২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিক সন্তানের মা-বাবার অভিজ্ঞতা

বেবী মওদুদ

Published : 25 Sep 2011, 08:22 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

অটিস্টিক সন্তানের মায়ের দুঃখ কষ্ট-বেদনার কথা কেউ উপলব্ধি করতে পারে না। তার এই দুঃসহ যন্ত্রণার ভার বইবার শক্তি সে অর্জন করে। তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। এসময় তার পাশে যদি সন্তানের পিতাকে পান তাহলে তার যন্ত্রণার ভার বইবার আর কোন আশংকাই থাকে না। দু'জনে দু'জনার বেদনা সন্তানের মুখ চেয়েই ভাগাভাগি করে নিতে পারেন। সন্তানের মুখে হাসি ফোটাতে, ভাষা প্রকাশে, তাকে যথাসম্ভব সুস্থ স্বাভাবিক করে তুলতে দুজনেই এক বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। বলা চলে এক জীবন সংগ্রামে অবতীর্ণ হয়ে পড়েন। আর স্বামী যদি পাশে না থাকেন, পরিবারও দূরে ঠেলে দেয়। আত্মীয় স্বজনও মুখ ফিরিয়ে নেয়। পাড়া প্রতিবেশী অবহেলা উপেক্ষা ও করুণার চোখে দেখে। তখন সেই সন্তানকে নিয়ে মা'কে একাকী জীবনের এক বিবর্ণ পথ পাড়ি দিতে হয়। শুনতে হয় মানুষের গঞ্জনা-লাঞ্চনা আকথা-কুকথা। অধিকাংশ ক্ষেত্রে মা'কেই সবাই দোষী মনে করে থাকেন। জীবনটা তার কাছে হয়ে ওঠে অভিশপ্ত। তখন নিজের ও সন্তানের মৃত্যু কামনা ছাড়া তার পক্ষে আর কোন চিন্তা ভাবনা থাকে না। আমরা দেখেছি, বাবা সুস্থ স্বাভাবিক সন্তানকে পর্যন্ত ছেড়ে চলে যায়, কিন্তু মা তো তাকে ফেলে যেতে পারে না। কোনও কোনও ক্ষেত্রে সেই সন্তানসহ শ্বশুর বাড়িতেই তার জীবন কাটিয়ে দেয়। অধিকাংশ ক্ষেত্রে এমন সন্তান গর্ভে ধারণ ও জন্মদানের কারণে সব অভিশাপ ঘাড়ে নিয়ে তালাকপ্রাপ্তা হয়ে তাকে বাপ-ভাইয়ের বাড়িতেই আশ্রয় নিতে হয়। অটিস্টিক সন্তানের অধিকারও তার বাপের কাছে স্বীকৃতি পায় না। কেন এমন হয়? কেন এমন হবে?

গত ১৭ সেপ্টেম্বর ২০১১ তারিখ বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অটিজিম সেন্টারে অটিস্টিক সন্তানের মা-বাবাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে গেল। এতে একচল্লিশ জন মা-বাবা উপস্থিত ছিলেন। তারা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন, নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যার সমাধান খুঁজে বের করার আবেদন জানান। এই মতবিনিময় সভায় মা-বাবাদের নিয়ে একটি ফোরাম গঠনের প্রস্তাব তোলা হয়। এ ব্যাপারে বলা হয়, আরো মা-বাবার নাম রেজিষ্ট্রি করা হোক, তারপর সবাইকে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হবে।

সবার আলোচনার মধ্য দিয়ে একটা বিষয় লক্ষ্যণীয় ছিল যে, মা-বাবারা একে অন্যের সন্তানের কথা শুনে যথেষ্ট আবেগাপ্লুত হয়েছেন সত্য তবে অভিজ্ঞতা অর্জণ করেছেন। কয়েকজন বলেছেন, আমার সন্তান এখন আগের চেয়ে অনেক ভালো আছে। উন্নতি করছে। অনেকেই বলেছেন, উন্নতি হচ্ছে তবে খুব ধীর গতিসম্পন্ন। অনেকে বলেছেন, ফিজিও থেরাপি দেয় মাত্র দশ-পনেরো মিনিট। এটা অবশ্য থেরাপিস্ট শিশুর বয়স বা প্রয়োজনানুযায়ী দেয়া হয়। মা-বাবাকে শেখানো দরকার ব্যায়ামের বিধিগুলো এবং শিশুর প্রতি আচরণ সম্পর্কিত বিষয়গুলো।
মা-বাবারা এই সভায় যেসব সমস্যা তুলে ধরেন সেগুলো হচ্ছে:

১. প্রচার – প্রকাশনার মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা।
২. অটিজম সম্পর্কে মা-বাবাকে জানানো এবং তাদের প্রশিক্ষণ দিতে হবে।
৩. অটিজম আক্রান্তদের চিকিৎসা ব্যায় সর্বত্র একই রকম রাখা ও ঔষধের মূল্য হ্রাস করা।
৪. যারা মূল ধারার স্কুলে পড়ে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা। বিশেষ করে পরীক্ষার সময় তাদের সময় বৃদ্ধি জরুরী কেননা এরা ধীর প্রকৃতির হয়ে থাকে। এছাড়া এদের মেধা কম হলেও সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেবার সুযোগ রাখা। এদের পাঠ্যক্রম সহজ ও প্রয়োজনানুযায়ী হওয়া উচিৎ।
৫. এদের জন্য সরকার থেকে আইডি কার্ড দেয়া দরকার যাতে হারিয়ে গেলে বা কোথাও কোন বিপদে পড়লে সহযোগিতা পেতে পারে।
৬. এদের বিনোদনের ব্যবস্থা রাখতে হবে।
৭. এদের সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য শিক্ষা ও চর্চার ব্যবস্থা রাখতে হবে।
৮. এদের সম্পত্তিতে অধিকার রক্ষার জন্য আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে।
৯. ঢাকার বাইরে জেলা ও গ্রামাঞ্চলে অটিস্টিক শিশুদের জন্য চিকিৎসা ক্যাম্প করা জরুরী যেখানে চিকিৎসকরা তাদের কাছে যাবেন।
১০. আরও স্কুল প্রতিষ্ঠা করা হোক এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হোক।
১১. অভিভাবকহীন অটিস্টিক আক্রান্তদের জন্য আশ্রম গড়ে তোলা উচিত। যেখানে তাদের বিনোদনের ব্যবস্থাও থাকবে। এজন্য বেসরকারি উদ্যোগ নিলে জমি বরাদ্দ ও ভবন নির্মাণে সরকারি – বেসরকারি সহযোগিতা দরকার।
১২. অটিস্টিক আক্রান্তদের মা-বাবার একটি তালিকা প্রণয়ন করতে হবে। সায়মা হোসেন পুতুল সকলের প্রস্তাব নিয়ে কথা বলেন। তিনি জানান, আমরা প্রশিক্ষণ আগে দেবো, তারপর প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

এই মতবিনিময় সভায় ক্যানাডা থেকে ইন্টারনেটের মাধ্যমে অংশ নেন বাংলাদেশ ন্যাশনাল কমিটির চেয়ারম্যান স্কুল সাইকোলজিস্ট সায়মা হোসেন পুতুল। তিনি সবার মতামত শোনেন, প্রস্তাব নোট করেন এবং সেগুলো সমাধানের উদ্যোগ নেয়া হবে জানান।

মা-বাবাদের অভিনন্দন জানিয়ে সায়মা হোসেন বলেন, 'আমি আপনাদের সংগ্রামে সবসময় পাশে আছি। আমরা এদের জন্য কাজ করে যাচ্ছি। এদের প্রতি অযত্ন-অবহেলা নয়, ভালোবাসাই প্রাধান্য পাবে। মানুষকে আরও সচেতন করে তোলা হবে। সমাজ ও রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। বর্তমান সরকার যথেষ্ট সহানুভূতিশীল। আমি আশা করবো, সরকার পরিবর্তন হলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অটিজম সেন্টারের কার্যক্রম বন্ধু হবে না। দল-মত নির্বিশেষে এটা সবার। এটা একটা সামাজিক কর্মকাণ্ড। এখানে সবার জন্য দ্বার খোলা।"

আমার কাছে এটা খুবই অভিজ্ঞতাপূর্ণ একটি সভা মনে হয়েছে যেখানে অনেক তথ্য পাওয়া গেছে। অটিস্টিক সন্তানের কাছে মা-বাবাই হয়ে থাকে একমাত্র গ্রহণযোগ্য। আবার মা-বাবারা তাদের সুস্থ-স্বাভাবিক করে তুলতে যথেষ্ঠ ধৈর্য ধরে থাকেন। তাদের ত্যাগের কোন তুলনা হয় না। এখন সমাজে এদের ভালোবাসা ও আনন্দ দিয়ে প্রতিষ্ঠা করা সবার দায়িত্ব।

বেবী মওদুদ: লেখক ও সাংবাদিক।