অলটারনেটিভ মেডিসিন
আমাদের দেশে বিগত শতকের প্রথমার্ধে রোগমুক্তির জন্যে বেশির ভাগ মানুষ ছিলো ঝাঁড়ফুঁক, পানি পড়া, দোয়া-তাবিজ, তেল মালিশ, শিঙা, বাটি বা বাসন ধোয়া পানি নির্ভর।
আধুনিক চিকিৎসা পদ্ধতি তখনও এমন সহজলভ্য ছিলো না। সহজলভ্যতার কথা কোথাও কোথাও বাহুল্যই ছিলো। আসল সত্য ছিলো একদম অলভ্যতাই।
সময়ের সাথে সাথে, বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে, ধীরে ধীরে বিজ্ঞানের আশির্বাদ হিসেবে চিকিৎসা সুবিধা অনুন্নত দেশেও ধীরে ধীরে লভ্য হচ্ছে–যদিও রয়েছে মানের তারতম্য!
এতো সব কিছুর পরেও আমাদের দেশে টোটকা চিকিৎসা পদ্ধতি অন্তর্হিত হয়ে যায়নি। খোদ রাজধানী ঢাকা শহরে যেখানে প্রতিদিন প্রচুর জনসমাগম হয় সেই সব এলাকায় যেমন মেট্রো-পলিটন কোর্ট কিম্বা জেলা ও দায়রা জজ আদালত এলাকা, গুলিস্থান, হাইকোর্টের আশেপাশে মজমা করে নানা রকম টোটকা ওষুধ, গাছ গাছড়ার ছাল-বাকল, শেকড়-মূল, পশুপাখির হাড়-দাঁত বিক্রি করা লোকের সংখ্যাধিক্য চোখে পড়ে।
দাঁতের পোকা বের করা, দাঁত তোলা 'দন্তচিকিৎসক'. সহজ বাংলায় যাকে বলি, 'কোয়াক'কে শুধু গ্রামেগঞ্জে নয়, খোদ রাজধানী শহরের রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ-জাহাজ ঘাট, কোর্ট কাচারি এমন কি হাসপাতালের সামনেও কোনো রকম বিধি নিষেধ ছাড়া চিকিৎসা চালিয়ে যেতে দেখি। এদের 'প্র্যাকটিসে'র অবস্থাও রমরমে। শহরে যদি এমন চিত্র দেখি, গ্রাম-গঞ্জের অবস্থা সহজেই অনুমেয়!
কিন্তু ঝাঁড়ফুঁকের চিকিৎসা পদ্ধতি যদি শুনি সভ্যতার শীর্ষে পৌঁছানো পশ্চিমা বিশ্বেও প্রচলিত, তা হলে যেমন বিস্ময় বোধ করবো, তেমনি পুলকও অনুভব করবো। কারণ যা আমরা করেছি গতকাল, পশ্চিমারা তা করছে আজ! এ যেন সেই দেশ-ভাগ পূর্বকালের দেশ ও জাত্যাভিমানী 'আজকের ও কালকের চিন্তা'-প্রসূত দেশপ্রেমিক রাজনীতিবিদদের সেই উক্তিকে স্মরণ করিয়ে দেয়।
আধুনিক চিকিৎসা বিজ্ঞান-বহির্ভূত যে, কোনো ধরনের চিকিৎসা-ব্যবস্থাকে যারা এতোদিন অপচিকিৎসা বলে গালমন্দ করেছে, তারাই এখন ধীরে ধীরে সেই চিকিৎসা পদ্ধতির প্রতি আকৃষ্ট হচ্ছে।
পশ্চিমা বিশ্বের সেরা মানের একটি হাসপাতালে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সমন্বিত একটি হাসপাতাল কক্ষের শয্যায় শায়িত রোগীর চারপাশে কোনো নার্সকে যদি ভূতপ্রেত তাড়ানোর ভঙ্গিতে দুই হাত নাচের মুদ্রার ভঙ্গিতে নাড়াচাড়া করতে আর গুন গুন করে মন্ত্রোচ্চারণের মতো রোগীর সারা শরীরে ফুঁ দেয়ার মতো কিছু করে, তার শরীরে মলম কিম্বা লোশন জাতীয় কিছু মালিশ করতে দেখা যায়, তাহলে প্রথমে মনে হতে পারে দৃশ্যটা দৃষ্টিভ্রম জনিত। আর নার্সের গুণগণ মন্ত্রোচ্চারণের ধ্বনিকে মনে হতেও পারে রোগীর শয্যা পাশে মনিটর কিম্বা রেসপিরেটর যন্ত্রের শব্দ।
এই দৃশ্য কোনো কষ্টকল্পনা প্রসূত নয়, নয় কোন সিনেমার দৃশ্য। এই দৃশ্য দেখা যাবে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা বাল্টিমোর ইউনিভার্সিটি অফ মেরিল্যাল্ড মেডিক্যাল সেন্টারের ট্রমা সেন্টারে। যুক্তরাষ্ট্রের শ্রেষ্ট ট্রমা সেন্টারগুলির অন্যতম এই ট্রমা সেন্টারে ইদানিং হাড়ভাঙ্গার চিকিৎসায় এই পদ্ধতিতে রোগীর চিকিৎসা প্রদানের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ডোনা আডিয়া'র নেতৃত্বে একদল নার্স কাজ করছেন।
মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টারে অনুসৃত এই চিকিৎসা পদ্ধতির নাম 'রেইকি'। নাম থেকে ধারনা করা যায় এটি প্রাচ্যের কোনো দেশের অনুসৃত চিকিৎসা পদ্ধতি। এর উদ্ভব দূর প্রাচ্যের জাপানে। ১৯২২ সালে জাপানি বৌদ্ধ ভিক্ষু এই পদ্ধতির প্রচলন করেন। তার নাম মিকাও উসুই।
'রেই' এবং 'কি', এই দুই শব্দের সমন্বয়ে সৃষ্ট রেইকি একটি জাপানি শব্দ। রেই-এর অর্থ ঈশ্বরের মহান বানী অথবা শ্রেষ্ট শক্তি আর কি-এর অর্থ জীবনীশক্তির আকর। এই শব্দের দ্বারা যা বোঝানো হয় তা হলো 'আধ্যাত্বিকতা দ্বারা পালিত জীবনী-শক্তি।'
এই পদ্ধতির চিকিৎসায় হাতের তালুর ব্যবহারই মুখ্য। পশ্চিমা বিশ্বে প্রচলিত অল্টারনেটিভ মেডিসিন বা বিকল্প ওষুধ হিসেবে রেইকি চিকিৎসা-পদ্ধতি আজ জনপ্রিয়। এই পদ্ধতি দুই রকমের। প্রথাসিদ্ধ জাপানি রেইকি এবং পশ্চিমী রেইকি। এই পদ্ধতিতে চিকিৎসা প্রদানকারী সেবিকা দাবী করেন, হাতের তালুর পরশ দ্বারা রোগীর দেহে তিনি 'কি'-অর্থাৎ 'নিরাময়ের জন্য প্রয়োজনীয় ঐশী শক্তি' সঞ্চালন করেন।
তবে ২০০৮ সালে এক গবেষণা-কর্ম দ্বারা জানা গেছে 'রেইকি' যে নির্ভরযোগ্য রোগ নিরাময় পদ্ধতি, তা ক্লিনিক্যাল পরীক্ষা দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি!
কিন্তু তাতে কি! রেইক পদ্ধতির অনুসারীরা এর প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছেন। তাদের অনুপ্রেরণা হিসেবে রয়েছে চীনা চিকিৎসা পদ্ধতি আকুপাংকচারের জনপ্রিয়তা, যা চীন দেশের পদ্ধতি হয়েও সারা পৃথিবীতে আজ তুমুল জনপ্রিয়। প্রথম দিকে এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে জনমনে প্রচুর সন্দেহ ছিলো।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে আজকাল বিকল্প চিকিৎসা-পদ্ধতির ওপর জোর দেয়া হচ্ছে। বিকল্প চিকিৎসা পদ্ধতির মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, যোগাভ্যাস, আকুপাংচার, ইউনানি, ভেষজ বা হারবাল পদ্ধতি। আর কিছু গুরুজিদের কথা না-ই বললাম!
বছর দশেক আগে যুক্তরাষ্ট্রে মার্কিন কংগ্রেস বিকল্প চিকিৎসা-পদ্ধতি সম্পর্কে গবেষণা কাজ পরিচালনা করার জন্য একটি ফেডারেল এজেন্সি সৃষ্টি করে। এরও পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে অপ্রচলিত ভেসজ ও বিকল্প পদ্ধতির ওষুধপত্র, খাদ্য, ফেডারেল ড্রাগ প্রশাসনের অনুমোদন ছাড়াই বিক্রি করার অনুমতি প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্রে প্রচলিত ওষুধ, বিশেষ করে ব্যথানাশক ওষুধের অত্যাধিক ব্যবহার বন্ধে কি সব অপ্রচলিত ওষুধ পথ্য সহায়ক হবে বিবেচনা করে এই অনুমতি দেয়া হয়?
কিন্তু আড়াই বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে পরিচালিত গবেষণার পর জানা গেলো, অপ্রচলিত ওষুধ বড় ধরনের রোগ নিরাময়ে কোনো সহায়তা করেনি। শুধু আকুপাংচার আর কেমোথেরাপি-সৃষ্ট বমন-ভাব রোগে কিছু সুফল পাওয়া গেছে।
কিন্তু গবেষণালব্ধ এই ফলাফল সত্ত্বেও হাসপাতাল ও ক্লিনিকসমূহে ক্রমবর্ধমানভাবে বিকল্প ওষুধ ব্যবহারের মাত্রা বেড়ে চলেছে। কখনো কখনো এমনও দেখা গেছে যে মানসিক বৈকল্য কিম্বা শরীরের ব্যথা বেদনা উপশমের জন্য যোগাভ্যাস, ধ্যান কিম্বা শরীর মালিশের নিদান দেয়া হয়। বাল্টিমোর হাসপাতালে 'রেইকি' পদ্ধতির চিকিৎসা ব্যবহারের জন্য কোনো টাকা পয়সা নেয়া হয় না। কিন্তু অন্য হাসপাতালে অপ্রচলিত চিকিৎসা ব্যবস্থার জন্য ফি নেয়া হয়। অথচ চিকিৎসা ইন্সিওরেন্স এই সব ব্যয়ের অর্থ শোধ করে না। কারণ এই সব চিকিৎসা পদ্ধতির গ্রহণযোগ্যতা এখন পর্যন্ত যথেষ্ট প্রমাণিত হয়নি বলে মেডিক্যাল ইন্সিওরেন্স কর্তৃপক্ষের ধারণা।
তবে তা সত্ত্বেও কোনো কোনো মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ফেডারেল আর্থিক সহায়তায় ছাত্র-ছাত্রীদেরকে বিকল্প ওষুধ বা অলটারনেটিভ মেডিসিন সম্বন্ধে পাঠ দান করা হয়।
যুক্তরাষ্ট্রে মূলধারা ও বিকল্প ধারার চিকিৎসা পদ্ধতির মধ্যে দ্বন্দ্ব পুরানো। যুক্তরাষ্ট্রে বিকল্প ওষুধ কতোটা নিরাপদ তার সঠিক চিত্র না থাকলেও এক জরিপে দেখা গেছে, প্রায় এক-তৃতীয়াংশ মার্কিন নাগরিক আকুপাংচার, হোমিওপ্যাথি, কাইরো প্রাকটিক এবং স্থানীয় চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর মধ্যে কাইরো প্র্যাকটিক মূলতঃ স্নায়ুর এবং মেরুদন্ডের এবং তার সংশ্লিষ্ট এলাকার চিকিৎসা। যুক্তরাষ্ট্রে এই পদ্ধতির চিকিৎসার জন্য রীতিমতো বড় ধরণের হাসপাতাল স্থাপিত হয়েছে।
স্মরণ রাখা দরকার, এই পদ্ধতি সর্বপ্রথম চালু হয় ১৮৯০ সালে। ডি.ডি. পালমার ও তার ছেলে বি.জে. পালমারের প্রয়োগে আজ এই পদ্ধতি আধুনিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে প্রতিযোগিতা করেও টিকে আছে!
লক্ষ লক্ষ্য মার্কিনী নিয়মিতভাবে ভিটামিন, মিনারেলস্, হারবাল মেডিসেন যা ওভার দি কাউন্টার (ওটিসি) পাওয়া যায়, নিয়মিতভাবে খাদ্যের পারিপূরক হিসেবে ব্যবহার করে থাকেন। এই সব অনেক সময় তারা গ্রহণ করে থাকেন খাদ্যের অসম্পূর্ণতার আগাম পরিপূরক হিসেবে। স্বাস্থ্যের ব্যাপারে মার্কিনিদের সচেতনতা কৌতুহলোদ্দীপক যখন বিবেচনা করি তখন জাংক ফুড ও কোল্ড ড্রিংকসের প্রতি তাদের আসক্তি রীতিমতো বিপজ্জনক!
এই সব ওষুধের কার্যকারিতা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও, মার্কিন নাগরিকরা নিয়মিতভাবেই তা গ্রহণ করছেন এবং ফেডারেল ফুড. এ্যান্ড ড্রাগ এডমিনেস্ট্রশনের বিধি মেনে প্রস্তুতকারক প্রতিষ্ঠান আকর্ষণীয় বিজ্ঞাপনও পত্র পত্রিকা, টেলিভিশন, রেডিয়োতে প্রচার করছে।
প্রকৃতির উপাদানে তৈরি ওষুধ কতোটা নিরাপদ, তা শতভাগ নিশ্চিতভাবে বলা না গেলেও, এই সব ওষুধে বাজার ছেয়ে গেছে। বিশাল বিশাল শপিং মলের এক বড় অংশ জুড়ে থাকে এই সব ওষুধের সমাহার। এবং এমন আকর্ষনীয়ভাবে সাজানো থাকে যে খরুচে মার্কিনিরা সহজেই কিনতে প্রলুব্ধ হন!
এডমন্ড, ওকলাহোমা, যুক্তরাষ্ট্র।
