সবাই যদি দেশকে ভালোবাসতে পারতাম
বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটির বয়স চল্লিশ বছর পূরণ হলো এই ডিসেম্বরে। এ নিয়ে আমার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে এই মুহূর্তে। এই মিশ্র অনুভূতির একটা হচ্ছে এই বাংলাদেশের উন্নতি কতটা হয়েছে এই ক'বছরে–এটা অনেকের কাছেই একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলবো একেবারেই যে উন্নতি হয় নি তা কিন্তু ঠিক নয়। আবার খুব যে উন্নতি হয়েছে এমন আত্মতুষ্টিরও কোন কারণ আমি খুঁজে পাই না। প্রথমেই আমাদের আত্মসমালোচনা করতে হবে।
এ প্রসঙ্গে আমি বলবো, যেমন আমরা আন্দোলন করে, সংগ্রাম করে যে স্বাধীনতা পেলাম তাকে কীভাবে অর্থবহ করতে হবে তা জানা দরকার। বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন যে "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।" আমি মনে করি স্বাধীনতা এবং মুক্তি এক জিনিস নয়। স্বাধীনতা মানে হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, বিদেশী আধিপত্য থেকে মুক্ত হওয়া, পরাধীনতা থেকে মুক্ত হওয়া। দেশ স্বাধীন হলেই যে দেশের মানুষ মুক্ত হবে এটা ঠিক নয়। মুক্তি বলতে আমি বুঝি সকল রকম অনাচার অবিচার থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অন্যায় থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। সেই দিক থেকে আমরা কতটা মুক্ত হয়েছি সেটা ভাবনার বিষয়। যদি মুক্ত না হয়ে থাকি তাহলে কেন হইনি সেটা চিন্তা করতে হবে। নানা রকম সীমাবদ্ধতা, নানা রকম দুর্নীতি, নানান ধরনের সামাজিক সমস্যা রয়েছে। তবে এতে করে অধৈর্য হবারও কোন কারণ নেই।
বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিৎ দারিদ্র থেকে বেরিয়ে আসার উপায়গুলো খুঁজে বের করা। একই সঙ্গে মানসিক দারিদ্র মোচনেরও উপায় বের করতে হবে। আমরা যাতে সভ্য সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই চেষ্টা করতে হবে। আমি মনে করি নিরাশ হওয়ার কারণ নেই।
পৃথিবীর ইতিহাসে বহু দেশ বহু সভ্যতা রাতারাতি মুক্তি ও সমৃদ্ধি পায়নি। আজকে যারা সুসভ্য জাতি হিসেবে পরিচিত তারা স্বাধীন হওয়ার পরও বহুদিন অন্ধকার অশিক্ষা ও দারিদ্রের মধ্য দিয়ে গেছে। তাই বলে আমি এই বিলম্বিত প্রক্রিয়াকে অনুসরণযোগ্য বা আদর্শ বলে মেনে নিচ্ছি না। যা বলতে চাই তা হলো বহু সমস্যার সমাধান রাতারাতি করা সম্ভব নয়।
আপনাদের নিশ্চয়ই মনে পড়বে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই পাহাড়-সমান সমস্যার সম্মুখীন হয়েছিলো। আমাদের শক্রুর অভাব ছিলো না।
শক্রু ছিলো ঘরে বাইরে সর্বত্র। তারা এখনও আছে। তারা পাকিস্তানকে ভাঙতে চায়নি। দেশ স্বাধীন হওয়ার পরপরই তারা ষড়যন্ত্র শুরু করেছিলো। সেই ষড়যন্ত্রের প্রকাশ্য পদক্ষেপ ছিলো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা। তাকে হত্যার পরপরই একটি স্বাধীন রাষ্ট্রকে সামরিকীকরণ করা হলো। যারা এটা করলো তারা ছিলো পাকিস্তানপন্থী। তারা রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে নিজেদের শক্তিকে সুদৃঢ় করার জন্য ধর্মকে ব্যবহার করতে শুরু করলো। এর ফলে, রাজনীতির ইসলামিকরণ হলো।
বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের তিনটা পর্যায় দেখতে পাই আমরা। প্রথমে সামরিকীকরণ, দ্বিতীয়ত ইসলামিকরণ, তৃতীয়ত পাকিস্তানিকরণ। এগুলো পরপর ঘটতে থাকলো। জিয়াউর রহমান ছিলেন এই সবগুলোর হোতা। তিনি মুক্তিযুদ্ধ করেছেন বটে, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরপর তিনি যা করলেন তা ছিলো বাংলাদেশকে পাকিস্তান বানাবার একটি প্রক্রিয়ার সূচনা। যুদ্ধাপরাধীদেরকে তিনি পুনর্বাসিত করলেন। গোলাম আযমসহ যারা মনে প্রাণে পাকিস্তানী ছিলো তাদেরকে তিনি পুনর্বাসিত করেছেন। যেমন শাহ আজিজুর রহমান, এই লোকটি জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে– তাকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিলো তাদেরকে তিনি পুরস্কৃত করলেন। কাউকে কাউকে পররাষ্ট্রমন্ত্রনালয়ে চাকরী দেয়া হলো। এইভাবে তিনি ইতিহাসের নায়ক থেকে খলনায়কে পরিণত হলেন। তারপরে আরও আছে– রাষ্ট্রের মূলনীতি যে-ধর্মনিরপেক্ষতা তাকে উপেক্ষা করে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করা হলো। তার মানে সামরিকীকরণের পরে একে ইসলামিকরণ করা হলো। এরপরে তিনি পাকিস্তানিকরণ শুরু করলেন। বাংলাদেশকে তিনি পাকিস্তানের কাছে ফিরিয়ে দিতে না পারলেও একে তিনি দ্বিতীয় পাকিস্তান বানাবার চেষ্টা করে গেলেন পাকিস্তানপন্থীদের পৃষ্ঠপোষকতা ও পুরস্কৃত করার মাধ্যমে। জিয়া জীবদ্দশায় যে-কাজটা শেষ করতে পারলেন না সেটা এরশাদ এসে পূর্ণতা দিলো অর্থাৎ ইসলামকে রাষ্ট্রধর্ম করলেন তিনি। এইসব কারণে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে বারবার।
দীর্ঘ দু'দশক পরে শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্গঠিত করলেন। কিন্তু বিরুদ্ধ শক্তি যেহেতু প্রবল তাই আওয়ামী লীগকে হিমশিম খেতে হচ্ছে। এই বৈরি পরিবেশ সত্ত্বেও শেখ হাসিনার সরকার কিছু ভালো কাজ করেছে। যেমন গঙ্গার পানিচুক্তি, তারপরে শান্তিচুক্তি। এরপরে খালেদা জিয়া চক্রান্ত করে রাষ্ট্রক্ষমতায় এলেন। তারা এসে বাংলাদেশকে একধাপ পিছিয়ে নিয়ে গেল। বাংলাদেশকে তারা মৌলবাদী রাষ্ট্র বানিয়ে ফেললো।
এরপরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলো। এবার এসে তারা বঙ্গবন্ধু হত্যার বিচারকার্য শুরু করলো। যুদ্ধাপরাধ বিচারকার্যতো এখন চলছেই। সুতরাং অনেক ভালো কাজ তারা করেছে। এদের অসুবিধা হলো এই যে প্রতিক্রিয়াশীল শক্তি এমনভাবে শেকড় চাড়িয়ে বসে আছে যে রাতারাতি তাদেরকে উৎখাত করা সম্ভব হচ্ছে না। কৌশলগত কারণে শেখ হাসিনা অনাকাংখিত কিছু কিছু জিনিস এখনও বাদ দিতে পারেন নি। যেমন রাষ্ট্রধর্ম ইসলাম–এটাকে এখনই বাদ দিতে গেলে আওয়ামী লীগকে ধর্ম-বিরোধিতার অপবাদ দিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে পরাভূত করা হবে।
সুতরাং বাংলাদেশ এই চল্লিশ বছরে নানা রকম ঘাত-প্রতিঘাতের মধ্য উন্নতির দিকে যাচ্ছে এতে আমার কোন সন্দেহ নেই। চল্লিশ বছর একটি জাতির জীবনে দীর্ঘ কোন সময় নয়। তবে আমরা সবাই যদি দেশকে ভালোবাসতে পারতাম তাহলে এই চল্লিশ বছরে আরও এগিয়ে যাওয়া সম্ভব হতো।
সালাহউদ্দীন আহমদ: জাতীয় অধ্যাপক, গবেষক ও প্রাবন্ধিক।
