২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙালি মধ্যচিত্তের হিপোক্রাসি

ফিরোজ আহমেদ

Published : 19 Nov 2011, 12:36 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

"ইংরেজি ব্যবহারের বিরুদ্ধে আপত্তি বহুবিধ।‍"
উহু,বিদেশী ভাষায় শিক্ষা প্রদানের বিরুদ্ধে আপত্তি নিয়ে না, কথা হচ্ছে স্বয়ং উইলিয়াম শেকসপিয়র এর কালে শিক্ষার মাধ্যম কী হবে, সে বিষয়ে স্বয়ং ইংরেজ মুল্লুকে অভিজাতদের বড় একটা অংশের দৃষ্টিভঙ্গি নিয়ে। ইংরেজদের মাতৃভাষা ইংরেজিতে জ্ঞানচর্চার বিরুদ্ধে আপত্তিগুলো খুব চেনা ঠেকবে, মনে হবে একালে বাঙলাতে উচ্চশিক্ষা প্রদানের বিরুদ্ধে যে ধারণাগুলো মধ্যচিত্তের বাঙালি সমাজে আজও চালু আছে, সেগুলোতেই ভাষার নামটা শুধু কেটে ইংরেজি বসান হয়েছে। যেমন:শিক্ষা উচ্ছন্নে যাবে, কেননা ধ্রুপদী ভাষাশিক্ষার জন্য আর প্রণোদনা থাকবে না। ইতর লোকজনের মাঝে শিক্ষার বিস্তার তো বিপজ্জনক। পাণ্ডিত্যপূর্ণ কাজের জন্য ইংরেজি ভাষা অসুবিধাজনক, কারণ এটাতে প্রয়োজনীয় পারিভাষিক শব্দসমূহের ঘাটতি আছে। ইংরজি একটা 'স্থুল' আর 'বর্বর' স্বভাবের ভাষা, নিদারুণ এর প্রকাশের ক্ষমতার অভাব। ভাষাটা অসুবিধাজনক আর অস্থিরমতি, বিপরীতে ধ্রুপদী গ্রিক আর ল্যাতিনে অর্থ সর্বদা 'স্থিরকৃত'। ব্রিটেনের বাইরে এই ভাষা সাধারণভাবে কেউ জানে না, আর লাতিন একটা আন্তর্জাতিক ভাষা।

ইয়স্তাইন গোর্ডার এর সোফির জগত গ্রন্থটির বাংলা অনুবাদের সংহতি সংস্করণের ভূমিকায় অনুবাদক জি এইচ হাবীব বাঙলা ভাষায় অনুবাদ সাহিত্যের দশা নিয়ে তার 'বিলাপে' উদ্দেশ্যমূলকভাবেই পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন চার্লস বার্বার এর 'দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দি এইজ অভ্ শেকসপীয়র' নামের প্রবন্ধটির সাথে। ওপরে উদ্ধৃত অংশটুকু সেখান থেকেই অনুবাদকৃত। কিন্তু দুনিয়া জুড়েই মধ্যচিত্তের একটা বড় বৈশিষ্ট্য হলো ইতিহাসের টুকরাটাকরা অনেক উদাহরণ তারা হাজির করতে পারেন বটে, ইতিহাসের শিক্ষাটা কিন্তু তারা কখনোই ঠিকঠাক মতো গ্রহণে সক্ষম নন। "শেকসপিয়র এর জমানা থেকে টেমসে কত জল গড়িয়েছে, খবর রাখেন মশায়?" যদি কেউ তেড়ে আসে, কী বলবেন তাকে! না, জ্ঞান বিজ্ঞানের কী কী মৌলিক বদল হয়েছে, শব্দ ধরে ধরে মাতৃভাষায় তার প্রতিফলন কতদূর হতে পারে, সে তর্কে ঢুকে পড়ার বদলে তাকে বরং আরেকটা গল্প শুনিয়ে দিন, তুলনামূলকভাবে আমাদের সমকালীন ইতিহাসের।

"আমার দাদা টোকিও বিশ্ববিদ্যালয়ের ১৮৮০ দশকের শুরুর দিককার স্নাতক। তার খেরোখাতা ভর্তি ছিল ইংরেজিতে। আমার পিতা একই বিশ্ববিদ্যালয়ের ১৯২০ এর দশকের স্নাতক, আর তার খেরোখাতার আধাআধি ছিল ইংরেজিতে, বাকি আধখানা জাপানী ভাষায়। এক প্রজন্ম পর আমি যখন স্নাতক হই, আমার সবটা টোকাটুকি হয়েছিল জাপানী ভাষায়। এভাবে… আমাদের নিজেদের ভাষার মাধ্যমে পশ্চিমা সভ্যতাকে পুরোটা আত্মস্থ করতে লেগেছিল তিনটে প্রজন্ম।"
চিনুয়া আচেবে তার "What has Literature Got to do with it?" in Hopes and Impediments গ্রন্থে এভাবেই বর্ণনা করেছেন ওয়াজেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিনিচিরো তোবার এই অসাধারণ সারসংকলনটুকু। কাহিনীটির সন্ধান পেয়েছিলাম আনু মুহাম্মদ সম্পাদিত নতুন পাঠ নামের একটি সাময়িকীর প্রথম সংখ্যায় প্রকাশিত সলিমুল্লাহ খানের একটি প্রবন্ধে।

"খুব তো জাপানি অভিজ্ঞতা ফলাচ্ছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জ্ঞান-বিজ্ঞানের ওপর দিয়ে কত সুনামির ঢেউ আছড়ে পড়েছে, সে খবর রাখেন?" মধ্যচিত্ত যদি হা রে রে রে করে এরপরও তেড়ে আসে, জবাব এ আশায় দেবেন না যে তাতে তার চিত্তের কোন বদল হতে পারে। মধ্যচিত্ত চেনার একটা সহজ তরিকা হল, ইতিহাসের বীরদের সে পুজা করে বটে, তাদের সকলের নামধাম তার মুখস্ত, কিন্তু তার নিজের সময়ে সমাজে কী কী সম্ভাবনার বীজ অঙ্কুরিত হতে পারে, হচ্ছে এবং বহুক্ষেত্রে অগোচরে অচিরেই শুকিয়েও যাচ্ছে, তার খবর রাখার সময় যে তার নাই।

সাধুসঙ্গ
অকাজের আলোচনা বাদ থাক, কাজের প্রসঙ্গে আসি। ক'দিন আগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী সহবিজ্ঞানকর্মীদের প্রতি একটা প্রশ্ন হাজির করেন ফেসবুকে, এবং চিন্তার বিনিময় আর বিস্তারে প্রযুক্তি কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে তার একটা উদাহরণ হয়ে থাকবে কথোপকথনগুলো। ফারসীমের প্রশ্নটাকে নিজের মত করে বাংলা করে নিলে বলা যায়: তো ছেলে-মেয়েরা, বিজ্ঞানকরার সময়ে ভাবনাটা আসে কোন ভাষায়, মাতৃভাষায়, না ইংরেজিতে?

তো এই 'বিজ্ঞানকরিয়ে'দের উত্তরগুলো ছিল বিস্ময়কর। সংখ্যাল্প দু'একজন বাদে বাঙলার পক্ষেই সকলের একবাক্যে উত্তর। এদের কথার মূলসুর এই যে, ইংরেজিতে তাদের পড়তে বাধ্য করা হয় বটে, কিন্তু সেগুলো তারা বাংলাতেই আত্মস্থ করেন; বাংলাতে মনে রাখতে সুবিধা হয়; বিষয়গুলো ইংরেজিতে শেখার পরও দেখতে পান যে বাংলাতেই তারা চিন্তা করছেন; কিংবা… চিন্তার কোন ভাষা নেই, সেটা একটা প্রক্রিয়া মাত্র। কেউ কেউ দীর্ঘ অভ্যাসে ইংরেজি ভাষায় চিন্তা করতে অভ্যস্ত হয়েছেন। অনেকেরই একটা সাধারণ বক্তব্য পরিভাষাগুলো ইংরেজিতেই আসে। যেমন, Tamanna Islam Urmi বলেছেন "আমি term গুলা English এ চিন্তা করি… ফর্মুলা, কন্সট্যান্ট সব ইংলিশেই চোখে ভাসে কিন্তু… এমনি যে theoretical ভাবনা সেটা তো মনে হয় কোন ভাষা ছাড়া… ছবি দেখার মত কল্পনা করি চুম্বক,পড়ন্ত বল, দোলক এর দোলন, DNA এর ভেঙে যাওয়া… মনে মনে নিজেকে কিছু বুঝালে বা প্রশ্ন করলে সেটা মাতৃভাষাতে করি বলেই তো মনে হচ্ছে।"

Shayikh Bony বলেন, "টার্মগুলো ইংরেজিতেই মাথায় আসে, কিন্তু চিন্তাটা বাংলায় হয়। আসলে চিন্তা কী, সবই তো ভিজুয়ালাইজ, করি,ভাষার কথা মাথায় থাকে না তখন। সম্ভবত বাংলিশে ভাবি। স্যার চিন্তার কী ভাষা থাকে? নিজেকে প্রশ্ন করার সময় অবশ্য বাংলা ব্যবহার করি।"

Tanvirul Islam বলেন "মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ততটাই জরুরী যতটা জরুরী সে ভাষায় কাব্য চর্চা। বিজ্ঞান চর্চায় মাতৃভাষার অপরিহার্যতা যারা বোঝেন না, আমি নিশ্চিত, তারা বিজ্ঞানের এই কাব্যময়তার সাথে পরিচিত নন।"
Biswajit Nandi বলেন, "কিছু জাপানি বিজ্ঞান পাঠ্য বই দেখলে উত্তরটা পাবি। তারা নিজের ভাষায় বাক্য লিখে আর কারিগরি শব্দগুলো দুই ভাষাতেই থাকে।"

তো একটা বিষয় অবশ্য দেখা গেলো, বাঙলাভাষী বিজ্ঞানের শিক্ষার্থীদের সুবিপুল একটা অংশই চিন্তার ক্ষেত্রে বাঙলাই ব্যবহার করছেন, কিংবা ভাষাহীন ছবির জগতে চিন্তা করছেন, ইংরেজি পরিভাষা ব্যবহারে তারা মোটামুটি অভ্যস্ত। আর একজন জানিয়েছেন জাপানি টেক্সটবইগুলোতে বাক্যটা থাকে জাপানিতে (মাতৃভাষায়), আর টার্মগুলো থাকে দুই ভাষাতেই। কিন্তু Suhrid Khan আমাদের জানাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ তথ্য "চিন্তা তো বাংলাতেই করতে হয়, কিন্তু scientific terms গুলোতো আমরা বাংলাতে কখনো শিখিই নাই। আমার ল্যাবে কিছু চায়নিজ আছে, ওরা অনেক ইংরেজি terms জানেই না। কিন্তু scientist হিসেবে যথেষ্ট ভালো।"

তার মানে কী দাঁড়ায়? চীনা বহু প্রবাসী বিজ্ঞানীও এমনকি ইংরেজি টার্মটাই জানে না, তাও চীনাজাতি বিজ্ঞান-চিন্তায় সক্ষম! মধ্যচিত্তদের যদি শুধান, চীন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুনঃপ্রবেশ করলো বিজ্ঞানের জগতে, মধ্যচিত্ত হয়তো বলবে, আরে ওটাই তো এন্ড অব হিস্ট্রি, এর পর বাকি সকল ভাষায় জ্ঞানচর্চার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে।

Soumitra Roy Joy একটা দীর্ঘ মূল্যবান প্রশ্ন তুলেছেন এখানে, সংক্ষিপ্তাকারে তাকে উদ্ধৃত করছি: "প্রশ্নটার সোজা উত্তর,নিজের ভাষায় চিন্তা করি। বিজ্ঞান অবিজ্ঞান অপবিজ্ঞান সবক্ষেত্রেই।… বাংলা যে বিজ্ঞান ধারণে অক্ষম, তার কারণ ভাষার দৈন্য নয়, তার কারণ বাংলা ভাষার ইনফ্লেক্সিবিলিটি। অবশ্য সাহিত্যের ক্ষেত্রে বাংলা ভাষা অতি সমৃদ্ধ দাবি করে নিজেরা নিজেরা পিঠ চাপড়াচাপড়ি করা আমাদের একটা জাতিগত আত্মম্ভরিতা।… সর্বজনগ্রাহ্য এবং সর্বজনবোধ্য করার জন্য ইংরেজি ভাষার গা থেকে অ্যারিস্টোক্রেসির চাদর খুলে ফেলে তাকে ইতরিকরণ করা হয়েছে, উল্টোদিকে বাংলা ভাষা স্বেচ্ছানির্বাসন নিয়েছে ড্রয়িংরুমে। ইতরিকরণ জিনিসটা ঠিক কী, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরে চ্যানেলের ভেতর দিয়ে কারেন্ট এক্সাইটেশন এবং কারেন্ট ফ্লো এর ডিরেকশান অনুসারে তিনটি টার্মিনালের নাম দেয়া হল সোর্স, গেইট এবং ড্রেইন, যেন নাম শুনেই এদের পারপাস এবং মাইনরিটি ক্যারিয়ারের প্রকৃতি সম্পর্কে ধারণা করা যায়। দেখুন, ড্রেইনের মত একটা ওঁচা শব্দ সুয়ারেজ সিস্টেমের গণ্ডি ছাড়িয়ে কত অনায়াসে ঠাঁই করে নিয়েছে বিজ্ঞানের সবচেয়ে ডেলিকেট বিষয়ের অভিধানে। ভীষণ রকম মৌলবাদী বাংলা ভাষা প্রেমিকের পক্ষেও কি এখানে 'ড্রেইন'শব্দটাকে 'নর্দমা'দিয়ে প্রতিস্থাপনের চিন্তা করা সম্ভব?… কেজো লোকের ভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহারের আরেকটা বড় বাঁধা হচ্ছে এব্রিভিয়েশন, শব্দসংক্ষেপকরণ। MOSFET শব্দটার কথাই ধরুন। প্রতিটি অক্ষর এখানে একেকটা সিগনিফিকেন্ট অর্থের প্রতিনিধিত্ব করছে। ভেবেই জ্বর এসে যাচ্ছে যে, এই নিয়ম অনুসরণ করতে গেলে শব্দের বাংলা রূপটি কত বিভীষিকা হতে পারে।"

এবং অনতিবিলম্বেই এই প্রসঙ্গে ততোধিক একটা মূল্যবান মন্তব্য করেছেন Dipen Bhattacharya। শুনি তার কথা: একটা দেশের সার্বিক সাক্ষরতা ও কারিগরী সংস্কৃতির ওপর বিজ্ঞানে মাতৃভাষার ব্যবহার নির্ভর করে। thermometer কে তাপমান যন্ত্র বললে আমরা হাসিঠাট্টা করি, অথচ সমগ্র জাতির জন্য যথার্থ শিক্ষাব্যবস্থা যদি থাকত, তাপমান যন্ত্র বলা মাত্রই সেটার বাহ্যিক রূপ বা অন্তর্নিহিত কর্মকাণ্ড ততক্ষণাৎ মনে মস্তিষ্কে যে সমস্ত যোগাযোগ স্থাপন করা দরকার, সেগুলো করত। একটি জাতির কারিগরী সংস্কৃতি উন্নত হলে ট্রানজিস্টরের drainকে নর্দমা না হলেও নির্গম প্রণালী বলা সম্ভব। মুশকিল হচ্ছে ২০/২৫ কোটি লোকের মধ্যে হয়তো একশোটি লোক Field Effect Transistor নিয়ে কাজ করে। স্বাভাবিকভাবেই বাংলা ভাষায় এই বিষয়ে চর্চা করলে হাজার হাজার মানুষ যেভাবে উপকৃত হত, এই ১০০ জন বিশেষ লোকের জন্য তা প্রযোজ্য নয়। আমি অনেক বছর দেশের বাইরে আছি। কিন্তু ব্যক্তিগতভাবে কী ভাষায় চিন্তা করছি সেটা অনেক সময়ই বলতে পারি না। ইংরেজী হলে ইংরেজী, বাংলা হলে বাংলা। এটুকু বলতে পারি এই লেখাটা লিখতে ইংরেজী থেকে মস্তিষ্কে কোন ম্যাপিং হয় নি, বাংলাতেই হয়েছে।"

জ্ঞানের ইতরীকরণ
সুমিত্রা রায় জয় এর প্রধান আপত্তিটার জবাব দীপেন ভট্টাচার্যের বক্তব্যে আছে বলে বিবেচনা করি, কিন্তু তারপরও ভাষার ইতরিকরণে আমরা রাজি কি না, সেটা অত্যাবশ্যকীয় একটা জরুরি প্রশ্ন। বাঙলাকে যদি আমরা রবীন্দ্রচর্চার মাঝে আটকে রাখি, এবং সর্বদা তার মান বাঁচাতে ব্যতিব্যস্ত থাকি, ভাষা গতি হারাবে। প্রকাশের ক্ষমতা লোপ পাবে। কিন্তু ভাষার এই ইতরিকরণ কি কোন ঐচ্ছিক প্রক্রিয়া? কিছু মানুষ সদুদ্দেশ্যে শুরু করলেই হয়ে যাবে? পাঠক, স্মরণে রেখেছেন তো, একদম শুরুর উদ্ধৃতিটাতে ইংরেজিতে শিক্ষা দেয়ার বিরুদ্ধে 'ভদ্রলোক'দের আপত্তি ছিল ইতর লোকজনের মাঝে শিক্ষার বিস্তার বিপজ্জনক!

ভাষার ইতরিকরণ ঘটে কখন? এই প্রশ্নটির জবাবের কোন ইঙ্গিত সুমিত্রার মন্তব্যে নেই। এদেশের উচ্চআদালতে বাঙলা নেই, আমলাতন্ত্রে বাংলা নেই, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় বাঙলা নেই, সামরিক বাহিনীতে বাঙলা নেই, দেশের যারা নীতি নির্ধারক, যারা সংস্কৃতির হর্তাকর্তা, দেশের ওপর যারা লাঠি ঘোরান, বাঙলা ভাষার সাথে তাদের স্বার্থের যোগাযোগ খুবই কম। এদের অর্থ বিত্ত আছে, ইংরেজির সাথে এদের যোগাযোগ হয় আগে থেকেই ছিল কিংবা শেখার সুযোগ আছে। ফলে বাঙলা ভাষায় নতুন কোন পরিভাষা যুক্ত হচ্ছে না রাষ্ট্রের হর্তাকর্তাদের দ্বারা। অন্যদিকে আজ যারা "জীবনের ইতর শ্রেণীর মানুষ তো এরা সব; ছেড়া জুতো পায়ে বাজারের পোকাকাটা জিনিসের কেনাকাটা করে" ; বাঙলা ভাষার জীবন্ত ব্যবহারকারী প্রধানত এই এরাই। গার্মেন্ট শ্রমিকের জীবন যাপন করা একদল উৎপাদক, যারা প্রধনত শ্রমিক, ভোক্তার অধিকার তার নেই। ন্যূনতম কতটুকু খাদ্য আর কত কম পরিসরে কত কম বিনোদনে তাদের বাঁচিয়ে রাখা যায়, সেটাই মালিকদের লক্ষ্য, রাষ্ট্র সেই লক্ষ্যটাকে পাহারা দেয়ার কাজটিই মূলত করবে। বহু প্রজন্ম ধরে তারা যে সংস্কৃতি নির্মাণ করেছেন মাতৃভাষায়, তার বিকাশ ঘটাবার আর প্রয়োজন পড়ে না। কারণ বিত্তেবানদের বিত্তের লক্ষ্যস্থল বিদেশ, সেটাকেই তারা নিজেদের এবং পরবর্তী প্রজন্মেরও নিরাপদ আশ্রয় বিবেচনা করেন। ফলে যে ঢাকাই ছবির বিভিষীকা মধ্যবিত্তকে তাড়িয়ে ফেরে, তাই হয় সমাজের অধিকাংশের একমাত্র বিনোদনের উৎসে। ইতর জনসাধারণের মধ্য থেকে আর ফ্যারাডেরা উঠে আসেন না, আর বিজ্ঞান বাছাই করা শুধুমাত্র সুবিধাপ্রাপ্ত পরিবারগুলোর মাঝে বন্দী হয়, তার সৃজনক্ষমতা প্রায় পুরোটাই বিলুপ্ত হয়।

অথচ যদি এই 'ইতর' জনগণের রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠান ঘটতো, যেমনটা শেষপর্যন্ত ঘটেছে 'উন্নত পুঁজিবাদী' দুনিয়ার সর্বত্র, জ্ঞানেরও সাধারণীকরণ ঘটতো সন্দেহাতীতভাবেই। আর তখন তাদের জীবনের ব্যবহৃত শব্দগুলোই বহু পরিভাষার অভাব মেটাতো। পরিভাষার 'আপন উৎস' দুটো, জনতার ব্যবহার্য জীবনের শব্দগুলোই কখনো বিশেষ অর্থ প্রাপ্ত হয়ে পরিভাষারূপে গণ্য হয়। তাঁতী যদি তার ছেলেকে পদার্থবিজ্ঞান বাংলাতেই পড়াতে পারেন, তার পুত্র বা কণ্যা তার গবেষণায় পদার্থের কোন বিশেষ আচরণ বা বৈশিষ্ট্যকে প্রকাশ করতে চাইলে খুবই সম্ভব মাকু আর টাকু আর তাঁতের উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত বহু শব্দই ব্যবহার করতেন। গবেষণারত চাষীর সন্তানও কৃষি জীবনের অভিজ্ঞতায় পাওয়া শব্দগুলোকেই উচ্চতর মানে প্রদান করে বাংলা পরিভাষা কোষকে সমৃদ্ধ করতো। আবারও স্মরণ করুন চীনাদের অভিজ্ঞতার কথা, মাত্র আমাদের বহু পরে পশ্চিমা বিজ্ঞানের সাথে ঘনিষ্ঠতা তার, অথচ এরি মাঝে নিজ ভাষায় পরিভাষার অভাব মিটিয়েছে অনায়াসে । পরিভাষার দ্বিতীয় সম্ভাব্য উৎস হল সেই ভাষার ঘনিষ্ঠ ভাষাসমূহ, তার সূত্রে পরিচিত আধাচেনা, প্রায়চেনা শব্দগুলো। খেয়াল করলেই দেখবেন হিন্দিতে ব্যবহৃত বহু আটপৌড়ে শব্দ বাংলায় পরিভাষার মর্যাদা পায়, নিশ্চয়ই তাদের ভাষাতেও বিপরীতটা ঘটে থাকে। ফার্সী-সংস্কৃত-আরবী সূত্রে যে গল্প-কাহিনী, ধর্মসমেত অন্যান্য ভাবনা, মহাকাব্যসমূহ জনগণের জীবনের অনেক গভীরে শেকড় প্রথিত করে আছে, পরিভাষার একটা সমৃদ্ধ খনি এরা, শুধু খোঁজার প্রয়োজনটা বাকি। তারপরও, আপন পরিভাষার উৎসগুলো যদি প্রতুল না হয়, অপরের পরিভাষাগুলো ব্যবহার করতে আপত্তি কি! প্রজন্মের ব্যবহারে সেগুলোরও বঙ্গীয়করণ হয় যাবেই। অ্যাডমিরালকে কি আজ আর আমির-উল-বহর বলে চেনা যায়? রেলগাড়ির মাঝেই লুকিয়ে আছে রেল মহাশয়, লৌহপথগামিনীর কত দারুণ বিকল্প।

কিন্তু জ্ঞানের এই সার্বজনীনিকরণ এর জন্য সবার আগে প্রয়োজন জ্ঞানের বিস্তার। মাতৃভাষাতেই। কত বছর আগে সৈয়দ মুজতবা আলী লিখেছিলেন আমাদের পাড়াগেঁয়ে মানুষেরা সাধারণ খবরের কাগজ পড়েই শহরের বাবুদের তর্কে হারিয়ে দেয়, জ্ঞানীগুনি মানুষেরা যদি ইংরেজিতে হদ্দমুদ্দ না করে বাঙলা খবরের কাগজে লিখতেন, তা হলে এই এরাই দিগ্বিজয় করে ফেলতো!

মুজতবা আলী! বিজ্ঞানের কী বোঝেন তিনি, যদি মধ্যচিত্ত প্রশ্ন তোলে? কেননা, ওই সাধুসঙ্গেই একজন কাছাকাছি মতামতই দিয়েছেন। Rahul Reza মন্তব্যকে রোমান হরফ থেকে বাঙলায় আনলে দাঁড়াবে এমন: "ড. আবদুল্লা আল মুতীরা আমাদেরকে ১০০ বছর পেছনের একটা রাস্তা তৈরি শুরু করেছিলো, এখনো সেটা চলছে—!!! এখানে দেখছি সেই স্বপ্ন পূরণের জন্য আরও বুদ্ধিজীবীরা সদর্পে এগিয়ে যাচ্ছেন!!!

তা আবদুল্লা আল মূতীর দোষটা কী? বাংলায় জনপ্রিয় বিজ্ঞানগ্রন্থমালা রচনায় রীতিমত বিপ্লব এনেছিলেন তিনি। এ প্রসঙ্গে ফেসবুকে শেয়ার (কত অনায়াসে বাঙলায় চলে এলো শব্দটা!) করা একটা নোট থেকে আরেকটা উদ্ধৃতি ভাগাভাগি করার লোভ সামলাতে পারছি না, Faham Abdus Salam সেখানে বলেছেন "বাংলায় বিজ্ঞান চর্চা করা সম্ভব যিনি এটি সত্যি সত্যি বিশ্বাস করেন তিনি হয় বাংলা জানেন না নয় বিজ্ঞান বোঝেন না। হ্যাঁ, খুব আধো আধো একটা ধারণা দেয়া সম্ভব, সেটা খুব ভালোভাবেই সম্ভব তবে সেটা বিজ্ঞানের খুব সাধারণ বিষয়ে এবং সে সমস্ত পাঠকের জন্য যারা বিজ্ঞান চর্চা করবেন না, হাল্কা পাতলা জানলেই খুশী। যেটাকে আমরা বিজ্ঞান চর্চা বলি অর্থাৎ বেঞ্চওয়র্ক, পাব্লিকেশান এসব নিয়ে আপনার একটা ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে, সেটা ইংরেজিতেই করতে হবে। শুধু তাই না আমাদের ভাবতেও হবে ইংরেজিতে। এর কোনো বিকল্প নেই। যারা এই সহজ বাস্তবতাটা অনুধাবন করেন না তাদের পিছিয়েই পড়তে হবে ক্রমাগত।"

তো এমন একজন পাঠকের কথা বলা যাক যিনি ঠিক সাধারণ পাঠক ছিলেন না, বিজ্ঞানের হালকা পাতলা না, মোটামুটি গভীরেই যেতে চেয়েছিলেন, পেরেছিলেন কি না তা পাঠকদের বিবেচনা। দক্ষিণ জার্মানীর সংখ্যালঘু ইহুদি সম্প্রদায়ের প্রথা অনুযায়ী বিষ্যুদবার রাতে বাড়িতে খেতে আসতেন দরিদ্র এক চিকিৎসা-বিজ্ঞানের ছাত্র। সাথে নিয়ে আসতেন বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় বইপত্র। সেগুলোর গোগ্রাসী পাঠক ছিলো ১২ বছরের ক্ষুদে এক কিশোর। পরবর্তীতে বিখ্যাত হয়ে তিনি লিখেছিলেন, "এইসব জনপ্রিয় বই পড়ে দ্রুতই আমার এই প্রত্যয় জন্মালো যে বাইবেলের অধিকাংশ গল্পই গাজাখুরি। এর ফলাফল হল মুক্তচিন্তার একটা উন্মাদপ্রায় স্ফূর্তি, আর তার সাথে এই বোধ যে রাষ্ট্র তরুণদের উদ্দেশ্যমূলকভাবেই মিথ্যাচারের মাধ্যমে প্রতারিত করে আসছে। নিজের মাঝে ভাঙচুর হবার মত অনুভূতি ছিল সেটা।"

বারো বছরের সেই বালক পরবর্তীকালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক গ্রন্থের বিরুদ্ধে মধ্যচিত্তদের আনা মোকদ্দমায় আমরা আবদুল্লা আল মূতীর পক্ষে আলবার্ট আইনস্টাইনকেই সাফাই-সাক্ষী হাজির করলাম।

বাঙলায় জ্ঞান চর্চার সঙ্কটটা কি বিজ্ঞানের না আর্থ-সামাজিকতার?
ফাহাম আবদুস সালামের উদ্ধৃতির প্রথম বাক্যটা কিন্তু বাঙালি বিজ্ঞানী সত্যেন বোসের একটা বিখ্যাত উদ্ধৃতিকেই মুচড়ে তার মানেটা উল্টো করে ব্যবহার করা হয়েছে। এখানে তাই আর একটা গুরুতর প্রশ্নও এসে যায়, সত্যেন বোস কি বাঙলা জানতেন না, নাকি বিজ্ঞান জানতেন না? অথবা তিনি দুটোই জানতেন, কিন্তু বাঙলা ভাষার প্রতি ফালতো আবেগ দেখাতে গিয়ে এই ক্ষতিকর ভুল মন্তব্যটি করে বসেছিলেন!

ফাহাম আবদুস সালাম আরও কিছু প্রশ্ন তুলেছেন বিডি নিউজ২৪ এ তার সাম্প্রতিকতম লেখায় এবং পূর্বোক্ত আলাপচারিতায়। কিছু কিছু উদ্ধৃত করি:
১। "সত্যেন বোসের কোন ফিজিক্সের পেপারটা বাংলায় লিখিত হয়েছিলো একটু জানাবেন। …"
২। "একটা ব্যাপার লক্ষ্য করুন;এই মুহূর্তে পৃথিবীর নানা প্রান্তের খ্যাতিমান বাঙালিরা জ্ঞান বিজ্ঞানের নানান শাখায় মৌলিক অবদান রাখছেন, তাদের একজনও কিন্তু, তাদের একজনও তাদের মূল কাজটি বাংলায় লেখেন না। কেন? এমন তো নয় যে তারা ভালো বাংলা জানেন না। তপন রায় চৌধুরীর মতো ভালো বাংলা গদ্য এই মুহূর্তে এ ভাষায় দু'একজনই লিখতে পাড়ে, কিন্তু তিনিও তার কাজের লেখাগুলো ইংরেজিতেই লেখেন।"
৩। "দুটো প্রকাশনার কথা বলা যাক। প্রথমটি শোপেনহাওয়ারের The World as Will and Representation এবং দ্বিতীয়টি কার্ল মার্ক্সের পিএইচডি থিসিস The Difference Between the Democritean and Epicurean Philosophy of Nature. দুটো বইই অনলাইনে পাওয়া যাবে। এই বই দুটোর যে কোনো চারটি পৃষ্ঠা (আপনার পছন্দ মতোন) বেছে নিন এবং তার বাংলা অনুবাদ করার চেষ্টা করুন এবং যে ব্যক্তি এ বই দুটো পড়েছেন তাকে দেখিয়ে বলুন যে আপনার অনুবাদ কোনো 'সেন্স-মেক' করে কি না?। অন্তত আমার কাছে মনে হয়েছে যে রচনাগুলোর বাংলা অনুবাদ এক কথায় অসম্ভব, কেননা চিন্তার এই মাত্রার কমপ্লেক্সিটি বাংলা ভাষায় প্রকাশ করার জন্য যে ঐতিহ্য ও পরম্পরা প্রয়োজন সেটা আমাদের নেই। যে কোনো বিচারে গত দুশ বছরের প্রধানতর রেভোলিউশানারি থিঙ্কারদের মধ্যে কার্ল মার্ক্স, ফ্রিডরিখ নীটশে, চার্লস ডারউইন, সিগমান্ড ফ্রয়েড ও জন মেয়নার্ড কীনস থাকবেন। এটা কোনো কাকতাল না যে এরা ইংরেজি ও জার্মান ভাষায় লিখেছেন, এদের চিন্তাকে ধারণ করার মতোন ভাষাও আমার মনে হয় এ দুটোই ছিলো।"
৪. "অন্য মানুষ তো দূরের কথা, আমি আমার স্ত্রীকে (যিনি একজন লাইফ সাইন্টিস্ট) আমার কাজ বাংলায় বোঝাতে পারি না। এখন থেকে এক শ বছর আগে হয়তো সম্ভব ছিলো কেননা বিজ্ঞান অতোটা Advanced তখনও হয় নি। এখন আর সেটা সম্ভব না। শত চেষ্টা করেও নতুন করে আর পরিভাষা সৃষ্টি করা যাবে না।" "পৃথিবীর বহু দেশের মানুষ Bi-lingual. আমরা Bi-lingual না হলে যে ক্রমাগতই পিছিয়ে পড়বো এটা বুঝতে কি খুব অসুবিধা হয়?"

প্রথম ও দ্বিতীয় উদ্ধৃতিটায় মূল বক্তব্য একই, বাঙলার ক্ষমতা যদি থাকতোই, তবে বাঙলাভাষী এত এত জ্ঞানী গুনী পণ্ডিত কেন অবাঙালী ভাষায় তাদের প্রধান গ্রন্থগুলো প্রকাশ করেন! এবং আমি নিশ্চিত যে তপন রায় বা রণজিৎ গুহর মত পণ্ডিতও মর্মাহত হতেন বাঙলা ভাষার প্রকাশের অক্ষমতা জনিত কারণে বাধ্য হয়ে তারা ইংরেজিতে লিখেছেন, এই প্রস্তাবটা শুনলে। এখানে রচনাটি বাঙলায় না হয়ে ইংরেজিতে হবার কারণটি ভাষাগত না একদমই, বরং তা আর্থ-সামাজিক। এই গবেষণাগুলো পরিচালনা করার মত আর্থিক জোগান যারা দেন, তাদের কারণেই এগুলো ইংরেজিতে প্রকাশিত হয়। সাম্প্রতিক কালের ইতিহাসে সবচে গূরুত্বপূর্ণ সংযোজন এলিমেন্টারি আসপেক্টস অব পিজান্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটি যারা পাঠ করেছেন, নিশ্চিতভাবেই বুঝবেন বইটি ইংরেজিতে না হয়ে বাঙলায় (বা উপমহাদেশীয় আরও কয়েকটি ভাষার কোন একটিতে) প্রকাশিত হলেই বেশি সঙ্গত হত। অভারতীয় বহু পাঠকও ইংরেজিতে রচিত এই গ্রন্থের বহু স্থানের স্বাদ নিতে অক্ষম হবেন, কারণ ভারতীয় "দশা" পরিভাষাটির মত আরও বহু পরিভাষা সেখানে টীকাভাষ্য সহকারে লেখক ব্যবহার করতে বাধ্য হয়েছেন। বরং এটা বলতে হবে আমাদের একটা জাতীয় ট্রাজেডি যে, এমনকি আমাদের নিজস্ব ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, অর্থনীতির প্রায় সকল গূরুত্বপূর্ণ গ্রন্থ বাঙলাভাষায় হয় না। এটা হয় ইংরেজি ভাষায়, এবং সাধারণ পাঠকরা তার খোঁজই পাননা, পরভাষায় দুর্বলতার কারণে তার রসাস্বাদনে ব্যর্থ হন কিংবা আধোআধো উপলদ্ধি করেন। এভাবেই জ্ঞানের 'ইতরিকরণ' ঠেকে যায়, জ্ঞান হয়ে ওঠে বাছাই করা একদল মানুষের সম্পত্তিতে। সুবিধাজনক অবস্থানে থাকা মধ্যচিত্তরা এই কায়েমি দশা টিকিয়ে রাখতে আগ্রহী হবেন।

তৃতীয় আপত্তিটি নিয়ে বলা প্রয়োজন যে, জার্মান বা ইংরেজি ভাষার ঐশ্বরিক কোন গুনাবলীর কল্যাণে এটা ঘটেনি, বরং যে আর্থ-সামাজিক-রাজনৈতিক দশা ঐ ভাষাগুলোর বিকাশ সাধন করেছিল, সেগুলোই ওই গ্রন্থগুলোর জন্মের প্রণোদনা হিসেবে কাজ করেছে। একই জটিল রসায়নের কারণে একটা সময়ে স্প্যানিশ ভাষায় ডন কিহোতে লেখা হয়েছে কিংবা আরেকাটা যুগে ফরাসী ভাষাই প্রায় গোটা পশ্চিমা দুনিয়ার ভাষা ছিল। এদের কোনটির একটি রচনাও বা‍ঙলায় অনুবাদ সম্ভব না বলে বাঙলা এবং ইংরেজি উভয় ভাষায় অভ্যস্ত পাঠকরা ভাবতেই পারবেন না। বটেই, নিটসে জটিল, দুর্বোধ্য, তা তো জার্মান ভাষীর কাছেও! কিন্তু কোন বাংলাভাষী ইংরেজিতে নিটসেকে আয়ত্ত করতে সক্ষম হলে বাংলায় তা বটেই অনেকদূর প্রকাশ করতে পারবেন। কেইনস এর সাথে যারা পরিচিত, তারা বুঝবেন তার উল্লেখ কতটা অপ্রাসঙ্গিক, তার মত সাবলীল, সহজবোধ্য টেক্সট হয় কমই। নিটসের খুবই বিখ্যাত অনুবাদ ষাট দশকেই বাঙলা ভাষায় হয়েছে, মহিউদ্দীন আহমেদ সেটি করেছেন। বরং পাঠকদের উল্টো একটা বিষয়ের সাথে পরিচিত করাই, বহু আগে ইংরেজিতে মার্কসের অনুবাদে প্রিমিটিভ অ্যাকুমুলেশন করার বিরোধিতা করেছিলেন পল সুইজি, তার মতে জার্মান পরিভাষাটির শব্দটার এস্থলে যথাযথ অনুবাদ হবে প্রাইমারি বা অরিজিনাল অ্যাকুমুলেশন। কিন্তু প্রিমিটিভ শব্দটার ব্যবহার যথাযথ না হলেও স্রেফ ব্যবহারজনিত জনপ্রিয়তার কারণেই এই অনুবাদটা যথাযথ অর্থই বহন করছে। ফ্রয়েডের অনুবাদ নিয়েও এমন বিতর্ক হয়েছে। দস্তয়ভস্কির নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড এর ভিনটেজ সংস্করণে পূর্বেকার সংস্করণগুলোর নিন্দা করে একটা শব্দ তালিকা আর ব্যাখ্যাই দেয়া হয়েছে পাঠকদের জন্য। অনুবাদে যা হারায়, সেটা ঐ ভাষার নিজস্বতা, বাস্তব অভিজ্ঞতাভিন্ন বাইরের কারও তাতে অধিকার নেই। কিন্তু রচনার যেটুকু বিশ্বজনীন, অন্য ভাষায় তা সম্প্রচার না করতে পারার কি আছে! কিন্তু জ্ঞানের বিকাশ যা কিছু ঘটুক,যতক্ষণ না তা মানবীয় অভিজ্ঞতার বাইরে অতিমানবিক কোন স্তরে পৌঁছাচ্ছে, কোন ভাষা তাকে প্রকাশ করতে অক্ষম–এটা অসম্ভব। কেবল দরকার তাকে সেই অভিজ্ঞতা প্রদান, প্রস্তুতির সময়টুকু যথাযথভাবে পেলেই তা যথেষ্ট।
আরে, ফকির লালন দেখি আগেই তা বলে রেখেছেন,
"মনেরই ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে;
মনাতীত অধরে চিনতে
ভাষাবাক্যে নাহি পারে।
"
তুরীয় সেই জগতে চিন্তা পৌঁছুতে পারলে অবশ্য আর বাঙলা তা প্রকাশে সক্ষম হবে না, কিন্তু সেই স্তরে তো ইংরেজি-হিব্রু-হটেনটট-জার্মান সব ভাষায়ই অর্থহীন।

মধ্যচিত্ত প্রতিষ্ঠার নিরাপদ রাস্তা দিয়ে হাঁটতে চায়। সুবিধাজনক অবস্থার কল্যাণে প্রাপ্ত ইংরেজিজ্ঞানকে জ্ঞানার্জনের উপায় এবং মানদণ্ড হিসেবে ব্যবহার করা গেলে তাই তার চেয়ে সন্তুষ্ট কেউ থাকে না। অসম্ভব জেনেও তাই গোটা জাতিকে বাইল্যাঙ্গুয়াল করার প্রস্তাবে এত উৎসাহ। এর শত হাজারগুন কম অর্থ দিয়ে কিন্তু উচ্চস্তরের সকল টেক্সট বাংলাতে অনুবাদ করার মহাযজ্ঞ সফলভাবেই শেষ করা সম্ভব। বিজ্ঞান চর্চা নয়, তার একমাত্র বিবেচনা ব্যক্তিগতভাবে পেশাগত সাফল্য অর্জন। বিশ্ববিদল্যায়ের টেক্সটগুলোকে তাই মাতৃভাষায় আয়ত্ত করার প্রস্তাবে তার উৎসাহ সঙ্গতকারণেই কম। কিন্তু বিশ্বসভায় আসন নিতে গেলে, সত্যি সত্যি নতুন চিন্তার জন্ম দিতে গেলে জ্ঞানকে কেবল গোটাকয় মানুষের মাঝে সীমাবদ্ধ রাখলে চলবে না কিছুতেই। আজকে যারা হাতের আঙুলে গুনছেন কীর্তিমান বাঙালির সংখ্যা, তাদের শুধোই মাতৃভাষায় জ্ঞানের বিস্তার ঘটার আগেকার কতজন জার্মান বা বৃটিশ চিন্তাবিদের নাম আপনি বলতে পারবেন?

ফিরোজ আহমেদ : রাজনৈতিক কর্মী, প্রাবন্ধিক ও গবেষক।