২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার আসিফের মুচলেকা: শেষ নয়, শুরু

শামীমা বিনতে রহমান

Published : 15 Jun 2011, 07:00 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

ব্লগে লেখেন কারা? ব্লগে লেখা কেন পড়ে পাঠকরা? ব্লগে লেখা 'আন্দোলন উস্কে দেয়' কীভাবে? এইসব সরল প্রশ্নের জবাব একটাই: মেইনস্ট্রিম সাংবাদিকতায় যা লেখা বা বলা হয়, তা যথাযথভাবে সময়কে ধরতে পারছে না। তুলে আনতে পারছে না বলেই, ব্লগ, যা ইউরোপে অনলাইন ব্যক্তিগত ডায়েরি হিসেবে শুরু করে, তা এখানে অল্টারনেটিভ লেখালেখির আদলে দাঁড়িয়েছে। টার্মিনলজি ব্যবহারে উৎসাহিরা একে অনলাইন আ্যাক্টিভিজম বলছেন। বলুন, সমস্যা নাই। কিন্তু এর জন্য যদি গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গোয়েন্দা অফিসে আটকে রেখে বলে,‌ 'আপনি আর লিখতে পারবেন না। লেখালেখির দরকার কী, চাকরি-বাকরি করেন। বিয়া-শাদী করেন। লেখালেখি করে কেউ কিছু করতে পারে নাই।‌‍'( বিডিনিউজ২৪.কম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেশন ফি বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সহমত জানিয়ে কিছু সরল-সিধা মৌলিক প্রশ্ন তুলে আসিফ মহিউদ্দিন সামহয়ারইন ব্লগে লিখেছেন, তাই তাকে আটক করে এসব কথা শুনিয়েছে গোয়েন্দা কর্মকর্তা, তাদের কার্যালয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে তিনি আর লিখবেন না, সমাবেশের আহবানও জানাবেন না-এমন লিখিত অঙ্গীকারও করে আসতে হয়েছে তাকে।

শুরুটা যেভাবে, যে প্রশ্ন তুলে করেছিলাম, ব্লগে লেখেন কারা? লক্ষ্য করুন, গত চার বছরে, সামহোয়ারইন ব্লগ, সচলায়তন, ফেইসবুক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অনলাইন পাঠকের কাছে, এ জন্য যে মেইনস্ট্রিম পত্রিকা, টেলিভিশন বা রেডিও সম্পাদকীয় নীতিমালায় অনেক বড় বড় গালভরা বুলি দিয়ে রাখলেও, তারা আন্দোলন, লড়াই, প্রতিরোধের খবর দিতে চান না। অথচ, অবাধ তথ্য প্রবাহের যুগে আপনি তো দ্বার বন্ধ করে সত্যটাকে রুখতে পারবেন না। গণমাধ্যমের মালিকদের ওপর অনুচ্চারিত সরকারি নজরদারি যতখানি, তার চেয়ে তারা নিজেরাই বেশি কাঁচি চালান। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের চাপকে অনেক মেনে চলেন তারা, কারণ অবশ্যই ব্যবসা। কিন্তু গণমাধ্যম মানে যে জনগণের বাহন এবং তাদের কথাই উচ্চারিত বা প্রকাশিত হবে, সেটাই তো সহজ কথা। তাহলে, ব্লগার আসিফের দোষ কোথায়? জোর করে গোয়েন্দা পুলিশের তার কাছ থেকে মুচলেকা নেয়া তো সংবিধানের বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। তাহলে সরকারের তথ্য মন্ত্রণালয় সম্প্রচার নীতিমালার যে খসড়া করছে, গণমাধ্যমের নিয়ন্ত্রণের, এটা কি তার একটা উদাহরণ?

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলো, তারা ভর্তি এবং সেশন ফি বাড়াবে। ঘোষণাও দিলো। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামলো। সেই আন্দোলনে আমিও একজন ছিলাম। কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সারা রাত আমরা রেজিস্টার বিল্ডিং অবরোধ করে বসে থাকলাম। আমাদের চারপাশ ঘিরে রেখেছিলো পুলিশ, গরম পানি, টিয়ারশেল আর রাবার বুলেট নিয়ে। কী ভয়াবহ পরিস্থিতি। একজন আন্দোলনকারিও নড়লো না অবরোধ ছেড়ে। ভোরের দিকে পুলিশ আ্যাকশনে যায়। প্রথমে হুইসেল বাজিয়ে সরে যাওয়ার সংকেত দেয়। এরপর শুরু হয়, তাদের কাছে থাকা রাবার বুলেট আর টিয়ার শেল ছোঁড়া। মেয়েরা ফজিলাতুন্নেসা হলে দৌড়ে আশ্রয় নেয়, যার দুরত্ব রেজিস্টার বিল্ডিং থেকে ১০০ গজ দূরে। সেই হলের ভেতর গিয়ে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে মারে। তার পাশে আল-বিরুনী হলের মাঠ, সেখানে দৌড়ে আশ্রয় নেয়া শিক্ষার্থীদের পেটাতে থাকে। পরদিন গণমাধ্যমগুলাতে এই আন্দোলন এমনভাবে এসেছে, যেন শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই হচ্ছে গণমাধ্যম।

প্রিয় নারী ও পুরুষ পাঠক, খসড়া হয়ে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে থাকা সম্প্রচার নীতিমালার কয়েকটি অনুচ্ছেদ এখানে উল্লেখ করতে চাই। অনুষ্ঠান প্রচারের শর্তাবলীর ২ নম্বরে লেখা আছে: 'সরকার কর্তৃক অনুমোদিত নিম্নলিখিত জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাধ্যতামূলকভাবে প্রচারকরণ, যথা- রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ভাষণ, গুরুত্বপূর্ণ ঘোষণা বা প্রেসনোট, জরুরী আবহাওয়া বা স্বাস্থ্যবার্তা, সরকার কর্তৃক সময় সময় অনুমোদিত জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান' প্রচারিত হবে। তাহলে, কোনটি খবর আর কোনটি খবর না, তা নির্ধারণ করবে কে? তথ্য মন্ত্রণালয় বা জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ? অনুষ্ঠান প্রচারের শর্তাবলীর ৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে-' কোন আলোচনা অনুষ্ঠানে কোন প্রকার অসঙ্গতিপূর্ণ বিভ্রান্তিমূলক তথ্য বা উপাত্ত দেয়া যাবে না।' এ ক্ষেত্রে অসঙ্গতির সংজ্ঞা কী, বিভ্রান্তিমূলক তথ্যের সংজ্ঞা কী, ব্যাখ্যা নাই। এটা এখনও খসড়া। তাই চুড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না। কিন্তু এই উদ্যোগ তো বাক স্বাধীনতা, স্বাধীন লেখালেখি আর মুক্ত মতবিনিময়ের জন্য ভয়াবহ বাস্তবতার আয়োজন।

ব্লগার আসিফ তার ' প্রসঙ্গ – জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ' লেখায় ভুল কিছু লেখে নাই। তিনি লিখেছেন, প্রতি সেমিস্টারে ২০ হাজার টাকা করে জমা দেয়া কতটা অসহনীয় মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য। অযৌক্তিক, অসঙ্গতিপূর্ণ বা বিভ্রান্তিমূলক তথ্যও তো দেন নাই। তিনি, সরকারি এ সিদ্ধান্তের প্রতিবাদে জমায়েত হবার আহবান জানিয়েছেন। এইটা ব্লগে বা ফেইসবুকে না লিখে তো উপায় নাই। মেইনস্ট্রিম প্রথম আলো বলেন, ডেইলিস্টার বা অন্যান্যরা তো এ লেখা ছাপবে না, কারণ তাতে তাদের আয় বাড়বে না। কিন্তু তাতে কি জনমানুষের কথা উপেক্ষিতই থেকে গেলো না?

সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তথ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা গণমাধ্যম খুব স্বাধীনতা ভোগ করছে বলে প্রায়ই বলে বেড়াচ্ছেন, কিন্তু ব্লগার আসিফকে তার লেখার জন্য গোয়েন্দা পুলিশ আটকে নিয়ে মুচলেকা নিলো, তিনি আর এই আন্দোলন নিয়ে লিখবেন না। এই ধরণের উদ্যোগ/ তৎপরতা- সরকারের অগণতান্ত্রিক আচরণ, হীনম্মন্যতাকেই প্রকাশ করে। শুধু সরকারকেই এ জন্য প্রশ্নের মুখে ফেলছি না, যারা গণমাধ্যমের মালিক, প্রকাশক, সম্পাদক, সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখা লোকজন, তাদেরও প্রশ্ন ছুঁড়ছি-অনলাইনে অবাধ তথ্য প্রবাহের সময়ে গণমানুষের দাবি আন্দোলনকে উপেক্ষা করার সুযোগ আছে কি? একজন আসিফ মহিউদ্দিনকে আটক করাকে তো আমি ফুলস্টপ মনে করিই না, বরং শুরু। সরকার গণমানুষের দিকে তাকান, গণমাধ্যমগুলা গণমানুষের কথা শোনার এবং প্রকাশের সিদ্ধান্ত নিন। নয়তো, ব্লগ হয়ে উঠবে গণমানুষের কথার প্রতিনিধিত্বকারী। সময় পাল্টাচ্ছে।

শামীমা বিনতে রহমান: লেখক ও সাংবাদিক।