২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে দেওয়া হোক

মুহম্মদ মাহবুব আলী

Published : 17 Jan 2017, 11:10 AM

Updated : 01 Jul 2022, 05:44 PM

দেশে শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একের পর এক কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রাথমিক পর্যায়ে 'ড্রপ-আউট' প্রায় শূন্যের কোঠায়। মধ্যম আয়ের রাষ্ট্রের স্বীকৃতি পেতে হলে ইকনোমিক ভার্নাবিলিটির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকে।

এদিকে নারীশিক্ষার প্রসারে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অনেক স্কুলে মেয়েশিশুর সংখ্যা ছেলেশিশুর চেয়ে বেশি যা সামাজিক অগ্রগতির নিদর্শন।

সরকারের সবচেয়ে বড় সাফল্য ছিল 'জাতীয় শিক্ষানীতি ২০১০'। একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধিসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে এটির বাস্তবায়ন বিভিন্ন কারণে ধীর লয়ে হচ্ছে; এটি দ্রুতগতিতে হলে ভালো হত। গত আট বছরে সরকার অর্থনীতি, সামাজিক অগ্রগতি, সম্পদের বণ্টনব্যবস্থা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সূচকের ক্ষেত্রে অগ্রগতির জন্য দক্ষিণ এশিয়ার মধ্যে এগিয়ে যাচ্ছে। এখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শনের বাস্তবায়নের ধারাবাহিকতায় এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

বঙ্গবন্ধু যে সর্বজনীন শিক্ষাব্যবস্থা চালু করতে চেয়েছিলেন এবং উন্মুক্ত করেছিলেন, সীমিতসংখ্যক উচ্চশিক্ষা গ্রহণের অর্গল থেকে গত আট বছরে তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায়– সর্বত্র শিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। এটি একটি বিস্ময়কর সাফল্য। যে কোনো সাফল্য ঘটলে তার মূল্যায়নের প্রয়োজন হয়ে পড়ে। আর সেটি দলীয় সমর্থক হলেও নির্মোহ ভঙ্গিতে যদি একজন শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি করেন, তবে সেটি অনেকখানি গ্রহণযোগ্য হয় বলে আমার ধারণা। কেননা, আমি বিশ্বাস করি, যখন কেউ কাজ করেন তখন তাকে বিভিন্ন পর্যায়ে কৌশলী ও ব্যবস্থাপনাগত কারণে বিভিন্ন জনের উপর নির্ভর করতে হয়। এ নির্ভরশীলতা অবশ্যই বাস্তবায়নগত কারণে।

কিন্তু যারা বাস্তবায়ন করবেন তাদের মধ্যে অনেক সময়ে ছদ্মবেশীরা থাকেন যারা গিরগিটির মতো রং বদলান। আসলে নিয়ম হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ বৃহত্তর আদলে জনকল্যাণের রূপরেখা দেবেন সে রূপরেখার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ কাজ করবেন। এখানে সমাজবিজ্ঞানী, চিকিৎসক, বেসরকারি আমলা, প্রশাসনযন্ত্র, মাঠ পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়, সাংবাদিক, আইনজীবী সবাই স্ব স্ব অবস্থানে থেকে কাজ করবেন। মাঝেমধ্যে আমাদের সমস্যা হচ্ছে, "যে যায় লংকায় সে রাবণ হয়।"

ফলে অগ্রগতির ক্ষেত্রেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে যায়। সেগুলো পিডিসিএ-এর আওতায় ঠিক করা জরুরি হয়ে পড়ে, অর্থাৎ Plan-Do-Check-Act– সে জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সুষ্ঠু সুযোগ দেওয়া উচিত। 'জাতীয় শিক্ষানীতি ২০১০' বাস্তবায়ন হলে দেশে একটি একমুখী শিক্ষাব্যবস্থা গড়ে উঠত। অথচ বৈপরীত্যের ঘনঘটা ঘটে অন্যখানে। তখনও হেফাজত দৃশ্যমান হয়নি। হঠাৎ করে পঞ্চম ও অষ্টম উভয় শ্রেণিতে পাবলিক পরীক্ষার আয়োজন করা হল। কিন্তু জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অন্তত পঞ্চম শ্রেণিতে পাবলিক পরীক্ষা হওয়া উচিত ছিল না।

যেহেতু বাংলাদেশ উন্নয়নশীল দেশ সেহেতু প্রাথমিক বিদ্যালয়গুলোর সবগুলোর অবকাঠামো ভালো তা কিন্তু নয়। অনেক প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেগুলোর অবস্থা অবশ্য কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও অনেক মজবুত। তারপরও সরকারি ওই বিদ্যালয়গুলোর মান উন্নত নয়। কেননা কেবল অবকাঠামো থাকলেই হবে না, চাই মানসম্পন্ন শিক্ষক ও অভিভাবকদের সদিচ্ছা। আসলে একশ্রেণির শিক্ষাবিদ যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেন, তাদের ফাঁকি দেওয়ার কারণে অভিভাবকরা ওই সব স্কুলে তাদের ছেলেমেয়েদের পাঠান না। এটি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করতে হলে অবশ্যই প্রাথমিক পর্যায়ে মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে।

পাশাপাশি পত্রিকান্তরে প্রকাশিত কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি বেসরকারি বিদ্যালয়ের ছবি দেখনো হয়েছে। বলা হয়েছে সরকারি বিদ্যালয়ের দরজা বন্ধ থাকে, বেসরকারি বিদ্যালয়ের দরজা নির্দিষ্ট সময়ে খোলা থাকে। বিষয়টি দেখে সরেজমিন কয়েকটি বিদ্যালয় দেখার চেষ্টা করি, যাতে বিদ্যালয়গুলোর সত্যিকার তৃণমূল পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জাতীয় দায়িত্বের নাম করে বিভিন্ন কাজে লাগায়, আসলে জাতীয় দায়িত্ব আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম গড়া বন্ধ রেখে।

যেখানে প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকাদের বেতন, মানমর্যাদা বৃদ্ধির চেষ্টার করছেন,সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং দিচ্ছেন শূন্যপদ পূরণের সব ধরনের ব্যবস্থা নিতে, কিন্তু দুর্ভাগ্যজনক যে, শূন্যপদ পূরণে আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিচ্ছে।

মনে পড়ে একজন সাবেক সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পোস্টিং পাওয়ার পর একটি সেমিনারে দুবছর আগে বলেছিলেন, "আমাদের কী কাজ তার উপর অন্য আরেকটি শিক্ষা মন্ত্রণালয়ের খবরদারির ঠেলায় কোনো কিছু করা সম্ভব হয় না। সরকারি চাকরি করি বলে এ মন্ত্রণালয়ে পদায়ন পেয়েছি। যদি এখানে থাকতে হয় তবে চেষ্টা করব কিছু একটা করার।"

বাস্তবতা হল, তিন মাসের মধ্যেই উনার ভিন্ন মন্ত্রণালয়ে পোস্টিং হয়ে যায়। আর উনার কিছু একটা করা হয়ে উঠেনি। আসলে বাস্তবতা ও ইচ্ছাবোধ অনেক সময় একাকার হয়ে যায়।

আমরা যদি বড় দাগে দেখতে যাই, তবে শিক্ষার চারটি স্তর হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী ও সচিব রয়েছেন। কিন্তু তারা কি যথাযথভাবে ও স্বাধীনভাবে কাজ করতে পারছেন? কেননা ইদানিং প্রাথমিক, যদি ধরে নিই পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা, বিজ্ঞান, অংক, ইংরেজি, ইসলামিয়াতসহ বিভিন্ন বইয়ে যে নামী পণ্ডিতবর্গ যেসব বই রচনা করেছেন– তাদের সঙ্গে একাত্তরের প্রেতাত্মা, পঁচাত্তরের নারকীয় ঘটনার প্রেতাত্মা, কোচিং ব্যবসায়ীদের যোগাসাজশে এমন ধরনের বই তারা রচনা করেছেন– যেখানে আমাদের প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলা বই গুরুচণ্ডালী দোষে দুষ্ট; বানান ভুল এমনকি চিত্রসমূহ যাচ্ছে তাই।

আবার অসম্প্রদায়িকতা আর মুক্তিযুদ্ধ চেতনা ও সর্বোপরি জাতির জনককে অবজ্ঞা করা হয়েছে। ইসলামিয়াত বইতে কিছু কিছু ক্ষেত্রে 'ইচ্ছাকৃতভাবে' ভুল কথা বলা হয়েছে। আর বিজ্ঞান ও অংক বই পুরোপুরি কোচিং ও গৃহশিক্ষক-নির্ভর করা হয়েছে। এ অবস্থা থেকে প্রতিকার করতে অবশ্যই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষার্থীদের উপর বইয়ের বোঝা কমাতে হবে। ছয় বছরের বাচ্চা কী পড়বে আর ১৫ বছরের বাচ্চা কী পড়বে– দুটোর পার্থক্য যখন তথাকথিত সম্মানিত শিক্ষাবিদরা ভুলে যান, তখন সন্দেহ জাগে তারা কি 'স্যাবোটাজ' করছেন? প্রধানমন্ত্রীর আদর্শের প্রতি কি বিশ্বাসঘাতকতা করছেন?

মোশতাক-জিয়া কিন্তু বঙ্গবন্ধুর কাছাকাছি ছিলেন। শিক্ষাবিদদের মধ্যেও নানা মানসিকতার লোক থাকতে পারে। তাদের এভাবে 'ব্ল্যাংক চেক' দেওয়া হল কেন? জাতিকে যখন বিএনপি-জামায়াত ও যুদ্ধাপরাধীদের হাত থেকে শক্তভাবে সামনের দিকে প্রধানমন্ত্রী নিয়ে যাচ্ছেন, তখন কেন বই রচনাকারীরা এহেন অপরাধ করছেন?

এনসিটিবিটি তাদের দায়দায়িত্ব এড়াতে পারে না। তাদের ভাবখানা যেন মহাজনস্বরূপ। দুষ্টু লোক কানাঘুুষা করে। কিন্তু একজন শিক্ষক হিসেবে ওই কানাঘুষায় কর্ণপাত করতে চাই না। উপরের দিকে থুতু ছিটালে যে নিজের গায়েও পড়ে। তবে আশ্চর্যের বিষয় শিক্ষামন্ত্রী মহোদয়ের বেশ কিছু তৎপরতা চোখে পড়লেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তৎপরতা চোখে পড়েনি।

হয়তো আত্মাভিমান হতে পারে কিংবা উনার দায়িত্বের পরিধিটিও অন্য মন্ত্রণালয় গ্রাস উদ্যত হতে পারে। কিন্তু বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে এটি সুস্পষ্ট হয়ে ওঠে যে, শৈশবে সূচনা হয় মানবিক বিকাশ। আর আমাদের প্রাথমিক ও গণশিক্ষাকে কতিপয় যশধারী শিক্ষক স্বীয় স্বার্থে বোঝার পর বোঝা চাপিয়ে দিয়েছে। মধ্যবয়সে এসে বইগুলো পড়তে গিয়ে বারবার শওকত ওসমানের 'ক্রীততাসের হাসি' এর কথা মনে পড়েছে। না?

এসব শিক্ষককে সামাজিক কাঠগড়ায় দুটো কারণে দাঁড় করানো উচিৎ। এক. শিশুদের বিকাশ সাধনে অন্তরায় সৃষ্টি; এবং দুই. প্রধানমন্ত্রীর মহান উদ্দেশ্য কল্যাণ ও সুন্দর শিক্ষাকে ধুলিসাৎ করা।

গ্রন্থগুলো প্রকাশনে যে মন্ত্রণালয়ই আগে কাজ করুক, এখন থেকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে। এ ক্ষেত্রে জোরজবরদস্তি করে নিজের মন্ত্রণালয় ছেড়ে অন্য মন্ত্রণালয়ের কাজে যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে সে জন্য প্রধানমন্ত্রীর কাছে একজন সাধারণ আওয়ামী সমর্থক নাগরিক হিসেবে বিনীত নিবেদন:

জনগণের ট্যাক্সের পয়সায় হোক আর অন্য কোনো দাতাগোষ্ঠীর অনুদানের ভিত্তিতেই বই ছাপা হোক, কিন্তু এভাবে যারা প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন, ভুলেভরা, কোচিংনির্ভর ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছেন বই রচনা ও প্রকাশনার মাধ্যমে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয়। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আঞ্চলিক সাহায্য-সহযোগিতা প্রয়োজন।

ধীরে ধীরে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। পঞ্চম শ্রেণির পাবলিক পরীক্ষা বন্ধ করে কোমলমতি শিশুদের অসহায়ত্বের হাত আর 'গণ-গোল্ডেন জিপিএ'-এর চক্র থেকে বাঁচানো উচিত। শিশুর শিক্ষা হবে আনন্দনির্ভর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যদি প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনা মেনে স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে দেশের শিক্ষা ক্ষেত্রে মান উন্নয়নের যে প্রয়াস সরকার গ্রহণ করেছে তা সঠিকভাবে কাজ করবে।

'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা'র চার নম্বর লক্ষ্যমাত্রা হচ্ছে অন্তর্ভূক্তিমূলক এবং সমতাভিত্তিক গুণগত মানসম্পন্ন শিক্ষা এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষাগ্রহণের সুযোগ। আর এ কাজে যাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পৃক্ত হতে পারে সে জন্য সময় থাকতে তাদের কাজ করার ব্যবস্থা নেওয়া দরকার। ভালো শিক্ষক তৈরির জন্য অনেক প্রয়াস গ্রহণ করেছেন। কিন্তু শিক্ষকতা এমন একটা পেশা যেটা অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত হয়। অবশ্যই 'মানি-সেন্ট্রিক সোসাইটি'-তে অনেকে শিক্ষকতাকে কেবল উপার্জনের মোক্ষম উপায় হিসেবে বিবেচনা করে থাকে। এ ব্যবস্থা বন্ধ হওয়া উচিৎ।

দুটো উদাহরণ দিতে চাচ্ছি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৬১ শিক্ষককে বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। ইনস্টিটিউশানাল কোয়ালিটি ইনসুরেন্স সেলের পরিচালক ও সিনিয়র শিক্ষক হিসেবে তাদের সঙ্গে শিক্ষকতা বিষয়ক দুটো সেশন নিচ্ছিলাম। সঙ্গত কারণে ইন্টার-অ্যাকটিভ প্রশিক্ষণের আওতায় জানতে চাইলাম কয়জন পিএইচডি করবেন? ৬১ জনের মধ্যে সাতজন মাত্র জানালেন যে, তারা পিএইচডি করবেন। এবার আমার ভিমরি খাওয়ার পালা! প্রশ্নোত্তরের মাধ্যমে বেরিয়ে এল সত্য কথা। তারা আসলে অন্য কোনো ভালো পজিশনে না যাওয়া পর্যন্ত কিংবা বিসিএসে চাকরি না পাওয়া পর্যন্ত শিক্ষকতা করতে এসেছেন।

পরবর্তীতে ছাত্রছাত্রীদের কাছে জানতে পারি অনেক শিক্ষক-শিক্ষিকা আছেন যারা কিনা কোর্স শেষ না করেই চাকরি ছেড়ে দেন। শিক্ষকতায় আসতে হলে কমিটমেন্ট থাকতে হবে, পরে আসে অর্থ ও ক্ষমতার ব্যাপারটি। নচেৎ শিক্ষকতাকে যারা স্বল্পকালীন মেয়াদের জন্যে নেন তাদের জন্যে করুণা হয়। এতে সমাজ, দেশ তথা শিক্ষার্থীদের ভীষণ ক্ষতি হয়।

আরেকটি সম্প্রতিক ঘটনা। আমি মানব সম্পদ ব্যবস্থাপনার উপর একটি ক্লাস নিচ্ছিলাম। প্রথম দিন হিসেবে ক্লাসে ২১ জন উপস্থিত ছিল। জিজ্ঞেস করলাম, "বড় হয়ে তোমরা কী হতে চাও?"

২১ জনের মধ্যে ১৭ জন জানাল যে, তারা পুলিশ হবে। খুব খুশির কথা, তারা দেশের মঙ্গল করবে। তবু জিজ্ঞেস করলাম, "কেন পুলিশ হতে চাও?"

মোটামুটি ১৪ জন বলল, পুলিশের অনেক ক্ষমতা। আর তিনজন বলল, ছাত্রীসহ বাবা-মা অনেক টাকা খরচ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। এ টাকা তুলে আনতে হবে।

সমাজের এ যে ভুল ধারণা, তা ভাঙার দায়িত্ব কিন্তু আমার মতো শিক্ষকদের। আর মূল্যবোধ ও নৈতিকতাবোধ কিন্তু প্রাথমিক পর্যায় থেকে গেঁথে দিতে হয়।

এখনও কিন্তু সামজে ভালো মানুষ ও শিক্ষাবিদরা বিদ্যমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো পারে এসব মহৎপ্রাণ ব্যক্তিকে আদর্শ হিসেবে ছাত্রছাত্রীদের নৈতিক মূল্যবোধ গঠনে হাজির করতে।

সরকার সম্প্রতি আরেকটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আলাদা করে। যেহেতু বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে ঢেলে সাজানো দরকার। তাই একজন মন্ত্রীর নেতৃত্বে সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় করা উচিত। তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অবশ্যই ঢেলে সাজাতে হবে। আমাদের অবশ্যই এ শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থী তৈরি, উপযুক্ত শিক্ষক তৈরিসহ হাতেকলমে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

পাশাপাশি মাঠ পর্যায়ে যে দুর্নীতি প্রশিক্ষকরা করছেন তা দূর করতে হবে। একজন শক্ত মন্ত্রীর নেতৃত্বে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণের হার ১০ শতাংশ থেকে আন্তর্জাতিক গড় মান ৪৩ শতাংশের কাছাকাছি উন্নীত করতে পারেন। সমাজে সম্মান বৃদ্ধি করা বাঞ্ছনীয়। নচেৎ অভিভাবকরা কারিগরি শিক্ষায় ছেলে মেয়েদের পাঠাতে উৎসাহী হবেন না। এ জন্য সামাজিক সম্মানবোধ জাগ্রত করতে হবে।

উচ্চশিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে হেকাপে বেশ ভালো কাজ আইকিউসির মাধ্যমে করছে। প্রকল্পটি ২০১৮ সালে শেষ না হয়ে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি, অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত বৃদ্ধি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষ ভূমিকা রাখতে হবে।

পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে আবেদন থাকবে– বিমস্টেকের কার্যপরিধি বিস্তৃত করে শিক্ষাকে অন্তর্ভূক্তকরণ করা এবং বাংলাদেশে একটি বিমস্টেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া। তিনি আজ তাঁর কর্মপরিধি ও দূরদর্শী নেতৃত্বের কারণে 'লিভার' থেকে 'স্টেটম্যান' হয়ে গেছেন। তিনি উদ্যোগ নিলে অসাধু শিক্ষাকবৃন্দ সাবধান হবেন।

এ সমাজে এমন ও অসাধু শিক্ষক আছেন যিনি কয়েক বছর আগে ইউজিসির মেম্বার থাকাকালীন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে মিথ্যে রিপোর্ট দিয়েছেন। সম্প্রতি আবার সেই শিক্ষক নামধারী ব্যক্তি ঢাকার বাইরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। যার নৈতিকতা নেই তার শিক্ষক না হওয়াই ভালো।

বঙ্গবন্ধু 'সোনার বাংলা' গড়তে চেয়েছেন। সহযোগীরা যদি আরেকটু সহযোগিতা করত তবে ইতিহাস অন্যরকম হত। প্রধানমন্ত্রী অবশ্য বঙ্গবন্ধুকন্যা হিসেবে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছেন। শিক্ষাবিদদের মধ্যে যারা আদর্শ স্থানীয় তাদের উৎসাহিত করা দরকার, প্রতিটি পর্যায়ে শিক্ষাবিদদের পুরস্কার প্রদান করা দরকার। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করে বর্তমান বিশ্বে যে কর্মমুখী শিক্ষাব্যবস্থা তার সঙ্গে সংযোগ ঘটাতে হবে।

পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সাবালক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ একমাত্র প্রধানমন্ত্রীই দিতে পারেন।