২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের কাটা পা এবং রাষ্ট্রের ভাঙ্গা পা

Published : 01 Aug 2011, 11:26 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

রবীন্দ্রনাথের 'দুর্বুদ্ধি' ছোট গল্পের দারোগা ললিত চক্রবর্তী ব্রিটিশ আইনের সৃষ্টি। অনেকদিন পেরিয়ে গেলেও ওই আইনগুলোই এখনো আমরা মানছি। একই রকমের আইন আমরা নিত্য নতুন মোড়কে নানা আনুষ্ঠানিকতায় জনগনের কাছে পরিবেশন করছি। তাই আইনশৃঙ্খলা বাহিনী এখানে অধিকাংশ দৃশ্যপটে আবির্ভূত হচ্ছে মানবিক আচরণ, প্রথা, রেওয়াজের সবচাইতে বড় লঙ্ঘনকারী হিসেবে।

আর তাই র‌্যাবের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া ঝালকাঠির কলেজ ছাত্র লিমনের বিরুদ্ধে মামলা চলতে থাকবে বছরের পর বছর। আগামি মাস থেকে তাকে কৃত্রিম পায়ে পথ চলতে হবে। আমিনবাজারে ছয় শিক্ষার্থীকে তস্কর ভেবে জনতা কর্তৃক পিটিয়ে হত্যায় ভ্রষ্ট পুলিশের তোলাবাজি আর গ্রেফতার বাণিজ্য চলতেই থাকবে। যেমনটি হয় প্রত্যেক হরতালের আগের গ্রেফতারে। আর একদা প্রাচ্যের অক্সফোর্ডের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের স্নাতকোত্তর ছাত্র আব্দুল কাদেরকে একটি নয় তিনটি মিথ্যা মামলার জোয়াল দেয়া হবে কাঁধে। প্রতিবেশী পরিজন চেনা মানুষের কাছে ভালো বলে পরিচিত হলেও পুলিশ তাকে ছিনতাইকারী বানিয়ে পিটিয়ে ক্র্যাচে হাঁটতে বাধ্য করে। মাদক ব্যবসায়ী বলে গত জুন মাসের ৩ তারিখে কিশোরগঞ্জের ভৈরব এলাকার রহিমা বেগমকে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করে র‌্যাব। হাইকোর্ট থেকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিন পাওয়ার পরেও গত ১১ মে তারিখে ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ছাত্র তৌফিক আহমেদ হাসানকে কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসার সময় আত্মীয় স্বজনের সামনে কারা ফটক থেকে সাদা পোষাকে র‌্যাব-১০ এর লোকজন ধরে নিয়ে গুম করে দেয়ার অভিযোগ ওঠে। রাজনীতি ব্যবসা, অর্থকড়ির বেসাত, কোটালের উর্দি পড়াদের হাতে ক্ষত বিক্ষত মানুষ। গণমাধ্যম, ছাত্র, কয়েকজন স্বপ্ন ও বিবেকতাড়িত মানুষের চিৎকারে এ সবের প্রতিবাদে বিলম্বে হলেও বিচারবিভাগের স্বল্প নজরদারিতে অল্প কিছুটা স্বস্তি, ভরসা, অসীম তমসায় একবিন্দু আলো দেখার প্রয়াস।

ঝালকাঠির রাজাপুরের লিমন হোসেন গত ২৩ মার্চ রাতে র‌্যাবের গুলিতে আহত হন। পঙ্গু হাসপাতালে এনে তাকে বাঁচাতে তার একটি পা কেটে ফেলতে হয়। গণমাধ্যমে খবর প্রকাশের পরে তাকে নিয়ে র‌্যাব,পুলিশ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের টানাহেঁচড়া চলে। ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী লিমনের বিরুদ্ধে মামলা চাপিয়ে দেয়া হয়। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, লিমনকে লক্ষ্য করে গুলি চালায়নি র‌্যাব।

র‌্যাবের গুলিতে আহত লিমনের ঘটনার মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরকে ছিনতাইকারী বানিয়ে প্রহারের ঘটনা আমাদের অনুভূতিকে তীব্র মাত্রায় স্পর্শ করে। যেকোন সংবেদনশীল মানুষ এ ঘটনাগুলোতে কথিত আইন শৃঙ্খলা রক্ষার নামে স্বাধীন রাষ্ট্রের নাগরিক নির্যাতনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।

বাংলাদেশ নামক রাষ্ট্রে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইতিহাস সংক্ষিপ্ত নয়। বরং দীর্ঘ তালিকায় তা সমৃদ্ধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মনস্তত্ব নিয়েও আলোচনা সমালোচনাও কম হয়নি।

র‌্যাব অর্থাৎ র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান কথাটি সামরিক। আর সামরিক বিষয়টি সমর বা যুদ্ধ শব্দ থেকে এসেছে। আমাদের রাষ্ট্র এ সময় কারো সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েনি। আমাদের রাষ্ট্র কোন শত্রুর দ্বারা আক্রান্তও নয়। দেশের ভেতরে আইন শৃঙখলা রক্ষার জন্য দরকার পুলিশের। যাদের কাজ শত্রুর নিধন নয়। সংবিধান ও আইনের মধ্যে থেকে আইনশৃঙ্খলা রক্ষা করা। পুলিশের কাজ ও দায়িত্ব আর সামরিক বাহিনী অর্থাৎ মিলিটারীর কাজ আলাদা। আইনের শাসনে, গণতান্ত্রিক রাষ্ট্রে মিলিটারীকে ব্যারাকে রাখাই শ্রেয়। সংবিধান ও আইনকে বুটের তলায় পিষে বলপ্রয়োগের মাধ্যমে শাসকশ্রেণী তার ক্ষমতাকে টিকিয়ে রাখার পক্ষে। আপাত দৃষ্টিতে র‌্যাবের কিছু কাজকে সাধারণ মানুষের চোখে ভালো ঠেকলেও,স্বস্তির অনুভূতি আনলেও, দীর্ঘ মেয়াদে এ আরাম ব্যারাম হয়ে দেখা দেয়। আর পুলিশের বিরুদ্ধে রক্ষক হয়ে ভক্ষকের সংস্কৃতির কথা জনগনের মধ্যে মিথ আকারে তো আছেই। আর তাই আইনের শাসনের নামে অপশাসন চালালে আইনের ভিত্তি, রাষ্ট্রের গুণ, জনগনের মৌল অধিকার ও গণতন্ত্র চর্চায় আলোর পরিবর্তে অন্ধকার নেমে আসে।

গত জোট সরকার আমলে ২০০৪ সালের ২৬ মার্চ সন্ত্রাস বিরোধী বাহিনী হিসাবে র‌্যাব গঠন করা হয়। র‌্যাব গঠনের পর পরই ২০০৪ সনের জানুয়ারি থেকে ২০০৫ সনের জুন পর্যন্ত মানবাধিকার সংগঠন,দৈনিক কাগজের পরিসংখ্যান অনুযায়ী র‌্যাবের ক্রসফায়ারে, গুলি ও নির্যাতনে মারা যায় ১১৫ জন। র‌্যাব ও পুলিশ মিলে মেরে ফেলে ১৭ জনকে, কেবরা চিতা মেরে ফেলে ১৪ জনকে, শুধুমাত্র পুলিশ বাহিনীর হাতে মারা যান ২৪৮ জন।

সে সময় ২০০৪ সালের ১৫ জুলাই র‌্যাবের নির্যাতনে মারা যান সাংসদ আহসানউল্লাহ মাষ্টার হত্যা মামলার সাক্ষী সুমন আহম্মেদ মজুমদার,একই বছরের ২ আগষ্ট তারিখে চাঁদপুর জেলার সদর থানার কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক শাহনেওয়াজ,একই বছরের ৩০ সেপ্টেম্বর ছাত্রদল নেতা ঢাকার ১১৭/এ সুলতানগঞ্জের আনিছুর রহমান,একই বছর ১১ অক্টোবর ঢাকার গেন্ডারিয়া এলাকার মীর হাজারীবাগের বিদ্যুত জেনারেটর ব্যবসায়ী হাফিজুর রহমান ওয়াসিমকে ক্রসফায়ারে হত্যা করা হয় । ২০০৫ সালের ২ এপ্রিল তারিখে ওয়াকার্র্স পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকার র‌্যাবের নির্যাতনের ফলে মারা যান বলে অভিযোগ ওঠে।

বিভিন্ন গণমাধ্যমের হিসাব অনুযায়ী র‌্যাবের হাতের তালুতে এখন পর্যন্ত একহাজারের বেশি মানুষের হত্যাকাণ্ডের রক্ত লেগে আছে।

র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গেছে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সর্বহারা নামধারী বেশ কয়েকজন সন্ত্রাসী। কিন্তু এদের মধ্যে শীর্ষ তালিকাভূক্ত সন্ত্রাসী কয়জন? (যদিও প্রচলিত আইনের দৃষ্টিতে শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ অপরাধী বলে কোন শব্দ নেই) রাজধানীর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান ছাড়া আর কতজন শীর্ষ সন্ত্রাসীকে র‌্যাব ক্রসফায়ারে নিতে পেরেছে? আর এসব শীর্ষ সন্ত্রাসীদের গুরু গডফাদারদের কি করতে পেরেছে র‌্যাব? আল্লার আইন প্রতিষ্ঠার সঙ্কল্পকারী জঙ্গীরা বাদ পড়ছে কেন? এ সব প্রপঞ্চে এসকল প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে। তাই আমাদের প্রথিতযশা আইনজীবী, মানবাধিকার কর্মীদের মধ্যে কেউ কেউ র‌্যাবের গঠনকে সংসদে আইন পাশের মাধ্যমে করা হয়েছে বলে অসংবিধানিক না বললেও তাদের জবাবদিহিতার অভাবের কথা বলে থাকেন। আবার কেউ কেউ 'র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান' গঠনের আইনটিকে 'এ হাইব্রীড ল' বলে অভিহিত করেন।

আর সেজন্য র‌্যাবের কাজকে মনে হয়,'ছোট সন্ত্রাস প্রতিরোধে বড় সন্ত্রাস'।

র‌্যাব এসব এক্সট্রা জুডিশিয়াল কিলিং নামের কুকর্ম করে প্রচলিত সংবিধানের মৌলিক মানবাধিকার, আত্মপক্ষ সমর্থনের অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার নীতিমালাকে দলিত করে।

জিজ্ঞাসাবাদের নামে পুলিশি হেফাজতে (রিমান্ডে) নির্যাতন, মৃত্যুতো খুব সহজ সস্তা স্বাভাবিক ঘটনা মাত্র। রিমান্ড সম্পর্কিত হাইকোর্টের নির্দেশনা কোন পুলিশ মানছে? আর তাই প্রতিদিন বিশেষত নিম্ন আদালতগুলোতে আইনজীবীরা ক্রমাগত চিৎকার করে বিচারকের কাছে জানাতে হচ্ছে রিমান্ডের আসামির আইনি অধিকারের বিষয়টি।

আর ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় পুলিশের সাবেক তিন শীর্ষকর্মকর্তার (মহাপুলিশ পরিদর্শক/আইজি) কারাগারে অন্তরীণের ঘটনাতেই প্রমাণ পাওয়া গেলো জনগনের বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে ঢাকার নিম্ন আদালতে প্রায় প্রতি সপ্তাহেই ঢাকা মহানগরীর বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অপর পুলিশদের বিরুদ্ধে মামলা করছেন বিভিন্ন ভূক্তভোগী আম জনতা। কোন কোন মামলার আবার তদন্তের দায়িত্ব দেয়া হচ্ছে খোদ পুলিশেরই বড় কর্তাদের কাছে। যদিও হাইকোর্ট একবার রুল দিয়েছিলেন যে পুলিশের বিরুদ্ধে মামলা পুলিশকে দিয়ে তদন্ত করা যাবে না। এসব মামলার কী কী পরিণতি হচ্ছে গণমাধ্যমে তা প্রকাশিত হচ্ছে না।

তাই আমাদের সমাজ রাষ্ট্রকে কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখার এই প্রয়াসকে একটি অপপ্রয়াস অভিধায় অভিহিত করতে খুব বেশিদিন দেরী করতে হবে না।

প্রকাশ বিশ্বাস : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক।