিভারের রোগে আক্রান্ত। পাশাপাশি হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই-এর মতো অ্যাকিউট হেপাটাইটিস ভাইরাসগুলোর প্রকোপও এদেশে যথেষ্ট। প্রকাশিত তথ্যউপাত্ত অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় বিশ হাজার লোক লিভার ফেইলিউরে মারা যায়।
আশা করা যায়, এই আশা জাগানিয়া স্টেম সেল থেরাপি ভবিষ্যতে অনেক অসহায় রোগীকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবে।
