ঢাকা শহরের ‘গড় মুক্ত পথ’ এবং চৌদ্দ কোটি মানুষ
আমরা যারা সতর্ক নাগরিক, যাদের হাতে কিছু উদ্বৃত্ত সময় থাকায় কিছু চিন্তা করার সুযোগ মেলে, আলস্যজনিত বিলাসিতা আমাদের যাদের কিছুটা হলেও আছে (কারণ অলস না হলে জীবিকার বাইরে চিন্তা করার ফুরসৎ কই), তারা সকলেই এ কথা মানি এবং জানি যে আমাদের এই দুর্ভাগা দেশের এক নম্বর সমস্যা হলো এর ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যা। দেশটির রাজধানীতে আপনি ফুটপাতে হাঁটতেই পারবেন না– কারণ প্রথমত ফুটপাত বেদখল হয়ে গেছে হকার আর ডেভেলপারদের বালি-সুড়কির আস্তানায়, আর দ্বিতীয়ত যদি বা থাকে তবে তাতে হাঁটতে গেলেই আপনি আপনাকে আরো কয়েকজন পথচারীকে ঘষটে যেতে হবে।
কঠিন পদার্থের ক্ষেত্রে তার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের প্রধান বাহক হলো ইলেকট্রন কণা। এই ইলেকট্রন কণাগুলো তাদের যাত্রাপথে প্রতিনিয়ত সংঘর্ষের মুখোমুখি হয়–এরা এদের নিজেদের সাথে ধাক্কা খেতে পারে, এরা নিশ্চল পরমাণু কিংবা অপদ্রব্যের সাথে ধাক্কা খেতে পারে। এইসব নানাবিধ ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ফলে ইলেকট্রনের গতি বাধাগ্রস্ত হয়। এভাবে পরিবাহীতে রোধের সৃষ্টি হয় যা ইলেকট্রন প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। কঠিন পদার্থের ক্ষেত্রে তাই ইলেকট্রনের জন্য একটা 'গড় মুক্ত পথ'-এর সংজ্ঞা দেওয়া হয়। এর অর্থ হলো যতটুকু পথ ইলেকট্রন কোনো বাধা ছাড়াই অতিক্রম করতে পারে তার গড় মান। ইংরেজিতে বলে 'মিন ফ্রি পাথ'। তো আমি একবার ঢাকা শহরে ফুটপ্যাথে চলাচলের 'মিন ফ্রি পাথ' বের করার চেষ্টা করলাম। অর্থাৎ ফুটপাথে কতদূর হাঁটলে আপনি আরেকজনের সাথে ধাক্কা খাবেন। পূর্ব-পশ্চিম বিশ্ববিদ্যালয় থেকে আমি হেঁটে গেলাম মহাখালীর বিডিনিউজ হেড অফিসে। আমার হিসাবে মোটামুটি প্রতি বিশ গজে আপনি অন্তত তিন/চার জনের সাথে টক্কর খাবেন। এই হলো ঢাকার রাস্তায় আপনার 'গড় মুক্ত গতি'। অর্থাৎ প্রতি পাঁচগজ রাস্তায় আপনি অন্তত একজনের সাথে গুঁতো খাবেন। এটা কিন্তু গড়মান, একটা গড় হিসাব। আপনি যদি গুলিস্তানে যান, কিংবা রমজান মাসে ইফতারির সময়ে চকবাজার ঘোরাঘুরি করেন, তবে এর চেয়ে অনেক বেশি ধাক্কার মুখোমুখি হতে হবে আপনাকে।
রাস্তায় মানুষ চলাচলের এতো প্রতিবন্ধকতার কারণ ঢাকা শহরে মানুষের সংখ্যাবৃদ্ধি। শুধুমাত্র ঢাকা শহরে কী পরিমাণ মানুষ বৃদ্ধি পেয়েছে তার একটা উদাহরণ আমি আপনাদের দেই। সিপাহী বিদ্রোহের প্রায় ২৬ বছর আগে জেমস টেলর নামের এক সাহেব ঢাকা শহরে 'সিভিল সার্জন' হয়ে আসেন। এই পদে তিনি ছিলেন দীর্ঘ ৮ বছর। এই '৮ বছর অবস্থানকালের ব্যক্তিগত জ্ঞান থেকে অর্জিত' তথ্যাদি তিনি ১৮৩৯ সালে ফোর্ট উইলিয়ামের মেডিকেল বোর্ডের সচিবের সামনে উপস্থাপন করেন। এইসব তথ্য নিয়ে ১৮৪০ সালে কোলকাতা মিলিটারী অরফান প্রেস থেকে একটি বই প্রকাশিত হয় যার নাম ছিল 'টপোগ্রাফি অব ঢাকা'। এই বইটির বঙ্গানুবাদ করেন মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলা একাডেমীর থেকে ১৯৭৮ সালে 'কোম্পানী আমলে ঢাকা' নামে তা প্রকাশিত হয়। মোট বারোটি অধ্যায়ে বিন্যস্ত এই বইটিতে ঢাকা ও তার আশপাশের অঞ্চলের ভূ-প্রকৃতি, ইতিহাস, উদ্ভিজ্জ ও প্রাণিজ সম্পদের বিবরণ, কৃষিতথ্য, পানি সেচের ব্যবস্থা, পূর্ত সুবিধাদি, পশুর খাদ্য, বয়নশিল্প, জনসংখ্যা, রোগব্যাধির প্রকোপ ইত্যাদি অত্যন্ত জরুরি সব তথ্য ঠাঁই পেয়েছে। এই বইটি জানাচ্ছে যে, আজ থেকে ১৭২ বছর পূর্বে ঢাকা শহরের জনসংখ্যা ছিল মাত্র ৬০,৬১৭ জন। তন্মধ্যে মুসলমানের সংখ্যা ৩২,৪৬৩ জন এবং হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা ২৮,১৬৪ জন (স্ত্রী-পুরুষ মিলিয়ে)। এখন দেখুন বর্তমানে ঢাকার শহরের জনসংখ্যার কী অবস্থা:
'বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা ৮৬ লাখ। মেগাসিটি হিসেবে নারায়ণগঞ্জ-সাভারসহ প্রায় দেড় কোটি। বস্তিবাসীর সংখ্যা প্রায় ৩৬ লাখ। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩,০৩৩ জন মানুষ ঢাকায় আসে।' (-মতিউর রহমান, ৩১ জুলাই ২০১১, দৈনিক প্রথম আলো)।
তাহলে ভেবে দেখুন, গত ১৭০ বছরে শুধু ঢাকা শহরেই জনসংখ্যা বেড়েছে ১৪০ গুণ! রবীন্দ্রনাথের আমলে অবিভক্ত বাঙলার জনসংখ্যা ছিল সাত কোটি ('সাত কোটি সন্তানেরে হে বঙ্গ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করোনি')। ১৯৭৪ সালে মোট জনসংখ্যা ছিল সাতকোটির কিছু বেশি এবং এটা স্বাধীনতার পর আধুনিক বাংলাদেশের হিসাব (দ্রষ্টব্য বাংলাদেশের ইতিহাস, ২য় খণ্ড, এশিয়াটিক সোসাইটি, পৃ. ৬৬৩)। বাংলাপিডিয়ার হিসাবমতে বাংলাদেশের জনসংখ্যা ১৯৮১ তে ছিল ৯ কোটি, ২০০১ প্রায় ১৩ কোটি। এই বছর আদমশুমারীতে আমরা শুনেছি, জনসংখ্যা ১৫ কোটির কম। (সঠিকভাবে ১৪ কোটি ২৩ লক্ষ, সূত্র www.bbs.gov) ।
গত কয়েক বছর থেমে থেমেই পত্রিকায় খবর পড়েছি, দেশের পরিবার পরিকল্পনা সংক্রান্ত অগ্রগতি স্থবির হয়ে পড়েছে, গ্রামে-গঞ্জে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির প্রকল্পগুলোর অগ্রগতি থেমে গেছে অথবা আশানুরূপ নয়। এরই ফাঁকে জনসংখ্যা নিরন্তর বেড়ে চলেছে। আমাদের দেশে ক্ষমতা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণ কোনো সুফল বয়ে আনেনি। সত্যি বলতে কী, কোনো কিছুই বিকেন্দ্রীকৃত হতে পারেনি। খুলনা অঞ্চলে শিল্প-কারখানা গড়ে উঠলেও সেসব কর্মকাণ্ড এখন স্তিমিত। একসময়ে খুলনার খালিশপুর টাউনশিপ গড়ে উঠেছিল প্রত্যাশিত শিল্পাঞ্চলের কর্মরত মানুষদের আবাসনের জন্য। কিন্তু হা হতোস্মি! নানা কারণে খুলনায় শিল্প-করণ ব্যর্থ হয়েছে। সবই এখন ঢাকামুখী। চট্টগ্রাম এখনো কিছুটা আলাদা আকর্ষণ বজায় রেখেছে। কিন্তু তা-ও বন্দর কর্মকাণ্ডের উপর শুধুমাত্র নির্ভরশীল। বাংলাদেশের সর্বত্র ঢাকামুখী অভিবাসনের স্রোত, কাজেই, বন্ধ করা যাচ্ছে না। সরকারী কাজে, কর্পোরেট প্রয়োজনে, উন্নত চিকিৎসার জন্য, উচ্চশিক্ষার জন্য, রপ্তানী পোশাকের কাজের জন্য–সব কিছুর জন্য এখন 'ঢাকা চলো'। যার ফলশ্রুতিতে ঢাকা শহরে 'গড় মুক্ত পথে'র পরিমাণ মাত্র পাঁচ গজেরও কম হয়ে গিয়েছে। 'গড় মুক্ত পথের' ক্রমহ্রাসমানতার সঙ্গে স্বভাবতই শহরের অন্যান্য সার্ভিসগুলোও সাংঘাতিক চাপের মুখে পড়েছে। পানীয় জলের সমস্যা, উৎকট নগরায়ণের সমস্যা, ক্রমহ্রাসমান উদ্যানের সংখ্যা, ভয়াবহ যানজট, খোলা জায়গার অভাব, পয়ঃনিষ্কাশনের দুরবস্থা, রাস্তাঘাটে উন্মুক্ত বর্জ্যস্থান, বৃষ্টির পানির কারণে ভয়াবহ জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রকোপ ইত্যাদির সাঁড়াশি আক্রমণে ঢাকাবাসী নাকাল। রিসোর্স যেখানে সীমিত, সেখানে ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটানো আর সভ্য পর্যায়ের থাকে না। উদ্দাম বন্য পরিস্থিতিই সেখানে মানায়। কাজেই আমাদের সামনে এখন দুটো সমস্যা। একটি হলো, কীভাবে ঢাকামুখী স্রোতকে কমানো যায়। আরেকটি আরো বৃহত্তর স্কেলের সমস্যা হলো, এত বড় একটা জনসংখ্যাকে আমরা কীভাবে সামলাবো?
ঢাকামুখী স্রোতকে হ্রাস করার একমাত্র উপায় বিকেন্দ্রীকরণ–শুধু ক্ষমতার নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেরও। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া আর কোনো শহর প্রকৃত অর্থে মেট্রোপলিটন চেহারা পায়নি। বিভাগীয় সদরগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে, সেসব শহরের নিরাপত্তা ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে সচল করতে হবে। মজার ব্যাপার, এই লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপিত হয়েছে। এসব জায়গায় প্রয়োজনীয় অবকাঠামো দেওয়া সত্ত্বেও ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার বাইরের ইপিজেডগুলো তেমন বিনিয়োগ আকর্ষণ করতে পারেনি। ঢাকা ছেড়ে কেউ নড়তেই চায় না। এর থেকে পরিত্রাণের আরেকটি উপায় হল রাজধানী স্থানান্তর। ঢাকা থেকে অনতিদূরে কালিয়াকৈর বা গাজীপুরে সরকারী কার্যালয় এবং সরকার প্রধানের কার্যালয় স্থানান্তর করা যেতে পারে। তাছাড়া কিছু রেগুলেটরি মেজার্স বা নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। যেমন ঢাকায় আর নতুন কোনো ইন্ডাস্ট্রি বসানো যাবে না, নতুন রাজধানী হলে সেখানে কোনো শিল্প-কারখানা বসানো চলবে না ইত্যাদি। নগর পরিকল্পনাবিদরা নিশ্চয়ই আরো ভালো কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করতে পারেন। ক্ষমতার কেন্দ্র বা রাজধানী স্থানান্তর হলো এই মুহূর্তে ঢাকাগামী স্রোতকে বিমুখ করার সবচেয়ে বড় উপায়।
কিন্তু আমাদের এই চোদ্দকোটি জনসংখ্যা দিয়ে আমরা কী করব? মনে রাখতে হবে, আমাদের দেশের আয়তন মাত্র ৫৫,৫৯৮ বর্গমাইল এবং এই ছোট্ট জায়গায় প্রাকৃতিক সম্পদও খুবই সীমিত। ফলে একটা ভালো জীবনযাপনের জন্য যেসব দাবি মেটাতে হয় আমরা তর ন্যূনতমটিও জোগাতে ব্যর্থ হই। এই বিষচক্র থেকে বেরুনোর একমাত্র উপায় হলো, আমাদের এই অভিশাপকে শক্তিতে রূপান্তর করা। কিন্তু কীভাবে? এই বিপুল জনরাশিকে প্রশিক্ষিত করে দক্ষ জনবলে পরিণত করার কাজটি দুরূহ হলেও আমাদের আয়ত্বাধীন। আমরা সবাই জানি, জনবল রপ্তানী আমাদের জাতীয় আয়ের একটা বড় উৎস। কিন্তু এই জনবল দক্ষ ও প্রশিক্ষিত নয়। একটা দক্ষ জনশক্তি শুধু ফরেন কারেন্সির জন্য নয়, দেশের উন্নতির জন্যও অপরিহার্য। শুধুমাত্র রপ্তানিযোগ্য জনবলকে হাল্কা প্রশিক্ষণ দেয়ার জন্য গুটিকয়েক প্রতিষ্ঠান থাকাই যথেষ্ট নয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বুনিয়াদের ভেতর দিয়েই এটা করতে হবে। এর জন্য চাই হাতে-কলমে শিক্ষার প্রসার। আমাদের জাতীয় কারিকুলামের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। একটা সমস্যা হলো, এই শিক্ষাব্যবস্থা পুঁথিগত বিদ্যার উপর বেশি জোর দেয়। ভারতের শিক্ষাব্যবস্থাও অনেকটা এরকম জ্ঞান-ভিত্তিক শিক্ষাক্রম। এতে শিক্ষার গুণগত মান উন্নত হয়, কিন্তু তার প্রসার কম। কারণ হাতে-কলমের বিষয়টা উপেক্ষিত থাকে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার মতো দেশে আমরা দেখি উল্টোটা। সেখানে একটি শিক্ষার্থী কতকিছু জানে তা জরুরী নয়, কিন্তু বেঁচে থাকার ন্যূনতম বিষয়গুলো সে জানে কি-না সেটাই মুখ্য। আমাদের দেশের জন্য দরকার এ দুয়ের মিশেল। অর্থাৎ আমাদের পাঠ্যবইগুলোকে এমনভাবে বিন্যস্ত করা যাতে অষ্টম শ্রেণীর পর ঝরে পড়া শিক্ষার্থীরা এমন এক বুনিয়াদী শিক্ষা নিয়ে বের হবে যাতে করে দৈনন্দিন পরিবেশে কাজ চালানোর মতো বেশ কিছু দক্ষতা সে স্কুল থেকেই নিয়ে বেরুবে। এভাবে যে ড্রাইভার, যে রডমিস্ত্রি বা যে ইলেকট্রিকের মিস্ত্রিটি আমরা পাবো, সে অনেক দক্ষ ও প্রশিক্ষিত থাকবে। এমন একটি জনসমষ্টিকে সহজেই পরবর্তী উচ্চতর প্রশিক্ষণ দেওয়া সহজ হবে। এভাবে আমরা দক্ষ জনবল সহজেই পেতে পারি। তার জন্য প্রয়োজন একটি যুগোপযোগী শিক্ষানীতি, যেটা আমাদের বর্তমান শিক্ষানীতির উপর আরোপ করা যায় বলেই আমার মনে হয়, এবং অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা। তাছাড়া পাঠ্যবই নতুন করে লিখলেই হয় না, সে বই যাঁরা পড়াবেন তাঁদেরও ভালো প্রশিক্ষণের দরকার। এসব কথাই গত ২৭-২৮ জুন, ২০১১ তে শিক্ষা মন্ত্রণালয় ও ইউনেস্কোর যৌথ আয়োজনে আয়োজিত 'টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞান শিক্ষা' শীর্ষক ওয়ার্কশপে আলোচিত হয়েছে। উক্ত ওয়ার্কশপের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো বিজ্ঞান শিক্ষাকে যুগোপযোগী ও আনন্দায়ক করা। অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের প্রচলিত বিজ্ঞান শিক্ষাক্রম, গণিত ও সামাজিক শিক্ষাক্রম মোটেই প্রাণবন্ত এবং জীবনযাপনের সমস্যা পূরণে যথেষ্ট নয়। এখনো এতে মুখস্থবিদ্যার প্রতি জোর দেওয়া হয়। কিন্তু গ্রন্থগত ও মুখস্থ বিদ্যা দিয়ে পেট চালানো দায়! তাই দীর্ঘমেয়াদে বুনিয়াদি শিক্ষায় অর্থ বিনিয়োগই আমাদের পরিত্রাণের সঠিক উপায়, অন্যান্য অস্থায়ী, স্বল্পমেয়াদী ও অ্যাডহক প্রশিক্ষণ আমদের দক্ষ জনশক্তি তৈরিতে কিছুই কাজে আসবে না। খামোখা টাকা ক'টাই নষ্ট হবে।
কিন্তু আশাবাদী হবার মতো যথেষ্ট অবস্থা কি আমাদের আছে? গত দশ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছরে ১.৩৮ শতাংশ ধরে নিলে বর্তমান জনসংখ্যা ২০২১ সাল নাগাদ বেড়ে ষোল কোটির উপরে চলে যাবে। দেশের জায়গা-সম্পদ তো বাড়ছে না, তাহলে? এদের খাওয়াব কী? আশার কথা, আমাদের কৃষিবিজ্ঞানীরা উচ্চ ফলনের ধান আবিষ্কার করে আমাদের ধনপ্রাণ বাঁচিয়েছেন। এই আবিষ্কারের কথা আমরা প্রায়শই বলি না। কিন্তু এই ধন্বন্তরী আবিষ্কারের ফলেই আমরা এতোগুলো পেটকে কিছুটা হলেও ভরাতে পেরেছি। কিন্তু এরপরও কথা থাকে। শুধু প্রাযুক্তিক উৎকর্ষই সমাজকে এগিয়ে নিতে পারে না। এর জন্য চাই সামাজিক গ্রহণশীলতার মনোভাব। আমাদের বৃহত্তর সমাজ খুবই ট্রাডিশনাল, আমরা আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে চাই না, রাতের খাবার এক-ঘণ্টা আগে-পরে করব না, যেটা আমরা ডে-লাইট সেভিংয়ের সময়ে দেখেছি। আর আমাদের শিক্ষিত সমাজের কী অবস্থা? বিখ্যাত পদার্থবিজ্ঞানী প্রফেসর এ. এম. হারুন-অর-রশীদ লিখছেন:
'বাংলাদেশের শিক্ষিত মহলের মূল্যবোধ প্রধানত 'হেডোনিস্ট'। প্রত্যেকেরই অন্তরের ধারণা যে, ব্যক্তিগতভাবে প্রচুর অর্থসম্পদ অর্জন করতে পারলেই তার এবং তার পরিবার-পরিজনের ভবিষ্যৎ নিশ্চিন্ত। এই ধরনের চরম স্বার্থপর মনোভাব থেকেই দেখা যায় যে, গ্রামের ছেলে দেশে অথবা মধ্যপ্রাচ্যে চাকরী অথবা ব্যবসায়ের মাধ্যমে বিত্তশালী হয়ে নিজেকে গ্রাম থেকে বিচ্ছিন্ন করে পৃথক অস্তিত্বের অধিকারী হয়ে যায়। এই ধরনের শ্রেণী উত্তরণ বা সোশাল ক্লাইম্বিং যদি দেশের দশকোটি মানুষের সকলের পক্ষেই সম্ভব হতো তাহলে কিছু বলার থাকত না। কিন্তু তা সম্ভব নয়। ইঁদুর-দৌড় বা র্যাট-রেস সকলের জন্য মোটেই উন্মুক্ত নয়। সুতরাং একদিকে সীমাহীন, অতলস্পর্শ দারিদ্র্যের নির্মমতা এবং অন্যদিকে মুষ্টিমেয় কিছু ভাগ্যবানের আকাশচুম্বী বিলাসবহুল জীবনযাত্রার দাপট বাংলাদেশে যেমনভাবে পাশাপাশি বিদ্যমান, কবির ভাষায় "তেমনটি আর পৃথিবীর কোথাও পাবে না কো ভাই"।' (-পৃ. ৭, 'একবিংশ শতাব্দীর মুখোমুখি বাংলাদেশ: নতুন শতাব্দীর নতুন দিগন্ত', বাংলাদেশ একাডেমী অব সায়েন্সেস, ঢাকা)।
মূল্যবোধের এই দৈন্য নিয়ে আমরা ভাবি কি? বঞ্চনার উপর প্রতিষ্ঠিত এই চরম বৈষম্য কি বাংলার মানুষ এই ডিজিটাল যুগেও মেনে নেবে? প্রফেসর হারুন বলছেন, "বাংলার মানুষ পরম ধৈর্যশীল, ধীর, স্থির এবং শান্ত। দুঃখকে মেনে নিতে, তার পিছনে যুক্তি খাড়া করতে তাদের ঐতিহ্য, ধর্ম, জীবনাদর্শ সব কিছুই সাহায্য করে। এইভাবে অবশ্য যুগযুগ ধরে বাঙালি সমাজের আপাত-সঙ্ঘবদ্ধতা রক্ষা করা হয়েছে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, বঞ্চনার উপর ভিত্তি করে সৃষ্ট এই সামাজিক 'শান্তি' একবিংশ শতাব্দী পর্যন্ত হয়ত টিকবে না। এটা ভেঙে পড়তে বাধ্য, কারণ ১৫ কোটি মানুষ যেকোনো ঐহিত্যের যেকোনো নীতিবাক্যের যেকোনো ধর্মীয় অনুশাসনের উর্ধ্বে তাদের বেঁচে থাকার দাবীকে একমাত্র দাবী বলে মনে করবে এটাই আমার দৃঢ় বিশ্বাস।"
এরকম সামাজিক উত্থান-পতনের মধ্য দিয়ে আমাদের যেতে হলে তার জন্য চাই চমৎকার চিন্তাশীল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দুর্ভাগ্যক্রমে এই ঐতিহ্য আমাদের একেবারেই নেই। এক সরকারের সুন্দর কল্পনা পরের সরকারী আমলে ডাস্টবিনে ঠাঁই পেলে উন্নতিটা হবে কী করে? আমার মনে হয়, আমাদের প্রতিবাদী হতে হবে। প্রতিবাদ করলে ভালো কিছু টেকসই পরিকল্পনা নিতান্ত মাঠে মারা যাবে না। আমাদের সুশিক্ষিত আমলাতন্ত্র এ ব্যাপারে সাহায্য করতে পারে। মেঘনাদ সাহা ১৯৪৭ সালে লিখেছিলেন,
"একটি সুষ্ঠু পরিকল্পনা যন্ত্র প্রতিষ্ঠা করা সৌখিন রাজনীতিবিদ শিল্পপতির কাজ নয়, যারা এই কাজটা ছুটির মনোভাব নিয়ে শুরু করতে চান এবং একটা বিরাট কিছু করেছেন দেখাতে চান। এটা একটা আমলার কাজ নয় যার কল্পনা এবং চিন্তাশক্তি ক্রমাগত নথি ঘেঁটেঘেঁটে ভোতা হয়ে গিয়েছে।"
কাজেই আমাদের এই বিরাট জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে সামাজিক চেতনার পাশাপাশি বুনিয়াদি শিক্ষায় জোর দিতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পার মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। এতেই আমাদের উন্নতি নিহিত।
আমরা একেবারে নৈরাশ্যবাদী অবস্থায় নেই, যদি আমরা আমাদের তরুণদের দেখি। যদিও তাদের অনেকেই 'ডিজুস সংস্কৃতিতে' ভোগে মুহ্যমান কিংবা কর্মহীন উদ্যমহীন বসে রাস্তার দৃশ্য দেখে চলেছেন অবলীলায় (ঢাকা শহরের ফুটব্রিজগুলোর রেলিঙে অনেক তরুণকে কর্মহীন বসে রাস্তার দৃশ্য দেখতে দেখা যায়), কিন্তু এই ডিজিটাল যুগে তারা দীর্ঘদিন স্বপ্নাচ্ছন্ন হয়ে থাকবে না বলেই মনে হয়। আবারো বর্ষীয়ান পদার্থবিদ প্রফেসর হারুনের একটি চিত্ররূপময় কথা দিয়ে শেষ করছি।
"শহীদ মিনারের সামনে জনাকীর্ণ রাস্তায় সেদিন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার একটি যাত্রী বোঝাই বাস বিকল হয়ে গেল। কিছু তরুণযাত্রী নেমে পড়ে বাসটি ঠেলতে শুরু করলেন এবং বেশ কিছু বলপ্রয়োগের পর বাসটি আবার চলতে শুরু করলে সকলে হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করলেন। আমি শহীদ মিনারের দিকে তাকিয়ে মনে মনে বাংলার অপরাজেয় তারুণ্যকে আবার অভিনন্দন জানালাম।"
এই 'অপরাজেয় তারুণ্যই' আমাদের একমাত্র আশা-জাগানিয়া। আমার তো মনে হয়, তারা সঠিক কাজটিই করবে যেটা তাদেরকে অবশেষে বৃহত্তর জীবনের দিকে নিয়ে যাবে। কাজেই তারা জেগে উঠবে না স্বপ্নাচ্ছন্ন থাকবে, সেটা তারাই ঠিক করুক।
ফারসীম মান্নান মোহাম্মদী: বিজ্ঞান গবেষক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
