চিকিৎসা সেবায় ধর্মঘট আদৌ কাম্য নয়
কেউ কোন কাজ করতে না চাইলে তাকে বাধ্য করা যায় না। স্বাধীন দেশে নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ কারো কাছে কাম্য নয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণ গত সোমবার চেম্বার বন্ধ রেখেছেন, কোনো রোগীর চিকিৎসা করেননি।
এতে কার কী বলবার আছে? বাংলাদেশে সব পেশাজীবীই সাংগঠনিকভাবে বেশ শক্ত অবস্থানে আছেন। তারা নানা বর্ণ, পরিষদ আর এসোসিয়েশনের নামে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেন। রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের মধ্যে মতভেদ থাকলেও স্বার্থের প্রশ্নে দ্বিমতের অবকাশ নেই তাদের। তাই সরকার সমর্থক বা বিরোধী সবার চেম্বারই বন্ধ ছিল।
ঢাকা শহরের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিজেদের এক দিনের বাড়তি আয় থেকে বিরত রাখলেন। অবশ্যই এটা তাদের সাংসারিক জীবনে কোনো প্রভাব ফেলবে না। তবে যে সব গুরুতর রোগী চিকিৎসা সেবার প্রত্যাশায় চেম্বারে উপস্থিত হয়েছিলেন, তারা কিন্তু বিফল হয়ে ফিরে গেছেন। এই রোগীদের প্রতি চিকিৎসকরা কি কোনো দায়িত্ব অনুভব করেন? কোনো চিকিৎসক তাঁর কোনো রাগীর খোঁজ খবর নিয়েছেন? যে রোগী বড় আশা নিয়ে তাঁর অধীনে চিকিৎসাধীন আছেন তিনি আরোগ্য লাভ করবেন–এই আস্থা-নির্ভরতা ভীষণ রকম দুর্বল হয়ে পড়ে, যখন চিকিৎসক রোগীর ভাল-মন্দের বিষয়ে উদাসীন হয়ে পড়েন বা ন্যূনতম আন্তরিকতা বা সহানুভূতি দেখাতে ব্যর্থ হন। এমনি পরিস্থিতিতে রোগীর বা তার স্বজনদের মনে গভীর আস্থাহীনতার জন্ম দিতে পারে। মনে হতে পারে যে রোগীর প্রতি চিকিৎসদের কোনো দায়বদ্ধতা নেই, বরং রোগী হলো অর্থ উপার্জনের যন্ত্র মাত্র। সব চিকিৎসক এমন আচরণ করেন তা নিশ্চয় সত্যি নয়। ব্যতিক্রম অবশ্যই আছে। তবে কথা হলো, ব্যতিক্রম তো ব্যতিক্রমই, ব্যতিক্রম দিয়ে তো নিয়ম প্রতিষ্ঠা সম্ভব নয়।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৯ মে একজন চিকিৎসক নিজ চেম্বারে ইডেন কলেজের একজন ছাত্রীকে যৌন হয়রানি করেন। ছাত্রীর অভিভাবক ধানমন্ডি থানায় এ বিষয়ে মামলা করেছেন। উক্ত চিকিৎসকও তাঁকে অপহরণ ও মারধর করার অভিযোগে মামলা করেছেন। ঠিক আছে, দু' পক্ষই আইনের আশ্রয় নিয়েছেন। অভিযোগ ওঠা মানেই তো অভিযুক্ত নয়। এখন আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হলো যথাযথ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
প্রশ্ন দেখা দেয় যখন একজন চিকিৎসক তাঁর ব্যক্তিগত বিষয়ের সঙ্গে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনকে যুক্ত করে সাধারণ মানুষের বিপরীতে অবস্থান নেন। চেম্বার বন্ধ রাখলেন কেন? কার বিরুদ্ধে এই আন্দোলনের হুমকী? এটা কি এক ধরনের পেশীশক্তির প্রকাশ নয়? কিন্তু এই পেশীশক্তির প্রকাশ ঘটাতে গিয়ে সাধারণ মানুষকে ভোগানো হচ্ছে–এটা কি তারা ভেবেছেন? এটা একটা দিক, অন্য দিকে, তাহলে ইডেন কলেজের ছাত্রীরাও কি তাঁদের সহপাঠির পাশে দাঁড়াবে না? তারা কি রাস্তা অবরোধ করবে? গাড়ি ভাঙচুর করবে? আমরা সাধারণ মানুষ সব সময় ভয়ে ভয়ে থাকি। আশা করি, এমন কিছু ঘটবে না।
আমাদের চিকিৎসক সমাজ আরও দায়িত্বশীল হবেন–এটাই আমাদের প্রত্যশা।
