২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ মানুষ ছাড়া এই নির্বাচনে আর কেউ বিজয়ী নয়

আরিফ জেবতিক

Published : 31 Oct 2011, 03:38 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

চট্টগ্রামের পর নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেও শোচনীয়ভাবে পরাজিত হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। পরপর দুই মহানগরের নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে আওয়ামী লীগের এই পরাজয়, পাশাপাশি কিছুদিন আগের পৌরসভা নির্বাচনে পরাজয়, একটি উপ নির্বাচনে নিজেদের আসনে পরাজয়, সব মিলিয়ে আওয়ামী লীগের বর্তমান জনপ্রিয়তা নিয়ে জোর গলায় কিছু বলার উপায় থাকল না। দল হিসেবে তাদের উদ্বিগ্ন হয়ে উঠার যথেষ্ট কারণ ঘটেছে এই ফলাফলে।

গতকালের নির্বাচনের পর টিভি টকশোগুলো এবং সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে আওয়ামী লীগ সমর্থকদের কথাবার্তা দেখে মজা পেয়েছি। তারা এখন জোর গলায় বলতে চাইছেন, আসলে নির্বাচনের মধ্য দিয়ে প্রমানিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে এবং সেনা বাহিনী ছাড়াই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সুতরাং আওয়ামী লীগের এখানে জয় হয়েছে। আর বিজয়ী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তো দিনের শেষে আওয়ামী লীগেরই লোক, অতএব আওয়ামী লীগই নির্বাচন বিজয়ী হয়েছে। আমি এসব যুক্তি দেখে বিমোহিত। কিন্তু সত্যকে মেনে নিতে হলে বলতেই হয় নারায়নগঞ্জের নির্বাচন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনেরই ধারাবাহিকতা, কিংবা পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয়েরই সম্প্রসারণ মাত্র।

এই পরাজয়ের জন্য দায়টা সর্বতোভাবেই কেন্দ্রীয় আওয়ামী লীগের। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই হেভিওয়েট প্রার্থীর দুজনেই ছিলেন আওয়ামী লীগের। সুতরাং কেন্দ্রীয়ভাবে কাউকে সমর্থন না দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে আওয়ামী লীগের কোনো ক্ষতি ছিল না। যে-ই বিজয়ী হয়ে আসুন, তাকে বরণ করে নিলেই চলত। এর বাইরে তৈমুর আলম খন্দকারও যদি বিজয়ী হতেন, তখন বলা যেত যে দুই প্রার্থী থাকার কারণে আমরা হেরেছি কিন্তু সুষ্ঠু নির্বাচন করেছি।

কিন্তু আওয়ামী লীগ সেই সহজ পথে হাটে নি। তারা সেলিনা হায়াৎ আইভীর মতো ক্লিন ইমেজের প্রার্থীকে গোনায় না নিয়ে শামীম ওসমানকে সমর্থন দিয়েছে। সেটা যেই সেই সমর্থন না, দলের কেন্দ্রীয় নেতারা দিনের পর দিন শামীম ওসমানের পক্ষে পথে পথে হেটেছেন, ছাত্রলীগ বাসভাড়া করে তাদের কর্মীদেরকে প্রতিদিন নারায়নগঞ্জ পাঠিয়েছে প্রচারণায় অংশ নিতে। কৌশলগত কারণে তারা আইভীকে দল থেকে বহিস্কার করেন নি, এটাই এখন যা তাদেরকে একটু মুখ বাচানোর সুযোগ করে দিচ্ছে। নইলে এটুকুও যেত।

নারায়নগঞ্জ নির্বাচনে শামীম ওসমানকে দলীয় সমর্থন দিয়ে আওয়ামী লীগ দেশব্যাপী এই বার্তাই দিয়েছে যে, সাধারণ মানুষের মাঝে যে ধারণাই থাকুক না কেন, তারা সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত গডফাদারদেরকে তোষণ করার নীতি থেকে সরে আসবে না। আগামীতে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে যদি হাজী সেলিম, ডাক্তার ইকবাল কিংবা মকবুলকে মেয়র পদে তারা মনোনয়ন দেয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে লক্ষীপুরে যেভাবে তাহের বিজয়ী হয়েছেন, হয়তো সজাগ মিডিয়ার কারণে নারায়নগঞ্জে শামীম ওসমান ওভাবে বিজয়ী হওয়ার উপায় পাননি। আশা করেছিলাম মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে আসা এবং দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনে থাকার মধ্য দিয়ে শামীম ওসমান হয়তো সত্যি সত্যিই আত্মোলপোব্ধির জায়গায় এসেছেন। কিন্তু শেষ দিকে তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল, আসলে এরকম আশা শুধু কল্পনাই। 'আমি দৌড় দিলে নারায়নগঞ্জ খালি হয়ে যাবে', অথবা 'আল্লাহর ওয়াস্তে মাপ করে দিচ্ছি, কিন্তু যদি মনে পড়ে যায় তাহলে অসুবিধা আছে কিন্তু' জাতীয় প্রকাশ্য কথাবার্তায়ই বুঝা যাচ্ছিল, তার মধ্যে কোনো পরিবর্তনই আসেনি।

আর আইভীকে নির্বাচিত করে নারায়নগঞ্জের জনগন আওয়ামী লীগকে পাল্টা জানিয়ে দিয়েছে, দিন সত্যিই ধীরে ধীরে বদলাচ্ছে। যেকোনো বড় দলের সমর্থন নিয়ে নির্বাচনে আসলেই মানুষ অন্ধের মতো সব প্রার্থীকে সমর্থণ দিয়ে বসবে না। মানুষ এখন অনেক সচেতন, মিডিয়া এখন অনেক বেশি জনমুখী। মানুষ এখন ভালো প্রার্থীর জন্য উন্মুখ, সেই প্রার্থীকে খুঁজে পেলে মানুষ দলীয় আনুগত্যের ধার ধারে না।
যারা বড় গলায় বলছেন যে এই নির্বাচনের মাধ্যমে প্রমানিত হয়েছে সেনামুক্ত পরিবেশে দলীয় সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচন সম্ভব এবং সেকারণে আওয়ামী লীগের এখানে নৈতিক ও রাজনৈতিক বিজয় হয়েছে, তারা শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। স্থানীয় নির্বাচনে সেনা বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা হয়তো নেই, কিন্তু আওয়ামী লীগ সেনা মোতায়েন নিয়ে শেষ মুহুর্তে যে কাণ্ড করেছে সেটি তাদের পক্ষে যায়নি। বরং দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের জন্য আমরা যে এখনও প্রস্তুত নেই, সেটাই এর মাধ্যমে প্রমানিত হয়েছে। খোদ আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান অভিযোগ করেছেন যে এটি সাজানো নির্বাচন, তিনি আগে বুঝতে পারলে এই নির্বাচনে অংশ নিতেন না। তিনি বলেছেন তার দলের একটি অংশ এবং প্রশাসনের একটি অংশ পক্ষপাতদুষ্ট হয়ে আইভীর পক্ষে কাজ করেছেন। ইভিএম নিয়েও তিনি আপত্তি তুলে বলেছেন, ইভিএম এ ঘড়ি মার্কায় ভোট দিলে সেটি দোয়াত কলমের ভোট হিসেবে যোগ হয়েছে। নিজের দলের হেভি ওয়েট প্রার্থীই যখন তার নিজের দলের বিরুদ্ধে এবং ইভিএমের বিরুদ্ধে অভিযোগ করেন, তখন আওয়ামী লীগ কীভাবে দাবি করতে পারবে যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব? মাঠের বাস্তবতা যা-ই থাকুক, তারা তো নিজের প্রার্থীর আস্থাই অর্জন করতে সক্ষম হয়নি।

নির্বাচন কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে জাতীয় নির্বাচন করার স্বপ্ন তাই আপাতত দিবাস্বপ্ন বলেই মনে হচ্ছে। কারা নির্বাচন কমিশনকে শক্তিশালী করবে, যারা কমিশনের একটি চিঠির জবাব দেয়ারই প্রয়োজন বোধ করে না, তারা? নির্বাচন কমিশনকে যতই শক্তিশালী করা হোক না কেন, সশস্ত্র বাহিনীকে এক সেকেন্ডের জন্যও নির্বাচন কমিশনের কমান্ডে দেয়ার কোনো উপায় নেই। সেক্ষেত্রে তারা সবসময়ই সহায়ক শক্তি হিসেবে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে। এই কাজ করার জন্য সরকারের সমর্থন লাগবে। সেই সমর্থন কোনো দলীয় সরকার কীভাবে দেবে, সেটা নিয়ে বড় সন্দেহ জাগল নারায়নগঞ্জের নির্বাচন থেকেই। জাতীয় নির্বাচনে যে নিজেদের পছন্দমতো আসনে সেনা মোতায়েন বন্ধ থাকবে অথবা সারাদেশেই সেনা মোতায়েন নিয়ে তালবাহানা শুরু হবে না, সেটা আর নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আর সুষ্ঠু নির্বাচনের যে দোহাই দেয়া হচ্ছে, সেটি হালে পানি পায় না। খেলা হয়েছে অনেকটাই ফ্রেন্ডলি গেম, বিএনপি প্রথম থেকেই তাদের প্রার্থীকে প্রত্যাহার করবে কী না সেটা নিয়ে দ্বিধায় ছিল। তৈমুর আলম খন্দকারকে বারবার বলতে হয়েছে যে প্রাণ থাকতে তিনি নির্বাচন থেকে সরে দাড়াবেন না। কিন্তু সেই দ্বিধা না কাটায় তিনি প্রতিদ্বন্দ্বিতায় তেমন সুবিধা করতে পারছিলেন না। শামীম জিতলে তো আওয়ামী লীগ জিতলই, আর আইভী জিতলেও তো বিএনপি জিততে পারছে না, এই হিসাব নিকাশ থেকে নারায়নগঞ্জ নির্বাচনে যে বড় ধরনের কোনো অপকর্ম হবে না, সেটা নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন। সুতরাং এই সুষ্ঠু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য কত শক্ত উদাহরণ হতে পারে, সে সন্দেহ রয়েই গেল।

এবার নির্বাচনে বিএনপির অবস্থাটি খতিয়ে দেখি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি খুব কৌশলী ভুমিকা রেখেছে। বিএনপির সমর্থকরা বলছেন, নির্বাচনে অংশ নিয়ে যদি তারা বিজয়ী হতেন, তাহলে তারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে বসতেন। তারা স্বীকার করতে বাধ্য হতেন যে ইভিএম দিয়ে, সেনা মোতায়েন ব্যাতিরেকেই এবং দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

আদতেই কি তাই? স্থানীয় সরকার নির্বাচন তো সবসময় দলীয় সরকারের অধীনেই হবে, এই সরকারের অধীনেই বিএনপি কিন্তু পৌর নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন এবং সংসদের কয়েকটি উপনির্বাচনে অংশ নিয়েছে, এর অনেকগুলোই কিন্তু সেনা মোতায়েন ছাড়াই হয়েছে, তাই বলে কি তারা দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন মেনে নিবে নাকি? আওয়ামী লীগও তো দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে একসময় অংশ নিয়েছে কিন্তু পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য রাজপথে আন্দোলন করেছে। সুতরাং এই নির্বাচনে বিএনপি যদি শেষ পর্যন্ত রয়েই যেত, তাহলে তাদের জন্য নতুন কিছু প্রমানের দায় ছিল না।

কিন্তু বিএনপি শেষ সময়ে এসে কোনো ঝুঁকি নিতে পারেনি। আইভীর বিজয় নিশ্চিত করতে হলে বিএনপিকে প্রার্থী প্রত্যাহার করা ছাড়া কোনো উপায় ছিল না। তাদের জন্য নারায়নগঞ্জে শামীম ওসমানের তুলনায় আইভী অনেক বেশি নিরাপদ। সুতরাং তারা নিজের নাক কেটে শামীম ওসমানের যাত্রা ঠিকই ভঙ্গ করেছে। ৪ দলীয় জোটের সমর্থকরা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দিবে না, তারা তাই সে ভোটগুলোকে আইভীর বাক্সেই দিয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত নারায়নগঞ্জের নির্বাচন থেকে বিএনপিও জয় তুলে নিতে পারল না। প্রথম ধাক্কায় প্রমানিত হলো যে বিএনপি অংশ না নিলেও ভোটাররা ভোটে অংশ নেয়, সুতরাং বিএনপিকে রেখে জাতীয় নির্বাচন করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ হয়তো উৎসাহিতই হবে। এর বাইরে প্রমানিত হলো বিএনপির প্রযুক্তি ভীতি আছে। নির্বাচন কমিশন যখন জোর গলায় বলছে ইভিএম এ ভোট জালিয়াতি সম্ভব নয়, তখন বিএনপি হাওয়াই কথা বলে যাচ্ছে যে ইভিএম দিয়েই ভোট জালিয়াতি করা হবে। সেক্ষেত্রে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হতে পারতো বিএনপির জন্য একটি বড় টেস্ট কেস। তারা প্রমাণ করে দেখাতে পারতো যে ইভিএম দিয়ে কীভাবে ভোট জালিয়াতি সম্ভব। কিন্তু এখন মনে হলো বিএনপি একটি পশ্চাৎপদ দল, যারা একসময় দেশে সাবমেরিন কেবলের সংযোগ আটকে দিয়েছিল এবং এখন ইভিএমের বিরোধিতা করছে কিছু না বুঝেই।

অথচ ইভিএম যে অকার্যকর একটি যন্ত্র সেটি প্রদর্শনের একটা বড় সুযোগ তারা হাতছাড়া করেছে। এটি নারায়নগঞ্জে প্রমান করে ফেলতে পারলে জাতীয় নির্বাচনে ইভিএম চালু বন্ধ করতে তারা আরো শক্তভাবে জনগনের সমর্থন দাবি করতে পারতো। সুতরাং নির্বাচনে পরাজিত হলেও তারা বেশ কিছু বিজয় অর্জন করতে পারত। মধ্যরাতে কৌশলে প্রার্থী প্রত্যাহার করে তারা প্রার্থী, স্থানীয় কর্মী এবং বিএনপির ভোটারদের প্রতি সুবিচার করেননি। বিএনপির একটি বড় ভোট ব্যাংক আছে দেশ জুড়েই, সেই ভোটারদের ভোট দেয়ার অধিকার এভাবে কেড়ে নেয়া দলের ঠিক হয়নি।

তবে নারায়নগঞ্জের নির্বাচনে শেষ পর্যন্ত আইভী নয়, বিজয়ী হয়েছেন নারায়নগঞ্জের সাধারণ মানুষ। তারা সব দলকেই নিজেদের বার্তাটুকু ঠিকঠাক পৌছে দিয়েছেন।

আওয়ামী লীগ এই নির্বাচন থেকে অনেক শিক্ষাই নিতে পারে। তাদের বুঝতে হবে যে এই পরাজয় শুধু শামীম ওসমানের নয়, এই পরাজয়টা হলো আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন কেন্দ্রীয় নেতাদের। যেসব নেতারা জনগনের মনোভাব বুঝতে পারছেন না আর, তাদের সতর্ক হওয়ার সময় এসেছে। আইভিদের মতো ক্লিন ইমেজের নেতাদের সহায়তা করাই হবে আওয়ামী লীগের জন্য বুদ্ধিমানের কাজ।

নাটোরের উপজেলা চেয়ারম্যান বাবুকে রাস্তায় সাপের মতো পিটিয়ে হত্যা করার বিচার হয়তো আদালতে হবে না, কিন্তু সেই বিচার ব্যালটের মাধ্যমে হবে, এটা যেন আওয়ামী লীগ স্মরণ রাখে। নুরুল ইসলামের খুনি বিপ্লবের শাস্তি হয়তো রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এসব খুনিদেরকে সাধারণ মানুষ ক্ষমা করবে না। তারা ভোটের অন্ধকার বুথে খুনিদের গলা টিপে ধরবে। ছাত্রলীগের যেসব নেতা সিলেটে ব্যবসায়ীদের দোকানপাট ভেঙ্গে তছনছ করেছে, তারা যেন মনে রাখে, এই নির্দোষ ব্যবসায়ীরাও ভোটার, তাদের বউ-বাচ্চা, মা-বাপও ভোটার। শুধু এই বোধোদয়ই আওয়ামী লীগকে পরবর্তী বিপর্যয় থেকে রক্ষা করতে পারবে।

আর বিএনপিকে বুঝতে হবে যে সাধারণ মানুষ ভোট দেয়ার জায়গা খুঁজে বেড়াচ্ছে। বিএনপিকে সেই বিকল্প হওয়ার জন্য অনেক বেশি গণমুখী হতে হবে। যদি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাদেরকে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন তারা ভবিষ্যতেও দেখে থাকেন, তাহলে সেই স্বপ্ন পূরণ হওয়া অনেক কষ্টের হবে। নির্বাচনের আগে আগে দেখা যাবে, সেই প্রার্থীরা জনমনে প্রভাব ফেলতে পারেননি, তখন মধ্যরাতে এভাবে নির্বাচন থেকে পালিয়ে আসা ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না।

আমার মনে হয় নারায়নগঞ্জের নির্বাচনে শেষ পর্যন্ত জয় হয়েছে সাধারণ জনগনের। মানুষ প্রমাণ করেছে আমাদের নেতারা সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেও, সাধারণ মানুষ ঠিকই সাহসের সঙ্গে ভোট দিতে যায়।

আমাদের নেতারা প্রযুক্তিকে ভয় পেলেও, সাধারণ মানুষ আগ্রহের সঙ্গেই সেই প্রযুক্তিকে পরীক্ষা করে দেখতে চায়।

এই দেশের সাধারণ মানুষ শুধু দলীয় সমর্থনের অন্ধকূপে নিজেদেরকে আত্মাহুতি দিতে চায় না, তারা চায় তাদের সামনে একটি সৎ, যোগ্য, পরিস্কার ভাবমূর্তির প্রার্থী। তেমন প্রার্থী পেলে তারা বড় দুই দলের প্রার্থীদেরকে ঠেলে দিয়ে সামনে এগিয়ে যেতে প্রস্তুত।

আমাদের দেশের ইতিহাস বলে, এই দেশে মানুষ আগে প্রস্তুত হয়েছে, জনগনের আকাঙ্খাকে ধারন করে নেতৃত্ব এসেছে পরে।

নারায়নগঞ্জের নির্বাচনে সাধারণ মানুষ আবারও তাদের আকাঙ্খার ইঙিত দিয়েছে।

এখন দেখার অপেক্ষা কারা সততা, যোগ্যতা আর শান্তির বার্তা নিয়ে এই মানুষদেরকে জয় করতে এগিয়ে আসেন।